স্বপ্নের ফেরিঅলা ওমর শামস
ওমর শামস-এর "স্বপ্নের ফেরিঅলা"(এই লেখাটির শেষে প্রকাশিত) বাংলা কবিতায় এক নতুন উচ্চারণ। সাতটি তারার তিমির এবং যে আঁধার আলোর অধিক তো অতিক্রম করে এলাম। আবার আহ্বান, আবার অন্বেষণ?
বেশ কিছুকাল ধ'রে আমি ভৌগলিকভাবে শুধু নয়, ভাবনাগতভাবেও বাস করছিলাম বাংলা জগত থেকে দূরে, সেচ্ছানির্বাসনে। এর মধ্যে পাথরের আইল দিয়ে গূহার অন্ধকারে কখনো কখনো আলোকরশ্মি প্রবেশ করেনি তা নয়। কিন্তু এই উনিশ বছরের মধ্যে আমাকে জাগাবার সবচেয়ে নাছোড়বান্দা চেষ্টা করেছেন ওমর শামস । বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে নানান বই ছুঁড়ে মেরেছেন আমার বন্ধ কপাটে, রামানুজনের জীবনী দিয়েছেন উপহার, শুনিয়েছেন নানা ঘরানার গান এবং পড়িয়েছেন তাঁর জীবনানন্দ এবং বুদ্ধদেব বিষয়ে অনেক প্রবন্ধ। তিনি দুই বাংলার মানস-ঐক্যে বিশ্বাসী এবং সব বিরুদ্ধ ঘটনার সাক্ষ্য অস্বীকার করে বলেন যে পৃথিবীতে আরেকটি প্রভাত আসন্ন, এবং সে সূর্যোদয় শুরু হবে বাংলা থেকে। তাঁর "স্বপ্নের ফেরিঅলা"-য় ওমর শামস এই আকাশকুসুম-ই চয়ন করেছেন।
আকাশকুসুম? ওমর শামস একাধারে কবি ও বিজ্ঞানী, তাঁর কল্পনার ভিত্তি হচ্ছে বাস্তবভূমি। তিনি অনেক মনীষী বাঙালীর ইতিহাস আলোচনা করেছেন ; বীরভূম ময়মনসিংহ-এর পোড়ামাটি ও পলি থেকে সংগ্রহ করেছেন লোকগাথা, মঙ্গল-কাব্য, কাঠুরিয়া, মাঝি ও বেদের গান। ভাষার মধ্যে আবিষ্কার করেছেন প্রাগৈতিহাসিক এক অবিভক্ত বাঙালি সত্ত্বা । আমাদের "খোকা–খুকু"-র ডাক, মাছ-ভাত আহার, অকারণে গান গাওয়া ও চোখে কান্না আসা, সবি নাকি সেই অনন্য বাঙালিত্বের প্রভাব। আরব বা চীন এরকম ব্যবহার করে না। যেখানে আফ্রিদি বা মাসাই গাদা বন্দুক বা বল্লম তুলবে, বাঙালী তুলবে একতারা ; সেখানে ডাচ কি ইংরেজ করবে লাভ-ক্ষতির হিসেব। বাঙালী হওয়ার অভিজ্ঞতা সাম্প্রতিককালে এমন ছন্দ- রূপময় ক'রে ওমর শামস-এর মতো আর কেউ বর্ণনা করেন নি। কবিতাটি দশটি স্তম্ভের উপর নির্মিত একটি গম্বুজ – বাঙ্গালির যে নির্মাণ প্রতিভা আদিনা মসজিদ কিংবা মহাস্থানগড়ে দীপ্যমান এই কবিতাটিতেও তা আভাময়। ওমর শামস বাঙ্গালির উৎস সন্ধানের পর্যটক।
"স্বপ্নের ফেরিঅলা", বাংলা ছন্দের বিভিন্ন যন্ত্রের একটি অর্কেস্ট্রা । —— " প্লাবন স'রে গেলে আমি আবিষ্কার করলাম আমার পূর্ব পুরুষের স্মৃতি: প্রাগার্য, মঙ্গোলীয়, আর্য, কুষাণ, সেন, তুর্কি , — সব হাড় তার সাক্ষ্য । আহ, চট-গুণ–তাঁত–মশলা, মসলিনের ঘ্রাণ ভরা বন্দর। কর্ণসুবর্ণ , তাম্রলিপ্তি আমি খুঁজে পাই নি, শুধু শনাক্ত করেছি বণিক আর মাল্লার হাড়, তার কন্ঠার লাল সুমাত্রার সাহসী প্রবাল।"
খুব সচেতনভাবে, ওমর অন্যান্য কবির প্রতি সংকেত ক'রেছেন – বিশেষত বুদ্ধদেব বসুর কবিতার করেছেন অনুসরণ । ছন্দে, এই কবির যেমন স্বাচ্ছন্দ্য গদ্যের উপর তেমন তাঁর স্বাধীনতা । র্যাঁবোর নরকে এক ঋতু-র মতো গদ্য ছন্দেও তিনি তাল-লয়ের যাদুকর :
