মুহম্মদ নূরুল হুদা-র নতুন অধ্যায়
ষাটের প্রথম সারির কবিদের অন্যতম কবি মুহম্মদ নূরুল হুদার সাহিত্য চর্চার প্রকৃতি বহুধা-বিস্তৃত। তাঁর সম্পর্কে গদ্য লেখায় তাই কিছুটা হলেও বিস্তৃতির দাবী রাখে। তাঁর গদ্যের দিকে যদি দৃষ্টি নিবদ্ধ করি, দেখবো তাঁর গদ্য বহু ধারায় প্রবাহিত। অবলীলায় লিখেছেন যে কোনো অনুষঙ্গকে সামনে নিয়ে। সামান্য ক'টি ছোটগল্প লিখেছেন, জন্মজাতি(১৯৮৪) ও মৈন পাহাড় (১৯৯৫) শিরোনামের দুটি উপন্যাসও লিখেছেন; যে উপন্যাস দুটিতে তিনি তাঁর ঘনিষ্ঠ জনগোষ্ঠীর ইতিহাস- ঐতিহ্য- কিংবদন্তী- লোকাচারকে আশ্রয় করে সমকালে দাঁড়িয়ে চিরকালীনতার প্রান্তে পৌঁছে গেছেন সহসাই। উপন্যাস দু'টি সরাসরি তাঁর আত্মজীবনী না হলেও বহুলাংশেই তাঁর নিজের এবং আপনজনদের জীবনঘনিষ্ঠ। কেবল উপন্যাস দু'টি নয়, তাঁর রচনায় বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজীবনের নানান আচর-অনুষ্ঠান ও সংস্কৃতির নিবিড় চিত্র ঘনিষ্ঠ কলমের আঁচড়ে উচ্চারিত হয়েছে। ১৯৮১-তে প্রকাশিত তাঁর পঞ্চম কাব্য আমরা তামাটে জাতি কবিকে 'জাতিসত্তার কবি' অভিধায় পরিচিত করে তুললেও একই বিষয়ের কবিতা কবির পূর্বে প্রকাশিত কাব্যেও লক্ষ করা গেছে। কিন্তু এ কাব্যের 'রোদ্দুরে নেয়েছি আর বৃষ্টিতে বেড়েছি/ সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি/ আমরা তামাটে জাতি, আমরা এসেছি।' যেভাবে বাংলার কাব্যানুরাগীদের অন্তর ছুঁয়ে গেছে তেমনটি যেন পূর্ববর্তীদের ভাগ্যে জোটেনি। আমরা তামাটে জাতি প্রকাশিত হয়েছে একত্রিশ বছর আগে; কিন্তু আজো সবাই তাঁকে 'জাতিসত্তার' কবি নামে পরিচিত করাতে চান। তাহলে কি ধরে নেবো এই একত্রিশ বছরে মুহম্মদ নূরুল হুদা নতুন কোনো প্রবল বাঁক সৃষ্টি করতে পারেন নি, যে বাঁকের পরিচয়ে তাঁকে নতুন অভিধায় সম্বোধন করা যায়? বাংলা সাহিত্যের পরম্পরার দিকে তাকালে দেখি কবি নজরুল 'বিদ্রোহী কবি' অভিধায় খ্যাত। 'বিদ্রোহী' কবিতাটি নজরুল লিখেছিলেন যখন তাঁর বয়স মাত্র ২২ বছর। বিদ্রোহী রচনার পরও নজরুল একুশ বছর সাহিত্য চর্চা করেছেন এবং তাঁর কবিতার 'বিদ্রোহী' চারিত্রের সমান্তরালে নিজেকে প্রেমিক কবি অথবা বিরহী কবি হিসেবে তুলে ধরেছিলেন সাফল্যের সাথে; কিন্তু কেউ নজরুলকে 'প্রেমের কবি' অভিধায় চিহ্নিত করেন নি। হয়তো মুহম্মদ নূরুল হুদার ক্ষেত্রেও তেমনটিই হয়েছে। কবির কবিতার ভাষাশৈলী, তাঁর কবিতায় ইতিহাস-ঐতিহ্য ধারণ ক্ষমতা, ছন্দ-প্রকরণ সম্পর্কে আগ্রহ এবং