নজরুলের গানে চিত্রকল্প
বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ সময়ে কাজী নজরুল ইসলামের আর্বিভাব। রবীন্দ্রনাথের সমসাময়িক কবিরা যখন রবীন্দ্রনাথকে নিয়ে মহাচিন্তিত, বেশিরভাগ লেখকই নিজেকে যখন প্রকাশ করার কোন সুযোগ পাচ্ছিলেন না সেই সময় নজরুলের অভিষেক। অন্যরা যেখানে রবীন্দ্ররিাধীতার হুজুগ তুলে নিজেদেরেকে অন্তঃসারশূন্য প্রমাণ করছিলেন নজরুল তখন নিজের লেখা দিয়েই নিজেকে মৌলিক কবি হিসেবে প্রমাণ করতে পেরেছিলেন। তাঁকে রবীন্দ্রবিরোধীতা করতে হয়নি। রবীন্দ্রনাথ বরং তাঁকে গ্রন্থ উৎসর্গ করে বরণ করে নিয়েছিলেন।
ত্রিশের দশকের আন্দোলনের সঙ্গে নজরুল সরাসরি জড়িত না থাকলেও সাহিত্যে বাস্তবতা ও আধুনিকতার যে-সূচনা এ আন্দোলনের মাধ্যমে হয়েছিল নজরুল তা উপলব্ধি করেছিলেন তাঁর সাহিত্য বোধ দিয়ে এবং নিজের লেখা দিয়েও সে প্রমাণ তিনি দিয়েছিলেন । কবি নজরুল সম্পর্কে একটা মন্তব্য প্রায়শ করা হয় যে তিনি সাময়িকের কবি। অর্থাৎ তাঁর সময়ের ঘটনাপ্রবাহকে তিনি সাহিত্যে রূপান্তরিত করেছেন। এ জাতীয় মন্তব্যের জন্য অবশ্য সমালোচককে দোষ দেয়া যাবে না । কারণ নজরুল তাঁর এক কবিতায় বলেছিলেন , 'বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী'। অন্যত্র বলেছিলেন, 'দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে'। তবে কবি নজরুলের সাহিত্য বিচার করার জন্য এধরনের বক্তব্যকে একমাত্র উদাহরণ হিসেবে নেয়ার কোনো প্রয়োজন নেই। তিনি সমসাময়িক জীবন ও সমস্যা নিয়ে সাহিত্য রচনা করেছেন এটা যেমন ঠিক তেমনি চিরায়ত ধারার ক্লাসিক সাহিত্যও তিনি রচনা করেছন। তাছাড়া সাময়িক জীবনঘনিষ্ট সাহিত্যকে ন্যূন করে দেখারও কিছু নেই। পৃথিবীর অনেক সাহিত্যিক রয়েছেন যারা খ্যাত হয়েছেন তাদের এজাতীয় রচনার জন্য। নজরুল তাঁর সাময়িক বিষয় নিয়ে রচিত সাহিত্যকে কতটুকু মানসম্পন্ন করতে পেরেছেন সেটা দেখবার বিষয়। তাঁর রচিত সব সাহিত্যের বেলায় এ মন্তব্য করা না গেলেও তাঁর অনেক রচনা রয়েছে যা সাময়িকের উত্তাপ ছাড়িয়ে ক্লাসিক সাহিত্যের গভীর জীবনবোধকে ধারণ করেছে। তাঁকে বাংলা সাহিত্যে অপরিহার্য মৌলিক কবি হিসেকে স্বীকৃতি দিয়েছেন সমালোচকেরা। একজন নজরুল বিশেষজ্ঞ নজরুলের মৌলিকত্ব নিয়ে তাঁর যুক্তি ও মন্তব্য তুলে ধরেছেন। তাঁর মতামত তিনি বিস্তৃতভাবে দিয়েছেন ব্যখ্যা বিশ্লেষণসহ : 'দীর্ঘকাল ধরে অনেকগুলো দিক বিবেচনার পরে আমি এই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছেছি যে, নজরুল আমাদের সাহিত্যের এজন বড়ো কবি বা Major poet । রবীন্দ্রনাথ বাংলাভাষার সবচেয়ে স্বাভাবিক কবি, সেজন্য আশি বছর ধ'রে কবিতার নতুন নতুন দেশ দখল ক'রেও তিনি যা সাধন করেন, তা হচ্ছে নীরব বিপ্লব। কিন্তু বাংলা ভাষায় অন্তত তিনজন প্রধান কবির কথা আমরা বলবো . যারা বাংলা ভাষার মূল স্বাভাবকে বদলে দিয়েছেন, কিংবা আরো ভালো হয় যদি বলি সম্প্রসারিত করেছেন। মাইকেল মধুসূদন দত্ত, নজরুল ইসলাম, ও সুধীন্দ্রনাথ দত্ত– বাংলা ভাষার প্রধান কবিদের অন্তত এই তিনজনের নাম আমি করবো,যাঁরা কবি হয়ে উঠেছেন অস্বাভাবিক পথে, কিন্তু যাঁদের বিরাট সৌজন্যে ও কৃতিত্বে ঐ অস্বভাবও এখন বাংলা ভাষার স্বভাবের অন্তর্গত হয়ে গেছে। কিন্তু ভুলে গেলে চলবে না, যে এঁরা একদিন বাংলা ভাষায় সম্পূর্ণ নতুন ও অজ্ঞাতপূর্ব শক্তি ও সম্ভাবনা আবিষ্কার করেন।