২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষাট বছরে বাংলা একাডেমি

tapan_bagchi

Published : 04 Dec 2014, 01:10 AM

Updated : 02 Sep 2022, 08:36 PM

Image
bangla-2.gif

বাংলা একাডেমি ৬০ বছরে পা দিল ৩ ডিসেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো বেশ ঘটা করে। সকালে একাডেমির সকল কর্মী শহীদ মিনারে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করে। কারণ বাংলা একাডেমি তো ভাষা-আন্দোলনেরই ফসল। বিকেলে প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে বক্তা ছিলেন অধ্যাপক যতীন সরকার। অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। তার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমির সচিব আলতাফ হোসেন আর সভাপতিত্ব করেন আনিসুজ্জামান।

আমরা জানি যে, বাংলা একাডেমির রাজনৈতিক গুরুত্ব আছে। বায়ান্নর গৌরবময় ভাষা-আন্দোলনের পর পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার একুশের প্রতীক হিসেবে একুশ দফার একটি দফায় ছিল বাংলা ভাষা-সাহিত্যের লালন ও বিকাশের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা। নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হওয়ার পর বাংলাদেশের ভাষা-সাহিত্য ও সংস্কৃতির গবেষণার লক্ষ্য নিয়ে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠা পায় বাংলা একাডেমি। এর অবস্থান হয় পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে। কালে এটি পরিণত হয়েছে বাঙালির সাহিত্য-সংস্কৃতি-ভাষা তথা যাবতীয় বিদ্যাচর্চার তীর্থকেন্দ্রে। একসময় বাংলা একাডেমিকে বলা হতো জাতির মননের প্রতীক। এখন সেটি বিস্তৃত হয়েছে বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীকরূপে ।

বর্ধমান হাউসে স্থাপিত হয়েছে 'নজরুল স্মৃতিকক্ষ', 'ভাষা আন্দোলন জাদুঘর' এবং 'জাতীয় লেখক ও সাহিত্য জাদুঘর'। পাশেই নবনির্মিত ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভবনের ৮-তলা বিস্তৃত ভবনে স্থানান্তরিত হয়েছে মূল কার্যালয়। এই কার্যালয়ের নিচতলায় রয়েছে অত্যাধুনিক সুযোগ-সম্বলিত আবদুল করিম সাহিত্যবিশারদ মিলতায়ন এবং কবি শামসুর রাহমান সেমিনার কক্ষ।

বাংলা একাডেমি বিপুলসংখ্যক গবেষণাগ্রন্থ, অভিধান, জীবনী, রচনাবলি, অনুবাদ ও ফোকলোরগ্রন্থ বাংলা ভাষা-সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছে। প্রতিষ্ঠার পর ১৯৫৭ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় 'বাংলা একাডেমি পত্রিকা'। এটি এর প্রথম প্রকাশনা। আর আহমদ শরীফের সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম গ্রন্থ, ১৯৫৭ সালের জুন মাসে। এটি হলো দৌলত উজির বাহরাম খাঁ রচিত 'লাইলী-মজনু'। ২৮৫ পৃষ্ঠার বইটির দাম ছিল সাড়ে তিন টাকা। বাংলা একাডেমির প্রথম বড় কাজ ছিল 'পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শ অভিধান' প্রণয়ন। এই পরিকল্পনার অংশ হিসেবে ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'আঞ্চলিক ভাষার অভিধান' ছিল এবং ড. মুহম্মদ এনামুল হক সম্পাদিত 'ব্যবহারিক বাংলা অভিধান' প্রকাশিত হয়। বাংলা অভিধানচর্চার ধারায় এ দুটি গ্রন্থ গুরুত্বপূর্ণ হিসেবে সর্বস্বীকৃত। বাংলা একাডেমি প্রণীত প্রতিটি অভিধানই বাংলাভাষী মানুষের কাছে পেয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। এছাড়া অধ্যাপক গোলাম মুরশিদের সম্পাদনায় তিন খণ্ডে বেরিয়েছে 'বাংলা ভাষার বিবর্তন অভিধান'। সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন অধ্যাপক স্বরোচিষ সরকার। বাংলাভাষায় এরকম অভিধান এই প্রথম।

