শিমুল সালাহ্উদ্দিনের একগুচ্ছ কবিতা
থাকা, না থাকা
ধরো, আমিও তো আছি।
কাল শুনবে, নাই।
তোমাদের প্রতিদিনের সংবাদের নিচে
চাপা পড়বো, ধুলোয় মিশে
বড়োজোর ছাইটাই হবো।
হুট করে কারো যদি
মনে পড়ে খুব, সেটাও জানবো না,
হেঁচকি পাবে না আর, থাকবে না তৃষ্ণা,
নিদ্রার কোন দরকার, ডুব দেবার জন্য
প্রয়োজন হবে না কোন নদী,
কিংবা কুমারীর প্রতিবাদী
অবয়ব, অন্ধকার।
দেখো, তুমিও তো আছো,
কাল শুনবো, নাই।
খেয়াল, খেলাঘর
ভবঘুরে বালক ঈশ্বর, হারিয়েছে নিজস্ব লাট্টু
লেত্তি হাতে নিয়ে বিমূঢ়, দাঁতে ঘাস—সামনে তেপান্তর
কিছু নেই যেনো বাকী কাজ তার, নেই কিছু কর্ম্ম ও কারবার
মরা ঘাস দিগন্তে আরো ব্লার—হারিয়েছে লাট্টুর সংসার
লাট্টু ও লেত্তির বিরহে, তান ছোটে দীর্ঘ বেহালার
সেই সুরে জগতের ভেতরে, নড়েচড়ে ওঠে লাভা বিস্ফার—
আমরাও দুলে নড়ে উঠে বসি, আঁক কষি সশস্ত্র হামলার
আঁক কষি নির্মম নরকের—ঘুণে খাওয়া পৃথ্বি গুলজার
গড়ে তুলি লালরঙ গুলবাগ, লাশ লাশ পেরিয়ে মানুষের
লাল নদী পেরিয়ে মানুষের,বেহেস্তমুখী হই আমরা—
আমাদের ডেকো না জঙ্গি, আমাদের ঈশ্বর বৃদ্ধ—
লেত্তি হারিয়েছি আমরা, ঘুরছি লাটিমের চক্রে
কে আছো রে থামাও এইবার, লেত্তির ধরো আর-প্রান্ত—
সুর ভুলে গেছি যারা আমরা, আমাদের দাও খুঁজে বিঠোফেন
খুঁজে দাও আল্লারাখ্খা, আলী আকবর খাঁর ঠুমরী
লাট্টুর ঘূর্ণনে আমরা, আবার এই চোখদুটি রাখবো
লেত্তির লেজ ধরে খোয়াবে, স্বেচ্ছার ঈশ্বর সাজবো—
অথচ দেখো এই দ্যুলোকে, ভবঘুরে একাট্টা ঈশ্বর
হারিয়েছে নিজস্ব লাট্টু, লেত্তি হাতে নিয়ে বিমূঢ়
দাঁতে ঘাস, সামনে তেপান্তর।।
দাঁতে ঘাস, সামনে তেপান্তর।।
জিজ্ঞাসা চিহ্নের কাছে
চিকারি ও তরফে
সুর বাঁধা হরফে
বুক ভরা কান্না
রাগ গায় তান্ না
আমাদের দ্বিধারা
নির্বাক নড়ছে
আকাশের ওপারে
আশ্রয় গড়ছে
এ বালের আশ্রয়
নাই আর কোত্থাও
আশ্রয় শব্দটি
ঘোর এক জুড়ছে
চিকারি ও তরফে
সুর বাঁধা হরফে
বুক ভরা কান্না
রাগ গায় তান্ না
আমাদের চিন্তা
যন্ত্রের সমতুল
আমাদের কর্ম
ভুল ভুল সব ভুল
সামনে যে মোক্কাম
ভুল তার রাস্তা
ভুল সব গতিপথ
নেই কারো আস্থা
আমাদের আস্থার
নাম মারণাস্ত্র
মৃত্যুর প্রতিদানে
মিলনাভ শাস্ত্র
যথাচার ইচ্ছায়
ভুলভাল লিখেছি
উল্টোদিকের ফুটো
বেছে মোরা নিয়েছি
চিকারি ও তরফে
সুর বাঁধা হরফে
বুক ভরা কান্না
রাগ গায় তান্ না
কান্না রেখে চেপে
কথা বলি ঠিক মেপে
শিখেছি লাউ-পেঁপে
জীবনের পথ মেপে
জিজ্ঞেস করেছি
চিকারি ও তরফে
আদতেই, এখানে
বাঁধা সুর হরফে?