……. নজরুল তাঁর 'বিদ্রোহী' কবিতায়, ও অন্যান্য বিদ্রোহমূলক কবিতায়, এমনকি কোনো কোনো গদ্যরচনায় নিয়ে আসেন এমন তেজ-জোস-আলো-তাপ, যা নজরুলের আগে বাংলা ভাষায় কল্পনাই করা যেত না।…. গৌণ কবিরা ঐসব আবিস্কৃত পথেই চলাফেরা করেন, নতুন কোনো সাহস ও সম্ভাবনাকে তাঁরা জাগ্রত করতে পারেন না। এই নতুন সম্ভাবনা ও শক্তি সঞ্চারের সূত্রেই রবীন্দ্রনাথ থেকে আলাদা হ'য়ে যান নজরুল।' (সৈয়দ, ১৯৯০)।
আধুনিক বাংলা কবিতায় নজরুলের অবদান অবশই উল্লেখযোগ্য কারণ, তিনি আধুনিকতার লক্ষণকে ধারণ করেছিলেন তাঁর মতো করে।' আধুনিক বাংলা কবিতার সাধারণ লক্ষণগুলোর মধ্যে অন্তত কয়েকটি ভিত্তিমূল নজরুলের কবিতাতে প্রতিষ্ঠিত হয়। নজরুলের সাধনার বড় সার্থকতা এই যে, রবীন্দ্রনাথের ঐতিহ্যের বিরুদ্ধে সচেতনভাবে বিদ্রোহী না হয়েও স্বচ্ছন্দে রবীন্দ্র প্রভাব থেকে মুক্তি।' (ইসলাম, ১৯৯১) বলাবাহল্য নজরুলের প্রতিভার এই মূল্যায়নে তাঁর রচিত বিচিত্রধারার গানের ভূমিকা বেশি। যে পাঁচজন কবির কাছে বাংলা গান সবচেয়ে বেশি ঋণী তাঁরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ, রজনীকান্ত সেন ও নজরুল ইসলাম। এঁদের মধ্যে নজরুলের অবস্থান রবীন্দ্রনাথের পরেই। তিন হাজারের অধিক গানের রচয়িতা নজরুল । গান লিখেছেন বিচিত্র ধারায়– কাব্যগীতি, রাগপ্রধান, ইসলামী, ভক্তিগীতি,শ্যামাসঙ্গীত, গজল, লোকগীতি, দেশাত্মবোধক, হাসির গান, হিন্দি ও গীতিনাট্য।
একটা বিষয় বেশ আশ্চর্যের যে, বাংলা কাব্যসাহিত্য আলোচনার সময় গানকে বাদ দেওয়া হয়। অথচ কবিরা গান লিখেছেন এবং তাঁরা একে কাব্য বলে মনে করেছেন। রবীন্দ্রনাথ ও নজরুল দু'জনই তাঁদের কবিতা সংকলনে গান অন্তর্ভূক্ত করেছন। 'তবুও আমরা কাব্য সমালোচনা থেকে গানকে বাদ দিয়ে রেখেছি। এটা কুসংস্কার ছাড়া আর কিছু নয়। এটা দূর করা প্রয়োজন। (সামাদী,২০০১)গানকে শুধু পারফর্মিং আর্ট বললে গানের কথা-অংশের যে সাহিত্যমূল্য তা অস্বীকার করা হয়। নাটকের যেমন পাঠ জরুরি তার সাহিত্যমূল্য বোঝার জন্য , তেমনি গানও শুধু শোনার জন্য নয় তার সাহিত্য বা শিল্পমূল্য উপলব্ধি করা প্রয়োজন। গান ভোক্তা বা শ্রোতার মনে যে অনুভূতি সঞ্চার করে গানের বাণী পাঠককে অন্য উপলব্ধির জগতে নিয়ে যায। কারণ, 'গান শুনবার সময় শ্রুতিভিত্তিক যে উপভোগ ঘটে তাতে শব্দ-অর্থভিত্তিক উপলব্ধি অনেকটা আছন্ন। সে দিকে উপভোক্তার মনোযোগ আংশিকমাত্র আকৃষ্ট হয় সেখানেও প্রধান জোর থাকে সুরে নিবেদিত বিনোদনের উপর।' (সামাদী,২০০১)
