২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভঙ্গুর পৃথিবী ছেড়ে নক্ষত্রপানে

ফারসীমমান্নানমোহাম্মদী

Published : 28 Nov 2013, 08:45 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

আমাদের এই এক পৃথিবী আছে– নীলসাগর আর সাদামেঘের আঁচড়ে তাকে অদ্ভুত সুন্দর দেখায়। অবশ্য এই সৌন্দর্য দূর থেকে দেখা– স্পেস থেকে তোলা ছবিতে এমনটি দেখা যায়। একদম মাটির ধূলির ধরাতে হয়তো সৌন্দর্য কিছুটা বিঘ্নিত হয়। আমাদের পরিপার্শ্বের অবস্থা সম্ভবত মোটেও সুন্দর কিছু নয়। দৈনন্দিন জীবনেও পৃথিবীর মহাশূন্যজ সৌন্দর্য নিয়ে ভাববার ফুরসত কই? দরকারই-বা কী? কাছের জিনিসের কাছে সৌন্দর্য এক রকম, আর দূরের সৌন্দর্য আরেক রকম। দৈনন্দিন জীবনে প্রতিদিনকার পৃথিবী হয়তো কদর্যতা নিয়ে আমাদের সামনে হাজির হয়। কিন্তু স্পেস থেকে অদ্ভুত সুন্দর নীলাভ গোলক হিসেবে পৃথিবীকে অনন্য সুন্দর মনে হয়। বিলিয়ন মাইল দূর থেকে দেখলে একে একটা নীলাভ বিন্দু হিসেবে দেখা যায়– কার্ল সেগান যাকে 'পেল ব্লু ডট' বলেছিলেন। এই 'নিষ্প্রভ নীলাভ বিন্দুটি' কিন্তু মানবসভ্যতার জন্য মোটেও 'নিষ্প্রভ' নয়। এটি তার চিরচেনা চিরজানা একমাত্র মাতা বসুন্ধরা। এই অনন্ত মহাবিশ্বে এটা তার একমাত্র জানা বাসস্থান। এর অনন্যতা বা সৌন্দর্য কিন্তু এইমাত্র কদিন হল মানুষ উপলব্ধি করতে পেরেছে। মানুষ যখন স্পেস জয় করতে শুরু করে, যখন সে মহাশূন্যে উঠে পেছনে তাকাতে সক্ষম হল, তখনই সে তার বসুন্ধরার 'নীলাভ সৌন্দর্য' বুঝতে পারল। জ্যোতির্বিজ্ঞান মানুষকে এই এক উচ্চতা দান করেছে, মানুষ মহাশূন্যের এক 'ভ্যান্টেজ পয়েন্ট' থেকে পৃথিবীকে দেখার সৌভাগ্য অর্জন করেছে। এমনকি আন্তঃনাক্ষত্রিক স্থান থেকেও সে নিজেকে দেখতে পারছে (ভয়েজার নভোযান দ্বারা)। মানুষ যখন পেছন ফিরে নিজেকে দেখা শুরু করল, যখন তার আত্মপ্রতিকৃতির মুখোমুখি হল, তখন তার বৈজ্ঞানিক অনুধাবনের এক আমূল পরিবর্তন এল। নানান বৈজ্ঞানিক সমীক্ষায় দেখা গেল, তার বাসস্থান– পৃথিবী নামের গ্রহটি বিভিন্ন কারণে অনন্য। এবং তা ভঙ্গুরও বটে। পৃথিবীতে বুদ্ধিমান সত্তার আবির্ভাব এবং অস্তিত্ব টিকিয়ে রাখা বেশ কয়েকটি ভৌতশর্তের উপর নির্ভরশীল। এর একটু ব্যত্যয় ঘটলেই জীবনধারণ সমস্যাসঙ্কুল হয়ে পড়বে।