পারঙ্গমতা, কবিতায় রহস্যময়তা সৃষ্টির যোগ্যতা, কবিতার শিল্পগুণ- বিশেষত উপমা-উৎপ্রেক্ষা-অনুপ্রাস-যমক ইত্যাদির ব্যবহার, দার্শনিকতা, পাঠকের সাথে যোগসূত্র স্থাপন ক্ষমতা ইত্যাদি যোগ্যতা কবিকে যোগ্য কবি হিসেবে প্রতিষ্ঠা দেয়; মুহম্মদ নূরুল হুদার কবিতায় এসব অনুষঙ্গের সমাবেশ ঘটেছে যথেষ্টই। এ প্রসঙ্গে ইতোপূর্বেও অন্যত্র আলোচনা করেছি, আজকের আলোচনায় শুধুমাত্র তাঁর কবিতার বাঁক আলোচনার প্রয়াস থাকবে। প্রথম কাব্য শোণিতে সমুদ্রপাত(১৯৭২)-এ কবি যেমন নিজের জাত চিনিয়েছিলেন, সে জাত পঞ্চম কাব্যে চূড়ান্ত হয়; পরবর্তী বাঁক দেখি ষষ্ঠ কাব্য শুক্লা শকুন্তলায় ( ১৯৮৩), শুক্লা শকুন্তলার পর নতুন বাঁকের আভাস পাই দশম কাব্য বারো বছরের গল্প (১৯৮৮) তে; পরবর্তী বাঁক দেখি আমি একটি খাস প্রজাপত্র চাই (২০০৭) কাব্যে; যেটি তাঁর বত্রিশতম কাব্য; আর ২০১২ তে প্রকাশিত তাঁর শেষ কাব্য বেহুলার শাড়ি পড়ে পাঠক আরো এক নতুন বাঁকের সন্ধান পাবেন। অবশ্য মাঝে ভিন্নমাত্রার একাধিক কাব্য প্রকাশিত হয়েছে, যাদের শৈলী ও চারিত্র অন্য কাব্যের সাথে সাযুজ্যপূর্ণ নয়। সহজেই স্মরণ করা যায় সপ্তম কাব্য যিসাস মুজিব(১৯৮৪), ইউনুস এমরের কবিতা (১৯৯২), এবং ২০০৫-এ প্রকাশিত কবি অনূদিত কুরআন কাব্য আমপারার নাম। সব প্রসঙ্গকে বিবেচনায় রেখেও বর্তমান আলোচনা তাঁর শেষ বাঁকটি নিয়ে ।
বেহুলার শাড়ি কবি মুহম্মদ নূরুল হুদা'র ভিন্নমাত্রার নিরীক্ষাশ্রয়ী কাব্য। বাংলার লোকায়ত জীবনে বেহুলা-লখীন্দর অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় কাহিনি। বেহুলার কাহিনির সাথে যেমন আছে পুরানের যোগ, তেমনি আছে লোকমুখে প্রচলিত গল্পের যোগ। বেহুলার শাড়ি কাব্যে কবি কেবল পুরানেই সীমাবদ্ধ না থেকে লোকগাঁথারও আশ্রয় নিয়েছেন। লোকসাহিত্যের একজন নিষ্ঠ কর্মী হিসেবে সেটিই ছিলো সঙ্গত। বেহুলা-লখীন্দরকে নবায়ন করতে গিয়ে মুহম্মদ নূরুল হুদা বেহুলা-লখীন্দরের কাহিনিকে পাঠকের অন্তরে ব্যাপ্ত করে দিয়েছেন। ভাবনার এই ব্যাপ্তিকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ-ভাবনার সাথে মিলিয়ে নিতে পারি। শরতের বিস্তৃতি ও পূর্ণতা নিয়ে বলতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন-'এক মুহূর্তের জন্য প্রগাঢ় সুখ অনুভব করিলে, সেই মুহূর্তকে যেমন আর মুহূর্ত বলিয়া মনে হয়না- মনে হয় যেন তাহার সহিত অনন্তকালের পরিচয় ছিল, বোধ হয় আমারও সেইরূপ এক শরৎকাল রাশীকৃত শরৎ হইয়া উঠিয়াছে। আমি সেই শরতের মর্মের মধ্য দিয়া যেন বহু সহস্র সুদূর শরৎপরম্পরা দেখিতে পাই- দীর্ঘ পথের দুই পার্শ্ববর্তী বৃক্ষশ্রেণী যেমন অবিচ্ছিন্ন সংহতভাবে দেখা যায়, সেইরূপে- অর্থাৎ সবসুদ্ধ মিলিয়া একটা নিবিড় সারদ আনন্দের ভাবরূপে। আমার মনে হয় স্বভাবতই শরৎকাল স্মৃতির কাল এবং বসন্ত বর্তমান আকাক্সক্ষার কাল। বসন্ত নবজীবনের চাঞ্চল্য, শরৎ অতীত সুখদুঃখময় জীবনের পূর্ণতা। বাল্যকাল না গেলে যেন শরতের অতলস্পর্শ-প্রশান্তি অনুভব করা যায় না।' (আশ্বিন সপ্তমী পুজা ১৮৮৯, পারিবারিক স্মৃতিলিপি পুস্তক) বেহুলার শাড়ি পড়তে পড়তে পাঠক যেমন বেহুলার সতীত্বে মুগ্ধ হবেন, তেমনি প্রেমের সৌন্দর্যেও আকৃষ্ট হবেন এবং এক পর্যায়ে দেবতাদের অমৃতের সন্ধান প্রাপ্তির আকাক্সক্ষায় বিচলিতও হবেন। সব মিলিয়ে মনসার লোভ আর চাঁদ সওদাগরের সৌর্যের প্রতি কৃতজ্ঞ হবেন এই ভেবে যে চাঁদ বনিক এই বঙ্গের প্রতিনিধি। এভাবেই নিজেকে বেহুলার সাথে–চাঁদ সওদাগরের সাথে একাকার করে নেবেন– নিজেকে লোকবাংলার প্রতিনিধি হিসেবে ভাবতে থাকবেন।
এবার বেহুলার শাড়ি কাব্যের অন্দরে প্রবেশ করে কোথায় এর স্বাতন্ত্র্য তা আবিষ্কারের পাশাপাশি বেহুলার শাড়িকবির অন্য কাব্য থেকে কোথায় স্বতন্ত্র তাও জানতে চেষ্টা করবো। রচনাকাল বিবেচনায় ১৯শে ফেব্রুয়ারি ২০১১ থেকে ১৪ই ফেব্রুয়ারি ২০১২ একবছর সময়কালের মধ্যে এ কাব্যের কবিতাগুলো রচিত হয়েছে; একটি মাত্র কবিতা, 'দেহবদল' বেহুলার শাড়ি কাব্যের রচনাকাল শুরুর আরো এক বছর আগের রচনা; অর্থাৎ ১৯শে জানুয়ারি ২০১০। বইটিতে রচনার সময় অনুযায়ি কবিতাগুলো সংকলিত হয়নি, হলে মন্দ হতো না। প্রথম রচিত কবিতাটি পড়লে পাঠকের মনে পৌরাণিক বেহুলা-লখীন্দর-এর কাহিনি সামনে চলে আসে। পুরান অনুযায়ি বেহুলা-লখীন্দর স্বর্গ থেকে মর্ত্যে এসেছিলো; যা কাহিনির পুরোভাগে থাকাই সঙ্গত। কবিতাটি একবার পাঠ করা যাক-
যারা সতীত্বের পরীক্ষা নিতে চায়
তারা এই মর্ত্যকুণ্ডে আগুন জ্বালুক,
এই আমরা পরস্পরের হাত ধরলাম
এই আমরা আমাদের চিতাকে
পুষ্পকরথ বানালাম।
নয় নারী নয় নর,
যে বেহুলা সেই তো লখীন্দর,
স্বর্গ-মর্ত্যে দেহঘড়ি সদর-অন্দর।
শিবলোকে ইন্দ্রলোকে যুগলাঙ্গ নটনটী,
আমরা ত্রিলোকের প্রেমিক প্রেমিকা;
না-মনসা না-বণিকশ্রেষ্ঠ
আমরা দুই জন্মশত্রুর দুই মগ্ন শিখা।
আকাশ যদি পৃথিবী, পৃথিবী যদি মেঘদল
জীবেদের সঙ্গসুখে আমাদের এই দেহবদল।
( দেহবদল)
