২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসা ভাসা ফরাসি ভাষা

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 05 Jul 2013, 03:58 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

আমার ফরাসি ভাষার জ্ঞান গভীর নয়। ভাসা ভাসা। এই ভাসা ভাসা জ্ঞান নিয়েই ভেসে চলেছি অচেনা ভাষাসমুদ্রে। বিচরণ কূলে কূলে, গভীর জলধির উত্তালতা থেকে দূরে, অনেকটা নিরাপদে। অনেক সময় গভীর জ্ঞানের চেয়ে হালকা জ্ঞান অধিক সুবিধাজনক। গভীর ভাষাজ্ঞান মানেই অধিক শব্দ ও নিয়মের ভারহেতু মাথায় অধিক চাপ। আমি বেশি চাপ সহ্য করতে পারি না। তাই অগভীর ভাষাজ্ঞান নিয়েই তৃপ্ত। ফরাসি ছাড়াও আরও কয়েকটি বিদেশি ভাষায় আমার আধামাধা জ্ঞান আছে, যেমন স্প্যানিশ, জাপানি, জার্মান, রাশান ইত্যাদি। এসব ভাষায় আমি পণ্ডিত হতে চাইনি, চেয়েছি তাদের সম্পর্কে সাধারণ ধারণা (লেম্যান'স আইডিয়া) অর্জন করতে। একটিমাত্র নদীতে হাবুডুবু খাওয়ার চেয়ে আমি পছন্দ করি বহুস্রোতে অহগাহন। একটিমাত্র খাদ্যে উদরপূর্তির চেয়ে আমি একটু একটু করে স্বাদ নিতে চাই হাজারো একজোটিক কুইজিনের। আমি দেখতে চাই ভাষাপ্রাসাদে সমবেত শব্দরত্নের বিচিত্র বর্ণচ্ছটা। ভাষারুচিতে আমি বহুগামী।

ভাষা আজীবন চর্চার বিষয়। একটি ভাষা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে হলে জীবনভর তা নিয়ে মেতে থাকতে হয়। কিন্তু সে রকম মেতে থাকতে গেলে অন্য অনেক কিছু থেকে নিজেকে বঞ্চিত করতে হয়। ক্ষুদ্র এক জীবনে কত কিছু দেখা ও করার আছে। তাই একাগ্র সাধনার পথে যাইনি। শুরু করার আগেই আমি জেনেছি শেষ দেখা হবে না। প্রায় অর্ধযুগ আগে শর্ট কোর্সের মাধ্যমে ফরাসি ভাষার পাঠ শুরু করেছিলাম। তখন খুব ঘাবড়ে গিয়েছিলাম। এর বানান ও উচ্চারণ খুব অদ্ভুত ঠেকেছিল। পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিলাম অবশ্য। এখনও এই ভাষাটির প্রতি আমার মনে এক ধরনের ভয়মিশ্রিত মমত্ব কাজ করে।

আমার কাছে নতুন ভাষা শেখা এক আনন্দের ব্যাপার। আমি আনন্দের সঙ্গে শিখি এবং শিখে আনন্দ লাভ করি। আমার একটি অভ্যাস হল মাতৃভাষার সঙ্গে নতুন ভাষাটির তুলনা করা। যদিও অনেক ভাষাশিক্ষক এটি পছন্দ করেন না, কারণ এতে নতুন ভাষা শেখায় মাতৃভাষাজনিত ব্যাঘাত সৃষ্টি হয় (যাকে অনেকে বলেন মাদার টাঙ ইন্টারফিয়ারেন্স)। আমার কাছে ভাষাতুলনা একটি ফান। এর মাধ্যমে আবিষ্কার করি দুটি ভাষার সাদৃশ্য ও বৈসাদৃশ্য। মাঝে মাঝে 'এক দেশের বুলি আরেক দেশের গালি' জাতীয় বিষয় লক্ষ করে হাসি। এ নিয়ে অন্যদের সঙ্গে কৌতুক করি।

