২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সত্য ও সত্তা : আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ

omor_sams

Published : 08 May 2013, 03:02 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

১. উপক্রমণিকা
নিরঙ্কুশ সত্য নিয়ে বিজ্ঞানের কারবার নয়। 'সত্য'র মধ্যে যে নিত্যতা, ধ্রুবত্ব এবং অখন্ডত্বের আভাস রয়েছে, বিজ্ঞান তার সন্ধান বা বিশ্লেষণ দিতে পারে না। বরং পারে ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতায়, তা প্রত্যক্ষ বা পরোক্ষ যা-ই হোক, তার প্রাকৃতিক ঘটনার কারণিক ব্যাখ্যা দিতে । ঘটনা প্রাকৃতিক, অতএব স্বতঃসিদ্ধ হচ্ছে যে, তা পরীক্ষাগারে পরীক্ষা দ্বারা বারবার পুনরাবৃত্ত করা সম্ভব। এ-ও সিদ্ধ যে বৈজ্ঞানিক ব্যাখ্যার স্বয়ংসম্পূর্ণতার সীমানা রয়েছে। প্রাকৃতিক ঘটনাকে বুঝে ওঠার চেষ্টার ক্রমপরিণতি হিসেবে সতেরো শতকে নিউটনী গ্রাভিটেশন তত্ত্বের বিকাশ ও প্রতিষ্ঠার মধ্যে দিয়ে স্পষ্ট করে বোঝা গ্যালো বিজ্ঞান কি এবং বৈজ্ঞানিক তত্ত্বের চারিত্র্য কি।১

এই অধিষ্ঠানের সারমর্ম হচ্ছে :
 বিজ্ঞানের বিষয় প্রাকৃতিক ঘটনা। প্রাকৃতিক ঘটনা বহির্জাগতিক কিংবা ইহজাগতিক কোনো সত্তা বা শক্তির কর্তৃত্বাধীন নয়।
 প্রাকৃতিক ঘটনার অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে মানুষী ইন্দ্রিয়গ্রাহ্য অথবা অপ্রত্যক্ষভাবে যান্ত্রিক নিরীক্ষায় গৃহীত। এখানে প্রত্যক্ষ বলতে গ্যালিলিওর 'মুদ্রা-পালক' জাতীয় পরিমাপ যা চোখে দেখা যায় এবং পরোক্ষ বলতে সাইক্লোট্রনে ঘটিত চোখে না-দেখা ইলেকট্রন-প্রোটনের গতির দাগের প্রমাণের মতন বোঝানো হচ্ছে।
 একই পরিবেশে একই ঘটনা পৌনঃপুনিকভাবে একই ফলপ্রসূ এবং নিরীক্ষ্য।
 বৈজ্ঞানিক তত্ত্ব যৌক্তিক হবে এবং সব-সময়ই পরীক্ষা-নিরীক্ষায় প্রামাণ্য হতে হবে।
উপর্যুক্ত সূত্র ধরে যে লক্ষ্য বিজ্ঞানী অধিষ্ঠিত করেন, সেটাকে সত্য উপাধি দেয়া হয় না। বরং সেটা জ্ঞান অথবা বিজ্ঞান। যদি বৈজ্ঞানিকরা সত্যের, মানে বৈজ্ঞানিক সত্যের উল্লেখ করেন, তবে তাঁরা সবাই সেই ধরনের তত্ত্বই তোলেন যা উল্লেখিত পাঁচটি সূত্রসিদ্ধ। সত্য নিয়ে ভূমিকা এইজন্য যে, এই নিবন্ধের বিষয় হচ্ছে আইনস্টাইন ও রবীন্দ্রনাথের মধ্যে 'সত্য' সম্বন্ধে আলোচনা। উল্লেখ্য, দু'জনের মধ্যে তিন কিংবা চারবার সাক্ষাৎ ঘটে। প্রথম সাক্ষাৎ র্জামানীতে, প্রথম মহাযুদ্ধের পর পর। রবীন্দ্রনাথ এই মিলনের স্মৃতিতর্পণ করেছেন ১৯৩১ এ প্রকাশিত Asia Magazine-এ My Memories of Einstein২ নিবন্ধে।

Image
einstein-in-caputh-m.jpg


দ্বিতীয়বার সাক্ষাৎ ঘটে জুলাই ১৪, ১৯৩০, বার্লিনের কাছে আইনস্টাইনের গ্রীষ্মাবাস কাপুথ (Kaputh)-এ। ড. মেন্ডেলের মাধ্যমে রবীন্দ্রনাথ আইনস্টাইনের বাসগৃহে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে সত্য এবং বাস্তবতা নিয়ে দু'জনের আলোচনা হয়। অমিয় চক্রবর্তী এবং আইনস্টাইনের সৎ-কন্যা মার্গোর স্বামী দিমিত্রি মারিয়ানফ্ এই কথোপকথন লিখে রাখতে পেরেছিলেন।৩
অগাস্ট ১৯, ১৯৩০ দু'জনের আবার সাক্ষাৎ ঘটে বার্লিনে, সম্ভবত ড. মেন্ডেলের বাসায়। এবার জার্মানীর যুব সংগঠনের প্রসঙ্গ তুলে রবীন্দ্রনাথ কথোপকথন শুরু করেন। চতুর্থ সাক্ষাৎ ঘটে সম্ভবত ডিসেম্বর ১৫, ১৯৩০, যখন আইনস্টাইন নিউইয়র্কে এক সপ্তাহ কাটান। অবশ্য এঘটনার কোনো প্রামাণ্য সাক্ষ্য নেই।
জার্মানীতে প্রথম সাক্ষাৎকারের ভাষ্য New York Times-এ G Einstein and Tagore Plumb the Truth৩, এই শিরোনামে প্রকাশিত হয়। দুটি সাক্ষাৎকারের সংযুক্ত ভাষ্য পরে একাধিক পত্রিকায় প্রচারিত হয়। পত্রিকাগুলোর মধ্যে The Modern Review, Asia৪ এবং American Hebrew৫ উল্লেখযোগ্য। The Modern Reviewতে যা ছাপা হয় আইনস্টাইন তাতে কিছুটা অখুশি হন।

