২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমার প্রতারণা ও অনুবাদকের জালিয়াতি

রাজু আলাউদ্দিন

Published : 24 Nov 2014, 10:27 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

বছর পাঁচেক আগে আর্টস বিডিনিউজ ডটকম-এর সূত্রে অনুবাদের ক্ষেত্রে এক অদ্ভুত জালিয়াতির তথ্য জেনে চমকে উঠেছিলাম। চমকে ওঠার কারণটা ব্যাখ্যা করার আগে পটভূমিটা জানা দরকার। জুলফিকার নিউটন নামের এক তরুণ তুর্কী বিশ্বসাহিত্যের সুউচ্চ পর্বতগুলো ডিঙিয়ে যাচ্ছিলেন অনুবাদের মাধ্যমে। মুসা ইব্রাহীমের বিজয়ের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলেও নিউটনের বিজয়গাথা নিয়ে কারোরই কোনো সন্দেহ তৈরি হয়নি কখনো। যিনি বা যারা সন্দেহ করতে পারতেন তারা ছিলেন নিশ্চুপ, কারণ অনুবাদের সম্রাট কবীর চৌধুরীর প্রত্যয়ণপুষ্ট এই অনুবাদক ততদিনে সাম্রাজ্য বিস্তার করে দানবীয় রূপ ধারণ করেছেন। কিন্তু রেজাউল করিম সুমনের সন্দেহ আর সমান্তরাল পাঠ এই দানবকে অবশেষে রূপান্তরিত করে এমন এক তস্করে যিনি বিদেশি সাহিত্য অন্য ভাষা থেকে নয়, বরং অন্যদের মারফত ইতিমধ্যে বাংলায় রূপান্তরিত বিদেশি সাহিত্য কিছুটা বদলে আর সিংহভাগ অপরিবর্তিত রূপে নিজের নামে চালিয়ে দিতেন। জালিয়াতির এই নমুনার কথা জানা ছিল না কারুরই।

উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ভূয়া মুক্তিযোদ্ধা পরিচয়ের সনদ জালিয়াতির মতোই সম্প্রতি অনুবাদের ক্ষেত্রে শুরু হয়েছে অভিনব এক প্রতারণা। নিউটনের জালিয়াতি প্রমাণ করা যতটা সহজ, নতুন এই প্রতারণাকে প্রমাণ করা কিছুটা কঠিন। কঠিন এই কারণে যে আগেরটির চেয়ে এটি পদ্ধতি হিসেবে ভিন্ন এবং ভাষিক বাধার কারণে 'নিরাপদ'। কিন্তু লোকোৎসারিত বচন যার সঙ্গী, যেমনটা স্পানঞলভাষী মানুষেরা বলে থাকেন La curiosidad mata el gato (মার্জার-নিধন কৌতূহল), তখন কোনো বাধাই আর অটুট থাকে না।

আজকাল কেউ কেউ মূল ভাষা থেকে বাংলায় অনুবাদ করছেন। স্পানঞল ভাষা থেকে বাংলা অনুবাদের দৃষ্টান্ত এই বছর কয়েক আগেও তেমন দেখা যায়নি। কিন্তু ইদানীং কলকাতায় কেউ কেউ শুরু করেছেন। বাংলাদেশেও দু একজন শুরু করেছেন–এটা খুবই আশাব্যঞ্জক। কিন্তু আশার মোড়কেই আবার লুকিয়ে আছে হতাশার গোপন কীট।