মীর মশাররফ হোসেন, আবদুল করিম সাহিত্যবিশারদ, কাজী নজরুল ইসলাম, আবদুল গনি হাজারী, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, কায়কোবাদ, গোবিন্দচন্দ্র দেব, জহির রায়হান, ফররুখ আহমদ, মুহ্ম্মদ এনামুল হক, মোফাজ্জল হায়দার চৌধুরী, মোহাম্মদ বরকতউল্লাহ, মোহাম্মদ ওয়াজেদ আলী, রমেশ শীল, বেগম রোকেয়া, শহীদুল্লা কায়সার, সিকানদার আবু জাফর, সোমেন চন্দ, হাসান হাফিজুর রহমান, সৈয়দ ওয়ালীউল্লাহ, সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, আবদুল হক চৌধুরী, আবু জাফর ওবায়দুল্লাহ খান প্রমুখ খ্যাতিমান বাঙালি লেখকের রচনাবলি প্রকাশ বাংলা একাডেমির নিয়মিত কাজের অংশ।

প্রমিত বাংলা বানানরীতি প্রণয়ন বাংলা একাডেমির একটি বড় কাজ। এর পাশাপাশি বাংলা ভাষার ব্যাকরণ প্রণয়নও বাংলা একাডেমির সাম্প্রতিক বড় কীর্তি। দুই বাংলার খ্যাতিমান দুই ভাষাবিদ রফিকুল ইসলাম ও পবিত্র সরকারের তত্ত্বাবধানে দুই খণ্ডে প্রণীত হয়েছে বাংলা একাডেমির এই বাংলা ব্যাকরণ। এতদিন ব্যাকরণ নামে যা চলে আসছে তা আসলে সংস্কৃত ব্যাকরণেরই বাংলারূপ। এই প্রথম বাংলাভাষার ব্যাকরণ প্রণীত হলো। এই ব্যাকরণ রচনায় দুই সম্পাদক ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বরোচিষ সরকারের অবদান ব্যাপক। এছাড়া জামিল চৌধুরীর 'বানান অভিধান' আর নরেন বিশ্বাসের 'উচ্চারণ অভিধান' প্রকাশ এবং বিভিন্ন বিদ্যাশৃঙ্খলার পরিভাষা প্রণয়ন একাডেমির দায়িত্বশীল কাজের নমুনা হতে পারে। 'বাংলা একাডেমি চরিতাভিধান' এবং 'বাংলা একাডেমি লেখক অভিধান'ও এই প্রতিষ্ঠানের পাঠকনন্দিত কাজ বটে!

জীবনীগ্রন্থমালা প্রকাশের ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ অগ্রণী ভূমিকা পালন করলেও সেই কৃতিত্বকে ছাড়িয়ে গেছে বাংলা একাডেমি। সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে অবদান রেখেছেন, এমন তিনশতাধিক ব্যক্তির জীবনী প্রকাশ করেছে বাংলা একাডেমি। অক্ষয়কুমার মৈত্রেয়, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, অজিতকুমার গুহ, অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, আনোয়ার পাশা, আবদুল করিম সাহিত্যাবিশারদ, আব্বাসউদ্দীন আহমদ, আবুল ফজল, আবুল হুসেন, আবুল মনসুর আহমদ, আশুতোষ ভট্টাচার্য, আহসান হাবীব, ইবরাহিম খাঁ, কাঙাল হরিনাথ, লালন সাঁই, কামিনী রায়, জগদীশচন্দ্র বসু প্রমুখের জীবনী প্রকাশিত হয়েছে। অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে আবদুল মান্নান সৈয়দ, রশীদ করীম, আবদুশ শাকুর, নীলু দাশ, প্রমুখের জীবনী। তিনজন ভাষাসংগ্রামীর জীবনীও প্রকাশিত হয়েছে। এঁরা হলেন আবদুল মতিন, গাজীউল হক ও মাহবুবুল আলম চৌধুরী। মৃত্যুর পরে জীবনীগ্রন্থ প্রকাশিত হয়, এই রেওয়াজ ভেঙে আবদুল মতিনের জীবনী প্রকাশিত হয়েছে তাঁর জীবদ্দশায়। ভাষা-মতিনের প্রতি জাতীয় সম্মান জানানোর এই উদ্যোগটি ব্যাপক প্রশংষার যোগ্য। এছাড়া ভাষাশহীদ এবং বীরশ্রেষ্ঠদের জীবনী প্রকাশ করেও বাংলা একাডেমি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।