এটা সবাই মানবেন যে কবিতা বা অন্য রচনায় তুলনায় গানে নজরুল অনেক বেশি সাবলীল। গানের কথা ও সুরের বৈচিত্র্যে নজরুল নিজেকে নতুনভাবে, শক্তিমান হিসেবে উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে তাঁর গানের শক্তি ও সম্ভাবনা বিবেচনার সূত্র হলো এর ভাষা ও অলঙ্কার । যে কোন প্রকার গানের ক্ষেত্রে নজরুল তাঁর গভীর অনুভবশক্তি ও কল্পনাশক্তির পরিচয় দিয়েছেন। এবং তাঁর গান বিষয়বস্তুর বৈচিত্র্যে ও চিত্রকল্পময় ভাষার প্রয়োগে স্বতন্ত্র হয়ে উঠেছে। আধুনিক কবিতার প্রধান শক্তি যেমন শক্তিশালী চিত্রকল্প গানের বেলায়ও তা বেশ জরুরি। নজরুলের গানে সুরের বৈচিত্র্যের সাথে এর চিত্রকল্পময় বর্ণনা তাকে বিশিষ্ট করে তোলে।
চিত্রকল্প বা ইমেজ আধুনিক কবিতার উল্লেখযোগ্য একটি উপাদান। চিত্রকল্প সঠিক অর্থে কোন অলঙ্কার নয়। বরং অনেকগুলো অলংকারের সমষ্টি যা উপমা বা উৎপ্রেক্ষার মতো সরাসরি সনাক্ত করা সম্ভব নয়। বরং চিত্রকল্প কবির মানস ও সংবেদের নিঁখুত নির্যাস যা চিত্রধমী শরীর নির্মাণ করে। ইংরেজি ইমেজ মানে চিত্রকল্প হলেও ইমাজিনেশন বা কল্পনাশক্তি এর নেপথ্যে মৌল উপাদান হিসেবে কাজ করে। সোজা কথায়, কবির অভিজ্ঞান, কল্পনাশক্তি বা সৃজনী শক্তি নির্বাচিত শব্দ প্রয়োগে আলোকময় বা দৃশ্যময় হয়ে উঠলে তাকে উপমা বলা যেতে পারে। একজন শিল্পী যেমন রঙ-তুলি দিয়ে ছবি আঁকেন, তার নিজস্ব অনুভূতির জন্য নির্বাচিত রঙ ব্যবহার করেন তেমনি কবির হাতে থাকে চিত্রময় শব্দ অর্থাৎ এমন শব্দ তিনি ব্যবহার করেন যা চিত্রময় হয়ে ওঠে। কবিতার সাফল্য, শক্তি, সম্ভাবনা ও নন্দন নির্ভর করে চিত্রকল্পের ওপর। চিত্রকল্পের অভিনবত্ব, প্রণোদনা ও ইন্দিয়জাগ্রতকারী শক্তি পাঠককে আলোড়িত, অভিভূত, পুলকিত ও সজীব করে তোলে। বাংলা কবিতায় চিত্রকল্পের ব্যবহার নতুন নয়। প্রাচীন যুগে মধ্যযুগের বাংলা কাব্যে এবং সংস্কৃত কাব্যে চিত্রকল্পের ব্যবহার লক্ষ করা যায়। চর্যাপদের কবিরা যে ইমেজ তাঁদের কবিতায় ব্যবহার করেছেন তা এখনকার কবিতার বিবেচনায়ও বেশ চমৎকার। চিত্রকল্পের শক্তি নির্ভর করে কবির কল্পনাশক্তি ও শব্দব্যবহারের কৌশলের ওপর । সেক্ষেত্রে সংস্কৃত ভাষায় রচিত কালিদাস বা জয়দেবের কাব্যের চিত্রকল্প আরো শক্তিশালী। কালিদাসের 'মেঘদূত'কাব্যে বিরহী যক্ষের বার্তা নিয়ে যাবার সময় মেঘ যে বর্ণনা দিয়েছে সেটা নিঃসন্দেহ বাঙালি পাঠকের কাছে এখনো আকর্ষণীয়। তবে আধুনিক কালে বাংলা কাব্যে ইমেজের ব্যবহার লক্ষ করা যায়। বাংলা কাব্যে ইমেজ নিয়ে কোন আন্দোলন হয়নি ঠিকই তবে ১৯০৮ সালে ইউরোপে ইমেজিস্ট মুভমেন্ট হয়েছিল এজরা পাউন্ড ও টি এইচ হিউমের নেতৃত্বে। এবং এর ব্যাপক প্রভাব পড়েছিল বাংলা কবিতায়। ত্রিশের আধুনিকতায় তা যুক্ত হয় প্রগাঢ়ভাবে। রবীন্দ্রনাথ বা তাঁর সমসাময়িক কবিদের হাতেও আমরা কবিতার এই অপরিহার্য উপাদানের ব্যবহার দেখি। কাজী নজরুল ইসলামের কবিতায় বিশেষ করে তাঁর সাময়িক বা দ্রোহী চেতনায় বা প্রতিবাদের কবিতায় (Literature of resistance) চিত্রধর্মী উপাদান ব্যবহারের সুযোগ কম ছিল। তবে তাঁর রচিত গানে সত্যিকার অর্থে চিত্রকল্পের ব্যবহার অনিবার্য হয়ে উঠেছিল। এবং নজরুল তাঁর গানে ব্যক্তি-অনুভূতি ও মানবিক নানা বোধকে শিল্পে পরিণত করতে স্বাচ্ছন্দ্যের সাথে চিত্রকল্প ব্যবহার করেছেন। প্রাণময়-সজীব চিত্রকে নিজের মননের সাথে জারিত করেছেন। মানব-মানবীর সম্পর্কের নানাবিধ প্রসঙ্গে গভীর ও হৃদয়স্পর্শী চিত্রধর্মী বর্ণনা আছে তাঁর গানে। বস্তত তাঁর গানে চিত্রকল্প অনেক বেশি স্বাছন্দ্যময়।
