নজরুল : রূপদক্ষ কবি, জাতির কণ্ঠস্বর
পাঠ্য বইতে তার শিশুতোষ কবিতা পড়েছি, মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখেছি। ইশকুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তার গান, গজল, হামদ-নাত গেয়ে অংশ নিয়েছি, পুরস্কারও পেয়েছি দু'চার বার। বাংলাদেশ বেতারে নিয়মিত শুনেছি তার গান। স্পষ্ট মনে আছে, তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। গ্রামে, বাড়ির সামনের উন্মুক্ত খোলায় (উঠান) আউশ ধান মাড়াইয়ের মলন চলছে। ১৯৭৬ সালের কথা। রেডিওতে শুনলাম তার মৃত্যুর সংবাদ। মনটা বিষাদে ভরে উঠলো। তখনও সেই অর্থে তার কোনও বই-পুস্তক পড়ার সৌভাগ্য হয়নি আমার; কিন্তু ওই বয়সেই আমরা জেনে ফেলেছি, আমাদের রণ-সংগীতের রচয়িতা তিনি। তার গান ও গজল ছাড়া চলে না আমাদের।
১৯৮১ সালে, যখন অষ্টম শ্রেণির ছাত্র, তখন প্রথম পাঠ করি নজরুলের বই। সেটা ছিলো: একটা পত্রোপন্যাস, বাঁধনহারা। তারপর বাবার বইয়ের আলমারিতে পেলাম: সঞ্চিতা, নজরুল গীতিকা এবং সওগাত পত্রিকার একটা ঢাউশ ভল্যুম, যেখানে নজরুল ইসলামের বেশ কয়েকটা কবিতা মুদ্রিত আছে, আছে তার কয়েকটি গ্রন্থেরও পরিচিতি। ১৩৩৫ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে কার্ত্তিক সংখ্যা পর্যন্ত। সেই সময় থেকে কলেজে পড়ার সময় পর্যন্ত এটুকুই সম্বল। অন্যান্য সাহিত্য পাঠের অবকাশ গলিয়ে পড়ে নিলাম নজরুল। পরবর্তীতে, বলা চলে, ধারাক্রমে তার প্রায় সকল রচনাই পড়া হয়েছে। নজরুল রচনার প্রতি সেই শৈশবে যে-মোহ তৈরি হয়েছিলো এ মনে, লক্ষ্য করে দেখলাম, সেই ঘোর আজও কাটেনি। গান হোক বা কবিতা, গল্প হোক বা প্রবন্ধ ও বক্তৃতা; তাকে পাঠ করবার পর, অনেক সময়ই বিস্ময়স্তম্ভিত হয়ে পড়েছি। আজও তার সৃজনী কলম বিস্ময়াভিভূত করে দিতে পারে আমার পাঠাভিজ্ঞতাকে।
নজরুল কাব্যের দিকে তাকালেই, আজও, পর্বতশৃঙ্গের মত মাথা উঁচিয়ে থাকতে দেখি ১৯২১ সালে রচিত তার 'বিদ্রোহী' কবিতাটিকে। সেই কবিতার ছন্দে-প্রকরণে-রীতিতে বেজে উঠেছে প্রচল সমুদয় পূর্বাবস্থাকে তছনছ করে দেবার এক স্পর্ধিত দামামা। বাঙলাকবিতার অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্তের যাবতীয় রীতি ও প্রকরণ ভেঙ্গে স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়েছে সেই বিস্ময়, সেই আচানক। একটি কবিতায় 'আমি' শব্দের ব্যবহার আছে ১৪৬ বার। কিন্তু সেই 'আমি' কোনও ব্যক্তিকবি নন, সিঙ্গুলার 'আমি' নয়, বারবার নতুন নতুন প্লুরাল 'আমি' বিদ্যুৎ ঝলকের মত ঠিকরে বের হচ্ছে সেই জাগরণী কবিতার ধ্বনি-মন্থনে। আশ্চর্য যে, কবি স্বয়ংকে 'আমি' দিয়ে চিহ্নিত করছেন না; তিনি বলছেন:
'বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'
ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন 'আরশ' ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!'