"তখন ভুবনেরা শোভিত কুসুমেই
মালঞ্চের শিরে মালতি;
ঘুঘুর ডাক ক'রে দূর বিধূর ।
তার সে মন যেন জলের মভ রঙ
আমার নীল গ'লে মিললো
নিখাদ, গান্ধার, বজ্রিকায় দ্যুতি পেলো,
এই তো বিস্ময়
তাকেই করি জয়
বিষ-অমৃত ময় ।"
বহু কাল বাঙালিকে নিয়ে আমরা কৌতুক করেছি, ধিক্কার দিয়েছি, পরিহাস করেছি আত্মসচেতনভাবে। জাতিসত্ত্বার বিকাশের একটি নতুন সত্ত্বা হয়ত "স্বপ্নের ফেরিঅলা" সূচিত করছে। এটা সেই নতুন বাঙ্গালির জয়গান যে দুবাই থেকে রোম ও নিউইয়র্কে সঞ্চরমান। কোথাও সে নিগৃহীত, কোথাও অবৈধ , কিন্তু সে এখন মুগ্ধ জননীর অঞ্চল ছেড়ে সাবালক, স্বাধীন।
—– " বুরুজের বাহাত্তর তলার বাইরে শিকেয় ঝুলে আমি বাঁকা নীল কাচ ঘ'ষে-ঘ'ষে চকচকে করেছিলাম। রাস্তায় ঢেলেছি পাথর, গলিয়েছি আলকাতরা, গেঁথেছি দেয়াল-দালান-ইট – নিদ্র-বিনিদ্র। রোমের পিয়াৎসার সামনে আমি সিগারেট, ফুল, বেল্ট, সানগ্লাস ফেরি ক'রেছি। আমাকে ধাওয়া করেছে পুলিশ – হাতাহাতি, হামলা, দাঙ্গা আমাকে দলিত করেছে। বৈরুত, বাগদাদ, মাসারেটা – আমাকে তাড়া করেছে যুদ্ধ ; আগুন-আগুন – গ্রাসী, ত্রাসী, লেলিহান। হা! কৃষ্ণ , কি শিখিয়েছিলে তুমি অর্জুনকে? চল্লিশ হাজার বছরের মানুষের রক্তে কেন আমি ধ্বংসের পরমাণু পাই? এতোদিন! কেন বদলালো না মানুষ, তার যুদ্ধের জিঘাংসা! —-
—- এক যুগে আমি পুরোহিত আর পয়গম্বরকে বিশ্বাস করেছিলাম; কবিতা তখন ভূয়োদর্শন ও ধর্মের সহযাত্রী। একদিন বুঝলাম যে অগম পাহাড়ের চূড়ার ওপারের আকাশকে দিয়ে কিছু হবে না। মানুষের পরিমাপ মানুষ নিজেই। শিখতে হলো : সংজ্ঞা কাকে বলে, স্বতঃসিদ্ধ কাকে বলে, প্রমাণ কী ক'রে করে।"
যা বদলায় তা হচ্ছে কাব্যের রীতি। প্রত্যেক দশকে বাংলা কবিতা বদলাচ্ছে। একদিন যেমন রবীন্দ্রনাথের ছায়া থেকে বাংলা কবিতা স্বতন্ত্র হবার চেষ্টা করেছিলো, তেমনি এক প্রয়াস, আন্তর্জাতিক ও সমকালীনতায় উত্তরণের প্রয়াস আমি ওমর শামসের কবিতায় লক্ষ্য করি। রূপসী বাংলা-র থেকে এক রাক্ষুসে বিশ্বায়নই এটা হয়তো! কবি এই ভয়ংকর যাত্রার শেষে নিজেও আশ্বাস দিচ্ছেন না কোন নিশ্চিতি কি পরম শান্তির :
" আমি কি অন্ধকারকে বুঝতে পারি অন্ধকারের মধ্যে? ধরতে পারি মহাশূন্যের তমসার হৃৎপিন্ডে শক্তি ও জ্যেতির কম্পন? না, সব আমি বুঝিনি, কিন্তু এগোচ্ছি, শুধু ভুল যেন চিনতে পারি, যেন কেউ-না-কেউ, কোন-না-কোন দিন ভুল শোধারাতে পারে। কেননা প্রগতি মানেই ভুলের পরিশোধন।"
কবিতাটিতে একদিকে আছে চর্যাপদ, অন্যদিকে পরমাণু, রসায়ন, প্রাণী বিবর্তনের বিজ্ঞান। " নানা তরুবর মৌলিল রে গগনে লাগিলো ডালি।" তমসার মধ্যে, ঘুমের মধ্যে আবারও আজান? বাংলা কবিতা শাখা-প্রশাখা মেলুক; নতুন কুঁড়ি আসুক ডালে-ডালে। মহাস্থান গড় থেকে মহাকাশ – এই যাত্রায় ওমর শামসকে এক দীর্ঘ নিদ্রোত্থিত-র শুভেচছা জানাই।
স্বপ্নের ফেরিঅলা
ওমর শামস
১.