ফরাসি পাঠের শুরুতেই আসে- 'কমো তু তাপেল' (Comment tu t'appelles), 'জো মাপেল (অমুক) (Je m'appelle…)', 'কমোত আলে ভু' (Comment allez-vous), 'সা ভা বিয়াঁ' (Ça va bien) ('তোমার নাম কি', 'আমার নাম (অমুক)', 'কেমন আছেন', 'খুব ভালো আছি') ইত্যাদি শব্দ ও বাক্য। এগুলো যখন মাথায় আঘাত করে তখন বাঙালি মনের পর্দায় ফুটে ওঠে কম, তুত, আপেল, জমা, তাল, বিয়া ইত্যাদি নানা অনুষঙ্গগত দৃশ্য। বাংলা অনুষঙ্গদোষ কাটিয়ে ফরাসি অর্থশৃঙ্খলায় প্রবেশ করতে অনেক সময় লেগে যায়। যখন শব্দের মাঝখানে বিরতি না দিয়ে দ্রুত পড়া হয়, তখন আবার আরেক মুশকিল এসে হাজির হয়। 'কমো তালে ভু' (কমোতালেভু) শোনায় 'কমলালেবু'র মতো। আমার মন তখন হলুদ রংয়ের এক সুমিষ্ট ফলের রসে সন্তরণ করতে থাকে।

বিশেষ বিশেষ ধ্বনি উচ্চারণের ঝামেলা তো আছেই। ঝংকৃত তালব্য উচ্চারণে 'জোমাপেলের' 'জ' ধ্বনিটি আয়ত্ত করতে জিভের বারোটা বেজে যায়। বাংলা ভাষায় এই 'জ' নেই। কিন্তু ফরাসি ভাষায় এর অবাধ উপস্থিতি। এটি দেখা মেলে 'জুজ' (বিচারক), 'জামে' (কখনও না), 'ফ্রোমাজ' (পনির), 'মঁজে' (খাওয়া), 'জো' (আমি), 'রফুজ' (আশ্রয়), 'দেজা' (ইতোমধ্যে), 'জদি' (বৃহস্পতিবার) ইত্যাকার অনেক শব্দে। অনেক ধ্বনি ইংরেজি ও বাংলা কারও সঙ্গেই মিলে না। যেমন 'u' উচ্চারণ করতে হয় 'ই' এর মতো কিন্তু ঠোঁট প্রসারিত ও গোল করে। rue (রু=সড়ক), utile (উতিল=উপকারী) ইত্যাদি শব্দে এ রকম 'উ' পাওয়া যাবে। এসব প্র্যাকটিস করতে গিয়ে মাঝে মাঝে খুব ক্লান্ত বোধ হয়। শেখা হয়ে গেলে আবার খুব ভালো লাগে।
ফরাসি ভাষার উচ্চারণ প্র্যাকটিসের সময় এক বুড়ো আত্মীয় আমাকে বলেছিল, ভাষাটি কেমন যেন নাকি নাকি, ভূতপেত্নির কথার মতো শোনায়। কারণ এতে নাসিক্য ধ্বনির আধিক্য। এ ভাষায় সিলেবলান্ত n এবং m নাসিক্য উচ্চারণে প্রকাশিত হয়। উচ্চারণ করুন- অঁফঁ (enfant = শিশু), ওঁজ (onze = এগারো), শারমঁ (charmant = সুন্দর), কঁসিয়ঁ (conscient = সচেতন), জুরঁ (juron = শপথ), ফঁতেন (fontaine = ফোয়ারা), লোয়াঁ (loin = দূর), কঁপ্লে (complet = সম্পূর্ণ), পারফ্যাঁ (parfum = সুগন্ধি), আঁদিজঁ (indigent = ফকির), লুইজঁ (luisant = উজ্জ্বল), সিত্রঁ (citron = লেবু), প্রিজঁ (prison = কারাগার), কঁপিং (camping = ক্যাম্পিং), আদজঁয়া (adjoint = সহকারী), দমাঁ (demain = আগামিকাল), লঁতমঁ (lentement = ধীরগতিতে), রঁকঁত্রে (rencontrer = দেখা করা), কঁকুরসঁ (concurrence = প্রতিযোগিতা)। কাউকে শুভেচ্ছা জানাতে বলুন– 'বঁজুর' (bonjour), সন্ধ্যাকালে বলুন– বঁসোয়া (bonsoir), কারও সঙ্গে পরিচিত হয়ে বলুন– অঁশঁতে (enchante), সম্মতি জ্ঞাপন করতে বলুন– 'অঁতঁদু' (entendu), ক্ষমা চাইতে বলুন– পারদঁ (pardon), কারও শুভকামনায় বলুন– 'বন শঁস' (bonne chance)! কেমন লাগছে? আমার দ্বিধা লাগে, যখন দেখি, 'বাংলাদেশ' উচ্চারণ করতে হবে চন্দ্রবিন্দু দিয়ে– 'বঁঙলাদে'। পৃথিবীর অন্য কোনো ভাষায় সম্ভবত এত নাকানাকি নেই! আমার সেই আত্মীয় বুড়োর মতে, ফরাসিরা ভূতের বংশধর!