পদানত, পরাধীন জাতির প্রতিটি মানুষ যেন নিজেকে বীর মর্মে চিহ্নিত করে, নিজেকে 'আমি'রূপে চিনে নিয়ে নিজেদের ভাগ্য বদলাতে নিজেরাই জেগে ওঠে, গড়ে তোলে প্রতিরোধ; কবিতাটির রন্ধ্রে রন্ধ্রে সেই বাসনা। পলাশী আর মহাবিদ্রোহে ব্যর্থতার পর, নিজেদের ভবিতব্যকে একটি জাতি যখন দেবতার অনুগ্রহের হাতে সঁপে দিয়েছে, তখন 'বিদ্রোহী' কবিতাটির সৃষ্টি হলো নজরুলের কলমে, একটি মুষরে পড়া জাতিকে আত্মশক্তিতে বলীয়ান করে দেবার মনোষ্কামনা নিয়ে।'আমি'র রূপকে মোড়া প্রতিটি মানুষ নিজেকে চিনতে শুরু করলো। তাদের হৃৎপিণ্ডের ভেতর থেকে আওয়াজ ধ্বনিত হতে লাগলো: 'চির উন্নত মম শীর'।
কাব্যিক উপস্থাপনার ভেতর দিয়ে বিশেষকে নির্বিশেষ আর নির্বিশেষকে বিশেষ করে তোলাই কবির কাজ। সমকালীন বিষয়কে কালাতীত ব্যাঞ্জনায় মহাকাকালের করে তোলাই কবিত্ব। কবিতায়, সংগীতে সে কাজটিই সফলভাবে করে দেখিয়েছেন নজরুল। কবিতাকে একটি সামাজিক ও রাজনৈতিক কর্তব্য পালনের হাতিয়ার হিসেবে গ্রহণ করলে কবিতার নন্দন-সৌন্দর্যে ব্যাঘাত সৃষ্টির যেসকল আশংকা থাকে, নজরুল ইসলামের ক্ষেত্রে তা একেবারেই অমূলক প্রমাণিত হয়েছে। যদিও নজরুল চর্চা সঠিক পথে এগোতে পারেনি বলে, বাংলাদেশের কবিতাঙ্গনে কবিতার এই ফলিতবিদ্যার প্রয়োগ প্রায় নেই বললেই চলে। নিজ দেশ ও সাহিত্যের জাতীয় কবিকে একপাশে ফেলে রেখে দিগচিহ্নহীন চোরাবালির দিকেই এগিয়ে চলেছে বাংলাদেশের কবিতাকৃতি।
শৈশবে, বাবার সংগ্রহশালায় পাওয়া, সওগাতের বৈশাখ ১৩৩৫ সংখ্যা শুরু হয়েছিলো 'নজরুল্ ইসলাম' এর 'রহস্যময়ী' কবিতাটি দিয়ে আর জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয় তার 'হিংসাতুর' কবিতাটি। দুটি কবিতাই রচিত হয়েছে 'কলিকাতা'য়। যথাক্রমে: ২০/৩/১৯২৮ এবং ২৯/৩/১৯২৮ তারিখে। পরে, জানতে পেরেছি: 'রহস্যময়ী' কবিতাটি 'তুমি মোরে ভুলিয়াছ' নামে চক্রবাক গ্রন্থে অনর্ভূক্ত হয়। সৈয়দ আলী আশরাফ রচিত নজরুল-জীবনে প্রেমের এক অধ্যায় (১৯৬৭) গ্রন্থ পাঠে জানতে পেরেছি, এই কবিতাটি কবির অন্যতম প্রণয়পাত্রী মিস ফজিলাতুন্নেসার উদ্দেশ্যে রচিত। অন্যদিকে, মুজফফর আহমদ রচিত কাজী নজরুল ইসলাম: স্মৃতিকথা গ্রন্থে সন্নিবেশিত নার্গিসকে লেখা 'প্রথম ও শেষ চিঠি'তে জানা যাচ্ছে: 'হিংসাতুর' কবিতাটি নার্গিসের উদ্দেশ্যে রচিত। কবি নার্গিসকে লিখেছেন: ' আমার অন্তর্যামী জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা।' এবং ' এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয়। এই আষাঢ় আমায় কল্পনার থেকে স্বর্গলোকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে।' সেই ছেলেবেলায় মুখস্থ করা 'হিংসাতুর' কবিতাটি আজও আমি মুখস্থই রেখেছি। কবিতাটির কিছু অংশ এরকম:
''… তুমি কি বুঝিবে, বালা,
যে আঘাত করে বুকের প্রিয়ারে, তার বুকে কত জ্বালা!
