২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া হায়দার রহমানের প্রথম উপন্যাস ‘ইন দ্য লাইট অফ হোয়াট উই নো’

শান্তা মারিয়া off শান্তা মারিয়া off

Published : 19 May 2014, 07:27 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

লেখক হিসেবে জিয়া হায়দার রহমান যে সৌভাগ্যবান তাতে সন্দেহ নেই। কারণ প্রথম প্রকাশিত উপন্যাসেই জেমস উডের মতো খ্যাতিমান সাহিত্য সমালোচকের দৃষ্টি কেড়েছেন তিনি। ইংরেজিভাষী সাপ্তাহিক পত্রিকার জগতে সাহিত্যের সর্দার 'দ্য নিউইয়র্কার'-এ তার সদ্য প্রকাশিত বই সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন জেমস উড। শুধু তাই নয়, জিয়া হায়দার রহমানের সাহিত্যিক-প্রজ্ঞা, তার অভিজ্ঞতা ও উপন্যাসের বিষয়বস্তুর রীতিমতো প্রশংসা করেছেন উড।

ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করা বাংলাদেশের বাঙালি লেখকের সংখ্যা এমনিতেই খুব বেশি নয়। সেদিক থেকে সেই মুষ্ঠিমেয়দের অন্যতম জিয়া হায়দার রহমান । পিকাডোর প্রকাশনী খেকে সদ্য প্রকাশিত তার উপন্যাসের নাম ইন দ্য লাইট অফ হোয়াট উই নো। জিয়ার জন্ম বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে। এতই প্রত্যন্ত যে তিনি তার উপন্যাসে সেই গ্রামটির বর্ণনা দিয়েছেন বিশ্বের সবচেয়ে প্রান্তে( "a corner of that corner of the world,") অবস্থিত বলে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে খুব শৈশবেই তিনি বাবা মায়ের সঙ্গে পাড়ি জমান ব্রিটেনে। সেখানে তার বাবা বাস কনডাকটরের কাজ করেছেন। সংগতভাবেই তার শৈশব ও কৈশোর কঠোর জীবন সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে। পরবর্তীতে তিনি অক্সফোর্ড এবং ইয়েলে পড়াশোনা করেছেন। নিউইয়র্কের ওয়ালস্ট্রিটে ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন।

উপন্যাসে তার ব্যক্তিগত অভিজ্ঞতার অনেক কিছুই উঠে এসেছে। উপন্যাসের প্রেক্ষাপট ২০০৮ সাল। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ব্রিটেন ও আমেরিকার বিস্তৃত পটভূমিতে বিন্যস্ত হয়েছে কাহিনি। অভিবাসী জীবনের যন্ত্রণা, হতাশা, পাশ্চাত্যের সবজান্তা মানসিকতা, পাশ্চাত্য শিক্ষার অন্তঃসারশূন্যতা, জঙ্গিবাদ থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের জীবন-মরণ প্রতিযোগিতা সবকিছুই প্রতিফলিত হয়েছে উপন্যাসে। উপন্যাসে এসেছে সত্তর, আশি ও নব্বই দশকের বিভিন্ন ঘটনা। সেই সময়ে অনাবাসী বাংলাদেশীদের জীবনচিত্র।

উপন্যাসের নায়কের নাম জাফর। তিনি তার এক বন্ধুর কাছে নিজের জীবনকাহিনি বর্ণনা করেন। জাফরের বন্ধুর জবানীতেই পাঠক জানতে পারে তার জীবনের গল্প। উপন্যাসের বর্ণনাকারী বন্ধু ধনীর সন্তান। এই বন্ধুর নাম কোথাও উল্লেখ করেননি লেখক। ফলে অবধারিতভাবে বন্ধু হয়ে দাঁড়ায় একটি শ্রেণির প্রতীক, যে শ্রেণি ধনী বলে বিশ্বের সব সুবিধা জন্ম থেকেই তাদের করতলগত হয় অতি সহজেই। জাফরের সঙ্গে তার ঘনিষ্টতা অক্সফোর্ডে পড়ার সময়। জাফরের সহপাঠী বন্ধু সে। বন্ধু হলেও দুজনের শ্রেণিগত বৈষম্য দুস্তর। যুক্তরাষ্ট্রে এক সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূতের নাতি, অক্সফোর্ডের পদার্থবিদ্যার অধ্যাপকের সন্তান। সে নিজেও বিশাল ধনী। তার জন্ম ১৯৬৯ সালে প্রিন্সটনে। তার শৈশব কেটেছে ইটনের অভিজাত বোর্ডিংয়ে।