বাংলা ভাষায় বানানের বিশৃঙ্খলা নিয়ে আমাদের অভিযোগের অন্ত নেই। কিন্তু অভিযোগকারীরা যদি ফরাসি ভাষার দিকে দৃকপাত করতেন তবে বুঝতেন বানান-বিশৃঙ্খলা কাহাকে বলে! শিশু ও বিদেশিদের কাছে এ এক মূর্তিমান বিভীষিকা। এ ভাষা আয়ত্ত করা হিমালয়ের চূড়ায় ওঠার সামিল। খুব ধৈর্যশীল না হলে কোনো বিদেশির পক্ষে এ ভাষার বানান রপ্ত করা সত্যিই কঠিন। এর বানানকাঠিন্যের বিভিন্ন দিক আছে। প্রথমেই যে জিনিসটি চোখে পড়ে, প্রায় প্রতিটি ফরাসি শব্দে শেষ বর্ণটি উচ্চারিত হয় না। যেমন, mais (কিন্তু) উচ্চারিত হবে 'মে', nous (আমরা) উচ্চারিত হবে 'নু', poste (ডাক) উচ্চারিত হবে 'পোস্ত', petit (ছোট) উচ্চারিত হবে 'পতি', cocher (গাড়োয়ান) উচ্চারিত হবে 'কশে', tasse (কাপ) উচ্চারিত হবে 'তাস', faim (ক্ষুধা) উচ্চারিত হবে 'ফাঁ', profond (গভীর) উচ্চারিত হবে 'প্রফঁ'। সচরাচর আশ (h)-এর ক্ষেত্রেও এ রকম এলিশন ঘটে। যেমন, huile (উইল) 'তেল', homme (অম) 'পুরুষ', hache (আশ) 'কুড়াল', haine (এন) 'ঘৃণা', hauteur (ওতর) 'উচ্চতা' ইত্যাদি। ডাবল এল (ll) 'ই' রূপে শ্রুত হয় ('ল'/'ল্ল' নয়। যেমন, billet (বিইয়ে) 'টিকেট', fille (ফিই) 'বালিকা', brillant (ব্রিইয়ঁ) 'উজ্জ্বল'। আমার কথা হল, যদি না-ই উচ্চারিত হয়, তবে রাখা বা থাকার দরকারটা কী? মানবদেহের এপেনডিক্সের মতো ভাষায়ও তাহলে অদরকারী জিনিস থাকে!
উচ্চারণকাঠিন্যের অপর একটি দিক হল, এ ভাষায় একই বর্ণ বিভিন্ন ধ্বনির প্রতিনিধিত্ব করতে পারে এবং একই ধ্বনি বিভিন্ন বর্ণের মাধ্যমে উচ্চারিত হতে পারে। যেমন, mer (মের=সমুদ্র) শব্দটিতে e-এর উচ্চারণ হবে 'এ', কিন্তু le (লো=টি) শব্দটিতে e-এর উচ্চারণ হবে অনেকটা 'ও'-এর মতো। g হতে পারে 'জ' (যেমন, joli/জলি = প্রীতিকর) অথবা 'গ' (যেমন, gauche/গশ = বাম)। s হতে পারে 'স' (যেমন, salle/সাল = কামরা) অথবা 'জ' (যেমন, rose/রোজ = লাল)। u হতে পারে 'উ' (যেমন, but/বুত = উদ্দেশ্য) অথবা 'অ' (যেমন, minimum/মিনিমম = কমপক্ষে)। একইভাবে, w, x, y, z ইত্যাদি বর্ণও উচ্চারণে বহুমাত্রিক।