একটি সম্পাদিত ভাষ্য The American Hebrewতে পুনঃপ্রকাশিত হয়। আইনস্টাইন প্রথম প্রকাশনার কতকগুলো অংশ ছেঁটে দেন। রবীন্দ্রনাথ ও আইনস্টাইনের আলোচনার যে সব ভাষ্য ছাপা হয়েছে সেগুলোর মধ্যে কিছু অসামঞ্জস্য রয়েছে, আগাগোড়া একের সঙ্গে অন্যের যুক্তি মেলে না। সম্প্রতি The Kenyon Review৬ দিমিত্রি মারিয়ানফ্ এবং অমিয় চক্রবর্তীর সমন্বিত নোট, শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সংরক্ষিত আর্কাইভস ভিত্তি করে বিস্তৃততর সমন্বিত ভাষ্য প্রকাশ করেছে। এই কথোপকথনের অনুবাদ করা হলো নিচে এবং সঙ্গে থাকলো একটি বিশ্লেষণ। উদ্দেশ্য রবীন্দ্রনাথকে আরেকটু ভালো করে বুঝে ওঠা। তাঁর সৃষ্টিকর্মের মূল সুরের সঙ্গে এই সব সত্য'র কি সংযোগ, সেই গ্রন্থির কিঞ্চিৎ উন্মোচনের চেষ্টা। উল্লেখ্য যে আইনস্টাইন-রবীন্দ্রনাথ সংলাপের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ ১৯৩১-এ বিচিত্রা পত্রিকায় বেরিয়েছিল।
নিচের অনুবাদের, [ ] চিহ্নিত অংশগুলি The American Hebrewতে, যা ১৯৩১ সনে বেরোয়, তাতে নেই কিন্তু Kenyon Reviewতে আছে। এই অংশগুলিই সম্ভবত: আইনস্টাইন ছেঁটে দেন। অমিয় চক্রবর্তীর প্রকাশিত ভাষ্য মোটামুটিভাবে উপরোক্ত দুটো ভাষ্যর মাঝামাঝি, এতে প্রথম প্রকাশের চেয়ে সংলাপ এবং তথ্য একটু বেশি, দ্বিতীয়টির সামান্য অংশ বর্জিত।