আহ্নিক তালে পৃথিবী যখন ঘুরবে১,
তোমরা কি আর আমার পদ্য পড়বে ?
পদ্য পড়া — সবার কি আর কর্ম !
পদ্য বোঝা ? কয়জনে তা পারে ?
হাওয়ায়-মাতাল তারাই বুঝি পড়ে —
গ্রন্থিছাড়া, জীবন-ঝড়ে পাতার মতো ঝ'রে।
পদ্য লেখা আরো কঠিন ব্যাপার,
বলতে পারি হাতে গুনে-গুনে–
কে পেলো বর স্বরস্বতীর
কল্পনা প্রতিভার।
জনগণে দীপ্ত এ উল্লাসে
কে মেতেছে মাতাল কবির স্বরে !
চিরঞ্জীব তবুও তার প্রাণ
স্বপ্ন খোঁজে আর্ত শীতে ব্লিজার্ডে বাতাসে।
২.
সে কৈশরের প্রভাত। হারাধনের দশটি ছেলের মতো আমিও হারিয়ে গেলাম : ডাঁটা-পাতা-শ্যাওলার জমানো সন্ত্রাসের মধ্যেও কি অপরূপ বেগনী কচুরীপানার ফুল ; রাতের ঝড়ের পরে পেয়ারা গাছের তলে আধোভাঙ্গা এক পাখির নীল ডিম। অনন্ত সবুজ মটরশুঁটির ক্ষেত। তার পাশে সরিষার হলুদ স্রোতে। হয় নি কি চলিষ্ণু মেঘ নির্বন্ধ ভাবনার উপমান ? এবং বৃষ্টি– শেষ হয় না ; গোলপাতার চালে ঝরে তো ঝরেই যতোক্ষণ না ফোটে কদম।
কাশ, ঘাস, কচুপাতা, হোগলা —
নিশীথ দীর্ণ করে ক্রৌঞ্চের ক্রোক ;
ঘুমের মধ্যে আসে আন্দোলিত মাত্রাসহ উদ্দীপিত শ্লোক।
আমাকে ভাসিয়ে নেয় ছোট্ট কাগজের নৌকোর মতো সেই বর্ষায়,
নেই-ভরসায় :
আড়িয়াল খাঁ, তিস্তা, আত্রাই, ব্রহ্মপুত্র, পদ্মা, সুরমা,
পসর, নাফ– আমি সব কূল-উপকূল ভেসে গেলাম : মুছে-ধুয়ে-গলিয়ে আকম্প্র গায়ের দাগ,
সব অক্ষর ক খ ত থ দন্ত্য ন এবং স্বরবর্ণগুলির সবুজ-হলুদ-লাল–
কুড়িয়ে কলম-কালি, বিস্মৃত কিশোরীর কুচ নাকফুল।
প্লাবন স'রে গেলে আমি আবিষ্কার করলাম আমার পূর্ব-পুরুষের স্মৃতি : প্রাগার্য, মোঙ্গলীয়, আর্য, কুষাণ, সেন, তুর্কি– সব হাড় তার সাক্ষ্য। আহ্ ! চট-গুণ-তাঁত-মশলা-মসলিনের ঘ্রাণভরা বন্দর। কর্ণসুবর্ণ, তাম্রলিপ্তি আমি খুঁজে পাই নি, শুধু শনাক্ত করেছি বণিক আর মাল্লার হাড়– তার কণ্ঠার লাল সুমাত্রার সাহসী প্রবাল।
হিউয়েন সাং-এর পা'র ছাপ ধ'রে দেখি নি কি বিস্তর বোধিস্তূপ, শুনি নি কি সংঘের সরব প্রার্থনা ! কি বিস্ময় ! একদিন ধূলো-পাথর-মাটি-অন্ধকারের তলা থেকে এক জীর্ণ তালপত্রে পেলাম সরহপাদের সংবাদ : 'আপনা মাংসে হরিণা বৈরী' এবং জানলাম ভুসুকু, সে বাঙালি হয়েছিলো ডোম্নী বিয়ে করে। কাঁচা হলুদ স্নাত কিশোরীর মুখ কেঁপে উঠলো জলে– তার টিপ ; এখনো তো তারই হাত ধোয়া সরপুটি, মুগডাল আড়িয়াল খাঁর জলে।