অন্যদিকে, উচ্চারণের বর্ণ-উপস্থাপণার দিকে যদি তাকাই তাহলে দেখব, 'এ' উচ্চারণটি সাধিত হতে পারে ai (যেমন, lait/লে = দুধ) অথবা ei (যেমন, meilleur/মেইওর = অধিকতর ভালো) দ্বারা। 'আঁ' উচ্চারণ নির্দেশিত হতে পারে im (যেমন, importé/আঁপর্তে = আমদানিকৃত), in (যেমন, matin/মাতাঁ = সকাল), ein (যেমন, plein/প্লাঁ = পূর্ণ), ain (যেমন, bain/বাঁ = গোসল), ym (যেমন, symbole/সাঁবল = প্রতীক) যে কোনোটি দ্বারা। 'অঁ' নির্দেশিত হতে পারে an (যেমন, plan/প্লঁ = পরিকল্পনা), am (যেমন, champ/শঁ = মাঠ), en (যেমন, vent/ভঁ = বাতাস), em (যেমন, exemple/এগজঁপ্ল = উদাহরণ) ইত্যাদি দ্বারা। কাজেই ফরাসি ভাষায় বর্ণ ও ধ্বনির মধ্যে সমন্বয় সাধনের কাজটি সারতে মস্তিষ্কের বেশ কসরত করতে হয়। অনেক সময় জট পাকিয়ে যায়, যেমনটা প্রায়শ আমার বেলায় ঘটে।

ফরাসি ভাষার লেখ্যরূপে স্বরবর্ণের উপর বসে নানারকম একসেন্ট মার্ক। এদের নামগুলোও বাহারি- এগু (aigu), গ্রাভ (grave), সিরকঁফ্লেক্স (circonflexe)- যাদের কারণে উচ্চারণে নানা সূক্ষ্ম হেরফের হয়। প্রথমটি একটি ঊর্ধ্বমুখী ছোট সরল দাগ (´), দ্বিতীয়টি নিম্নমুখি ছোট সরল দাগ (`) এবং তৃতীয়টি প্রথমে ঊর্ধ্বমুখী হয়ে পরে নিম্নমুখী (ˆ)। প্রথমটি দেখা যায় été (গ্রীষ্ম), général (সাধারণ), téléphone (টেলিফোন), cité (শহর), clé (চাবি), écouter (শোনা), fermé (বন্ধ), publicité (বিজ্ঞাপণ), départ (প্রস্থান), numéro (সংখ্যা), thé (চা), étudier (পড়াশোনা করা), occupé (ব্যস্ত), santé (স্বাস্থ্য) ইত্যাদি শব্দে। দ্বিতীয়টি দেখা যায় frère (ভাই), mystère (রহস্য), très (খুব), chère (মূল্যবান), où (কোথায়), après (পরে), complètement (সম্পূর্ণরূপে) ইত্যাদি শব্দে। তৃতীয়টি দেখা যায় tête (মাথা), fête (ছুটির দিন), flûte (বাঁশি), rôle (ভূমিকা), âne (গাধা), château (দুর্গ), tôt (আগেভাগে), rêve (স্বপ্ন) ইত্যাদি শব্দে। এগুলো ছাড়াও আছে সেদিই (cédille) ও ত্রেমা (tréma) চিহ্ন। প্রথমটি c-এর নিচে বসে, যেমন- leçon (পাঠ), garçon (বালক), français (ফরাসি), façade (সম্মুখ) এবং দ্বিতীয়টি যে কোনো স্বরবর্ণের উপরে বসতে পারে, যেমন- Noël (বড়দিন), laïque (অসাম্প্রদায়িক), faïence (তৈজসপত্র), laïus (বক্তৃতা)। লিখতে গেলে কোনটার সঙ্গে যে কোনটা বসবে তা স্থির করা বড়ই মুশকিল।

ফরাসি বাক্যের উচ্চারণে শব্দে শব্দে প্রায়শ লিয়েজোঁ (liaison) হয়। অর্থাত দুটো আলাদা শব্দের দুটো ধ্বনি কাছাকাছি এসে একত্রে উচ্চারিত হয়। এই লিয়েজোঁ আয়ত্ত করতেও একজন বাঙালির অনেক সময় লেগে যায়, কারণ বাংলা ভাষায় এই ব্যাপারটি অনুপস্থিত। যেমন, les amis উচ্চারণ হবে 'লেজামি', deux enfants উচ্চারণ হবে 'দোজঁফঁ', son adresse উচ্চারণ হবে 'সনাদ্রেস'। অর্থাত চোখে শব্দাবলির মাঝখানে গ্যাপ দেখছি, কিন্তু কানে কোনো পজ বা বিরতি পাচ্ছি না। ফলে চোখ ও কানের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়।