বিচিত্র প্রকাশ লক্ষ করা যায় তাঁর গানে। হিন্দু মুসলিম ধর্মের নানা বিষয়বস্তু ( ধর্মীয় ও পুরাণ প্রসঙ্গ) নিযে তিনি গান রচনা করছেন। কীর্ত্তন-কাওয়ালি থেকে শুরু করে ইসলামী আধ্যাত্মিক মরমীবাদের গান, এমনকি হিন্দি ভাষায় ও তিনি গান লিখেছেন। মানবিক প্রেমের বা মানবিক সম্পর্কের নানা অনুষঙ্গ নিয়ে তিনি যে গান লিখেছেন সেখানে বাংলা ভাষার বাইরে আরবি-ফার্সি ওঅন্যান্য ভাষার শব্দ ব্যবহার করেছন চমৎকারভাবে। গীতিকার বা সঙ্গীতকার হিসেবে তিনি হয়তো কবি প্রতিভার চেয়ে এগিয়ে আছেন। যদিও সত্যিকার অর্থে বিবেচনা করলে সঙ্গীত প্রতিভা কবি প্রতিভার অংশ।
কবি নজরুলের গানে কবিতার স্বাদ, শক্তি ও সুষমা লক্ষ করা যাবে। কবিতা লেখার অভিজ্ঞতাকে তিনি গান লেখার কাজে লাগিয়েছিলেন। সে কারণে বোধ হয় তাঁর গানকেও কবিতা হিসেবে বিবেচনা করা হয় বা যায়।
নজরুলের গানে আধুনিক কবিতার অন্যতম শক্তিশালী উপাদান চিত্রকল্প ব্যবহৃত হয়েছে নিজস্ব রীতিতে। চিত্রকল্প বলতে কবির শিল্পমানসের সূক্ষ্মতম ও নান্দনিক প্রকাশ ঘটেছে তাঁর গানে। এটা ঠিক যে বাংলা গানের যে-বৈচিত্র্য সেখানে নজরুলের অবদান একক ও গভীর। সোজা কথায় তিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। এবং তাঁর গান উত্তীর্ণ পর্যায়ে গেছে শক্তিশালী চিত্রকল্পের ব্যবহারে। বলতে দ্বিধা নেই যে, গানে তিনি তাঁর কল্পনাশক্তির চিত্রময় উপস্থাপন করেছেন যা পাঠকের মরমে পৌঁছে যায়।
নজরুলের গান বিচিত্র প্রকারের। সংখ্যার দিককে বিবেচনায় না আনলেও গানের মৌলিকত্বের দিকে তনি বাংলাভাষার প্রধান একজন গীতিকবি ও সঙ্গীতকার। বুলবুলি (১ম ও ২য় খণ্ড),নজরূল গীতিকা, সুর-সাকি, জুলফিকার( ১ম ও ২য় খণ্ড),বনগীতি,গুল-বাগিচা,গীতি-শতদল, গানের মালা কবি নজরুরের প্রধান গানের সংকলন। এর বাইরেও তাঁর অজস্র গান রয়েছে। আবদুল কাদিরের সম্পাদিত নজরুল রচনাবলীর তৃতীয় খণ্ডে কবিতা ও গান পর্বে অপ্রকাশিত রচনার আশিভাগই গান। এর বাইরেও নজরুলের গান আছে বলে আমাদের বিশ্বাস।
সুর-সাকি সংকলনে কবির গানের বৈচিত্র্য লক্ষ করারা মতো। কবির চিত্রকল্পময় গানের বাণী গীত না হলেও তা পাঠককে আকর্ষণ করে। ভৈরবী – একতাল রাগে রচিত প্রথম গানে কবির প্রেমময় অভিব্যক্তি প্রকাশিত হয়েছে চিত্রকল্পের শরীরে। এখানে অবশ্য উল্লেখ করা ভালো যে, নজরুলের কবিতা ও গানে প্রেমের চিত্রময় উপস্থাপন হয়েছে প্রকৃতির নানা উপকরণকে বাহন করে। অব্যক্ত প্রাণের সাহচর্যে তিনি তাঁর আনুভূতিক অভিপ্সাকে ব্যক্ত করেছেন।