পক্ষীবৎ ব'লে ভর্ৎসনা করেছে কেউ-কেউ, বলেছে বর্জনীয় কিরাতের আশীর্বাদ। কিন্তু এখন সে-কথা কৌতুক। বাণিজ্যের হাওয়া গ্যালো ঘুরে। লেখা আছে– বল্লাল সেনের কালে শুকালো বন্দর। অতঃপর একদিন অরণ্যর মাথা ফুঁড়ে গজালো গম্বুজ। সুরমা, কর্ণফুলি, যমুনার পাড়ে জাগলো মিনার মিহরাব। রক্তপাত নিশ্চয়ই ঘটেছিলো ! রমণীও কি রক্ষা পেয়েছিলো ! তবু কাল-মহাকাল মহাপরিশোধক ; অন্তত মানুষ সব্বাই সমান, আমাদের রক্তে রয়ে গ্যালো।
৩.
বিস্তীর্ণ উন্মুক্ততায় অভ্যস্ত চোখ একদিন ঢুকলো নির্জনতায়। উদ্যত সুন্দরী, গড়ান, গোলপাতা, শ্যাওড়া, সোঁদাল, হিন্তাল, খাল, ডোবা, জল, ঘাস আর রহস্যর সুন্দরবন আমাকে সমাবৃত করলো একাকীত্বে। মনে হলো, অন্য কোন অস্তিত্ব নেই পৃথিবীতে এমনকি মহাশূন্যে। শুধু অরণ্য এবং তার হৃৎপিণ্ড, বৃক্ষ, প্রাণী, পতঙ্গ, তমিস্রার সান্দ্র এক তরলের নিঃসরণে আমি শিখলাম একাকীত্বের স্থিতি এবং গুঞ্জন।
ইতিহাস পাল্টেছে : ঝিঁঝিঁর তান থেকে ট্রেন-ক্রেন-প্লেনের শহর– শশব্যস্ত, উদ্বুদ্ধ, অবিশ্রান্ত। নির্জনতা থেকে কোলাহল, জলে মাটিতে আমি উভয় প্রদেশেই পারঙ্গম হয়ে উঠলাম ; এমন কি যেখানে কোলাহল-জঙ্গম-ভিড়– আমি ভিড়ের মধ্যেই নির্জন হলাম এবং নির্জনতার মধ্যে কোলাহলমুখর।
৪.
নানা তরুবর মৌলিল রে গগনে লাগিলো ডালি !– উন্মুক্ত প্রাঙ্গনে বেরোলাম আরেক দিন, তখন মল্লিকা বনে কুঁড়ি ফুটেছে। আমার অজান্তেই আমি শিখে ফেলেছি, কাকে সুন্দর বলে :
হাতের তালুতে অনন্ত ধ'রে কল্পনা অনেকান্ত,
কচুর পাতার দোদুল জলেও মহাকাশ আদিগন্ত।
কুৎসিতেও যে সুন্দর থাকে, বোধ ও মননই নিয়ন্ত্রক
শুয়োরেও পায় মৌল স্বরূপ, ভেঙ্গে দেখেছ কি অন্ধ-ছক !
মাটির মালসা, পিঁপড়ে, ঢেঁকি, কুসুম, আকাশ, অপরূপ সুখ, দুঃখ, ক্রোধ, উল্লাস, মোম আর অন্ধকারের মধ্যে স্থাপিত সৌন্দর্যকে দেখলাম। কি বারতা পেয়েছিলাম আমি ? বৃক্ষের অন্তঃস্থ আরক, হাওয়ার হল্কুমে জলদ, ঢেউয়ের অন্তর্ভূত প্রবাল ?