পাঠক দেখতে পায় এই বন্ধু ২০০৮ সালে লন্ডনের সাউথ কেনসিংটনে এক বিলাসবহুল বাড়িতে থাকে। এখানেই একদিন হঠাৎ এসে হাজির হয় জাফর,তার পুরনো সহপাঠি, যে ছিল গণিতের মেধাবী ছাত্র। এই দুই বন্ধুর শ্রেণিবৈষম্যের মধ্য দিয়ে লেখক দুরকম অভিবাসীর পরিচয় তুলে ধরেছেন।

জাফর তার বাবা মায়ের নিজের সন্তান নয়। সে যুদ্ধ শিশু। তার মা এক বীরাঙ্গনা। মাকে সে কখনও দেখেনি বা অতি শৈশবে দেখলেও তার কিছু মনে নেই। সিলেটের এক প্রত্যন্ত গ্রামে মাটির ঘরে তার জন্ম। পাঁচ বছর বয়স পর্যন্ত ওই গ্রামেই তার শৈশব কাটে। তার পর পালক বাবা মায়ের সঙ্গে সে চলে আসে লন্ডনে। জাফর তার শৈশবের স্মৃতি বর্ণনা প্রসঙ্গে বলে, দু কামরার এক ঘিঞ্জি বাসায় তার অভিবাসী জীবনের শুরুর দিনগুলো কাটে চরম দারিদ্র্যের মধ্যে। বাংলাদেশের ছেলে বলে শ্বেতাঙ্গদের নিগ্রহের শিকার হতে হয় তাকে প্রতি পদে। স্কুলে, পাড়ায় সর্বত্র লাঞ্ছনা। সহপাঠী, শিক্ষক সবার নিগ্রহের শিকার সে। তার ভেতরে জমা হতে থাকে প্রচণ্ড ক্ষোভ। একবার বাবা মায়ের সঙ্গে সে একটি স্থানে বেড়াতে যায়। সেখানে এক শ্বেতাঙ্গ বালকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। কিন্তু জাফর নিজের নাম বলে জর্জ। পরে যখন তার আসল পরিচয় ফাঁস হয় তখন সে লজ্জায় ছেলেটির সঙ্গে আর কথা বলতে পারে না।

অদম্য মেধার বলে সে অক্সফোর্ডে সুযোগ পায়। কিন্তু গণিতের এই শিক্ষার্থী নিজের জীবনের হিসাব মেলাতে পারে না। এক সময় জাফর বাংলাদেশেও ফেরে তার গর্ভধারিণীর সন্ধানে। সিলেটের গ্রামে জাফরের যাত্রা যেন নিজের শিকড়ের দিকে। কিন্তু কোথায় ফিরবে সে? সে যে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়েছে অতি শৈশবেই। চাইলেই কি আর ফেরা যায় নিজভূমিতে? এখানে একটা বিষয় খুব স্পষ্ট। দরিদ্র বলে জাফর সব জায়গাতেই পরবাসী। কোথাও তার আপন ঠিকানা নেই। আর তার বন্ধু ধনী বলে যেন বিশ্ব নাগরিক। সে লন্ডন, নিউইয়র্ক সর্বত্রই পরম সমাদরে গৃহীত।

উপন্যাসের কেন্দ্রে রয়েছে এক প্রেমকাহিনি। নিউইয়র্কে জাফর বিভিন্ন রকম কাজে জড়িত হয়ে পড়ে। সেখানে তার সঙ্গে ঘনিষ্টতা

হয় এমিলি নামে এক সুন্দরী ব্রিটিশ নারীর। এই এমিলির ভাই ইটনে জাফরের বন্ধুর সহপাঠী ছিল। আবার অক্সফোর্ডে সেই সূত্রে এমিলির সঙ্গে জাফরের পরিচয় হয়েছিল। পরবর্তীতে জাফরের প্রেমিকা হয় এমিলি। জাফর তাকে ভালোবাসে সর্বান্তকরণে। কিন্তু এমিলির মধ্যে রয়ে যায় কুণ্ঠা। সে তার বন্ধু-স্বজনদের কাছে জাফরকে প্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দিতে কুণ্ঠিত। তাকে বিয়ে করতে তো কোনোভাবেই রাজি নয়। যা হোক আন্তর্জাতিক একটি সাহায্য সংস্থার কর্মী হয়ে আফগানিস্তানে যায় এমিলি। তার সঙ্গে যায় জাফর। জাফর দেখে ইয়োরোপিয়ান ও আমেরিকানদের রয়েছে একটা উন্নাসিকতা। তারা মনে করে যেহেতু তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং শ্বেতাঙ্গ সুতারং তৃতীয় বিশ্বের দেশগুলো সম্পর্কে তারা যা ভাবে বা যা করে তা অভ্রান্ত। তারা এসব দেশের 'সকল রোগের প্রেসক্রিপশন' দিতে পারদর্শী। পাশ্চাত্য শিক্ষার অন্তঃসারশূন্যতা ধরা পড়ে জাফরের চোখে।