২. কথোপকথনের অনুবাদ
[র : আপনি অংকশাস্ত্রের দুটো প্রাচীন জিনিস, স্থান এবং কাল-এর অনুসন্ধানে ব্যস্ত। আর আমি এদেশে পরমপুরুষের অনন্ত-শাশ্বত বিশ্ব-সত্যের জগৎ নিয়ে বক্তৃতা দিয়ে ঘুরছি।]
আ : আপনি ঐশী শক্তিকে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হিসেবে বিশ্বাস করেন?
র : বিচ্ছিন্ন নয়। পরমপুরুষের (eternal man) অনন্ত সত্তা বিশ্বপ্রকৃতিকে অনুধাবন করে। এমন কিছুই নেই যা মানবিক সত্তা বুঝতে অপারগ, এবং এটাই প্রমাণ করে যে বিশ্বজগতের সত্য মানবিক সত্য।
[আমি একটি বৈজ্ঞানিক তথ্যের সাহায্য নিয়েছি এই কথাটিকে ব্যাখ্যা করার জন্য।]
বস্তু ইলেকট্রন, প্রোটন এবং তাদের অন্তবর্তী ফাঁক নিয়ে তৈরি। অথচ বস্তুকে নিরেট কঠিন মনে হয়। তেমনি মানবতা অনন্য ব্যক্তিসমূহের যোগাযোগেই সংগঠিত। তবুও সকলের মধ্যে মানুষিক আন্তঃসম্পর্ক রয়েছে যা মানুষের পৃথিবীকে সংহতি এনে দ্যায়। সমগ্র বিশ্ব-চরাচর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যুক্ত এবং এটি মানবিক বিশ্ব। শিল্প, সাহিত্য এবং ধর্মীয় চেতনার মধ্যে দিয়ে আমি এই ভাবনাটিকে অনুধাবন করেছি।
আ : বিশ্বজগতের প্রকৃতি সম্বন্ধে দুটো ধারণা রয়েছে :
১. মানবিকতার ওপর নির্ভরশীল জগৎসত্তা,
২. মানবিকতার ওপর অনির্ভর জগৎসত্তা।
র : যখন বিশ্বজগৎ চিরন্তন পরমপুরুষের সঙ্গে একাত্ম হয় তখন আমরা সত্যকে জানি, একে সুন্দর হিসেবে গ্রহণ করি।
আ : এটা বিশ্বজগতের সম্পর্কে একান্ত মানবনির্ভর ধারণা।
[র : অন্য কোন ধারণা থাকতে পারে না। জগৎ হচ্ছে মানবিক জগৎ, এর বৈজ্ঞানিক ধারণা বৈজ্ঞানিক মানুষেরই। অতএব আমাদের ত্যাজ্য করে জগতের অস্তিত্ব অবান্তর, কেননা জগৎসত্তার বোধ আপেক্ষিক, এবং এর বাস্তবতা আমাদের চৈতন্যনির্ভর। সত্যতা দেওয়ার জন্য যুক্তি এবং বোধের একটা মানদণ্ড রয়েছে : তা হচ্ছে পরম পুরুষের মানদণ্ড, যাঁর অনুভব আমাদের অনুভবের মধ্যে দিয়েই প্রবাহিত।
আ : এটি মানব সত্তা সম্পর্কে প্রকাশিত ধারণা ]
র : হ্যাঁ তা এক অনন্ত সত্তার ধারণা। তাঁকে আমাদের মানসিক চৈতন্য এবং কর্মের মধ্যে দিয়ে গ্রহণ করি, আমাদের সসীমতার মধ্যে পরমপুরুষের অসীমতাকে গ্রহণ করি। ব্যক্তির মধ্যে যা সীমিত নয় বিজ্ঞান তাই নিয়ে সচেষ্ট; সেটি নৈর্ব্যক্তিক সত্যের বিশ্বজগৎ। ধর্ম এই সব সত্যকে সজ্ঞাত করে এবং মনের গভীরতর আর্তির সঙ্গে স¤পৃক্ত করে, ব্যক্তিগত চৈতন্য মহাজাগতিক মূল্য অর্জন করে। ধর্ম সত্যকে মূলোত্তীর্ণ করে : ঐক্য-সুসামঞ্জস্যের ভিতর দিয়ে সত্যকে মঙ্গল হিসেবে আমরা জানতে পারি ।
আ : তা হলে সত্য বা সৌন্দর্য নৈর্ব্যক্তিক নয়।
[র : না ।
আ : মানুষ যদি না থাকতো তাহলে বেলভিডিয়ারের অ্যাপোলো সুন্দর বিবেচিত হতো না? ]
র : না।
আ : সৌন্দর্যবোধ সম্পর্কে আমি এক মত, কিন্তু সত্য সম্পর্কে নয়।
র : কেন নয়? সত্য তো মানুষের মধ্যে দিয়েই গৃহীত হয়।
[আ : আমার ধারণার কোনো প্রমাণ দিতে আমি অপারগ, কিন্তু সেইটে আমার বিশ্বাস।]
র : সৌন্দর্য হচ্ছে ঐক্য-সুসামঞ্জস্যের শ্রেষ্ঠ আদর্শ এবং সেইটেই বিশ্বপুরুষের মধ্যে প্রবাহিত। আমাদের সমন্বিত অভিজ্ঞতার সূত্র ধরে ব্যক্তিবিশেষে আমরা তাঁকে উপলব্ধি করি আমাদের আলোকিত চৈতন্যে; এ ছাড়া আমরা কি ভাবে সত্যকে চিনতে পারবো?]
আ : বিজ্ঞান দিয়ে আমি প্রমাণ করতে অপারগ যে, সেই সত্যই সত্য বলে নির্ধারিত হবে যা মানবিকতার অপরোক্ষ। কিন্তু একথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেমন জ্যামিতির পিথাগোরাসের উপপাদ্য এমন কিছু প্রস্তাব করে যা মানুষের
অস্তিত্ব ব্যতিরেকেও প্রায় সত্য। যা হোক, মানবিকতার বাইরে যদি কোন বাস্তব থেকে থাকে, তবে ঐ বাস্তবের আপেক্ষিক একটি সত্যও রয়েছে। একইভাবে প্রথম বক্তব্যের নেতি সম্পূরক যুক্তির বিলোপ ঘটায়।
র : [ভারতীয় দর্শন অনুসারে পরমসত্য ব্রহ্ম বিদ্যমান, যাকে বাক্যে বর্ণনা করা যায় না, অথবা ব্যক্তিগত মনকে বিচ্ছিন্ন করে যাকে বোঝা যায় না; তাঁকে অনন্ত সত্তার সঙ্গে ব্যক্তিসত্তার পরিপূর্ণ মিলনেই লাভ করা সম্ভব। কিন্তু এই ধরনের সত্য বিজ্ঞানের জগতের নয়।] সত্যের যে ধরনের চারিত্র্য আমরা আলোচনা করছি, সেটি একটি আবির্ভাব, মানে মানবিক মনে যা সমুদ্ভাসিত হয়, এবং সেহেতু তা মানবিক। একে মায়া বলা যেতে পারে।
[আ : তা হলে আপনার ধারণা অনুযায়ী, যেটা ভারতীয় ধারণা হতে পারে, এ কোন ব্যক্তিগত মায়া নয়, সমগ্র মানবত্মার মায়া।
র : মানব-প্রাণীও ঐক্যবোধে পরমপুরুষকে পায়। সেই জন্য সমগ্র মানবিক সত্তা সত্যকে উপলব্ধি করে, ভারতীয়-ইউরোপীয় সত্তা একই অনন্য উপলব্ধিতে মিশে যায়।
আ : প্রাণী শব্দটি জার্মান ভাষায় সকল মানুষকে বুঝায়; আসলে বানর কিংবা ব্যাঙও সেই গোত্রে পড়ে।
র : বিজ্ঞানে আমরা ব্যক্তিবিশেষে সসীমতাকে অতিক্রম করার সাধনা করি। আর সেই সূত্রে সত্যকে পাই যা পরমপুরুষের অন্তর্সত্তার অন্তগত।]
আ : সমস্যার শুরু হয় তখন, যখন জিজ্ঞাসা ওঠে যে সত্য মানুষের সজ্ঞানতার নিরপেক্ষ কি না।
র : আমরা যাকে সত্য বলি তা সত্তা-নিরপেক্ষতা এবং সত্তা-সাপেক্ষতা এই দুটোর সমঝোতার মধ্যে নিহিত। এবং এই দুই দৃষ্টিই পরমপুরুষের সঙ্গে সংযুক্ত।
আ : আমাদের দৈনন্দিন জীবনে যে সব বস্তু আমরা ব্যবহার করি সেগুলোকে একটা মানবোত্তর বাস্তবতা আরোপ করতে বাধ্য হই। এটা করি আমাদের ইন্দ্রিয়জ অভিজ্ঞতাকে সংহতি দিতে। যেমন, যখন বাড়ীতে কেউ নেই তখন টেবিলটা কিন্তু যেখানে ছিলো সেখানেই থাকে।
র : হ্যাঁ, ব্যক্তি মনের বাইরে থাকে কিন্তু পরমপুরুষের মনের বাইরে নয়। আমার যে চৈতন্যবোধ রয়েছে সেই একই চৈতন্যে আমি টেবিলটিকেও অনুভব করি।
আ : [কেউ যদি বাড়িতে নাও থাকে, তাহলেও টেবিলটির অস্তিত্ব কিন্তু থাকবে। কিন্তু আপনার দৃষ্টিতে সেটা বেঠিক, কেননা আমরা থাকা ব্যতিরেকে টেবিলের বিদ্যমানতা অযৌক্তিক।] মানবতানিরপেক্ষ সত্যের অস্তিত্ব সম্পর্কে আমাদের স্বাভাবিক বোধ ব্যাখ্যা কিংবা প্রমাণ দিতে পারে না। কিন্তু এই বিশ্বাস কেউ ত্যাগ করতে পারে না, এমন কি আদিবাসীরাও। সত্যকে আমরা পরিষ্কার বলতে পারি না যে তার অর্থ কি।