তারপর এলো প্রেম :
তখন ভুবনেরা শোভিত কুসুমেই
মালঞ্চের শিরে মালতী ;
ঘুঘুর ডাক করে দূর বিধূর।
তার সে মন যেন জলের মভ রং,
আমার নীল গ'লে মিললো ;
নিখাদ, গান্ধার– বজ্রিকায় দ্যুতি পেলো :
এই তো বিস্ময়
তাকেই করি জয়
বিষ-অমৃতময়।
যৌবন, জয়, কল্পনা, বিশ্বাস, বৃদ্ধি এমন কি অনন্তর শিহরণ খুঁজে পেলাম প্রেমের মধ্যে ; অসম্ভবকে সম্ভব করবার মতো উদ্যম। আমি কি অতিক্রম করি নি মালয়সাগর? স্মরণ করেছি যুবাদের যারা তুফান-তাপ-ঝড়, গুপ্ত শিলা, সমুদ্রোচ্ছ্বাস অতিক্রম করেছিলো শক্তির মতো এক মুখশ্রী বিজয়ে। স্বপ্নের বালিয়াড়ির মরুভূমির ঝড়ের মধ্যে উদভ্রান্ত হয়ে খুঁজে বেড়ানো– রক্তচক্ষু, রুক্ষ চুল– এক যুবককে দেখেছিলাম ; সে আমাকে আঙুল তুলে এগোতে বলেছিলো স্বপ্নের উপত্যকায়। কিন্তু বেদনাকেও আবিষ্কার করতে হয়েছে আমাকে। জীবন ! যখন আলম্ব বৃক্ষ আর সমস্ত দালান কি আর্ত সারেঙ্গী আর ছিদ্রান্বিত বাঁশীর স্বরূপ ধারণ করেছিলো কৈশরের চন্দ্রাহত এক রাতে ; পড়ে নি কি হৃৎপিণ্ডর দোয়াতের থেকে অন্ধতম বিষাদের কালি, ঝরে নি কি চাঁদ থেকে নেকড়ের অজ্যোৎস্না আর্তনাদ– আমি কি লিখি নি সবচেয়ে দুঃখের কবিতা কেননা সেই শীতে ভালোবাসা মৃত ! তবু আমাকে স্বীকার করতেই হবে প্রেম আমি পেয়েছি : শুধু নারীর নয়– শিশুর, মায়ের, অসংখ্য মানুষের– মানুষ : যাদের আমি চিনি, যাদের আমি চিনি না, যারা জীবিত যারা মৃত এবং যারা এখনো জন্মায় নি।
৫.
একদিন আমি স্বাধীনতার মিছিলে২ গিয়েছিলাম। বৃষ্টি থাকুক আর না থাকুক সেদিন আষাঢ়। সেগুন বাগিচার থেকে পায়ের পাতায় দাঁড়ালে মুষল বৃষ্টির ঢল– টিকাটুলির গলি, হাটখোলা রোড, আর্মানিটোলার ময়দান, ধোলাই খাল থেকে নারিন্দার পুল, স্টেডিয়ামের গোল বারান্দা, তোপখানা, টিপু সুলতান রোড– গলি, উপগলি, বারান্দা, টালি, রেলিং, ছাদ উপচে-উপচে মানুষের ঢল। নবাবপুর রোডে আর কূল ধরে না ; হাওয়া, হাওয়া, ঝাপটা– বাঙলার বাঘের চোখ থেকে চম্কে ওঠে বিদ্দ্যুদ্দাম :
বাঙলার সংগ্রাম ! মুক্তির সংগ্রাম !
এবারের সংগ্রাম ! স্বাধীনতার সংগ্রাম !
রেল-লাইনের পাশের ছাউনী ফুঁসে অজস্র অঙ্কুরিত বিছনের মতো
খেটে-খাওয়া-না-খাওয়া মানুষ,
কামার, কুলি, কুমোর, ওস্তাগার,
পেশকার, ওভারশিয়ার, সেকশন অফিসার,
সরকারী এজিবি-র কেরানী,
ঠেলাঅলা, রিকশাঅলা, ফেরিঅলা কে নেই ?
বুড়িগঙ্গার পাড় ঘেঁষে
তা¤্রলিপ্তি, সোনার গাঁ-র সিংহল পাড়ি দেয়া বাঙলার মাঝি,
স্যাঁত-স্যাঁতে ভূতলের থেকে শাঁখারী, আঙুলহীন তবু হিম্মতিÑ
বাঙলার মসলিন তাঁতী।
ঐ যে বাহাদুর শাহ পার্কের পাম গাছ থেকে
গলার ফাঁস ছিঁড়ে আসা বিক্রমপুরের সেপাই–
ভবানীর সন্ন্যাসী, মজনুর সেপাই–
পাঁচবিবি থেকে খনিজের মতো চকচকে সাঁওতাল,
সড়কির মতো ছুটে আসছে
তেস্তরি বাজারের গলি ভেদ ক'রে
অবলুপ্ত চরজাগা বর্গা আধিয়ার :
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম !
সংগ্রাম ! সংগ্রাম ! স্বাধীনতার সংগ্রাম !
স্বপ্ন ভেঙে গেছে। কে কড়া নাড়ে ?
বেরিয়ে দেখি সবুজের ধ্বংসযজ্ঞে বাগিচার বেলি,
চাঁপা, শেফালি, গুলঞ্চ, রডোডেনড্রন
সব প'চে-গ'লে-জ্ব'লে উঠেছে ;
কি অদ্ভূত ! পায়রার পাখায়ও আগুন !
আর লাফিয়ে বেড়াচ্ছে
ঠ্যাঙ, মুণ্ড, শুণ্ডঅলা আগ্রাসী পতঙ্গ
গ্রামে-গঞ্জে-বন্দরে, সহাস্যে শহরে–
ব্যাঙ্কে, সংসদে, স্টকমার্কেটে :
কোমল পশম পাল্টে গ্যালো– কঠিন কি ত্বক খর্বরে,
বজ্র নিশ্বাস, খুরের ঘষায় দৌড়ে ছোটে ।
নগর-গেরাম-খন্দখানা, সড়ক বিরাণ প্রান্তরে
স্থাণু ভেড়ার পাল ফিরে পায় রূপান্তরে।
সেক্রেটারিয়েটের থেকে মাতাল ছোটে দিগি¦দিক–
দর্জা-দেয়াল গুঁতোয় ভেঙে, পাতাল ফুঁড়ে সরীসৃপ।
৬.
কেবল হাঁটতে শিখেছি, তখন আমি শিশু। বনের কিনারে জেগে উঠলাম। খিদে পেলো, খুব খিদে পেলো কিন্তু কেউ নেই কোথাও ! একটা কাঠবিড়ালী নেমে এলো, কাঠমল্লিকা ফুটেছে, একটা রঙীন প্রজাপতি উড়ে গ্যালো, ঘুঘু ডাকলো কোথাও। কিন্তু খিদে পেলো ; আমি ডাক দিলাম বেলা, মঞ্জু, বাচ্চু। কেউ নেই, কোন সাড়া নেই। আমি আবার ঘুমিয়ে পড়লাম শ্রান্ত হয়ে। স্বপ্ন দেখলাম : সারি-সারি মানুষ আর মানুষের ছায়া যাচ্ছে। বৃদ্ধ-পুরুষ-নারী-শিশু একটি ক্লিষ্ট শিশু কাঁদছিলো ; আমি হাত ধরতে চাইলাম কিন্তু আমার হাত তার শীর্ণ উদরের ছায়া ভেদ ক'রে গ্যালো। আমি দেখলাম :
কংক্রিটের ডিনার টেবিল আছে,
উঠোনের ডিনার টেবিল আছে,
মাদুরের ডিনার টেবিল আছে,
কাঠের ডিনার টেবিল আছে,
মেহগিনি ডিনার টেবিল আছে,
যার ওপরে নাশপাতিরূপী কাচের গেলাশ, অ্যাসপারাগাস স্যুপ, বিরিয়ানি, মুর্গ-মোসালেম। এবং হেঁটে যাচ্ছে
একটি শিশু আরো শিশু
একটি নারী আরো নারী
একটি পুরুষ আরো পুরুষ
লক্ষ-লক্ষ-লক্ষ মানুষ
হেঁটে যাচ্ছে– তাদের ছায়া–
যারা আর ডিনার টেবিলে বসবে না।
৭.
উত্তরাধিকার?
