২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এলিজি: সব্যসাচীর জন্য

ফারুক আলমগীর ফারুক আলমগীর

Published : 27 Dec 2016, 12:28 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM


১
মধ্য পৌষের সন্ধ্যায় খোলা আকাশের নিচে
হয়েছিলো উৎসব তোমার জন্মদিনের
কবিতা পরিষদের কবিরা ছাড়াও ছিলো
অনেক শুভার্থী যারা শুনবে তোমার কথা
কোমল কঠিন প্রিয় বাংলাদেশের কালপঞ্জী
অশতি-বর্ষের যেন এক পদযাত্রার শুমারি।

তোমার দীর্ষ-ভাষনে উঠে আসে দেশ-কাল
মানব যাত্রার নানা বর্ণময় দিনের কাহিনী
হাজার দশ-শব্দের কলরোলে কাঁপে শাহবাগ
জলদ গম্ভীর স্বরে জাগাও বাংলার ইতিহাস
গৌরবময় যুদ্ধের দিনগুলি বিপন্ন মানুষ
দশ-হাজার শব্দরা খুঁজে নেয় বাংলার মৃত্তিকা
স্নেহজল সুবাতাস পিতৃপুরুষের ভালোবাসা
তোমার কণ্ঠস্বরের সঙ্গে খরস্রোতা হয়
তেরশত নদী, কলকল করে আধাকোশ
নামের অজ্ঞাতনামা নদীটি, যে ছিলো শুধু
তোমার বুকের মধ্যে, জলেশ্বরীর মতোন
মনোভূমি স্বচ্ছ হয় দিগন্তের কোল জুড়ে
যা কিনা রামের জন্মভূমি অযোধ্যার চেয়ে
সত্য জেনেছ, অদ্যপি আজন্ম ভালোবাসায়
কণ্ঠ ছিঁড়ে বের হয়ে আসে জয়তু জলেশ্বরীর জয়!

২
ফুলের শুভেচ্ছা ডালি সাজায়ে মঞ্চের পরে
সবার আনন্দে নুয়ে পড়ে তামাম আকাশ
করতালি দেয় কতজন রাখে হাত হাতের প'রে
যদিও নামেনি হিম আর পৌষের বাতাস
দোহাই থামুন সবে কবিকে বলতে দিন
ফুলের বেসাতি করে এনেছেন শুধু ফুল
জীবন উড়ায়া করে যিনি মৃত্যু অমলিন
তাকে কি মানায় ফুল রজনী গন্ধা বকুল
তাইতো এনেছি সঙ্গে কবিতা জন্মদিনের
একখানি পদ্য লয়ে 'জেগে আছি' এগোবার
কত শুক সারি বক শালিক হাজারো রকমের
কবিকে ঘিরেছে ধরে ধনেশ ডাহুক বেশুমার
নদীর সোপানে শুনি আচানক পরীদের স্বর
জল কাঁপে ছায়া কাঁপে পরানের গহীন ভিতর!