Image
einstein-tagore-omar.jpg


র : [ বিজ্ঞান প্রমাণ করেছে যে, কঠিন বস্তু, টেবিল একটি প্রতিভাষ (appearance)। অতএব মানবিক মন যাকে টেবিল হিসেবে অনুভব করে তার অস্তিত্ব থাকবে না যদি মন না থাকে। সঙ্গে-সঙ্গে স্বীকার করতে হবে যে, টেবিলের চূড়ান্ত বাস্তব সত্তা কতগুলো তড়িৎ শক্তির ঘূর্ণায়মান কেন্দ্র ছাড়া কিছুই নয়, এবং সেগুলোও মানব মনের অন্তর্ভুক্ত।] সত্যের উপলব্ধির ক্ষেত্রে পরমপুরুষের মানব (universal human mind) এবং ব্যক্তিক মানুষী মনের (mind confined in the human individual) মধ্যে নিরন্তর দ্বৈত রয়েছে। বিজ্ঞান , দর্শন এবং নীতিশাস্ত্রে সমঝোতার চিরন্তন চেষ্টা চলছে। যা হোক, যদি কোনো সত্য বিদ্যমান থাকে যা মানবিকতার সঙ্গে সম্পূর্ণ বিশ্লিষ্ট, তবে আমাদের জন্য তা চরমভাবে অনধিষ্টিত। [এমন কোনো মন কল্পনা করা কঠিন নয় যাতে ঘটনা পরম্পরা স্থানে না ঘটে কালে ঘটে, যেমন সংগীতের স্বর রচনায় এমনটা হয়ে থাকে। এই ধরনের চিন্তায় বাস্তবতা বরং সাংগীতিক সত্যের অনুরূপ এবং সেখানে পিথাগোরাসের জ্যমিতির কোনো অর্থ নেই। কাগজের অস্তিত্ব সাহিত্যের অস্তিত্বের চেয়ে কতো পৃথক। কাগজভুক কীটের জন্য সাহিত্য নিরর্থক, অথচ মানুষের জন্য কাগজের চেয়ে সাহিত্যের সত্য-মূল্য অনেক বেশি। ] একইভাবে, যদি কোনো সত্য থেকে থেকে যার সঙ্গে মানুষী মনের কোনো ইন্দ্রিয়গত বা যুক্তিসম্মত সম্পর্ক নেই, তবে সেটা যতোদিন মানুষ আছে ততোদিন অনর্থকই রইবে।
আ : তা হলে আপনার চেয়ে আমি বেশি ধার্মিক।
র : আমার ধর্ম হচ্ছে ব্যক্তিসত্তার সঙ্গে পরমপুরুষের, বিশ্বপুরুষসত্তার সামঞ্জস্য সমন্বয়। হিবার্ট বক্তৃতায় এইটেই আমার বিষয়, যাকে আমি নাম দিয়েছি 'মানুষের ধর্ম'।