এমিলির একটি বৈশিষ্ট্য হলো সে কখনও 'সরি' বা দুঃখিত কথাটি বলে না। সে জাফরকে যতই আঘাত করুক তার জন্য সে অনুতপ্ত হয় না কখনও। জাফর একটি উপমার সাহায্যে এমিলির এই স্বভাবকে ব্যাখ্যা করে। জাফর বলে যুক্তরাজ্যের ইমিগ্রেশন অফিসার কখনও বলে না 'ব্রিটেনে স্বাগতম'। যদি কখনও কোনো ইমিগ্রেশন অফিসার হিথরোতে জাফরকে স্বাগতম জানাতো তাহলে জাফর ব্রিটেনের জন্য নিজের জান কোরবান করতেও কুণ্ঠিত হতো না। ব্রিটেনকে সে যে কখনও সত্যিকারভাবে নিজের দেশ ভাবতে পারেনি তার কারণ ব্রিটেন তাকে কখনও আপন করে নিতে পারেনি।

এখানেই অনাবাসী হিসেবে তার ভিতরের ক্ষোভ, যন্ত্রণা আর হতাশার প্রকাশ ঘটে। গণিতের ছাত্র জাফর এখানেই হিসাব মেলাতে ব্যর্থ। জাফরের জীবনের কোনো হিসাবই মেলেনি। না দেশ, রাষ্ট্র ও সমাজের, না ভালোবাসার। লেখক জিয়া হায়দার রহমান জাফরের মধ্য দিয়ে পরবাসীর এই বিচ্ছিন্নতা বোধই তুলে ধরেছেন। হয়তো এই বোধ অনেকটাই আত্মজৈবনিক। এখানে তার সঙ্গে ভি.এস নাইপলের তুলনা দেওয়া যায়। নাইপল যেমন কোথাও নিজের আপন জায়গা খুঁজে পান না, রহমানও তেমনি এই বিশ্বে নিজের আপন ও একান্ত স্থানটির সন্ধানে নিরত।

অনাবাসী বাংলাদেশী জাফর যেমন সিলেটের গ্রামে নিজেকে 'পর' বলে অনুভব করেছে, তেমনি লন্ডনের জনজীবনের সঙ্গেও সে নিজেকে খাপ খাওয়াতে পারেনি কোনোদিন। সে শৈশবের গ্রামের স্মৃতি ধরে রেখেছিল আপন অন্তরে। কিন্তু যখন সে সেখানে বাস্তবে পৌঁছায় তখন স্মৃতির সঙ্গে কিছুই মেলাতে পারে না। তার মনে সন্দেহ দেখা দেয় শৈশবের স্মৃতি কতটা বাস্তব আর কতটা তার আপন সৃষ্টি বা কল্পনা। তেমনি আপন জননীর কাছেও সে নিতান্ত পর। তার প্রেমিকাও তার নিজস্ব নয়। সেও তাকে স্বীকার করতে কুণ্ঠিত।

বস্তুত এই বিশ্বের কোনোকিছুই তার নিজস্ব নয়। কোথাও তার 'আপন ঠিকানা' নেই।

লেখক এই গল্পটি বলে যান ৫০০ পৃষ্ঠা ধরে অত্যন্ত শান্ত ও নিস্পৃহ ভঙ্গীতে। এই কথনের ফাঁকে ফাঁকে তিনি উল্লেখ করেন এডোয়ার্ড সাইদ, ফ্রয়েড, ভি,এস নাইপল, সিসেরো, দান্তে, জন ডান, জর্জ এলিয়ট এবং অন্যদের উক্তি।

তার নিজস্ব জীবন দর্শনও প্রতিফলিত হয় উপন্যাসে। উপন্যাসটি হয়ে ওঠে শুধু কাহিনি নয়, ঘটনার সমষ্টি নয়, শিল্পসার্থক সৃষ্টি। লেখক হিসেবে জিয়া হায়দার রহমানের জন্ম তাই বর্ণাঢ্য সন্দেহ নেই। অনেকটা আগ্নেয়গিরির বিস্ফোরণের মতোই নিজের ভেতরের ক্ষোভ ও উপলব্ধির প্রকাশ ঘটে তার লেখায়। তবে তা আগ্নেয়গিরির মতো সশব্দ নয় বরং নির্ঝরের জন্মের মতো প্রশান্তিদায়ক। অনাবাসী জীবনের দুঃখের ও সংগ্রামের দলিল তো বটেই সেই সঙ্গে এই উপন্যাস একজন সৃষ্টিশীল, দর্শন সমৃদ্ধ ও প্রতিভাবান লেখকের জন্মের ঘোষণাও বটে।