এই গানের বিষয়বস্তু আবার গান। কবি তাঁর গানকে আহত পাখির সাথে তুলনা করেছেন এবং প্রিয়াকে বলছেন সেই গানকে বুকে করে রাখতে। উপমার মাধ্যমে যে দৃশ্যকল্প বা রূপকল্প কবি তৈরি করেছেন সেখানে কবির গভীর হৃদয়ানুভূতি প্রকাশিত এবং একই সঙ্গে এর মাধ্যমে গানের কাব্যশক্তিও প্রকাশিত হয়।
কবি লিখেছেন:
গানগুলি মোর আহত পাখির সম
লুটাইয়া পড়ে তব পায় প্রিয়তম।।
বাণ-বেঁধা মোর গানের পাখিরে
তু'লে নিও প্রিয় তব বুকে ধীরে
লভিবে মরণে চরণ তোমার
সুন্দর অনুপম।।
তা'রা সুরের পাখায় উড়িতেছিল গো নভে
তব নয়ন-শায়কে বিধিলে তাদের কবে।
মৃত্যু-আহত কণ্ঠে তাহার
এ কি এ গানের জাগিল জোয়ার,
মরণ-বিষাদে অমৃতের স্বাদ
আনিলে নিষাদ মম।। (দ্বিতীয় খণ্ড পৃ ১৫৫)
সুর ও সাকীর ২১ নম্বর গানে কবি বিরহের ছবি ফুটেয় তুলেছেন হাওয়াকে উপমান করে। বিরহের সাথে হাওয়ার এই তুলনা যে দ্যোতনা ছড়ায় সেটাই কবিতার সুরভি বা সুষমা। এবং ব্যক্তিকবির আত্মগত উলব্ধির নির্যাস পাওয়া যায় এ জাতীয় চিত্রকল্পে । পুরনো স্মৃতি-বেদনাবহ সময় যা কবি অতিক্রম করেছেন, এক সময় তা আবার যেন ফিরে ফিরে আসে। সেই বেদনাদীর্ণ আবহকে তিনি ভাষারূপ দিচ্ছেন এই গানে। নজরুলের কাব্যশক্তি ও ভাষাবোধ যে কত প্রগাঢ় আর শিল্পময় তা এ গানের মাধ্যমে বোঝা যায়।
শূন্য আজি গুল-বাগিচা
যায় কেঁদে দখিন হাওয়া।
রাঙা গুলের বাজার আজি
স্মৃতির কাটায় চাওয়া ॥
ধূলি-ঢাকা ফুল –সমাধি
আজি সে গুলিস্তানে
ছিল যথায় জলসা খুশির
বুলবুলির গজল গাওয়া ॥ (দ্বিতীয় খণ্ড ১৬৭)
বন-গীতি সংকলনের একটি গানে কবি গ্রাম্য একটি বালিকার প্রেমিকা হৃদয়ের ছবি এঁকেছেন নিঁখুতভাবে। এই দৃশ্যকল্প আমাদের সেই গ্রামীণ পরিবেশে নিয়ে যায়। যেখানে চঞ্চলা কিশোরী অঞ্জনা নদীর জল আর আনতে যাবে না বলে তার সখীকে বলছে অভিমানের সুরে। খঞ্জনা পাখির চোখে তার প্রেমিক যেন তার দিকে তাকিয়ে আছে। সে আর কীভাবে জল আনবে? কীভাবেই বা কলমি শাক তুলবে? এই বর্ণনার মধ্যে ভাষার চিত্রধর্মী গুণাবলীকে কবি নজরুল ব্যবহার করেছেন সহজ ও স্বাভাবিকভাবে। উপমা, উৎপ্রেক্ষা ও অন্যান্য শব্দ অলংকারের মধ্য দিয়ে চিত্রকল্পটি নজরুলের কাব্যশক্তিকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করে।
নদীর নাম সই অঞ্জনা
নাচে তীরে খঞ্জনা,
পাখি সে নয় নাচে কালো আঁখি।
আমি যবো না আর অঞ্জনাতে
জল আনিতে সখি লো,
ঐ আঁখি কিছু রাখিবে না বাকি ॥
সেদিন তুলতে গেলাম
দুপুর বেলা
কলমী শাক ঢোলা ঢোলা
হ'ল না আর সখি লো শাক তোলা
আমার মনে পড়িল সখি
ঢল ঢল তার চটুল আঁখি
ব্যথায় ভরে উঠলো বুকের তলা। (দ্বিতীয় খণ্ড, পৃ ২৪৫)
নজরুলের গান যে উৎকৃষ্ট কবিতা এবং তিনি যে শক্তিমান কবি সেটা তার গানের অর্ন্তজগত ও ভাষা-ব্যবহার দেখলে বোঝা যায়। গানের তাল লয় রাগ ঠিক রেখে বাণীকে কাব্য সুষমায় বেধে ফেলা নিশ্চয় শক্ত কাজ। কিন্তু তিনি সচ্ছন্দে তা করেছেন। আলাদা করে না বললেও তাঁর প্রায় প্রতিটি গানেই কবিতার স্বাদ পাওয়া যায়। তাঁর গান যারা পড়েছেন কবিতা হিসেবে তারা এ বিষয়ে একমত হবেন। সাধারণত প্রেমের গানে তাঁর