৩. ব্যাখ্যান
রবীন্দ্রনাথ ঠাকুর অক্সফোর্ডের ম্যানচেষ্টার কলেজে মে ১৯, ২১ ও ২৬, ১৯৩০ হিবার্ট বক্তৃতা দিয়েছিলেন। বিষয় Religion of Man৭ বা মানুষের ধর্ম, যেগুলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি পেশ করেছিলেন। ইংল্যান্ড থেকে জুলাই মাসে তিনি বার্লিন যাত্রা করেন। কাপুথে আইনস্টাইনের গ্রীষ্মাবাসে জুলাই ১৪, তাঁদের পারস্পরিক সাক্ষাৎ এবং কথোপকথন হয়। এই কথোপকথনের সারবত্তা বুঝতে হলে, 'মানুষের ধর্ম' নিবন্ধের বিষয়বস্তু ভিত্তি এবং সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের রচনার ওপর, বিশেষ করে তাঁর কবিতা ও গানের ওপর যে ছত্রছায়া ফেলেছিলো–তার উপলব্ধির প্রয়োজন আছে। স্মরণ রাখতে হবে যে, হিবার্ট বক্তৃতা দেবার দেড় মাস পরেই তিনি জার্মানীতে যান। আবু সয়ীদ আইয়ুব৮ মন্তব্য করেছেন, "রবীন্দ্রনাথ সে সব ধর্ম-ভাবনার ভিতর দিয়ে তাঁর সাধনার পথ কেটে এগিয়েছিলেন, তাতে ইতিপূর্বে কোথাও তিনি আধুনিক বিজ্ঞানের অভিঘাত খুব একটা অনুভব করেন নি। ব্রাহ্মধর্মে নয়, হিন্দুধর্মে নয়, গীতাঞ্জলির প্রেমধর্মে নয়; এই 'মানুষের ধর্ম' পর্বে এসেই বৈজ্ঞানিক চিন্তার সঙ্গে তাঁর ধর্মচিন্তার সংঘাত বাধলো।"
আসলে কোনো সংঘাত বাধে নি। বরং তিনি হয়তো বিজ্ঞানের পক্ষ থেকে তাঁর নিজস্ব শ্রেয়বোধ চিন্তায় কোনো রকমের সমর্থন পাওয়া যায় কি-না তাই নিয়ে ভাবছিলেন। নয়তো বিজ্ঞানে 'সত্য' সম্পর্কে কোনো, বা কি ধারণা আছে তা জানতে চাচ্ছিলেন।
'মানুষের ধর্ম'৯ নিবন্ধের নির্যাস, 'পরমপুরুষ', 'ব্যক্তিগত মানুষ নয়, সে বিশ্বগত মানুষের একাত্ম' 'তথা মানুষের সম্বল কিন্তু সত্য তার ঐশ্বর্য', 'অসীমের সঙ্গে সীমার একাত্ম প্রকাশ'–এই সব উপাদান আসলে রবীন্দ্রনাথের কবিতামসগ্র, গান এবং অনেক প্রবন্ধাবলীর মধ্যেকার প্রধান সূত্র। 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' থেকে 'মানস-সুন্দরী', 'জীবন দেবতা' অবশেষে 'পরমপুরুষ' অভিষেক অব্দি এই রাবীন্দ্রিক সারবত্তার প্রকাশ ও বিস্তৃতি।
এই রবীন্দ্রবোধের উৎস অবশ্যই উপনিষদ। তাঁর নিজের কথা স্মরণ করা যাক, "সেইটেকেই বড়ো করে দেখো যে ইতিহাস সৃষ্টিকর্তা ও মানুষের সারথ্যে চলেছে বিরাটের মধ্যে, ইতিহাসের অতীত সেই মানবের আত্মার কেন্দ্রস্থলে, আমাদের উপনিষদ সে কথা জেনেছিলো এবং সেই উপনিষদের কাছ থেকে আমি যে বাণী গ্রহণ করেছি সে আমিই করেছি, তার মধ্যে আমারই কর্তৃত্ব।"
জোড়াসাঁকো বাড়ীর ব্রাহ্ম পরিবেশে, পিতা দেবেন্দ্রনাথের সাহচর্যে এমনি বিশ্বাস লাভ করে বড়ো হয়েছিলেন রবীন্দ্রনাথ। নিজের অন্তরে তা লালন করেছিলেন এবং দীর্ঘ আশি বছরের কবিতা ও গানের সারা ভুবনের মধ্যে একাত্ম হয়ে আছে জীবনদেবতা, মনের মানুষ, পরমপুরুষ, বিশ্বপুরুষ। এই উপনিষদীয় দর্শনের সারমর্ম হচ্ছে :
ক. নিরঞ্জন নিরাকার পরমপুরুষ (পরমেশ্বর ব্রহ্ম) নিজেকে সৃষ্টির মাধ্যমে প্রকাশ করেছেন। সৃষ্টির পরম পরিণতি পুনরায় ব্রহ্মত্বে বিলীন হয়ে যাওয়া। এই আবর্তনের প্রক্রিয়াই 'লীলা' বা 'মায়া'।
খ. পরমপুরুষের সঙ্গে ব্যক্তিপুরুষের সংযোগ ঘটে আত্মায়।
গ. ব্যক্তিপুরুষের গৃহীত বোধ, জ্ঞান যখন বিশ্বজাগতিক মূল্য, আনন্দ, নিত্যতায় একাত্ম হয় তখনই ব্যক্তিগত সত্য পরমপুরুষের সত্যে উত্তীর্ণ হয়।
নীচে কিছু উদ্ধৃতি দেয়া হলো রবীন্দ্রনাথের কতগুলো বিশিষ্ট রচনা থেকে যেগুলোতে তাঁর বোধ এবং আত্মদর্শন খুব স্পষ্ট করে বিবৃত।
১. 'যে সুর অসীম হইতে বাহির হইয়া সীমার দিকে আসিতেছে তাহাই সত্য, তাহাই মঙ্গল, তাহা নিয়মে বাঁধা, আকারে নির্দিষ্ট; তাহারই যে প্রতিধ্বনি সীমা হইতে অসীমের দিকে পুনশ্চ ফিরিয়া যাইতেছে তাহাই সৌন্দর্য, তাহাই আনন্দ। জীবনস্মৃতি
২. 'এই ভূলোক, অন্তরীক্ষ, আমি তারই সঙ্গে অখন্ড। এই বিশ্বব্রহ্মাণ্ডের আদি-অন্তে যিনি আছেন তিনিই আমাদের মনে চৈতন্য প্রেরণ করেছেন। চৈতন্য ও বিশ্ব, বাহিরে ও অন্তরে সৃষ্টির এই দুই ধারা একই ধারায় মিলেছে। . . . এমনি করে ধ্যানের দ্বারা যাঁকে উপলব্ধি করেছি তিনি বিশ্বাত্মাতে আমার আত্মাতে চৈতন্যের যোগে যুক্ত।' 'মানুষের ধর্ম'
৩. …'আপন সত্তার মধ্যে দুটি উপলব্ধির দিক আছে। এক যাকে বলি আমি, আর তারই সঙ্গে জড়িয়ে মিশিয়ে যা-কিছু, যেমন আমার সংসার, আমার দেশ, আমার ধনজনমাল, এই যা-কিছু নিয়ে মারামারি কাটাকাটি ভাবনা-
চিন্তা। কিন্তু পরমপুরুষ আছেন, সেই সমস্তকে অধিকার করে এবং অতিক্রম করে…। বিশ্বদেবতা আছেন তাঁর আসন লোকে, গ্রহচন্দ্রতারায়। জীবনদেবতা বিশেষভাবে জীবনের আসনে, হৃদয়ে হৃদয়ে তাঁর পীঠস্থান সকল অনুভূতি সকল অভিজ্ঞতার কেন্দ্রে। …আমার মন যে সাধনাকে স্বীকার করে তার কথাটা হচ্ছে এই যে, আপনাকে ত্যাগ না করে আপনার মধ্যেই সেই মহান পুরুষকে উপলব্ধি করার ক্ষেত্র আছেÑতিনি নিখিল মানবের আত্মা। তাঁকে সম্পূর্ণ উত্তীর্ণ হয়ে কোনো মানব বা অতিমানব-সত্যে উপনীত হওয়ার কথা যদি কেউ বলেন, সে কথা বোঝবার শক্তি আমার নেই। কেননা আমার বুদ্ধি মানববুদ্ধি। আমার হৃদয় মানবহৃদয়, আমার কল্পনা মানবকল্পনা। তাকে যতই মার্জনা করি, শোধন করি, মানবচিত্ত তা কখনোই ছাড়তে পারে না। আমরা যাকে বিজ্ঞান বলি তা মানববুদ্ধিতে প্রমাণিত বিজ্ঞান । আমরা যাকে ব্রহ্মানন্দ বলি তাও মানবের চৈতন্যে প্রকাশিত আনন্দ। এই বুদ্ধিতে এই আনন্দে যাঁকে উপলব্ধি করি তিনি ভূমা, কিন্তু মানবিক ভূমা। তার বাইরে অন্য কিছু থাকা না থাকা মানুষের পক্ষে সমান।'
—মানুষের ধর্ম