ব্যথা যে দিয়াছে– সম্মুখে ভাসে নিষ্ঠুর তার কায়া,
দেখিলে না তব পশ্চাতে তারি অশ্রু-কাতর ছায়া!…
অপরাধ শুধু মনে আজে তার, মনে নাই কিছু আর?
মনে নাই, তুমি দলেছো দু'পায়ে কবে কার ফুলহার?
কাঁদায়ে কাঁদিয়া সে রচেছে তার অশ্রুর গড়্খাই,
পার হতে তুমি পারিলে না তাহা, সে-ই অপরাধী তাই?
সে-ই ভালো, তুমি চিরসুখী হও, একা সে-ই অপরাধী!
কি হবে জানিয়া, কেন পথে পথে মরুচারী ফেরে কাঁদি'!…''
একদিকে সমাজপ্রচল পুরনো প্রথা, পরাধীনতার অভিশাপক্লান্ত জাতির পক্ষে দাঁড়িয়ে বক্তব্যে, ভাবে-ভাষায়-প্রকরণে সকল শৃঙ্খল ভাঙ্গার আকাঙ্ক্ষাতাড়িত কবির বিদ্রোহী সত্ত্বা, আর অন্যদিকে বিষাদাক্রান্ত প্রেমিক-মন, এদুয়ের নিরন্তর সংগ্রাম ও সমন্বয়, নজরুল কাব্য-প্রতিভাকে মহত্ব দিয়েছে। নজরুলের যে কোনও কবিতা, প্রেমের হোক বিদ্রোহের, বাঙলাকবিতাকে মেয়েলি কান্নার একঘেঁয়ে প্যাঁনপ্যাঁনানি থেকে মুক্তি দিয়েছিলো। বাঙলাকবিতা তার হাতে দ্রার্ঢ্য হয়ে ওঠে। কবিতাকে তিনি পৌরুষে অভিষিক্ত করেছেন। এমনকি যখন তিনি বঞ্চনা-জর্জরিত 'দারিদ্র' কবিতাটি রচনা করেন, সেখানেও দেখতে পাওয়া যায়, শব্দ কল্লোলের স্পর্ধিত শোভা। দারিদ্রপীড়িত মানুষ সুন্দরের স্পর্শবঞ্চিত ও দলিত জীবনের তলদেশ থেকেও কীভাবে ক্ষুরধার সংগ্রামের ক্রুদ্ধতা অর্জন করে, তারই এক স্পর্ধিত বিবরণী এই কবিতা। ১৯২৬ সালে রচিত 'দারিদ্র' নজরুলের এক বিরল সৃষ্টি। আট-ছয় মাত্রার অক্ষরবৃত্তে সুচারুভাবে প্রণীত কবিতাটির নির্বাধ প্রবহমানতা আর ঐশ্বর্যময় ধ্বনিব্যঞ্জনায় গেঁথে তোলা চিত্রময়তা এক অনন্য উচ্চতায় তুলে ধরেছে কবিতাটিকে। রচনার ৮৮ বছর পরও এই কবিতা অমলিন, এর আবেদন ফুরায়নি এতাটুকুনও।
'অসংকোচ প্রকাশের উদ্ধত সাহস'
'বেদনা হলুদবৃন্ত আমার কামনা'
'তোমার আইনে শুধু মৃত্যুদণ্ড লিখা'
'বিধবার হাসিসম'