গত ২০১২ সালে পেরুর নোবেলজয়ী-লেখক মারিও বার্গাস যোসার কিয়েন মাতো আ পালোমিনো মোলেরো বা হু কিল্ড্ পালোমিনো মোলেরো-এর বাংলা অনুবাদ করেছিলেন রফিক-উম-মুনীর চৌধুরী। ভূমিকার শেষে অনুবাদকের প্রদত্ত পরিচয় থেকে জানতে পারবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট-এর স্পানঞল বিভাগের শিক্ষক। 'প্রথমা' প্রকাশন থেকে প্রকাশিত পালোমিনো মোলেরোকে খুন করল কে? গ্রন্থটি মূল (মানে স্পানঞল) থেকে অনুবাদ করা হয়েছে বলে দাবী করেছেন অনুবাদক এবং প্রথমা। কিন্তু পাঠকের মার্জারনিধনকারী কৌতুহলী মন যদি স্পানঞল ও ইংরেজি সংস্করণ দুটোর সঙ্গে রফিকের বাংলা তর্জমাটি মিলিয়ে দেখেন, তাহলে প্রতারণার দুর্গন্ধ তিনি টের পাবেন সঙ্গে সঙ্গে। প্রতারণার নমুনা পরখ করার আগে কয়েকটি তথ্য হাতের মুঠোয় রাখা ভালো। ১. বইটি মূল ভাষায় বেরিয়েছিলো ১৯৮৬ সালে। ২. এর ইংরেজি সংস্করণটি আলফ্রেড ম্যাকাডেম-এর অনুবাদে বেরিয়েছিলো ১৯৮৭ সালে। ঘটনা হচ্ছে ভূমিকায় অনুবাদক সুসজ্জিত চাতুর্যপূর্ণ ভাষায় মূল থেকে অনুবাদ করার দাবী জানালেও এটি যে ইংরেজি অনুবাদের ভিত্তিতে বাংলায় তর্জমা করেছেন তা বুদ্ধিমান, এমনকি নির্বোধ পাঠকও টের পাবেন। আসুন, এবার নিশ্চিত হওয়ার জন্য পাশাপাশি তিনটি সংস্করণই মিলিয়ে দেখা যাক। উপন্যাসের শুরুর বাক্যটি দিয়েই শুরু করা যাক। স্পানঞলে আছে এরকম:

–Jijunagrandisimas—balbuceo Lituma, sintiendo que iba a vomitar-, como te dejaron, flaquito.

চোদনার পুতেরা- গলা ঠেলে বমি বেরিয়ে আসার অনুভূতি নিয়েই তোতলাতে তোতলাতে বললো লিতুমা– ওরা তোর কী অবস্থা করেছে রে চিকনা। (অনুবাদ লেখকের)

এই বাক্যটির ইংরেজি অনুবাদ করা হয়েছে এভাবে:

"Sons of bitches" Lituma felt the vomit rising in his throat. "kid, they really did a job on you."

একটু খেয়াল করলেই দেখা যাবে এই ইংরেজি অনুবাদে মূলের balbuceo (তোতলানো) এবং flaquito (চিক্না) শব্দদুটির কোনো অর্থ করা হয়নি বা বর্জন করা হয়েছে (পরে অন্যত্র 'Flaquito' শব্দটির ঠিকই বাংলা অনুবাদ করেছেন, কারণ ইংরেজিতে এর অনুসরণে skinny করা হয়েছিলো।)। বাংলা তর্জমায় রফিক মূলের কাছে না গিয়ে ইংরেজির অনুসরণে অনুবাদ করেছেন এভাবে:

'খানকির পুতেরা,' লিতুমার গলা ঠেলে বমি বেরোবার জোগাড়। 'উফ ছোকরাটাকে কীভাবে মেরেছে!'

লক্ষ করলেই দেখা যাবে বাংলা অনুবাদে লিতুমার 'তোতলানো' ব্যাপারটা যেমন নেই, তেমনি নেই 'চিক্না' শব্দটিও। তর্কপ্রিয় কেউ হয়তো ভাবতে পারেন কেবল এই একটি উদাহরণ দিয়ে প্রতারণার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। তাহলে আসুন, আরও কিছু উদাহরণের দিকে তাকাই। প্রথমে স্পানঞল, পরে ইংরেজি এবং সবশেষে বাংলা তর্জমা:

quien carajo hizo esto?– balbuceo, contenido la nausea.