শক্তিমত্তা বেশি প্রকাশিত। ভৈরবী কাহারবা রাগের একটি গানে নজরুলের এই জাতীয় শক্তির স্বাক্ষর মেলে। যে পরিবেশ এই গানে বর্ণনা করা হয়েছে তাতে গানের বিষয়বস্তু সবার সামনে আলোকিত হয়ে ওঠে অপূর্ব বর্ণবিভায়। এটাকে পাঠকের কাছে তখন গান মনে না হয়ে কবিতা মনে হয়। গানে চিত্রকল্পের এমন উদাহরণ বিরলই বলতে হবে। পরকীয়া প্রেমের এই ছবি দেখে পাঠকের নিশ্চয় রাধা-কৃষ্ণের অভিসারের কথা মনে পড়বে।
কার নিকুঞ্জে রাত কাটায়ে
আসলে প্রাতে পুষ্পচোর।
ডাক্ছে পাখি, বৌ গো জাগো,
আর ঘুমায় না, রাত্রি ভোর ॥
জুঁই-কুড়িরা চোখ মেলে চায়,
চুম্কড়ি দেয় মৌমাছি।
শাপলা বনে চাঁদ ডুবে যায়
ম্লান চোখে হায় চায় চকোর। (বুলবুল, ১ম খণ্ড ৪২১)
অনুরূপ একটি গানে কবি লিখেছেন যে, ভোরের হাওয়া তাকে চুম হেনে ঘুম ভাঙিয়ে দিচ্ছে।
হিম-শিশিরে মাজি তনুখানি ফুল অঞ্জলি নিয়ে বিশ্বকে সে মেয়ে ফুলদানি করে তুলছে। এখানেও কবির কল্পনা কাব্যের সূক্ষ্ম ও পেলব-মধুর রূপটি খুঁজে পায়।প্রেম-বিরহের গানে কবির কাব্যশক্তি প্রকাশিত হয়েছে সবচেয়ে উজ্জ্বলভাবে। এ গানে প্রেম-বিরহ-অভিমান-দহন কবিকে প্রগাঢ় এক আনুভূতিক রাজ্যে নিয়ে গেছে।
তোমারি আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর পানে নিশীথ তন্দ্রাহারা
সে কি তুমি, সে কি তুমি?
ক্ষীণ আঁখি দ্বীপ জ্বালি বাতায়নে জাগি একা
অসীম অন্ধকারে খুঁজি তব পথ-রেখা
সহসা দখিনা বায়ে চাঁপা-বনে জাগে সাড়া
সে কি তুমি? সে কি তুমি? (তৃতীয় খণ্ড পৃ ৪৯৪-৪৯৫)
গানের সংকলন বা কাব্যগ্রন্থের বাইরেও কবির অজস্র গান রয়েছে যা পরবর্তীকালে তাঁর রচনাবলীতে স্থান পেয়েছে। অনেক গান হারিয়েও গেছে। অগ্রন্থিত বা অপ্রকাশিত রচনা থেকে কিছু নমুনা পেশ করলে বোঝা যাবে তাঁর গানে চিত্রকল্প ব্যবহারের প্রকৃতি ও শক্তি কেমন ছিল। আব্দুল কাদির সম্পাদিত এবং বাংলা একাডেমী প্রকাশিত নজরুল রচনাবলীর তৃতীয় খণ্ডে কবিতা ও গান নামক অংশে ১১৭১টি গান-কবিতা সংকলিত হয়েছে। এসব গানকে কবি কাব্য বা গানের সংকলন হিসেবে প্রকাশ করেন নি। এগুলো কবির কাছে দুর্বল মনে হয়েছিল হয়তোবা অথবা তিনি এগুলোকে গ্রন্থিত করার সুযোগ পান নি। এ সব গানেও নজরুল কত সপ্রতিভ ছিলেন তা উদাহরণ দিলে বোঝা যাবে। এই সংকলনের ২০৫ নম্বর গানে কবি নজরুল লিখেছেন:
চপল আখির ভাষায়, হে মিনাক্ষী, কয়ে যাও—
না –বলা কারণ বাণী বলিতে চাও।
নিটোল আকাশে টোল খায়
তোমার চাওয়ায় হে মিনাক্ষী
নদী-জলে চঞ্চল সফরী লুকায়, হে মিনাক্ষী।
২০৭ নম্বর গানে কবি লিখেছেন:
মোর না মিটিতে আশা, ভাঙিল ভেলা।
জীবন-প্রভাত এল বিদায়-বেলা।
আচলের ফুলগুলি করুণ নয়নে
নিরাশায় চেয়ে আছে মোর মুখ-পানে,
বাজিয়াছে বুকে যেন কার অবহেলা।
এ গানে বিরহের ছবি কবি ফুটিয়ে তুলেছেন উপমা ও উৎপ্রেক্ষার মাধ্যমে । এবং বিরহের গভীরতাকে স্পষ্ট করে তুলতে এ অলঙ্কার কার্যকর ভূমিকা রেখেছে।
৪৩১ নম্বর গানে কবির কল্পনা প্রকৃতিকে অন্বিত করে প্রকাশিত:
কোন্ সে গিরির অন্ধকারায়
ঝর্ণা তুমি লুকিয়েছিলে?