চিন্তা করে দেখুন, পৃথিবীতে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি। পৃথিবীর মোট পৃষ্ঠ ক্ষেত্রফলের ২৯.২% ভাগ মাত্র স্থলভূমি। এই স্থল অংশের সর্বত্র কিন্তু মানুষ বাস করতে পারে না। বেশির ভাগ মানুষই মুষ্টিমেয় জনপদে বাস করে। এইসব জনপদ স্থলভাগের সুবিধাজনক পরিবেশে স্থাপিত– সমতল ভূমি, নদী তীরবর্তী অঞ্চল, সমুদ্র সৈকত এবং তার নিকটবর্তী অঞ্চল, কৃষ্টিজমির কাছাকাছি অঞ্চল– এমনসব পরিবেশ যেখানে জলবায়ু সহনযোগ্য। খুব উঁচু পার্বত্য অঞ্চল, মরু অঞ্চল, অ্যান্টার্কটিকা মহাদেশ, সাইবেরিয়ার তুন্দ্রা, সমুদ্রের অভ্যন্তরে মানুষ খুব কম বাস করে অথবা করেই না বলতে গেলে। প্রযুক্তিগতভাবে এসব জায়গায় বাস অসম্ভব নয়, তবে এসব দুর্গম অঞ্চলে বাস করাটা খুবই খরচবহুল হবে। আপনি যদি পৃথিবীর বিদ্যুতালোকিত অংশের ম্যাপটি দেখেন (গুগলেই দেখা যাবে), দেখবেন বিদ্যুতালোকিত অংশ পৃথিবীর স্থলভাগের খুব কম অংশেই (প্রায় এক-পঞ্চমাংশ) ঘন সন্নিবিষ্ট। অর্থাৎ স্থলভাগেরও একটি বিরাট অংশ মনুষ্য বসবাসের উপযোগিতার বাইরে।
তাছাড়া অনেকের মনেই প্রশ্ন জাগে, পৃথিবীতে জলই-বা এত বেশি কেন? কেন এত সমুদ্র ও মহাসমুদ্র? জলভাগের বেশি থাকার কিছু জলবায়ুগত সুবিধা হয়ত আছে, কিন্তু পৃথিবীতে এত পানি এল কোত্থেকে? পুরোটাই কি পৃথিবীর উদ্ভবের সময় থেকেই রয়ে গেছে? অধিকাংশ বিজ্ঞানীই আজকাল বিশ্বাস করেন, পৃথিবীতে পানির আধিক্যের জন্য ধূমকেতু দায়ী। উদ্ভবের পরপর পৃথিবীতে বহু সংখ্যক ধূমকেতু ও উল্কা এসে আঘাত হেনেছে। এসব জ্যোতিষ্ক থেকেই পৃথিবীতে তরল পানির আধিক্য ঘটেছে বলে মনে হয়। কে জানে, হয়তো এসব ধূমকেতু আর উল্কা থেকেই পৃথিবীতে জৈব যৌগের বীজ রোপিত হয়েছে! এ কথা এখন সুবিদিত যে, আন্তঃনাক্ষত্রিক মেঘাঞ্চলে হাইড্রক্সিলমূলক, সায়ানোমূলক ও অপরাপর জৈবমূলক পাওয়া যায়। জীবনের পানিঘনিষ্ঠতা হয়তো ডিপ স্পেস থেকেই সূচিত হয়েছে। স্থলভাগের যে সামান্য অংশে মনুষ্য জনপদের এত সমারোহ, সেসব অঞ্চলও হুমকির সম্মুখীন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি বেড়ে যায়, তবে উপকূলীয় অনেক বসতি পানির নিচে চলে যাবে। এমন সব জনপদের মধ্যে বাংলাদেশের কথা সর্বাগ্রে প্রযোজ্য। এসব জনপদের মানুষ তখন কোথায় যাবে? এরা দেশের অভ্যন্তরে অথবা অন্য দেশে অভিবাসন করতে বাধ্য হবে। এই সম্ভাব্য 'ক্লাইমেট রিফিউজি' নিয়ে বৈশ্বিক নীতিনির্ধারকদের চিন্তার অন্ত নেই। যদিও পরাশক্তির দেশসমূহের সেদিকে তেমন একটি মাথাব্যথা নেই। দীর্ঘমেয়াদী পরিবেশগত, অর্থনৈতিক ও প্রযুক্তিক পদক্ষেপ নিয়ে অথবা সুপ্রকৌশলের বদৌলতে আমরা বৈশ্বিক উষ্ণায়ন থেকে উদ্ভুত সম্ভাব্য ক্ষতিকে বশে আনতে পারি। অসম্ভব নয় যে, বিশেষ প্রকৌশলগত ব্যবস্থার সাহায্যে সমুদ্রকে দূরে ঠেকিয়ে রাখা যেতে পারে (যেমন নেদারল্যান্ড করেছে)। ঠিক সময়ে ঠিক কাজ করলে এবং যথাযথ নীতি গ্রহণের মাধ্যমে আমরা বৈশ্বিক উষ্ণায়ন থেকে বেঁচে যেতে পারি। কিন্তু এর থেকেও বিপজ্জনক আরও অনেক ঘটনা আছে যা পৃথিবীতে মানুষের ভবিষ্যৎ প্রশ্নের সম্মুখীন করে।