এইমত কথার রূপসজ্জায় নির্মিত মনোগ্রাহী কবিতাটি আমাদের সামনে রূপদক্ষ এক নজরুলকে উপস্থাপন করে। নিজের যাপিত সময়ের সামাজিক ও সামগ্রিক যন্ত্রণাকে সৃষ্টিকর্মের মধ্যে অঙ্গীভূত করে, নজরুল হয়ে উঠেছিলেন ভূখণ্ডের, জাতির ও জীবনের রূপকার। তাই তিনি ব্যক্তি হয়েও সমষ্টির। সমকালের হয়েও, মহাকালের।
বাংলাদেশের চট্টগ্রামে বসেই, কবি, 'সিন্ধু' কবিতাটি রচনা করেছিলেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তরঙ্গ, যথাক্রমে: ২৯/৭/১৯২৬, ৩১/৭/১৯২৬ এবং ২/৮/১৯২৬ তারিখে। এই কবিতাটি বাঙলাকবিতায় এক গুরুত্বপূর্ণ সংযোজন। তিনটি তরঙ্গে, তিনি সিন্ধুর পৃথক তিন রূপ কল্পনা করেছেন। সিন্ধু: বিরহী, বিদ্রোহী এবং বুভুক্ষু। সমুদ্রকে এমন ত্রিবিধরূপে নজরুলের আগে আর কেউই উপস্থাপন করেননি, বাঙলাকবিতায়। তার এই দৃষ্টিভঙ্গি ও সৃজন অনবদ্য, অভিনব এবং অভূতপূর্ব।
১৯২৭ সালে, 'মুসলিম সাহিত্য সমাজ' এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন নজরুল। সে সময় তিনি 'চল্ চ্ল্ চ্ল্' গানটি গেয়ে উদ্বোধন ঘোষণা করেন। ঢাকায় বসেই তিনি রচনা করেছিলেন সেই 'রণ-সঙ্গীত'। রচনা করেছিলেন 'এত জল ও কাজল চোখে', 'আমার কোন কূলে আজ ভিড়লো তরী'… এই গানগুলো। তার রচিত সংগীত কবিতার সমুদয় সৌন্দর্যবিদ্যাকে রপ্ত করেছে। নজরুলের সঙ্গীতের বাণীগুলো মনোযোগে লক্ষ করলেই সেসবের কাব্যগুণ টের পাওয়া যায়। এবং সত্যিকার অর্থেই বিশ্বাস করতে ইচ্ছে করে, তার সেই সতর্কীকরণ: 'আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেবো না ভুলিতে'। প্রকৃত প্রস্তাবেই, একথা সত্য যে, তার সাহিত্যকৃতির জন্য, নজরুলকে বাংলার মানুষ কোনওদিনও ভুলতে পারে না, পারবে না। আমাদের জাতীয় কবি এ জাতির প্রতিটি মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।
তথ্যসহায়ক গ্রন্থপঞ্জি:
০১. কাজী নজরুল ইসলাম: স্মৃতিকথা/ মুজফফর আহমদ
০২. সওগাত/ ৫ম বর্ষ, ১১শ সংখ্যা, বৈশাখ ১৩৩৫
০৩. সওগাত/ ৫ম বর্ষ, ১২শ সংখ্যা, বৈশাখ ১৩৩৫
০৪. ঢাকায় নজরুল/ আব্দুল কাদির, নজরুল একাডেমী পত্রিকা, শীত-বসন্ত ১৩৭৭
০৫. নজরুল-জীবনে প্রেমের এক অধ্যায়/ সৈয়দ আলী আশরাফ, ১৯৬৭