কার বাঁশির করুণ সুরে
বেরিয়ে এলে এই নিখিলে।
কোন্ অসীমের আভাস পেয়ে
কোন সাগরে চললে ধেয়ে,
শিউলি ফুলের ঝরা মালা
উদ্দেশে তার ভাসিয়ে দিলে।
আবার প্রকৃতিকে গানের চরণে বেধে ফেলার জন্য কবি নতুন নতুন চিত্রকল্প তৈরি করেন। এবং একই সঙ্গে সাঙ্গীতিক আবহ তৈরি করেন। ৪৩৭ নম্বর গানে নজরুল লিখেছেন:
বনের তাপস কুমারী আমি গো, সখি মোর বনলতা।
নীরবে গোপনে দুইজনে কই আপন মনের কথা।।
যবে গিরি-পথে ফিরি সিনান করিয়া
লতা টানে মোর আচল ধরিয়া,
হেসে বলি, ও রে, ছেড়ে দে আসিছে তোদের বনের দেবতা।।
আদিবাসী, সাঁওতাল বা লোকসংগীতের সুর নিয়ে নজরুল ইসলাম বেশ কিছু গান লিখেছিলেন। গানের কথার সংশ্লিষ্ট জীবনধারা ফুটে ওঠে এবং একই গানের বাণীতে আধুনিক কবিতার মতো চিত্রকল্প ব্যবহৃত হতে দেখা যায় প্রকৃষ্টভাবে। নিচের এই গানটির কথা কবি লিখেছেন বেদেদের গাওয়া গানের সুর মনে রেখে।
কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো।
খোঁপা খুলে কেশ হ'ল বাউল লো ॥
পথে কে বাজালো মোহন বাঁশি
ঘরে ফিরে যেতে হ'ল ভুল লো।
কে নিল কেড়ে তোর পৈঁচি চুড়ি
বৈঁচি মালায় ছি ছি খোয়ালি কুল লো ॥ (দ্বিতীয় খণ্ড, পৃ ৩)
বিদেশী প্রেক্ষাপট নিয়ে অনেক গান রচনা করেছেন কবি নজরুল। বাংলা গানে এটা অবশ্য নতুন মাত্রা। তেমনি দেশীয় নানা সম্প্রদায় বা আদিবাসীদের জীবন ও প্রসঙ্গ নিয়ে, তাদের সুর ও কথা নিয়ে রচিত গানে চিত্রকল্প ব্যবহৃত হয়েছে সফলভাবে। এই সব গানে চিত্রধর্মী বর্ণনা কবির গভীর কল্পনাশক্তির পরিচয় পাওয়া যায়।
মিশর দেশের এক বালিকার বর্ণনা দিতে গিয়ে কবি ছবি এঁকেছেন নির্বাচিত শব্দগুচ্ছ দিয়ে। মিশরীয় নাচের সুরকে মনে রেখে রচিত এ গান মিশরীয় পটভূমি তৈরি করে।
মোমের পুতুল মমীর দেশের মেয়ে
নেচে যায়।
বিহ্বল চঞ্চল পায়॥
সাহারা মরুর পারে
খর্জুর-বীথির ধারে
বাজায় ঘুমুর ঝুমুরঝুমুর মধুর ঝংকারে।
উড়িয়ে ওড়না 'লু' হাওয়ায়
পরী-নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর ॥
সুর্মা-পরা আঁখি হানে আসমানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল্-দরদী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর। (গানের মালা)
( নজরুল রচনাবলী, (দ্বিতীয় খণ্ড, পৃ ৪৫৫)
কিউবান নাচের সুরে কবি নজরুল যে গান লিখেছেন তার শরীর গড়ে উঠেছে অপূর্ব শব্দচিত্রে। দূর দ্বীপ-বাসিনী কন্যার চরিত্র ফুটে উঠেছে গানের কথায় এবং যে চিত্রকল্পময় বর্ণনা কবি উপস্থাপন করেন তা এত স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যে তা একবোরে বাস্তব মনে হয়।
উপমা-উৎপ্রেক্ষাসহ নানা অলঙ্কারযোগে সমস্ত গানটি চিত্রকল্পের উৎকৃষ্ট নমুনাতে পরিণত হয় । প্রেমাস্পদের প্রতি গভীর ভালোবাসাকে কবি সমূলে তুলে আনেন চিত্রকল্পের মাধ্যমে।
দূর দ্বীপ-বাসিনী
চিনি তোমারে চিনি।
দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো,
সুমন্দভাষিণী ॥
প্রশান্ত সাগরে
তুফানে ও ঝড়ে
শুনেছি তেমারি অশান্ত রাগিনী ॥
বাজাও কি বুনো সুর
পাহাড়ী বাঁশিতে?