আমার মতো বাঙালির কানে অনেক ফরাসি উচ্চারণ ধাঁধা তৈরি করে। যেমন, r-এর উচ্চারণ কখনও শুনি 'র', কখনও 'ক', কখনও 'খ', কখনও 'গ', কখনও 'হ'-এর মতো। ফলে Paris কখনও 'পারি', কখনও 'পাগি' বা অন্যকিছু। এ সমস্যার কারণে ধন্যবাদ দিতে গিয়ে বিপাকে পড়ি। merci যে কীভাবে উচ্চারণ করব ভেবে পাই না। ধন্যবাদ ফেরত দেওয়ার সময় কিংবা বিদায় নেওয়ার সময়ও একই অবস্থা। de rien এবং au revoir উচ্চারণ করতে গিয়ে গলদ্ঘর্ম হই।
যারা কিছুটা ইংরেজি জানেন এবং এর মাধ্যমে ফরাসি শিখতে চান (আমার মতো) তারা চরমভাবে বিভ্রান্ত হতে পারেন। femme দেখে হয়তো ভাবলাম এর অর্থ 'পরিবার' হবে; অভিধান খুলে দেখি, না, এর অর্থ 'স্ত্রী'। mari দেখে হয়তো ভাবলাম এর অর্থ 'বিবাহ' হবে; অভিধান খুলে দেখি, না, এর অর্থ 'স্বামী'। occasion 'অনুষ্ঠান' বা 'উপলক্ষ' নয়, এর অর্থ 'সুযোগ'। regarder 'বিবেচনা' নয়, এর অর্থ 'তাকানো'। car মানে 'কোচ' আর gare মানে 'স্টেশন'। ভাগ্যিস, ফ্রান্সের রাস্তায় নই। নইলে কি দুর্দশাই না হত!

ইংরেজি জেনে ফরাসি শিখতে গেলে সবচেয়ে বেশি প্রতারিত হতে হয় বানানে ও উচ্চারণে। active দেখে হয়তো ভাবছি এর উচ্চারণ হবে 'অ্যাকটিভ' কিন্তু আদতে হয় 'আকতিফ। absent-এর উচ্চারণ 'অ্যাবসেন্ট' না হয়ে হয় 'আপসঁ', accent-এর উচ্চারণ 'অ্যাক্সেন্ট' না হয়ে হয় 'আকসঁ', temple-এর উচ্চারণ 'টেম্পল' না হয়ে হয় 'তঁপল', question-এর উচ্চারণ 'কোয়েশ্চেন' না হয়ে হয় 'কেস্তিওঁ', second-এর উচ্চারণ 'সেকেন্ড' না হয়ে হয় 'সগঁ', certain-এর উচ্চারণ 'সার্টেন' না হয়ে হয় 'সেরতঁ', warrant-এর উচ্চারণ 'ওয়ারেন্ট' না হয়ে হয় 'ভাগঁ', courage-এর উচ্চারণ 'কারেজ' না হয়ে হয় 'কুরাজ', patience-এর উচ্চারণ 'প্যাশেন্স' না হয়ে হয় 'পাসিয়ঁস', vengence-এর উচ্চারণ 'ভেনজেন্স' না হয়ে হয় 'ভঁজঁস', intelligent-এর উচ্চারণ 'ইন্টেলিজেন্ট' না হয়ে হয় 'আঁতলিজঁ', endurance-এর উচ্চারণ 'এন্ডিউরেন্স' না হয়ে হয় 'অঁদুরসঁ', independence-এর উচ্চারণ 'ইন্ডিপেনডেন্স' না হয়ে হয় 'আঁদেপঁদঁস'। একইভাবে, guide 'গিদ' ('গাইড' নয়), vin 'ভাঁ' ('ভিন' নয়), pain 'পাঁ' ('পেইন' নয়), train 'ত্রাঁ' ('ট্রেইন' নয়), document 'দকুমঁ' ('ডকুমেন্ট' নয়), place 'প্লাস' ('প্লেইস' নয়), facile 'ফাসিল' ('ফ্যাসাইল' নয়), rare 'রার' ('রেয়ার' নয়)। বিভ্রান্তির কোনো অন্ত নেই। প্রথম ভাষা থেকে উৎপন্ন ব্যাঘাতকে যদি 'ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন্টারফিয়ারেন্স' বলে, দ্বিতীয় ভাষা থেকে এ ধরনের ব্যাঘাতকে 'সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন্টারফিয়ারেন্স' বলা হবে নিশ্চয়!