বিভিন্ন সময়ে বাংলা একাডেমি নানান ধরনের গুরুত্বপূর্ণ কাজ করেছে। ১৯৮৫ সালে ভাষা-শহীদ গ্রন্থমালা নামে বাংলা একাডেমি শতাধিক গ্রন্থ প্রকাশ করে। বর্তমান মহাপরিচালক তখন ছিলেন গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে। তাঁর তত্ত্বাবধানেই কাজটি সুচারুরূপে পরিচালিত হয়। ৪ খণ্ডে 'বাংলা ও বাঙালির ইতিহাস গ্রন্থ প্রণয়ন' তাঁর সময়ের একটি বড় কাজ।

বাংলা একাডেমির অনেক বড় কাজের মধ্যে লোকসংস্কৃতি উদ্ধার এবং তা পর্যায়ক্রমে প্রকাশ করে আমাদের হারোনো ঐতিহ্যকে রক্ষা করেছে। সারা দেশ থেকে লোকসংস্কৃতির প্রচুর উপকরণ সংগ্রহ করেছে বাংলা একাডেমি। সেগুলো এখনো খণ্ডেখণ্ডে প্রকাশিত হচ্ছে। এর পাশাপাশি মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় 'বাংলা একাডেমি বাংলাদেশের লোকসংস্কৃতি গ্রন্থমালা' প্রকাশ পেয়েছে ৬৪ খণ্ডে। প্রতিটি খণ্ডের জন্য সংশ্লিষ্ট জেলার একজন সমন্বয়কারী এবং একাধিক তথ্যসংগ্রাহক রয়েছেন। প্রতিটি জেলার লোকসংস্কৃতির সংগ্রহ ও বিবরণ-সম্বলিত এই গ্রন্থমালা কেবল বাংলাদেশের ক্ষেত্রেই নয় বিশ্বের প্রেক্ষাপটেই একটি বড় কাজ হিসেবে বিবেচিত।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীপ্রকাশও একটি বড় কাজ। 'রবীন্দ্রজীবনী' প্রকাশও বর্তমান সময়ের একটি ভালো কাজ হিসেবে বিবেচিত। কথাসাহিত্যিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আবদুশ শাকুর এই দায়িত্ব পালন করছিলেন। দুইখণ্ডের পাণ্ডুলিপি সম্পন্ন করার পরে তাঁর অকালপ্রয়াণ এই কাজে ছেদ পড়ে। তাঁর রচিত দুই খণ্ড প্রকাশের পরে পরবর্তী খণ্ড রচনার দায়িত্ব পালন করছেন আরেক রবীন্দ্রগবেষক ও ভাষাসংগ্রামী কবি আহমদ রফিক।

অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও দেশের বিভিন্ন স্থানে নিজস্ব উদ্যোগে বইয়ের আড়ং আয়োজন করছে বাংলা একাডেমি। চট্টগ্রাম ও বরিশালে এই আড়ং যথেষ্ট বইক্রেতাদের কাছে ব্যাপক সাড়া জাগিয়েছে। দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক সাহিত্য-সম্মেলন করার কৃতিত্বও বাংলা একাডেমির। ইতোমধ্যে কক্সবাজার, রাজবাড়ী, নাটোর, ঝালকাঠি, ঠাকুরগাঁও, মৌলভীবাজার প্রভৃতি স্থানে এই সম্মেলনে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সাহিত্যিক ও সাহিত্যকর্মী অংশ নিয়েছেন। ১৯৭৪ সালের জাতীয় সাহিত্য সম্মেলনের পরে এবারই উদ্যোগ নেয়া হয়েছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এই সম্মেলনে ইংরেজি ভাষা ছাড়াও অন্যান্য ভাষার সাহিত্যিক অংশ নেবেন। এছাড়া জাতীয় পর্যায়ে ফোকলোর করমশালা এবং ফোকলোর সামার স্কুল এবং আন্তর্জাতিক ফোকলোর উৎসবের আয়োজন করে বাংলা একাডেমি বিশ্বের ফোকলোর চর্চায় স্থান করে নিয়েছে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কেবল বাংলাদেশেই নয়, বাংলাভাষার মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার হিসেবে স্বীকৃত। ১৯৬০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৬০ জন সাহিত্যিককে এই পুরস্বার দেওয়া হয়েছে। রবীন্দ্রচর্চার স্বীকৃতি দিতে সম্প্রতি যুক্ত হয়েছে রবীন্দ্র পুরস্কার। এছাড়া মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক, সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার, মেহের কবীর বিজ্ঞান পুরস্কার, হালিমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কারও প্রদান করা হয় বাংলা একাডেমি থেকে।