ইংরেজিতে এরকম:
"who the fuck did this?" He stammered, holding back his gorge.

রফিক এই অংশটুকু বাংলায় অনুবাদ করেছেন এভাবে:

'কোন কুত্তার বাচ্চা যে কাজটি করেছে,' তোতলাতে তোতলাতে বলে লিতুমা, গলা ঠেলে উঠে আসা বমি কোনো রকমে চেপে ধরে।

আগের বাক্যে রফিক 'তোতলামি'র ব্যাপারটা বাদ দিয়ে গেছেন, এবার তা দেন নি, কারণ এবার ইংরেজি অনুবাদটিতে মূলের অনুসরণে "stammered" শব্দটি আছে। অতএব রফিকের বাংলা তর্জমায়ও 'তোতলামি' চলে এসেছে। দ্বিতীয় এই উদাহরণের পরেও কেউ যদি মনে করেন এটা অনুবাদকের অসতর্কতার কারণে ঘটেছে, তাহলে আপনাদেরকে আমরা আরও কয়েকটি নজিরের মুখোমুখি করতে পারি যা বুঝবার জন্য স্পানঞল ভাষায় গভীর জ্ঞানেরও দরকার হয় না। যেমন ধরুন এই তৃতীয় উদাহরণটি:

–No te carajeo a ti, churre– murmuro Lituma–, carajeo porque parece mentira que haya en el mundo gente tan perversa.

স্পানঞল এই বাক্য দু'টার মূলানুগ অনুবাদ করলে দাঁড়ায় এরকম:
'তোর উপর রাগ করছি না, ছোকরা,– বিড়বিড় করে বললো লিতুমা। 'রাগ করছি কারণ, দুনিয়াতে মানুষ এত বিকৃত রুচির হতে পারে তা অবিশ্বাস্য বলে মনে হয়।'(অনুবাদ লেখকের)

অনুবাদক ইংরেজিতে–ভাবার্থ এক হলেও–এই অভিব্যক্তিটা খানিকটা বদলে নিয়ে করেছেন এভাবে:
"I'm not mad at you. I'm mad that anybody could be bastard enough to do something like this. "

রফিক মূলের কাছে না গিয়ে, ইংরেজিরই প্রতিধ্বনি করে বলছেন:

'না, না, তোর উপর গরম হইয়া লাভ কী! মেজাজ খারাপ হইয়া গ্যাছে যে, এরকম কাজ মানুষ করে? যারা করছে, তারা মানুষের বাচ্চা না।'

সন্দেহ নেই যে এই অংশটুকু তর্জমায় রফিক খানিকটা স্বাধীনতা নিয়েছেন, তারপরেও এটি মূলের চেয়ে বরং ইংরেজি অনুবাদেরই ঔরসজাত। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই দেখা যাবে, মূলে 'লিতুমা বিড়বিড় করে বললো' কথাটা থাকলেও ইংরেজিতে নেই, আর ইংরেজিতে নেই বলে তা বাংলা অনুবাদেও নেই। আর শেষ বাক্যটিতে ইংরেজ অনুবাদক যেমন, তেমনি বাংলার অনুবাদকও মূল থেকে সড়ে গেছেন খানিকটা।

এবার দেখা যাক উপন্যাসটির দ্বিতীয় অধ্যায়ে রফিক কী করেছেন।

স্পানঞলে দুটো বাক্য হচ্ছে এরকম:

El teniente Silva y yo somos la autoridad policial. La que no coopera es la Aviacion. Y, como el flaquito era avionero, si ellos no cooperan, quien carajo va a cooperar.