ফরাসি ভাষার একটি ভয়াবহ ঝামেলার দিক হল এর গ্রামাটিক্যাল জেন্ডার। অর্থাৎ প্রতিটি বিশেষ্য শব্দ ম্যাসকুলিন অথবা ফেমিনিন হবে এবং তার সঙ্গে আর্টিক্যাল 'লো' (le) কিম্বা 'লা' (la) হবে। বিশেষণ শব্দও ম্যাসকুলিন/ফেমিনিনরূপে বিশেষ্যপদের সঙ্গে সঙ্গতি রক্ষা করবে। কোন শব্দ যে ম্যাসকুলিন আর কোনটি যে ফেমিনিন তা বোঝা মুশকিল। এটি মুখস্ত করা ছাড়া উপায় নেই। যেমন, ফরাসিতে সংবাদপত্র (journal), রুমাল (mouchoir), দুর্গ (château), মূল্য (prix), বৃষ্টি (nuage), বই (livre), নৌকা (bateau), অলংকার (bijou), অফিস (bureau), নদী (fleuve) ইত্যাদি ম্যাসকুলিন (ফলে এদের সঙ্গে 'লো/le' হবে); এবং হাত (main), ভয় (peur), মানচিত্র (carte), তৃষ্ণা (soif), তালা (serrure), রেডিও (radio), আংটি (bague), দাড়ি (barbe), ইট (brique), চিঠি (lettre) ইত্যাদি ফেমিনিন (ফলে এদের সঙ্গে 'লা/la' হবে)।

ফরাসি পদগঠনের নিয়ম অনুসারে, বিশেষ্য বহুবচন হলে এর পূর্বস্থিত ডিটারমিনারটি বহুবচন হবে। যেমন, les (les jours = দিনগুলো), ces (ces livres = এই বইগুলো)। বহুবচন আর্টিক্যাল les-এর সঙ্গে প্রেপজিশন de এবং à যুক্ত হয়ে তৈরি হয় যথাক্রমে des ও aux। যেমন, of/from the houses = des maisons; to/at the houses = aux maisons। ব্যাকরণের এসব সূক্ষ্ম বিষয় মাথায় ঢোকানো চাট্টিখানি কথা নয়।
নতুন ভাষা শেখা থেকে নানারকম বিপত্তি ঘটতে পারে। আমার এক সহপাঠী একটু ফরাসি শিখে তা প্রয়োগ করতে গেল এক মেয়ের উপর। মেয়েটিকে তার ভালো লেগেছিল, তাই একদিন সে তার কানে কানে আস্তে করে বলল, 'জোতেম'। বাস, যেই না বলা, মেয়ে পায়ের একখানি জুতা খুলে হাতে নিয়ে বলল, 'তোরে জুতায়েম।' দেখো কাণ্ড! ছেলে ভোঁ দৌড়ে কোনোমতে পালিয়ে বাঁচল। মেয়ে যদি একটু ফরাসি জানত! 'জোতেম' (Je t'aime)-এর অর্থ যে 'আমি তোমাকে ভালোবাসি' সেটা জানা থাকলে বোধ করি এই দুর্ঘটনা ঘটত না। মেয়ে হয়তো 'জোতেম'-এর অর্থ করেছে 'আমি তোমাকে জুতা মারি।'

আমি একবার এক বন্ধুর সঙ্গে ফরাসি ফলাতে বিদায় নেওয়ার সময় বললাম, 'আ বিয়াঁতো' (à bientôt / আবার দেখা হবে)। সে কিছুটা লজ্জিত হয়ে কাচুমাচু করে বলল, 'আরে, কেমনে জানলি আমি বিয়া করছি? বিয়ার কথা তো কাউরে কই নাই। নিশ্চয় মিলি কইছে।' মনে মনে হাসি আর আমার ফরাসি শিক্ষা নিয়ে ধন্য বোধ করি। গোপনীয়তা না ভাঙার শর্তে সেবার মিলির কাছে মিষ্টি খেয়েছিলাম।

একদিন বাসায় ফরাসি প্র্যাকটিস করছিলাম। গিন্নি কী একটা রান্না করেছে। তাই খেতে খেতে বারবার বলছিলাম, 'গু' 'গু'। গিন্নি ক্ষেপে গিয়ে বলল, 'কী বলছ আবোলতাবোল? আমাকে অপমান করছ? আমার রান্না বাজে হয়েছে?' এই বলে তার ভেউ ভেউ কান্না। তাকে কী করে বোঝাই যে ফরাসিতে 'গু' (goût) মানে 'স্বাদ'। আমি খেতে খেতে বলছিলাম খাবারটি খুব স্বাদ হয়েছে। উলটা বুঝলি রাম! যাই কোথায়?