বনান্ত ছেয়ে যায়
বাসন্তি হাসিতে ॥
তব কবরী-মূলে
নব এলাচির ফুল
দুলে কুসুম বিলাসিনী ॥ (দ্বিতীয় খণ্ড, পৃ ৪৫৪)
যদি তাঁর বিচিত্র ধারার গানের দিকে আমরা দৃষ্টি দিই তাহলে স্পষ্ট হবে যে, কবিতা-শিল্প হিসেবে নজররুলের গান বাংলা সাহিত্যে অমূল্য সম্পদ। এবং সেখানে বিবেচনা সূত্র হবে গানের বিষয়বস্তুর বৈচিত্র্য ও এর রচনাকৌশল। আধুনিক কবিতার চিত্রকল্পময় উপস্থাপনার জন্য তাঁর গান বাংলা ভাষার প্রতিনিধিত্বশীল উপাদানে পরিণত হয়েছে।
কবি নজরুলকে কবি হিসেবে ন্যূন করে দেখার প্রবণতা কোনো কোনো সমালোচকের মধ্যে লক্ষ করা যায়। তাঁরা নিশ্চয় কবির খণ্ডিত রূপটিকে বিবেচনায় এনে এই মতামত দিয়েছেন। প্রতিবাদের সাহিত্য বা সাময়িকতার সাহিত্য রচনাকারী হিসেবে তাঁকে যারা মূল্যায়ন করতে চান তারা নিশ্চয় স্বীকার করবেন সেটাই নজরুলের একমাত্র পরিচয় নয়। এবং বিদ্রোহ চেতনা নিয়ে তিনি যে কাব্য রচনা করেছেন সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। বরং বাংলা কবিতার ক্ষেত্রে তা সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রধর্মী। কবির দ্রোহ চেতনার মূলে সক্রিয় ছিল তাঁর মানবতাবাদী চেতনা। বিদ্রোহী চেতনা তাঁর বহিরঙ্গ রূপ। নজরুল যে মূলত রোমান্টিক ও মানবতাবাদী কবি তা প্রমাণ করার দরকার হয় না। তাঁর কবিতা ও গানে সে লক্ষণ স্পষ্ট। তাঁর কাব্যের সাথে গানকে যুক্ত করলে তার শক্তি ও সামর্থ্য নিয়ে কারো পক্ষে বাঁকা মন্তব্য করা সম্ভব হবে না। অজস্র ধারার গানে বাংলা কবিতার নতুন শক্তি ও সম্ভবনার দ্বার উন্মোচন করেছেন তিনি। নজরুলের গানের যে বিচিত্র রসধারা, সুর ও বাণীর গভীরতা তা শক্তিশালী কবির পক্ষেই কেবল রচনা করা সম্ভব। বাঙালির সামগ্রিক প্রেম-বিরহ-অধ্যাত্ম চেতনায় কিংবা আঞ্চলিক ধর্মীয় চেতনায় তাঁর গান আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত। বিষয়বস্তুর বৈভব ও রচনারীতির অভিনবত্বে নজরুলের গান বাঙালির হৃদয়ে স্থায়ী আসন নিতে পেরেছ।
গ্রন্থঋণ
নজরূল রচনাবলী, আবদুল কাদির (সম্পাদিত), বাংলা একাডেমী, ঢাকা,১৯৯৬। (প্রথম , দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খণ্ড)
আবদুল মান্নান সৈয়দ, নজরুল ইসলাম: কালজ কালোত্তর, বাংলা একাডেমী, ১৯৮৭।
রফিকুল ইসলাম, কাজী নজরুল ইসলাম : জীবন ও সৃষ্টি, কে পি বাগচী অ্যান্ড কোম্পানি, কলকাতা,১৯৯১।
সফিকুন্নবী সামাদী, নজরুলের গান : কবিতার স্বাদ, জাতীয় গ্রন্থ প্রকাশন, ঢাকা,২০০১।
