মারুফ রায়হানের কবিতা: ২৩ নভেম্বর
কুণ্ঠায় কুঁকড়ে যাই ফিরে এলে পুনঃজন্মদিন
প্রয়োজন কিছু ছিল নাকি এমন জন্মের
বিড়ালিনী প্রসব করছে মাঝরাতে উপেক্ষিত যন্ত্রণায়
তার সব ছানা বেঁচে থাকবে কি, হবে নাতো জানা
একটা আশ্চর্য ফুল অগোচরে মেলছে পাপড়ি
ভোরের আগেই তার সুগন্ধ বিলীন হবে ঠিক
রাত্তিরের যোনির ভেতর সুর জন্ম নিয়ে সমাহিত কংক্রিট-জঙ্গলে
একটা সামান্য মানুষের জন্ম কী ফারাক বয়ে আনে!
আমার বন্ধুরা নিজ নিজ জন্মোৎসবে ধুমধাম মজে আছে
উঁচিয়ে পেয়ালা দূর থেকে আমিও বলছি বটে চিয়ার্স চিয়ার্স
যদিও ভেতরে ভারি কুঁকড়ে চলেছি বন্ধু সংকোচে লজ্জায়
ফেসবুক ভরে উঠছে ফুল আর কেকের ছবিতে
কী করে উপেক্ষা করি ভার্চুয়াল ভালোবাসা!
তবে মনে রাখি এইসব আকস্মিক ভোজবাজি
ভুলতে পারি না ভোজ হচ্ছে গহীন অরণ্যে বাজি পুড়ছে দূর দ্বীপে!
মানুষ এখনো মানুষেরই বড় শত্রু
তাকে দাবড়িয়ে পায়ে দলে জলে ঠেলে বন্দুকের ডগায় শুইয়ে
যারা মাতে সোৎসাহে সোল্লাসে তারা সব অবিকল মানুষেরই মতো
আমার করুণ জন্ম তাদের বিপক্ষে কোনো আলোড়ন তুলছে কি
তাদের থামাতে যদি না পারে নন্দিত নভেম্বর
তবে কেন কীসের উৎসবে আজ
মেতে উঠে হবো হাস্যস্পদ আত্মপ্রবঞ্চক!