যদি এই অংশটুকুর মূলানুগ অনুবাদ করা যায় তাহলে সেটা হবে এরকম:

ল্যাফটেন্যান্ট সিলবা আর আমি, আমরাতো পুলিস কর্তৃপক্ষ( বা পুলিসের লোক)। বিমান বাহিনীতো (এক্ষেত্রে) কোনো সহযোগিতা করছে না। আর চিক্না (Flaquito) যেহেতু বিমানবাহিনীর লোক ছিলো, সুতরাং ওরা যদি সহযোগিতা না করে, তাহলে করবেটা কে? (অনুবাদ লেখকের)

ইংরেজিতে এই অংশটুকুর বক্তব্য এক হলেও ধরনটা একটু ভিন্ন:

"Lieutenant Silva and I are the police authority. the authority I'm talking about is the Air Force. That skinny kid was in the Air Force, so if they don't help us, who the fuck will?"

আমি এটা বলতে চাচ্ছি না যে ইংরেজিতে অনুবাদক এই অংশটির ভাবের বিপর্যয় ঘটিয়েছেন। তবে দ্বিতীয় বাক্যটিতে (The authority I'm talking about is the Air Force.) যা বলেছেন, মূলে
(La que no coopera es la Aviacion যার আক্ষরিক তর্জমা হলো 'বিমানবাহিনী সহযোগিতা করছে না') কিন্তু তা বলা হয়নি।

রফিক যদি মূলের দিকে লক্ষ্য রাখতেন তাহলে নিশ্চয় দূরত্বটা বুঝতে পারতেন। সেক্ষেত্রে ভুল ও দূরত্বব্যঞ্জক ইংরেজির প্রতিধ্বনি হওয়া থেকে বিরত থাকতেন। কিন্তু দুঃখজনক সত্যি হলো তিনি ইংরেজিরই বিশ্বস্ত প্রতিধ্বনি করে লিখলেন:

লেফটেন্যান্ট সিলবা আর আমি সিভিল গার্ড। আমি বিমানবাহিনী কর্তৃপক্ষের কথা বলছি। নিহত রোগা তরুণটি বিমানবাহিনীর। সুতরাং ওরা যদি আমাদের সাহায্য না করে, তাহলেই শালার যত সমস্যা। (পৃ: ১৮)

যদিও মূলে যেমন, তেমনি ইংরেজি অনুবাদেও 'নিহত' কথাটা নেই। আরেকটি ব্যাপার 'রোগা' (চিকনা অর্থে) শব্দটা রফিক এখানে ঠিকই ব্যবহার করলেন, অথচ মূলে প্রথম অধ্যায়ের শুরুর বাক্যে রোগাবাচক (Flaquito) শব্দটি থাকলেও তিনি ইংরেজি অনুবাদের প্রতারক আলোয় পথ চলতে গিয়ে খেয়াল করেননি। তাছাড়া মূলে কিন্তু বলা হয়নি ' আমি বিমানবাহিনী কর্তৃপক্ষের কথা বলছি।' বরং বলা হচ্ছে 'বিমানবাহিনী সহযোগিতা করছে না'

কিভাবে তিনি বিভ্রান্ত ইংরেজি অনুবাদের এলাহি ভরসায় ক্রমাগত এগিয়ে গেছেন তার আরেকটা নমুনা পরবর্তি বাক্যালাপে খুঁজে পাওয়া যাবে:

ইংরেজিতে ছিলো:

"We do understand," said josefina, "But talking about a corpse all the time is boring. Why don't you forget about the guy, Lituma? He's dead."

রফিক এর হুবহু প্রতিধ্বনি করে লিখলেন:

'আমরা সেটা বুঝি,' হোসেফিনা বলে। কিন্তু সারাক্ষণ একটা মরা মানুষ নিয়ে কথা বলতে ভালো লাগে না। লিতুমা, ছোকরাটার কথা ভুলতে পারছিল না কেন? ও তো মারা গেছে।'

ইংরেজি এবং ইংরেজির অনুসরণে বাংলায় শেষ দুটো বাক্যের যে তর্জমা হয়েছে তা মোটেই স্পানঞল বাকভঙ্গী বা অর্থের অনুসারী নয়। স্পানঞলে কেবল বলা হচ্ছে এভাবে:

No jodas mas con tu muertito, Lituma.