পৃথিবীর জলবায়ুর দীর্ঘমেয়াদী ইতিহাস যেন তুষারযুগের ইতিহাস। জিওলজিকাল টাইমস্কেলের একটা বড় সময়জুড়ে পৃথিবীর স্থলভাগ বরফাচ্ছন্ন ছিল। পৃথিবীর কক্ষপথ, কক্ষতলে পৃথিবীর আনতি কোণের দোলন, সূর্যের তাপমাত্রার হ্রাসবৃদ্ধি– সব মিলিয়ে দেখা যায় পৃথিবী এক লক্ষ বছর পরপর দীর্ঘস্থায়ী তুষারযুগে ফিরে যায়। একে মিলানকোভিচ চক্র বলে। এই চক্র অনুযায়ী পৃথিবীর জলবায়ু শীতলতর তুষারযুগ থেকে চট করে উষ্ণতর যুগে প্রত্যাবর্তন করে। বেশ কয়েক হাজার বছর ধরে পৃথিবীর গড়ে তাপমাত্রা উষ্ণ থাকে। ফলে হিমবাহ সরে যায়, বরফ গলে যায়, তাপমাত্রা বেড়ে যায় ইত্যাদি। এ রকম উষ্ণতর যুগকে ইন্টারগ্লোসিয়াল যুগ বলে। এসব ইন্টারগ্লেসিয়াল যুগের শেষে বেশ ধীরপদে তুষারযুগ আবার ফিরে আসে এবং দীর্ঘকাল থেকে যায়।
শেষ বরফযুগের সমাপ্তি হয়েছে আজ থেকে ১২ হাজার বছর আগে। আমাদের বর্তমান টেকনোসভ্যতা একটি ক্ষনস্থায়ী ইন্টারগ্লেসিয়াল যুগের ফল। পরবর্তী তুষারযুগও অত্যাসন্ন। আগামী কয়েক হাজার থেকে দশ হাজার বছরের মধ্যে হিমবাহ আবার ফিরে আসবে। আগামী ১০ হাজার বছরের মধ্যে যদি তুষারযুগ ফিরে আসে, ততদিনে আমাদের প্রযুক্তি এমন পর্যায়ে যাবে যাতে অমন তুষারযুগ মানবসভ্যতার পক্ষে পার করা সম্ভব হবে, আশা করা যায়। আমাদের পূর্বপুরুষেরা– আলতামিরার গুহায় বাইসন আঁকা মানুষেরা, একটি তুষারযুগ পার করেছিল আধুনিক প্রযুক্তি ছাড়াই। কাজেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে তুষারযুগ পার করা সম্ভব হবে। যদি না অবশ্য মানবসভ্যতা আরো ভয়াবহ বিপদের সম্মুখীন হয়।

মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে ১০ থেকে ২০ কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু/উল্কা/ধূমকেতু। এ রকম একটি জ্যোতিষ্ক পৃথিবীর বুকে আছড়ে পড়লে প্রলয় অবশ্যম্ভাবী হবে। এ ধরনের সংঘর্ষ বিপুল ধুলিরাশির সৃষ্টি করবে। কয়েক শত থেকে কয়েক হাজার মেগাটন আণবিক বোমার সমতুল্য বিস্কোরণ, যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পৃথিবীর জলবায়ু যেহেতু একটি আবদ্ধ সিস্টেম, যেখানে প্রত্যাবর্তনশীল বাতাস আর ঘূর্ণনশীল পানি এই ধ্বংসাবশেষকে সারাপৃথিবীতে কয়েকবার ছড়িয়ে দেবে। এর ফলশ্রুতিতে সারাপৃথিবী ধূলি আচ্ছন্ন হয়ে থাকবে দীর্ঘকাল। সূর্যের আলো না পেয়ে সালোক-সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। উদ্ভিদকুল মারা যাবে। খাদ্যশৃঙ্খলের নিম্নতম পর্যায়ের উদ্ভিদকুল আক্রান্ত হলে শৃঙ্খলের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত প্রাণিকুলও বিলুপ্ত হতে শুরু করে। এভাবে এ ধরনের জ্যোতিষ্কাঘাতে বিস্ফোরণের প্রকোপে প্রথমেই স্থলভাগের প্রধান প্রাণিকুল এবং জলভাগের অধিকাংশ প্রাণিকুল নিহত হবে। বিলুপ্তির সূচনা হবে ধীরে, যখন খাদ্যশৃঙ্খল সিস্টেমেটিকালি আঘাতপ্রাপ্ত হবে। ঠিক এই ঘটনাই ঘটেছিল সাড়ে ছয় কোটি বছর আগে যখন পৃথিবীর বুক থেকে ডাইনোসরেরা চিরকালের মতো বিদায় নেয়। ঘটনাটি যতদূর সম্ভব এরকম, প্রায় সাড়ে ছয়কোটি বছর আগে একটি জ্যোতিষ্ক আছড়ে পড়ে পৃথিবীর বুকে যা মেক্সিকোর কাছে ইউকাটান উপদ্বীপে ১৮০ কিলোমিটার ব্যাসের একটি খাত বা ক্র্যাটার সৃষ্টি করে (এটি এখন সমুদ্রতলের এক কিলোমিটার গভীরে দেবে গেছে)। এই বিস্ফোরণের ফলে প্রায় ১০০ বিলিয়ন টন পদার্থ (ধূলি, মাটি, খনিজ, ধাতু) উৎক্ষিপ্ত হয়েছিল, যা সারাপৃথিবীকে ছেয়ে ফেলে। এই ধূলি পৃথিবীর বিভিন্ন জায়গার শিলাস্তরে ১৫ মিলিমিটার পুরু এক বিশেষ স্তরের সৃষ্টি করে। একে ভূতাত্ত্বিকেরা বলেন 'কে-টি বাউন্ডারি'। এই কে-টি স্তরে ইরিডিয়াম ধাতুর অস্বাভাবিক প্রাধান্য দেখা যায়। এই ধাতু গ্রহাণু বা উল্কাতেই বেশি থাকে বলে ধারণা করা হয়।

এই রকম গণবিলুপ্তি বা মাস এক্সটিংক্‌শন পৃথিবীর ইতিহাসে অন্তত পাঁচবার ঘটেছে যখন পৃথিবীর জীবজগৎ প্রায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। প্রায় ২৫ কোটি বছর আগে পারমিয়ান যুগের শেষে সংঘটিত এমন গণবিলুপ্তি ভূতাত্ত্বিক ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক গণবিলুপ্তি বলে চিহ্নিত। কোনো কোনো বিজ্ঞানীর মতে ৬ কোটি (৬২ মিলিয়ন) বছর পরপর এ ধরনের গণবিলুপ্তি ঘটে এবং তার কারণ মহাজাগতিক সংঘর্ষ (দেখুন ফিজিক্স টুডে, অক্টোবর ২০০৭, পৃষ্ঠা ১৮)। এ রকম মহাজাগতিক সংঘর্ষের সম্ভাবনা কত? আমার 'মহাকাশের কথা' বই থেকে বলছি,
"বলা হচ্ছে, একটা দুই কিলোমিটার ব্যাসের জ্যোতিষ্কের সাথে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা এই শতাব্দীতে দশহাজার ভাগের এক ভাগ। এর সাথে তুলনীয় আমাদের দেশে ফরমালিন যুক্ত মাছ খেয়ে মৃত্যুর সম্ভাবনা, বন্যায় মৃত্যুর সম্ভাবনা এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনা অথবা যুক্তরাষ্ট্রে টর্নেডোতে উড়িয়ে নেবার সম্ভাবনা (ষাটহাজার এক ভাগ)। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে নানান দুর্বিপাকে মৃত্যুর সম্ভাবনা উল্কাপাতে মৃত্যুর তুলনায় অনেক বেশি। কিন্তু স্মর্তব্য যে, উল্কা/গ্রহাণুর সংঘাতে মৃত্যুর সম্ভাবনা অনেক কম হলেও সেটাও দশ-বিশজন নয়, পুরো মানবসভ্যতাই নিশ্চিহ্ন হয়ে যাবে। কাজেই আকাশের দিকে আমাদের একটা সামগ্রিক নজর রাখতে হবে বৈকি। পৃথিবীর উপগ্রহ চাঁদের পৃষ্ঠের যে কোনো আলোকচিত্রে প্রচুর ক্র্যাটারের সংখ্যা দেখা যায়। বিজ্ঞানীরা হিসেব করেছেন যে চাঁদের পৃষ্ঠে পাঁচ কিলোমিটার ব্যাসের চেয়ে বড় খাত বা ক্র্যাটারের সংখ্যা ৫ হাজারের মতো যারা গত ষাট কোটি বছরে সৃষ্টি হয়েছে। যেহেতু পৃথিবীর পৃষ্ঠভাগের আয়তন চাঁদের তুলনায় অনেক বেশি, তাই গড় হিসাবে দেখা যায় চাঁদের প্রতিটি ক্র্যাটারের জন্য পৃথিবীতে বিশটি ক্র্যাটার থাকার কথা। তাহলে গড়ে প্রতি ছয়হাজার বছরে পৃথিবীর সঙ্গে একটি আধা-কিলোমিটার সাইজের জ্যোতিষ্কের সঙ্গে একবার সংঘর্ষ হওয়ার কথা। যেহেতু পৃথিবীতে জলভাগের অংশ বেশি, তাই উক্ত সংঘর্ষের পাঁচটির মধ্যে চারটিই সমুদ্রে পড়বে। কাজেই গত দশ হাজার বছরে অন্তত একটি বিশাল বন্যা/সুনামির ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। অনেকে বলেন যে গত ২০ হাজার বছরে কুইপার বেল্ট থেকে অন্তত একটা বড় উল্কাখণ্ড পৃথিবীর দিকে ছুটে আসার সমূহ সম্ভাবনা ছিল। যাত্রাপথে সম্ভবত গ্রহগত আকর্ষণের কারণে এটি বিখণ্ডিত হয়ে গিয়েছে। এই খণ্ড-বিখণ্ড উল্কাবৃষ্টি আমরা প্রতি বছর বৃষরাশিতে (Taurid meteor shower) দেখতে পাই।"

Image
farseem.gif


কাজেই এ ধরনের মহাজাগতিক সংঘর্ষ অত্যন্ত বাস্তব একটা হুমকি। মহাকাশে ইতস্তত বিক্ষিপ্ত উল্কা ও গ্রহাণু পৃথিবীর এমন ক্ষতি করতে পারে, যা কল্পনার বাইরে। এ রকম একটি ম্যাসিভ ইমপ্যাক্ট-এর ফলে মানবজাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে (দেখুন ব্রুস উইলিস অভিনীতি মুভি 'আরমাগেড্ডন')। এই হুমকির থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হল মহাকাশে নজরদারি বৃদ্ধি করা। এবং পৃথিবীর দিকে ছুটে আসা জ্যোতিষ্ককে মহাকাশেই ধ্বংস করে দেওয়া। আমাদের বর্তমান প্রযুক্তিতেই এ কাজ করা এমন অসম্ভব কিছুই নয়।

কাজেই পৃথিবীতে থাকতে মানবসভ্যতার সামনে কয়েকটি বিপদ অপেক্ষা করছে। নিকট-ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণায়ন ও দূর-ভবিষ্যতে দীর্ঘস্থায়ী তুষারযুগের আধিপত্য। এসব বিপদকে পাশ কাটানোর মতো প্রযুক্তি মানুষের করায়ত্ত হবে বলে আশা করা যায়। তবে এর চেয়ে বড় হুমকি মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষ। এই ঘটনা যে কোনো সময়েই ঘটতে পারে, যদি সঠিক নজরদারি করা না যায়। এই সকল বিপদও যদি মানবসভ্যতা কাটিয়ে উঠতে পারে, তথাপি তার জন্য কোনো সুখবর নেই। কারণ, সূর্যের একটি নির্দিষ্ট আয়ুষ্কাল আছে। সূর্য আরও ৫০০ কোটি বছর জ্বলবে। তারপর তার কেন্দ্রের হাইড্রোজেন ফুরিয়ে গেলে সে ফুলে ফেঁপে উঠে একটা লালদানব তারায় পরিণত হবে। এই অবস্থায় সূর্য পৃথিবীকে গিলে ফেলতে পারে। যদি তা না-ও হয়, সূর্য পৃথিবীর এত কাছে আসবে যে পৃথিবী-পৃষ্ঠের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাবে এবং তা প্রাণধারণের জন্য অসম্ভব হয়ে যাবে। কাজেই অতি দূর-ভবিষ্যতে এই সৌরজগৎ আর মানুষের বসবাসের উপযোগী থাকবে না।