উপরোক্ত উদ্ধৃতির থেকে এটা স্পষ্ট যে, রবীন্দ্রনাথ আইনস্টাইনের সঙ্গে যে আলাপ করেছিলেন তার সারার্থ কবির উপনিষদীয় সত্তা, সত্য এবং শ্রেয়োবোধ সঞ্জাত। একজন কবি এবং একজন বিজ্ঞানী 'সত্য' নিয়ে সংলাপ করেছেন, অথচ তাঁদের দুজনের 'সত্য'র সংজ্ঞা আমূল পৃথক। আইনস্টাইনের পক্ষে বৈজ্ঞানিক সত্য-র কথা বলাই সম্ভব। যার প্রায় দু-হাজার বছরের ভিত্তি ইউক্লিড-আর্কিমিডিস থেকে নিউটন পর্যন্ত। এই সত্যের বিশ্বাস প্রাকৃতিক নিয়মাবলীর অস্তিত্ব এবং কারণিক বাস্তবতার (Objective Reality) অস্তিত্বের স্বতঃসিদ্ধির ওপর দাঁড় করানো। একথাও স্মরণযোগ্য যে, স্বয়ং আইনস্টাইন তাঁর

রিলেটিভিটির মাধ্যমে স্থান ও কালের Objective Reality মূর্ত করেছিলেন। এটা প্রমাণ করে যে, Absolute Space এবং Absolute Time-এর নিউটনী ধারণা ভুল। আইনস্টাইন তাঁর স্বল্প বক্তব্যে মানবিকতা-অনির্ভর জগৎসত্তাকে স্বীকার করেছেন এবং তার ভিতর থেকে যে প্রাকৃতিক সত্য বেরোতে পারে সে-দিকে ইঙ্গিত করেছেন।