এখানে একটিই বাক্য এবং এর ভাষান্তর করলে দাড়ায়: 'লিতুমা, তোর এই মরা(র ঝামেলা )নিয়ে আর জ্বালাইছ না।'

এখানে কিন্তু কোথাও বলা হয়নি "ছোকরাটার কথা ভুলতে পারছিস না কেন?"। মূলে Cadaver (মৃতদেহ) বলে একটা শব্দ আছে বটে কিন্তু সেটাকেই কি টেনেটুনে 'ও তো মারা গেছে।' বলতে হবে? তবুও এই দূরত্ববিলাসী অবিশ্বস্ত তর্জমাকেও মেনে নেয়া যেত যদি এর কোনো ইংরেজি অনুবাদ না থাকতো এবং মূল থেকে তর্জমা করার সততা ও পরিশ্রম তিনি মেনে নিতেন। তিনি যে এই সততাকে পুঁজি করে এগোননি তার আরেকটি উদাহরণ এখানে তুলে দিচ্ছি প্রথমে স্পানঞল, পরে ইংরেজি এবং সবশেষে রফিকের বাংলায়।

স্পানঞলে বলা হয়েছে:

–Una pregunta Chunguita–la desafia Josefina–Ningun cliente te ha roto una botella en la cabeza por contestar como contestas?

এর আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায়:
'চুঙ্গিতা, একটা প্রশ্ন: তুই যেভাবে উত্তর দেস সেভাবে উত্তর দেয়ার জন্য কখনো কোনো খদ্দের তোর মাথায় বোতল ভাঙেনি?' (অনুবাদ লেখকের)

ইংরেজি অনুবাদক মূলের বাচনভঙ্গীকে খানিকটা বদলে নিয়ে করেছেন এভাবে:

" One question, Chunguita, Didn't anyone ever crack a bottle over your head for being such a wise guy? "

ইংরেজি বাক্যটিতে মূলের শ্লেষটা আনা হয়েছে wise guy বলে ব্যাজস্তুতির (irony) মাধ্যমে। কিন্তু মূলে এই ব্যাজস্তুতি নেই। রফিকও এই ভ্রমাত্মক ইংরেজির অনুরসণে লিখলেন:

'একটা প্রশ্ন চুঙ্গিতা। এত বুদ্ধি যে মাথায় রাখো সে মাথায় কখনো কেউ বোতল ভাঙে নাই? (পৃ: ২০)

আরেকটা উদাহরণ দেয়া যাক মূলের সঙ্গে মিলিয়ে যার ইংরেজি অনুবাদ যেমন মূলের সাথে প্রতারণা করেছে, তেমনি ইংরেজির বশ্যতা মানার কারনে বাংলা সংস্করণটিও হয়ে উঠেছে সেরকম। যথারীতি প্রথমে স্পানঞ্ল, পরে ইংরেজি এবং সবশেষে বাংলা।
– No tengo plata ni para esta cerveza– dejo Lituma– . Me vas a fiar, no, chunguita?
– Que te fie la que ya sabes –repuso la chunga, desde el mostrador, con aire aburrido.
– -me imaginaba lo que ibas a contestar- dijo Lituma-. Lo hacia por fregarte, nomas.

যদি বিশ্বস্ত ও আক্ষরিক অনুবাদ করা যায় তাহলে হওয়া উচিত:
'এই বিয়ারের বিলটা দেয়ার পয়সাও আমার নেই'– লিতুমা বললো– 'আমাকে বাকিতে দিবিতো, নাকি চুঙ্গিতা?'
— কে তোকে বাকি দেবে তা তো তুই জানিসই, — কাউন্টার থেকে বিরক্তির নিঃশ্বাস ফেলে চুঙ্গা উত্তর দেয়।
–তুই কি উত্তর দিবি আমি জানতাম– লিতুমা বললো-। তোকে কেবল খ্যাপানোর জন্যই ও কথা বলেছি।
(অনুবাদ লেখকের)

বলবার এই ধরনটা যে ইংরেজি অনুবাদে নেই তা যে কেউ মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন:
"me? I don't even have the dough for this beer. You'll let me pay later, won't you, Chunguita?'
"Maybe your mama will let you pay later", answered la Chunga, looking bored.
"I figured you'd say something like that. I just wanted to screw around."

