বচনগুলো ফের বৃষ্টি ফের শস্য
জলের ঈশ্বরীগণ মুঠো ভরে এনেছিল বৃষ্টিবীজদানা
তোমার শিথান থেকে পইঠানে ব্যপ্ত হয় জাগর জমিন
ধূসর নেকাব খুলে ভুরু তুলে ঘাই মারে হাসিন জেনানা
তর্জনীতে এঁকে দাও দুই ঠোঁট ফাঁক করে চন্দনের চিন
প্রবীণ রাজত্ব থেকে বিনা শর্তে রাজকন্যা তুমি কর জয়
তোমার মহলগুলো যুবতী দেহের মতো, খিলান গম্বুজ
তোমাকে দারুণ বাঁধে, আষ্টেপৃষ্ঠে, কেড়ে নেয় তোমার হৃদয়
তশ্তরি সাজিয়ে আনে তীব্র লাল রক্তরসে হৃৎ-তরমুজ।
আলোর পেয়ালা নিয়ে পান করো রাত্রিদিন রাজকীয় ঢঙে
পরিযায়ী পাখি আসে, শস্যদানা খুঁটে নিয়ে ফের আসমানে
তোমার বচনগুলো ফের বৃষ্টি ফের শস্য– বিচিত্রিত রঙে
চারপাশ ভরে ওঠে, কবিতা কাহিনী কাব্যনাট্য কথা গানে
মাটির ভেতর থেকে বারংবার জেগে ওঠে প্রণীত উদ্ভিদ
তুমিও নিশ্চিত মনে বীজ বুনে দিতে থাকো শব্দকৃষিবিদ।
২০.১২.১৬