বাংলার সঙ্গে ফরাসির মিল খুঁজতে গিয়ে প্রায়শ নাজেহাল হই। ফরাসিতে 'ভালিজ' (valise) দেখে ভাবলাম এর সঙ্গে হয়তো বালিশের মিল থাকতে পারে। কিন্তু ফাঁকি। (ভালিজ মানে সুটকেস)। 'শমিজ' (chemise) কি মহিলাদের শেমিজ? কিন্তু না। (শমিজ মানে শার্ট)। খুব হেনস্থা হই যখন দেখি 'আমি' (ami) মানে 'বন্ধু' (আমি সকলের বন্ধু!), 'মোয়া' (moi) মানে 'আমাকে' (কোনো খাদ্যদ্রব্য নয়) 'শিয়া' (chien) মানে 'কুকুর' (শিয়ালজাতীয় কোনো প্রাণী নয়), 'শাক' (chaque) মানে 'প্রত্যেক' (সেবনযোগ্য কোনো গাছের পাতা নয়), 'আজ' (âge) মানে 'বয়স' (আজকের দিনটি নয়), 'তাশ' (tâche) মানে 'কাজ' (খেলার তাস নয়), 'দূরে' (durée) মানে 'সময়ব্যাপ্তি' (নিকটের বিপরীত নয়), 'দাত' (date) মানে 'তারিখ' (মুখের ভেতরে চিবানোর প্রত্যঙ্গ নয়), 'মুল' (moule) মানে 'ছাঁচ' (গাছের মূল নয়), 'বিশ' (biche) মানে 'হরিণী' (কুড়ি সংখ্যা নয়), 'গম' (gomme) মানে 'রাবার' (খাদ্যশস্য নয়), 'মাল' (mal) মানে 'খারাপভাবে' (কোনো দ্রব্য/জিনিস নয়), 'ভঁদর' (vendre) মানে 'বিক্রি করা' (ভোঁদরজাতীয় কোনো প্রাণি নয়)।

ফরাসি ভাষা আত্তীকরণের পথে একটি বড় অন্তরায় এর জটিল ক্রিয়ারূপ। কাল, পুরুষ ও বচনভেদে ক্রিয়ারূপের পরিবর্তন সাধিত হয়, বিচিত্ররূপে। do (করা) ক্রিয়াটি দিয়ে উদাহরণ দেওয়া যায়। এর কনজুগেশন (conjugation) হল : (আমি, তুমি, সে, আমরা, আপনি, তারা সর্বনামভেদে পরিবর্তন) Present: fais, fais, fait, faisons, faites, font; Perfect: ai fait, as fait, a fait, avons fait, avez fait, ont fait; Imperfect: faisais, faisais, faisait, faisions, faisiez, faisaient; Pluperfect: avais fait, avais fait, avait fait, avions fait, aviez fait, avaient fait; Future: ferai, feras, fera, ferons, ferez, feront; Future-perfect: aurai fait, auras fait, aura fait, aurons fait, aurez fait, auront fait; Conditional: ferias, ferias, ferait, ferions, feriez, feraient; Conditional perfect: aurais fait, aurais fait, aurait fait, aurions fait, auriez fait, auraient fait; Present subjunctive: fasse, fasses, fasse, fassions, fassiez, fassent; Perfect subjunctive: aie fait, aies fait, ait fait, ayons fait, ayez fait, aient fait. ক্রিয়ারূপ পুরোপুরি বাগে আনা খুব সহজ ব্যাপার নয়। পরিবর্তনের নিয়মগুলো আয়ত্ত করতে ভিরমি খেতে হয়। অনেকে মাঝপথে ইস্তফা দেন। আমি তাদের মধ্যে একজন।