মূলের ভাবটুকু বুঝবার জন্য এই অনুবাদ নিশ্চয়ই কোনো বাধা নয়, তবে মূলের বাচনভঙ্গী এবং বাক্যরীতিকে বদলে নেয়ার কারনে তা স্থানিক স্বাতন্ত্র্যকে মুছে ফেলা হয়েছে। স্বাতন্ত্র্য-বিলোপকারী এই ইংরেজি অনুবাদেরই প্রতিধ্বনি করে রফিক লিখলেন:
'আমি? আমার কাছে তো বিয়ারের বিলের পয়সাও নেই। চুঙ্গিতা, পরে বিল যা আসে, দিয়ে যাব। ঠিক আছে?'
'আমি কি তোমার মা নাকি,' বারের মালিক লা চুঙ্গা কেমন একটা বিরক্তি-মেশানো স্বরে বলে।
'আমি জানতাম, তুমি এ রকম কিছু একটা বলবে। এমনি এমনি শয়তানি করে বলেছি।'

(পৃ: ১৯)

প্রশ্ন হলো যিনি স্পানঞল ভাষা থেকে অনুবাদ করেছেন বলে ঘোষণা দিয়েছেন, তার অনুবাদ মূলের সঙ্গে না মিলে কেন ইংরেজি অনুবাদের সঙ্গে মিলে যায়? ভুলে যাচ্ছি না যে অনুবাদের ক্ষেত্রে কখনো কখনো স্বাধীনতা নেয়াটা অনিবার্যও হয়ে ওঠে মূল অনুষঙ্গের প্রতিরূপ, বা নিকবর্তী অভিব্যক্তির কোনো কিছু উদ্বিষ্ট ভাষায় পাওয়া যায় না বলে। আমরা এ পর্যন্ত যতগুলো উদাহরণের মধ্য দিয়ে এসেছি তাতে করে আমার অন্তত এটা মনে হয়নি যে বাংলা ভাষায় সে রকম কোনো সম্ভাব্য সংকটের কারণে অনুবাদ মূলের বাচনভঙ্গী, সংলাপ এবং বর্ণনাভঙ্গী বদলে দিতে পারে। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে তিনি বাংলাভাষার দীনতার কারণেই বদলে নিয়েছেন, তাহলে সেই বদল কী করে আশ্চর্য রকমের প্রতিধ্বনি হয়ে ওঠে ইংরেজি অনুবাদের?

এই মিলের ব্যাপারে অনুবাদক কি একেবারেই অসচেতন ছিলেন? এ প্রশ্নও কি আমাদের মধ্যে উঁকি দেবে না যে যদি মূলানুগই হবে তাহলে কী করে অন্য একটি অনুবাদের সঙ্গে তা মিলে যায়? অথচ তিনি অনুবাদকের ভূমিকায় জানিয়েছেন যে "১৯৯৯ সালে প্রকাশনা সংস্থা Alfaguara (Mexico) থেকে প্রকাশিত মারিয়ো বার্গাস য়োসার Obra reunida: Narrativa breve সংকলনটিতে অন্তর্ভুক্ত হয়েছিলো কয়েকটি গল্প ও চারটি উপন্যাস। তার একটি Quien mato a Palomino Molero? " (পৃ: ১৬৩–৩২০)। "এই বাংলা সংস্করণটির তর্জমা সেই সংকলন থেকেই।" (পৃ-১৩) এই তথ্য জানাবার পরপরই তিনি এও বলছেন যে, "বাংলায় উপন্যাসটি লিখলে বার্গাস য়োসা কেমন লিখতেন– তর্জমা করার সময় প্রশ্নটি সব সময় মাথায় রেখেছি।" (পৃ: ১৩)