ভূগোল আর প্রকৃতি সে তো জন্ম থেকেই জানি। জানি, আম-জাম-জারুল– ধান-সর্ষে-শাক-সজনে-পুটি-খল্শে-বোয়াল-চিতল-কাক-শালিখ-বাবুই-বাঘ-শিয়াল-কুমির-বাসী এক চর-জলা-জংলায় আমি। ঝড়-বন্যা-বজ্র আর সমুদ্রোচ্ছাস আমার নিত্য সহচর। দুর্যোগ আমাকে যতোই অবনত করুক, আবার জেগে উঠি যেন উদ্ধত কচুরিপানার ফুল কিংবা কৃষ্ণচূড়ার লাল। ঢেঁকি-কাঁথা-মাদুর, পুজো-ঈদ-নবান্ন– এসব না ; না বিষ্ণু-বুদ্ধের মূর্ত– আমি সকল কুঠি, সিন্দুক, বন্ধক হাতড়ে পেয়েছি ভূর্জপত্র, চর্যাপদ, গীতগোবিন্দ, পদাবলি, বেহুলার ভেলা ভাসান এবং ইউসূফ-জোলেখার কিস্সা।
কাল, সমুদ্র ও প্রগতিতে ভেলা ভাসাবার জন্য আর কিছু ভরসা আছে আমার ?
তত্ত্ববেধিনি : ডিরোজিও, রামতনু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
অক্ষয়কুমার দত্ত–
মদনমোহন তর্কালঙ্কার, কালীপ্রসন্ন, প্যারীচাঁদ, মাইকেল
মধুসূদন দত্ত–
সনাতনের ঊর্ধ্বে উঠে, পৃথিবী-কাল-প্রকৃতি বুঝে বপন ক'রে গেলেন– অন্তত কিছুটা — ব্যক্তি, সত্বা এবং তার সত্ব।
এই তো সেদিনের তিমিরহননের ভোর– প্রাণের পর রবির কর– আর সেই রশ্মির সুতো ধ'রে জোড়াসাঁকো বাড়ির দোতালার ছাদ থেকে এক বালক নেমে এসে আবিষ্কার ও প্রতিষ্ঠিত ক'রে গেলেন প্রকৃতি, প্রেম, আকাশভরা সূর্য-তারা তাকিয়ে দেখবার এক নতুন দৃষ্টি।
শুধু ভেলায় আর কতোদিন ভাসবো ? নিতান্ত নগণ্য আমার সম্বল পৃথিবীতে পাল্লা দেবার জন্য! ভৈরব, ধলেশ্বরী, একদা পরাক্রমশীল করতোয়াও মৃতপ্রায় ! শুধু সাহস ! রুক্ষ-পাটল রাঢ় থেকে ঝাঁকড়া চুলঅলা বাউন্ডেলে এক কিশোর কিছু সাহস ও উন্মাদনা শিখিয়েছিল আমাকে। তবু, তবু সমুদ্র, পৃথিবী, ব্রহ্মা– হা চাণক্য, কৌটিল্য, আবুল ফযল– তোমাদের তত্ত্বে তো আর চলে না !
আমি জ্ঞান খুঁজলাম।
৮.
তারপর আমি ছুটলাম হাট থেকে হাটে, রাস্তা থেকে রাস্তায়, মেঘ থেকে মেঘে, চোখ থেকে চোখে। আমাকে যখন হত্যা করা হলো আমি নিপতিত হলাম, কিন্তু আবার জেগে উঠলাম আমি– দুর্বিনীত, অনবদম্য আমি আবার ছুটলাম। আমি যখন ঘুমিয়ে পড়েছি, আমাকে জাগিয়ে তুলেছে নদী, পাতা, চড়–ই।
পিছু নিয়েছে এক অনিদ্র কুকুর
জাগো
ওঠো
দিন যাচ্ছে, ধরো …
জাল, জোয়াল, হাতুড়ি, কলম, কম্পাস, কম্পিউটারÑ
যা পারো, যেখানে পারো : আবুধাবি,
দুবাই, বার্সিলোনা, ভেরাক্রুজ,
কুয়ালালামপুর– যেখানে পারো, পৃথিবীকে ধরো !
৯.