ফরাসি ভাষার সঙ্গে বাংলা ভাষার আকাশপাতাল ব্যবধান। কিন্তু তবুও মাঝে মাঝে দুটি ভাষার মধ্যে মিল বিদ্যুচ্চমকের মতো ঝলসে ওঠে। আমি আশ্চর্য হই, যখন দেখি 'তুমি' ফরাসিতে 'তু' (tu)। বাংলা ভাষার মতো ফরাসিতে দ্বিতীয় পুরুষে তুমি/আপনি (tu/vous)-র প্রভেদ আছে। আরও অনেক শব্দে আংশিক ধ্বনিমিল পাব, যেমন- রাজা=রোয়া (roi), রানি=রেন (reine), পিতা=পের (père), মাতা=মের (mère), দাঁত=দঁ (dent), অল্প=প্য (peu), জুয়া=জ্য (jeu), মন্দ=মভে (mauvais), দৈব=দিভাঁ (divin) নগ্ন=নু (nu), দান/উপহার=দঁ (don), উত্তেজিত=একসিতে (excité), অতিথি=আঁভিতে (invité), অকৃতজ্ঞ=আঁগ্রা (ingrat), বমি করা=ভমির (vomir), বেহালা=ভিয়োলঁ (violon), বৃদ্ধ=ভিও (vieux), বিধবা=ভভ (veuve), জরুরি=উরজঁ (urgent), গাভি=ভাশ (vache), তত্ত্ব=তেওরি (théorie), তাঁবু=তঁত (tente), প্রজা=সুজে (sujet), সূর্য=সলেই (soleil), রাস্তা=রুত (route), মধু=মিয়েল (miel), যমজ=জুমো (jumeau), যৌবন=জনেস (jeunesse), মানবতা=উমানিতে (humanité), সৎ=অনেত (honnête), কারণ=কার (car), বিদায়=আদিও (adieu)।

প্রশ্নবোধক অব্যয়গুলোতে বাংলা-ফরাসির অনেক সাদৃশ্য লক্ষণীয়। যেমন, quand (কঁ) = কখন, comment (কমো) = কেমন, qui (কি) = কে/কাকে, pourquoi (পুকোয়া) = কেন, quell/quelle (কেল) = কোনটি। সবচেয়ে আশ্চর্যের মিল পাওয়া যায় সংখ্যাবাচক শব্দে। এক=আ (un), দুই=দো (deux), তিন=ত্রোয়া (trois), চার=কাত (quatre), পাঁচ=সাঙ্ক (cinq), ছয়=সিস (six), সাত=সেত (sept), আট=উইত (huit), নয়=নভ (nauf), দশ=দিস (dix)।

বাংলা ভাষার সঙ্গে ফরাসির ভাষার বাক্যগঠনেও কিছু মিল পরিলক্ষিত হয়। উভয় ভাষায় পদবিন্যাসের একটি রীতি হল : S+O+V। প্রথমে কর্তা, তারপর কর্ম এবং শেষে ক্রিয়া। উদাহরণ : Sophie me/te choisit = সোফি আমাকে/তোমাকে বেছে নেয়। ইংরেজিতে পদবিন্যাসরীতি হল S+V+O। তার মানে, পদবিন্যাসের দিক থেকে বাংলা ইংরেজির চেয়েও ফরাসির কাছাকাছি।

প্রশ্ন হল, এ ধরনের মিলের হেতু কী? এ কি শুধুই চান্স বা অ্যাকসিডেন্ট? নাকি কোনো সুদূরের আত্মীয়তা? হলফ করেই বলা যায়, দুয়ের মধ্যে কোনো পুরাতাত্ত্বিক সম্পর্ক আছে। বাংলা ও ফরাসি উভয়ই ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারভুক্ত। এই পরিবারের দুই ঠাকুরদাদা সংস্কৃত ও ল্যাটিন। ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রথমটি থেকে জাত হয়েছে বাংলা (এবং অন্যান্য ভারতীয় ভাষাসমূহ) এবং দ্বিতীয়টি থেকে ফরাসি (এবং অন্যান্য রোমান্স ভাষাসমূহ)। অর্থাৎ, বাংলা ও ফরাসি দূরসম্পর্কীয় কাজিন। কিন্তু সময় এদের অবয়ব এতটাই বদলে দিয়েছে যে এখন তাদের পরস্পরকে চেনার উপায় নেই। এখন একে অপরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে একজন বলবে– 'আমি তোমাকে চিনি না।' আরেকজন বলবে– 'জো ন ত কনে পা।'