সাহিত্য ছাড়াও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কীর্তিমানদের ফেলোশিপ প্রদান করে সম্মান জানানো হয় এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এ যাবৎ দেড়শতাধিক ব্যক্তিকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়েছে। তাঁদের মধ্যে মওলানা মোহাম্মদ আকরম খাঁ, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, কবি গোলাম মোস্তফা, কবি জসীমউদদীন, শামসুন্নাহার মাহমুদ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী সফিউদ্দিন আহমদ, শিল্পী কামরুল হাসান, শিল্পী কলিম শরাফী, শিল্পী কাইয়ুম চৌধুরী, ড. উ্ইলিয়াম রাদিচে, শিল্পী সুধীন দাশ, ড. কাজুও আজুমা, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ডা. প্রাণগোপাল দত্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নোবেলজয়ী অমর্ত্য সেন, শিল্পী রামকানাই দাশ প্রমুখ রয়েছেন।

বাংলা একাডেমিতে আছে একটি সমৃদ্ধ ও দুর্লভ সংগ্রহশালা। প্রচীন বাংলার অমূল্য পুঁথিসাহিত্য সংরক্ষিত হচ্ছে এখানে। আরো আছে মূল্যবান গ্রন্থ ও সংবাদপত্র। এ ছাড়া প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে গুরুত্বপূর্ণ জার্নাল ও সাময়িকী- বাংলা একাডেমি পত্রিকা, উত্তরাধিকার, ধানশালিকের দেশ প্রভৃতি।

বাংলা একাডেমি এত দিন পরিচালিত হতো ১৯৭৮ সালের তৎকালীন সামরিক শাসকের জারি করা একটি ইংরেজি অধ্যাদেশের মাধ্যমে। ৩৫ বছর পর ২০১৩ সালে বাংলা ভাষায় বাংলা একাডেমি আইন পাস হয়েছে। এখন ৮টি বিভাগের মাধ্যমে বাংলা একাডেমি আরো বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ পেয়েছে। উন্নয়নমূলখ কাজের মধ্যে ঐতিহাসিক বর্ধমান হাউস সংস্কার ও সংরক্ষণ; নতুন ৮ তলা বাংলা একাডেমি ভবন, ৫০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক মিলনায়তন এবং সেমিনার কক্ষ নির্মাণ; বাংলা একাডেমি স্টাফ কোয়ার্টার প্রকল্পের কাজ শুরু; এবং বাংলা একাডেমি আধুনিক পুস্তক বিক্রয়কেন্দ্র নির্মাণ উল্লেখযোগ্য।

৩ ডিসেম্বরে প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে বাংলা একাডেমি তার পুরনো কীর্তির দিকে ফিরে তাকায়, নতুন কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা পায়। ২০১৩ সালে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামান বলেছিলেন, 'বঙ্গবিদ্যা চর্চার ক্ষেত্রে বাংলা একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতার বিষয়ও এর সঙ্গে সংগতিপূর্ণ; একাডেমি শুধু আমাদের বিদ্যাচর্চা নয় বরং বিদেশিদের বঙ্গ এবং বৃহদার্থে প্রাচ্য চর্চার দিকে ফিরে তাকাতে চেয়েছে। কারণ গোলকায়নের এই সময়ে নিজেদের জাতিসত্তা-ভাষা-সাহিত্য ও সংস্কৃতিকে বহু প্রেক্ষিত থেকে অবলোকনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।' তাঁর এই উক্তির যথার্থতা এখনো অস্বীকার করার উপায় নেই। জাতির প্রত্যাশা পূরণে বাংলা একাডেমি বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক হিসেবেই চিরকর্মময় থাকবে।

Image
Flag Counter