পৃথিবীকে আমি ধরি, কিন্তু ফসকে যায়। মালয়েশিয়ার রবার বনে আমি ছিলাম : ছায়া, বৃষ্টি, অন্ধকার আর ঘোরলাগা ভ্যাপসার মধ্যে। বিষাক্ত গোখরা, রেটিক্যুলেটেড পাইথন, বিক্ষুব্ধ বাদুড় আর সহ¯্র বিষপিঁপড়ে আমাকে আক্রমণ করেছিলো। সেও সহ্য ছিলো কিন্তু সান্ত্রী, দালাল আর মহাজনের অত্যাচার থেকে আমাকে পালাতে হলো। সিকান্দারের সৈন্যদের অনুসরণ ক'রে আমি খাইবারে ঢুকেছিলাম, পৌঁছেছিলাম হিরাটে। কিন্তু শান্তি পাই নি ! সেখানেও পিছু-পিছু এলো সাঁজোয়া, কামান, ট্যাঙ্ক ; বি-বাহান্নের বোমা-বর্ষণে আমাকে লুকাতে হলো পাহাড়ের গুহায়। দুবাই-এ আমি ছিলাম। বুরুজের বাহাত্তর তলার বাইরে শিকেয় ঝুলে আমি বাঁকা-নীল কাচ ঘষে-ঘষে চকচকে করেছিলাম। রাস্তায় ঢেলেছি পাথর, গলিয়েছি আলকাৎরা, গেঁথেছি দেয়াল-দালান-ইট– নিদ্র, বিনিদ্র। রোমের পিয়াৎসার সামনে আমি সিগারেট, ফুল, বেল্ট, সানগ্লাস ফেরি করেছি। আমাকে ধাওয়া করেছে পুলিশ। হাতাহাতি, হামলা, দাঙ্গা আমাকে দলিত করেছে : বৈরুত, বাগদাদ, মাসারেটা, আমাকে তাড়া করেছে যুদ্ধ, আগুন-আগুন– গ্রাসী, ত্রাসী, লেলিহান। হা ! কৃষ্ণ, কি শিখিয়েছিলে তুমি অর্জুনকে ? চল্লিশ হাজারের বছরের মানুষের রক্তে কেন আমি ধ্বংসের পরমাণু পাই ? এতোদিন ! কেন বদলালো না মানুষ। তার যুদ্ধের জিঘাংসা ?
দু-হাজার অনন্ত : স্থিতধী জলের পরে, স্থলে, আগুনে-বরুণে
এখনো দাঁড়ায়ে ঠায় সভ্যতার পিরামিড,
পথ বলে : শুভপথ নিয়েছ কি গুণে ?
১০.
এক যুগে আমি পুরোহিত আর পয়গম্বরকে বিশ্বাস করেছিলাম কবিতা তখন ভূয়োদর্শন ও ধর্মের সহযাত্রী। একদিন বুঝলাম যে অগম পাহাড়ের চূড়ার ওপারের আকাশকে দিয়ে কিছু হবে না। মানুষের পরিমাপ মানুষ নিজেই। শিখতে হলো : সংজ্ঞা কাকে বলে, স্বতঃসিদ্ধ কাকে বলে, প্রমাণ কি ক'রে করে।
পেরিয়ে গ্যালো ১৯৪৮, ১৯৬৫ ;
জগৎ ও মহাকাশ ৩ কি ক'রে সৃষ্টি হলো আমি বুঝলাম :
আদিতম বিস্ফোরণ থেকে শক্তি-তাপ-কণাসমূহের উত্থান ও প্রবাহ
জড়ের জন্ম, অতঃপর নক্ষত্রের অনন্তে ধাবন।
পেরিয়ে গ্যালো ১৯৫৩,
মানুষ কোত্থেকে এলো ৪, আমি বুঝলাম :
পরমাণু-রসায়ণ-প্রাণী বিবর্তণের প্রক্রিয়ায়
জল ও অম্লজের সংশ্লেষে-বিশ্লেষে
জীবনে-পুনরুজ্জীবনে।
আলোকে বুঝেছি। আমি কি অন্ধকারকে বুঝতে পারি অন্ধকারের মধ্যে ? ধরতে পারি মহাশূন্যের তমসার হৃৎপিণ্ডে শক্তি ও জ্যোতির কম্পন ? না, সব আমি বুঝি নি। কিন্তু এগোচ্ছি, শুধু ভুল যেন চিনতে পারি, যেন কেউ-না-কেউ কোন-না- কোন দিন ভুল শোধরাতে পারে। কেননা, প্রগতি মানেই ভুলের পরিশোধন।
কবি ওমর শামস-এর দেয়া টীকা:
১. অংশ ১-এ বুদ্ধদেব বসুর কাছে আমার ঋণ।
২. অংশ ৫-এ আখতারুজ্জামান ইলিয়াসের কাছে আমার ঋণ।
৩. জর্জ গ্যামো ১৯৪৮ সনে আদি বিস্ফোরণ (বিগ ব্যাং)-এর প্রস্তাব করেন। ১৯৬৫ সনে আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন বিগ ব্যাং থেকে জনিত এবং মহাকাশের বহূদূর থেকে আসা বিকিরণ-তরঙ্গ নিরীক্ষণ-করেন যাতে বিগ ব্যাং এবং মহাপৃথিবী সৃষ্টির তত্ত্ব প্রমাণিত হয়।
৪. ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন ১৯৫৩ সনে ডি.এন.এ.-র গঠন আবিষ্কার করেন।