এটুকু পড়ার পর আমাদের এই বিশ্বাস জন্মায় যে তিনি মূলানুগ থাকার ব্যাপারে বেশ ভাবিত ছিলেন। ভূমিকায় তিনি এও জানিয়েছেন যে উপন্যাসটির বহু অনুষঙ্গ এবং শব্দের তাৎপর্য বুঝবার লক্ষ্যে 'পেরুর লিমায় বসবাসরত' এক 'গবেষকের শরনাপন্ন হতে' হয়েছে তাঁকে। কিন্তু অনুবাদের নমুনাগুলো তাঁর ভূমিকার বক্তব্যকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করে ইংরেজি অনুবাদের নিষ্প্রাণ ঝাল খাওয়ার কারণে। অনুবাদক ইনিয়ে বিনিয়ে যতই বলুন না কেন তিনি মূল থেকে অনুবাদ করেছেন, কিন্তু এইসব নমুনা কোনোভাবেই প্রমাণ করে না যে ইংরেজি অনুবাদের বিশ্বস্ত প্রতিধ্বনি এটা নয়।
মনে পড়ছে সৈয়দ মুজতবা আলীর 'অর্থং অর্থং' বলে একটা লেখা পড়েছিলাম বহুদিন আগে। তাতে এক ভূয়া অনুবাদকের গল্প(বা সত্যিও হতে পারে) বলছিলেন তিনি, যিনি–আশ্চর্য সে্ও এক চৌধুরী–`বুর্নফের একটি অচলিত ছোট লেখার অনুবাদ' করেছিলেন ইংরেজীতে। 'আসলে সে সেটা করেছিলো এক আনাড়ি ছোকরার সাহায্যে, যার ফরাসী জ্ঞান ছিল অত্যন্ত কাঁচা'। "কি করে যেন ওই অনুবাদ প্যারিসে পৌঁছে গেলে তাদের এক পত্রিকায় বেরোয়–" The originality of the translator has come out with extraordinary success in those passages where he has failed to understand the original!"" (সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মুজতবা আলী রচনাবলী, দ্বিতীয় খন্ড, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, প্রকাশকাল: ষষ্ঠ মুদ্রণ ফাল্গুন ১৩৯৯, পৃ:১৬০)
ঘটনা প্রায় একই রকম, এখানে কেবল 'আনাড়ি ছোকরার' পরিবর্তে আনাড়ি ইংরেজি অনুবাদক ভেবে নিলেই সাযুজ্যে পৌঁছে যাওয়া সহজ হয়ে যায়।

'প্রথমা'র মতো একটি প্রতিষ্ঠান কী করে এ ধরনের জালিয়াতিকে প্রশ্রয় দিয়ে পাঠকদের সাথে প্রতারণার অংশভাক হয়ে উঠতে পারে তা কিছুতেই বুঝতে পারছি না।

'প্রথমা' প্রকাশনী হিসেবে অল্পবয়সী হলেও ইতিমধ্যে নানা কারণে আলোচিত এবং পরিচিত। পাঠক-ক্রেতাদের আস্থা অর্জনে 'প্রথমা'র উচিৎ আরও সতর্ক হওয়া। এর আগেও তারা আলীম আজীজের অনুবাদে কার্লোস ফুয়েন্তেসের আউরা উপন্যাসের ক্রুটিপূর্ণ অনুবাদের কারণে সমালোচিত হয়েছিলো। প্রথম আলোর প্রতিপত্তি ও খ্যাতিকে পুঁজি করে 'প্রথমা' যদি এ ধরনের ভুল ও জালিয়াতির প্রশ্রয়দাতা হয়ে ওঠে তাহলে 'যা কিছু ভালো তার সাথে প্রথম আলো'র শ্লোগানটিকে সবাই নিছক কথার কথা হিসেবে বিপরীতার্থে নেবে।