রচনার তারিখ অনুযায়ি 'মৃতের মুখে ফুটবে ভাষা' বেহুলার শাড়ি কাব্যের দ্বিতীয় কবিতা হবার কথা, কিন্তু তা হয়নি; হয়েছে তৃতীয় কবিতা। মৃতের মুখে ফুটবে ভাষা কবিতায় 'যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ' জাতিরাষ্ট্রের ধারনাটি চমৎকার ব্যঞ্জণায় উপস্থাপিত হয়েছে। এ কবিতাটি হতে পারতো 'দেহবদল' শিরোনামের মুখবন্ধের পর উপক্রমনিকা। এই কবিতাটিতেই কাব্যের মূল সুরটি উচ্চারিত হয়েছে। সঙ্গত কারণেই কবিতাটি উদ্ধৃত করা জরুরী।
আপন বুকে কে বুনেছে কাঁকন ভালোবাসা
বউ কথা কও, বউ কথা কও আমার পঙ্খী-ভাষা
কেমন সে বউ কেমন সে বউ কোন গেরামে ঘর
গেরাম তো নয় গেরাম তো নয়, চম্পকনগর
কেমন নগর কেমন ভিটে কেমন দালান বাড়ি
নয় কো দালান নয় কো ভিটে, স্বর্গভাসান পাড়ি
কেমন পাড়ি কেমন পাড়ি কেমন বুক-সাঁতার
সাঁতার তো নয় সাঁতার তো নয়, ভেলায় মন-পাথার
কেমন ভেলা কেমন মাঝি কেমন গো তার দাঁড়
মাঝি তো নয় মাঝি তো নয়, অসাড় মাংস-হাড়
কেমন অসাড় কেমন যতি কেমন মতিগতি
নয় কো মতি নয় আরতি, পতির জন্য সতী
কেমন সতী কেমন সতী কেমন গো তার বর
পিতা যে তার জল-সহচর চন্দ্র সদাগর
মৃতের মুখে ফুটবে ভাষা এইতো সতীর আশা
বাংলা আমার ভালোবাসা মনবেহুলার ভাষা
(মৃতের মুখে ফুটবে ভাষা)
কবিতা-শৈলীর বাঁক যতই পরিবর্তন করুন কবির অন্তরের বাণী যে অমোঘ-অপরিবর্তনীয় তা বুঝে নিতে পাঠক কে খুব বেশি অপেক্ষা করতে হয়না 'এই মরলোকে' কবিতাটি পড়তে পড়তে পাঠক জেনে নিতে পারেন কবি কত সহজে নিজেকে চন্দ্র সদাগরের দলভুক্ত করে নেন। জাতিসত্তার কবি তাঁর স্বরূপে উদ্ভাসিত হন যখন তিনি নিজেকে চন্দ্রধর বণিকের সাথে একাত্ম হন, অথবা চন্দ্রধর বণিককে যখন তিনি 'বং' প্রজাতির উল্লেখ করে তার অহংকে ঊর্ধে তুলে ধরেন।
'আমার ঘর যদিও এই চম্পকনগর
আমার শেষপুত্র যদিও লখীন্দর
যদিও তাকে খেয়েছে পাতালবাসিনী,
তবু তার কাছে এ হাত পাতিনি।
বেনে আমি, নেতা আমি, আমার প্রজাতির নাম বং
এই মরলোকে আমি পুজো করি মানব অহং।'
(এই মরলোকে)
বেহুলার শাড়ি কাব্যে কবি লোকবাংলার সাহসী মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন পাঠককে। অমোঘ মৃত্যুকেও অস্বীকার করেছেন কবি। মানুষের জন্য প্রার্থনা করেছেন, ঠিক প্রার্থনা নয় অঙ্গীকার উচ্চারণ করেছেন অমৃতলোক প্রাপ্তির। তাঁর সেই দৃঢ় উচ্চারণ আমরা পড়ে নিতে পারি নিচের কবিতাটিতে।
টুকরো টুকরো, কিংবা ফালি ফালি
আপত্তি নেই কিছুতেই,
আপত্তি শুধু শূন্যে;
ফিরবোই যদি,
কেন মিলিত হয়েছিলাম
সাতজনমের পুণ্যে?