রবীন্দ্রনাথের 'সত্য' কোন কারণিক বাস্তবতাজনিত নয়। এটি উপনিষদীয় তত্ত্ব আরোপিত, যেখানে পরমপুরুষের অস্তিত্বের এবং তাঁর শ্রেয়োবোধের বা গুণাগুণের প্রবর্তনাকে প্রাথমিকভাবে স্বীকার করে নিতে হবে। এটি Emotional Belief, কোনো কারণিক বাস্তবতার বিশ্বাস নয়। রবীন্দ্রনাথ যেখানে বলেছিলেন পরমপুরুষ, পরম পুরুষের সঙ্গে ব্যক্তির সম্পর্কের, এমনকি 'মায়া' প্রভৃতির চরিত্র সম্পর্কে, সেখানে আইনস্টাইন তার খুঁটিনাটি না বুঝলেও রাবীন্দ্রিক বক্তব্যের সারবত্তা ঠিকই ধরতে পেরেছিলেন। সেই জন্য, তিনি নিজে আরও 'বেশি ধার্মিক' – অর্থাৎ কারণিক বাস্তবতায় তাঁর বিশ্বাস আরো দৃঢ়, এই বলে বক্তব্য শেষ করেছিলেন।

পরমপুরুষের সঙ্গে ঐক্য-সামঞ্জস্য–এগুলো রবীন্দ্রনাথের উপনিষদসঞ্জাত ধ্যান-ধারণা। কিন্তু তিনি যখন বলেন, সত্য 'মানবিক' এবং 'সত্য তো মানুষের মধ্যে দিয়েই গৃহীত হয়', তখন তাঁর উপলব্ধি এবং সংজ্ঞা খুব স্পষ্ট হয়ে ওঠে না। কেননা তিনি এই 'গৃহীত হয়' প্রক্রিয়াকে কেবলমাত্র পরীক্ষা-নিরীক্ষা হিসেবে ধরেন না। তিনি 'মানববুদ্ধিতে প্রমাণিত বিজ্ঞান' এবং 'ব্রহ্মানন্দ…মানবের চৈতন্যে প্রকাশিত আনন্দ' এ দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলেন। সেই জন্য 'সত্য'র সঙ্গে যে 'মানবিক' বিশেষণ জুড়ে দ্যান, তার ধারণা বিজ্ঞানের মানবিক ইন্দ্রিয়জ অভিজ্ঞতার বাইরে অন্য কোন ক্ষেত্রে স্থাপিত। সেটা মানসিক সত্য হতে পারে, কিন্তু কারণিক সত্য নয়।

বিভিন্ন পণ্ডিত ভাষ্যকার রবীন্দ্রনাথ-আইনস্টাইনের কথোপকথনকে নানাভাবে ব্যাখ্যা করেছেন; অনেক সময় কোয়ান্টাম মেকানিক্স্ সম্পর্কে আইনস্টাইনের মতামত টেনে এনে তার ব্যাঙ্গ করেছেন। এইসব আলোচনা অসঙ্গত এবং অপ্রাসঙ্গিক। তথ্যসূত্র ১৬-তে এই ব্যাপারে আরো আলোচনা দেয়া হলো।

তথ্যসূত্র
১. Bertrand Russell, The Impact of Science on Society, George Allen & Unwin Ltd.
২. Rabindranath Tagore, `My Memories of Einstein', Asia, 1931
৩. Amiya Chakravarty, ed. . A Tagore Reader, Boston University Press, 1961
৪. Dimitri Marianoff, New York Times Magazine, August 10, 1930
৬. The Modern Review, January 1931
৭. Nature of Reality, American Hebrew, 11 September, 1931
৮. Portfolio: Einstein and Tagore, The Kenyon Review, vol. xxiii, number 2, 2001

৯. Rabindranath Tagore, The Religion of Man, George Allen & Unwin Ltd.

১০. আবু সায়ীদ আইয়ুব, পান্থজনের সখা, পৃ. ১৫৪, দে'জ পাবলিশিং, ১৯৮৪। এই বইয়ের নাম প্রবন্ধে রবীন্দ্রনাথের 'মানুষের ধর্ম' আলোচনা করেছেন আইয়ূব। যুক্তিÑতর্ক দিয়ে সংগতি-সম্পন্ন করতে চেয়েছেন রাবীন্দ্রিক বক্তব্য; কোথাও খুব মৃদুভাবে অসংগতির উল্লেখ করেছেন।
১১. রবীন্দ্রনাথ ঠাকুর, 'মানুষের ধর্ম' রবীন্দ্ররচনাবলী, দশম খণ্ড, বিশ্বভারতী, ১২৫তম জন্ম-জয়ন্তী সংস্করণ
১২. রবীন্দ্রনাথ ঠাকুর, 'জীবনস্মৃতি,' ঐ নবম খণ্ড
১৩. Stephen W. Hawking, A Brief History of Time, Bantam Books.1988
১৪.Roger Penrose, The Emperor's New Mind, Oxford University Press, p 385
"I have made no bones of the fact that I believe that the resolution of the puzzles of quantam theory must lie in our finding an improved theory. Though this is perhaps not the conventional view, it is not an altogether unconventional one. (Many of quantum theory's originators were also of such a mind. I have referred to Einstein's views. Schrodinger (1935), de Broglie (1956), and Dirac (1939) also regarded the theory as provisional.)"
১৫. M. Gell-Mann. The Quark and the Jaguar, W.H.Freeman & Co. 1994
১৬. Krishna Dutta & Andrew Robinson, Myriad- Minded Man, St. Martins Press, 1995