অধিকাংশ বিজ্ঞানী ও প্রযুক্তির ইতিহাসবিদদের ধারণা আগামী ৫০ বছরে মঙ্গলে ক্যাম্প স্থাপন সম্ভব হবে, আগামী ২০০ বছরে সৌরজগতে (মঙ্গল ও মহাকাশে ফ্রি-ফ্লোটিং স্টেশনে) মানুষ ছড়িয়ে যাবে এবং আগামী ১ হাজার বছরের আগেই নিকটবর্তী নক্ষত্রপুঞ্জে মানুষ ছড়িয়ে যাবে। মঙ্গলগ্রহের সঙ্গে পৃথিবীর সাদৃশ্য অনেকখানি। মঙ্গলে ২৪ ঘণ্টা ৩৯ মিনিটে একদিন হয়, মঙ্গলের পৃষ্ঠের ক্ষেত্রফল পৃথিবীর ২৮.৪%, মঙ্গলপৃষ্ঠে মাধ্যাকর্ষণ পৃথিবীর ৩৮%, এর বাতাবরণ পৃথিবীর ০.৭%। পৃথিবীর বাইরে সৌরজগতে আর কোথাও এত মনুষ্য জীবনোপযোগী পরিবেশ নেই। তারপরও মঙ্গলে বিশেষভাবে নির্মিত বাসস্থানের বাইরে মানুষ বাস করতে পারবে না। কিন্তু তথাপি মঙ্গল, পৃথিবীর মতোই, প্রাণবান্ধব অঞ্চলের মধ্যেই পড়ে।

প্রাণবান্ধব বা হ্যাবিটেবল জোন হল এমন এক অঞ্চল যেখানে অবস্থিত গ্রহসমূহের তাপমাত্রা এমন যে সেখানে পানি তিন দশাতেই (কঠিন, তরল ও বায়বীয়) থাকতে পারে। এই প্রাণবান্ধব অঞ্চল নির্ভর করে নক্ষত্রের আকার-আকৃতি-তাপমাত্রার উপর। সূর্যের ক্ষেত্রে প্রাণবান্ধব অঞ্চলের মধ্যে পৃথিবী ও মঙ্গলই কেবল অবস্থিত। প্রাণবান্ধব অঞ্চলের বাইরে নক্ষত্র থেকে দূরে অণুজীবের উদ্ভব সম্ভব হলেও সম্ভবত বুদ্ধিমান সত্তার উদ্ভব সম্ভব নয়। এ জন্যই বলা হয়, পৃথিবী একটা 'গোল্ডিলক্স গ্রহ' (গোল্ডিলক্সের গল্পের জন্য গুগল সার্চ করুন) যেখানে সবকিছুই একদম ঠিকঠাক। এ জন্যই এটা খুব ভঙ্গুর, ফ্রাজাইল, সংবেদী। একে খুব যত্নের সঙ্গে রক্ষা করা প্রয়োজন।

এ প্রসঙ্গে ইস্টার দ্বীপের কথা বলা যায়। দশম শতাব্দীতে যখন ইস্টার দ্বীপে মানুষের বসতি স্থাপিত হয়, তখন সেখানে ছিল প্রচুর বৃক্ষ, গুল্ম ও জঙ্গল, হরেক রকমের মাছ এবং নানাবিধ প্রাকৃতিক সম্পদ। কিন্তু সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে যখন ইউরোপিয় ট্রাভেলররা পদার্পণ করল, তখন তারা দেখল বিরান দ্বীপ, কেবল কিছু ভুখানাঙ্গা মানুষ, গুল্মলতা আর বড় বড় আবক্ষ মূর্তি। কেমন করে এটা হল?

বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, মানুষের অন্তহীন লোভ কীভাবে ইস্টার দ্বীপকে এমন বিরান করে ফেলেছিল। এই দ্বীপে এমন এক সংস্কৃতি বিকাশ পায় যারা মূর্তি বানাতে ভালোবাসত। এই মূর্তি বানানো এক ভয়ংকর প্রতিযোগিতায় পরিণত হয়। যার ফলে দ্বীপটির সকল প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যায়। এমনকি এক পর্যায়ে ইস্টার দ্বীপবাসী মানুষের মাংস ভক্ষণও শুরু করে, কারণ পর্যাপ্ত খাদ্যোৎস তখন দ্বীপে আর ছিল না। ইস্টার দ্বীপের এই কাহিনি আমাদের পৃথিবীর জন্যও প্রযোজ্য। এই সৌরজগতে পৃথিবীর বাইরে খুব বেশি দূর আমরা যেতে পারব না, যদি না আলফা-সেন্টরি নক্ষত্রের দিকে আমরা ছুটে না যাই। ততদিনে এই পৃথিবীতেই ঘটে যাওয়ার মতো অনেক দুর্ঘটনাই আছে যা ঘটতে পারে। কাজেই ভঙ্গুর এই পৃথিবীর যত্ন আমাদেরই নিতে হবে।
তবে একদল বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ধনাঢ্য ব্যক্তিবর্গ মহাকাশে দীর্ঘমেয়াদী নভোযান পাঠানোর পরিকল্পনা এখনই শুরু করেছেন। তাঁদের লক্ষ্য প্রথমে নিকটবর্তী মহাকাশ, তারপর মঙ্গল এবং সবশেষে নিকটতম নক্ষত্রপানে মাল্টিজেনারেশনাল স্টারশিট প্রেরণ। হকিং বলেছেন,
"I don't think the human race will survive the next thousand years, unless we spread into space. There are too many accidents that can befall on a single planet. But I'm an optimist. We will reach out to the stars."
এরপর কী হবে? ধারণা করা হয়, স্পেস-ফ্লাইট নিয়মিত ব্যাপার হয়ে উঠলে মানুষের মধ্যে প্রজাতিকরণের সৃষ্টি হবে। বিশেষজ্ঞদের ধারণা, ১ হাজার বছর আগে প্রজাতিকরণের শুরু হবে না। তারপর কী হবে সেটা ভিন্ন প্রজাতির ভিন্ন টেকনোলজির বিষয়।

তবে চূড়ান্ত পর্যায়ে বুদ্ধিমান সত্তার ভবিতব্য নির্ভর করে মহাবিশ্বের প্রকৃতির উপর এবং সুদীর্ঘ মেয়াদে মহাবিশ্বের ভৌত বিবর্তনের উপর। এমন হতে পারে অতিশীতল মহাবিশ্বে ধীমান সত্তার বিলোপ ঘটবে, অথবা বোলৎসমান কথিত থার্মাল ফ্লাকচুয়েশনের মাধ্যমে ধীমান সত্তার আবির্ভাব-তিরোধান চক্রাকারে চলবে। যা-ই ঘটুক না কেন, মহাবিশ্বের বিবর্তনের ইতিহাসে এই সময়টাই বেঁচে থাকার জন্য সবচেয়ে চমকপ্রদ সময়। কারণ এই সময়কালেই দৃশ্যমান উল্লেখযোগ্য ঘটনাবলি দেখা যাবে। ত্বরিত হারে প্রসারমান বিশ্বে এই সময় পরে দূরবর্তী গ্যালাক্সিসমূহ এতদূরে চলে যাবে যে তাদের আর পর্যবেক্ষণ করা যাবে না। কাজেই ভঙ্গুর এই সময়কালে ভঙ্গুর এই ক্ষণকে ভঙ্গুর এই পৃথিবীতে উপভোগ করাই সর্বোত্তম পন্থা। ঋণ করে হলেও ঘি দিয়ে ভাত খান!

তথ্যসূত্র:
১. ফারসীম মান্নান মোহাম্মদী, 'মহাকাশের কথা', ২০১১।
২. জন গ্রিবিন ও মেরি গ্রিবন, 'আইস এজ',২০০১।
৩. অ্যাল গোর, 'ইন্‌কনভিনিয়েন্ট ট্রুথ,' ২০০৭।
৪. ফারসীম মান্নান মোহাম্মদী, 'মানুষের মহাকাশ যাত্রা', মাসিক উত্তারাধিকার বৈশাখ ১৪২০।

Image
Flag Counter