(ফিরবোই যদি)
মানবাত্মাকে কবি মুহম্মদ নূরুল হুদা দেবাত্মার পাশাপাশি দাঁড় করাবার স্পর্ধা দেখিয়েছেন বেহুলার শাড়ি কাব্যে। মাটির প্রতিমার স্থানে প্রতিষ্ঠা করতে চেয়েছেন মনুষত্বের গৌরবকে। মানবিকতার জয়গান গেয়েছেন বারবার।
গড়তে গড়তে ভুলে যাও
দেবী ও পুজারীর গোপন ষড়যন্ত্র;
মানুষ গড়–ক মানুষের কল্যাণ
মানুষ শিখুক মানুষের মন্ত্র।
দেবীর মুখে হাসুক মানবী
মানবীর মুখে দেবী;
নৃশংসতম অশনিপাত শেষে
ফুটে উঠুক শুভ্রতম মানবকরবী।
(নয় কেবল ধান-দুর্বা)
ঈশ্বরের প্রতিভূ মানুষকে ঈশ্বর ঐশ্বরিক শক্তিতে প্রতিস্থাপন করতে চেয়েছেন। চেয়েছেন মানুষও হয়ে উঠুক সয়ম্ভূ। এখানে কবিকে পাঠক আবিষ্কার করবেন লোকবাংলার বাউল সাধকের সমকালীন প্রতিনিধি রূপে-
'এখন বিচার্য কেবল একটিই। অর্থাৎ কিনা কী করে
এক মুহূর্তেই পার হওয়া যায় দশমাস দশদিন।
অর্থাৎ সঙ্গমহীন
কী করে কব্জা করা যায় দিন অমলিন,
যেমতি পঁচিশে ডিসেম্বর:
রাষ্টা যদি স্বয়ম্ভু, সৃষ্টি কেন নয় স্বয়ম্ভর?'
(কবি কি চন্দ্রবণিক)
মানবতার জয়গান গাইতে গিয়ে বণিক ও দেবী মনসার রূপকে বলতে চেয়েছেন মানুষ পুজো দিলেই দেবতাদের মহিমা প্রতিষ্ঠিত হয়, অন্যথায় দেবতাদের অস্তিত্ব কোথায়। 'মানুষ থুইয়া খোদা ভজ, এই মন্ত্রণা কে দিয়াছে/ মানুষ ভজ কোরান খোঁজ, পাতায় পাতায় সাক্ষী আছে ॥' (বাউল কবি জালাল খাঁ)। কবি যেন সমকালীন বাউল হয়ে যান পলকে এবং উচ্চারণ করেন-
'মান্যবর দেবদেবী সে বিধি মানে না
নিজেই নিজের শত্রু, সহজে জানে না।
দেবতা স্বাধীন নয়, পূজা-পরাধীন
মানুষের অর্ঘ্য পেলে তবেই স্বাধীন।'
(দেবতা স্বাধীন নয়)
এভাবেই কবি মুহম্মদ নূরুল হুদা তাঁর পাঠককে নতুনের স্বাদ দিতে হাত ধরে নিয়ে যান নিজেরই শিকড়ের কাছে। কবিতা সংকলনের ক্রম যাই হোক এ কাব্যে মুহম্মদ নূরুল হুদা নিজেকে ভেঙে নতুন করে গড়ার প্রয়াস পেয়েছেন এবং পাঠককে দিয়েছেন নতুন দিগন্তের অপরূপ ছবির উৎস, যে ছবি প্রতিটি পাঠকের ভেতর প্রাকৃতিকভাবেই একাকার হয়ে আছে। বেহুলার শাড়ি কাব্যে মুহম্মদ নূরুল হুদা প্রকারান্তরে নিজেকেই আবিষ্কার করেছেন লোকবাংলার একজন প্রতিনিধি হয়ে এবং এভাবেই তিনি নিজের স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য মহিমায়।