১৭. এই নিবন্ধটি ২০০২ সালে প্রাথমিকভাবে লেখা হয়েছিল; ঘরোয়াভাবে ঢাকায় এবং নিউ জার্সিতে পঠিত হয়। বর্তমান লেখাটি পরিবর্ধিত। লক্ষ্য করেছি একই বিষয়ে ড. অজয় রায় একটি লেখা (রবীন্দ্রনাথের আইনস্টানের সাক্ষাৎকারের অনুবাদসহ) সম্প্রতি প্রকাশ করেছেন। কিন্তু তাঁর দৃষ্টিভঙ্গি এই লেখার থেকে বেশ কিছুটা পৃথক।
১৮. অন্যান্য ভাষ্যকার :
এইসব আলোচনা কৌতূহলের হয়েও তাৎপর্যময় হতে পারে, কিন্তু তা সঙ্গে সঙ্গে আশঙ্কারও বটে। আইনস্টাইন-রবীন্দ্রনাথের এই আলোচনা পরবর্তীকালে নানাজন নানাভাবে ব্যাখ্যা করেছেন, যার ফলাফলটা অনেক সময় অন্ধের হাতি দেখার মতো অথবা কুরোশাওয়ার 'রাসোমন' সিনেমার মতো, যেখানে একই ঘটনা দুই জীবিত এবং এক মৃত প্রত্যক্ষদর্শীর কাছে ভিন্ন। এই ব্যাপারটা এবং কথাটার একটু বিশদ ব্যাখ্যার প্রয়োজন আছে।

আইনস্টাইন যা বলেছিলেন এবং যা বিশ্বাস করতেন তা হলো প্রাকৃতিক বিশ্ব রয়েছে, মানুষ থাকুক চাই না থাকুক। আর রয়েছে প্রাকৃতিক নিয়মাবলী, যা অনুযায়ী প্রাকৃতিক ঘটনা সব ঘটছে। বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে ঐ প্রাকৃতিক নিয়মগুলিই 'সত্য', যদিও বিজ্ঞানে ঠিক 'সত্য' শব্দটি ব্যবহার হয় না। মানুষ 'হোমো স্যাপিয়েন' হিসেবে ৫০-৬০ হাজার বছর ধরে টিকে আছে। তার আগেও তো বিশ্বÑপ্রকৃতি ছিল, অ্যামিবারও আগে। সুতরাং এই যুক্তি অস্বীকার করতে গেলে ঝামেলা আছে।
কিন্তু গোঁজামিল বেঁধেছে এইজন্য যে, কোয়ান্টাম মেকানিক্সে 'অনিশ্চয়তা সূত্র' বলে একটি বিষয় আছে। এটিকে ঐ শাস্ত্রের একটি স্তম্ভ বলা যেতে পারে। কিন্তু এই বিষয়ের যে-ব্যাখ্যা নীল বোর পেশ করেন, আইনস্টাইন সেটিকে ঠিক মেনে নেন নি। সেই জন্য কোয়ান্টাম মেকানিক্সে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেও (ফোটোÑইলেকট্রিক ঘটনায় আলোর কণিকা চরিত্র) পরে তিনি কোয়ান্টাম মেকানিক্সের গবেষণা থেকে সরে যান। এই বিষয়গুলো বৈজ্ঞানিক ভাষা ছাড়া সঠিকভাবে আলোচনা করা সম্ভব নয়। স্টিফেন হকিংÑএর বক্তব্য স্মরণ করা
যাক :: "The uncertainy principle had profound implications for the way in which we view the world. Even after more than fifty years they have not been fully appreciated by many plilosophers and are still the subject of much controversy."
অনিশ্চয়তা সূত্র পরোক্ষ-এক্সপেরিমেন্ট এবং গাণিতিক প্রয়োগের দিক থেকে পদার্থ বিজ্ঞানের অধিষ্ঠিত স্বীকৃত বিষয়, কিন্তু এর ব্যাখ্যার বিষয়ে শেষ কথা হয়তো এখনো বলা হয় নি । (এ প্রসঙ্গে তথ্যসূত্র পর্যায়ে ১২, ১৩ দ্রষ্টব্য।)
কৃষ্ণ দত্ত এবং অ্যান্ড্রু রবিনসন যখন লেখেন, "But equally true is that Einstein's basic view of sub-atomic nature has been abandoned by most quantum physicists, who have adopted a position that bears condiderable resemblance to the one taken by Tagore,"
তখন গূঢ় বৈজ্ঞানিক বিষয়ের জনপ্রিয় ধারণা ও আলোচনার সংকট মূর্ত হয়ে পড়ে। আইনস্টাইনের 'basic view of subatomic nature' সাদামাটা ইংরেজী গদ্যে গণিতবিনা অপ্রকাশ্য। তেমনি রবীন্দ্রনাথের 'সত্য' সম্পর্কিত ধারণাও 'পরমাত্মা,' 'পরম পুরুষ' এইসব থিওলজিকাল ভাববাদ সম্পৃক্ত। রবীন্দ্রনাথ যা বুঝেছিলেন, যাকে তিনি 'কবির দর্শন' বলেছিলেন তা বোধ হয় আমরা তাঁর গীতাঞ্জলি পর্বের কবিতা এবং গানের মধ্যে দিয়েই উত্তমভাবে বুঝি, বরং বলা উচিত অনুভব করি। আর আইনস্টাইনের বক্তব্যকে সম্যক বুঝতে হলে তাঁকে বিজ্ঞানের ভাষায় এবং যুক্তিতেই বুঝতে হবে।

Image
Flag Counter