এখনো তোমার মুখ
আলাপের থেকে দূরে সরে যেতে যেতে আমি তার ঘুমন্ত মুখ দেখি। মানুষের ঘুমন্ত মুখের থেকে নিষ্পাপ স্নেহময় কিছু আমি কখনো দেখিনি।
কখনো দেখিনি আমি, জাল-ভাবনার জটিল কারো হা-মুখেও পাপবিদ্ধগোঁধুলির কালো লেগে আছে। ঘুমন্ত মানুষের মুখে আমি আলোই পেয়েছি খুঁজে চিরদিন।
তোমার ঘুমন্ত মুখ, আলাপের থেকে দূরে, বিস্তারে বিস্তারে ছড়িয়ে দেয় আমাকে অজানিতে, ইথারে ইথারে মৃদুনিভ কিছু কম্পন হয়ে আমি ছড়িয়ে
পড়ি, যেনো মরণ—মধুরেণখণ্ড, খণ্ডিত উড়ে যায়…
ঘুমেরও এমন কতো মরণসম ডানা থাকে দেখো! যেনো জীবন —জীবনের মতো—স্বপ্নিল, মায়া ও প্রহসনময়।
ভোর, কিলিমানজারো
আমিও তোমার মতো এ জীবন চাই নাই।
যে জীবন পেয়েছি তারও ঠাঁই নাই, নাই।
ওষ্ঠাধরে আইঢাই আঁতিপাতি করে ওঠা প্রাণ
খুঁজিছে সে অহর্ণিশ—সমনামী কোন্ নবগান!
আদেশ না মানা বাতাসের পাশে, চোখ ছলোছলো
বেহায়া প্রাণেরে কী দোষ দেবে আর সোনা, বলো!
কিলিমানজারো দেখো সমস্ত ক্লেদ, অগ্নিছাইগিরি
বুকে নিয়ে তবু, দাঁড়িয়ে রয়েছে জগতেরই বুকে।
বরফের জ্বালামুখ, আয় এক যৌথশ্বাস ছাড়ি
আকাশে তাকিয়ে চোখ রিফ্রেশ করে পাতি—আড়ি।
ট্যুর
আর
আমরা দুইজন ধরাধরি করে গলা ঘাড়
নামবো সেই বালু বালু কিচ-কিচ বীচে
ভাজা মাছ সব উল্টায়া রবে সেথা ফেনার পিরিচে
ইচ্ছা হইলো আর খালি খাওয়া
আলতো একটু ফুঁ দিয়া ফুঁ দিয়া— গরম গরম—
পিরিতির বিরতির প্রয়োজনীয় ক্ষুন্নিবৃত্তিতে
চরম চরমতৃপ্তি নিয়া…
কোনোখানে কোনো মনুষ্য নাই,
গতরে মোদের পোষাক-আশাক দেখবারও কেউ নাই
দেখবার নাই কেউ ভঙ্গি ও স্নান— অম্লান বদনে
দূরে খাঁড়া নাই কোন ওয়েটার
একটু পরেই যে মেজাজ ছাড়-খাড়
করে অন্যবাড়ির বড়ই গাছে ঢিল
ছোড়া বালকের মতো ধরায়ে দিবে মোটা অঙ্কের বিল—
এমন একটা ট্যুরে, পৃথিবীর অই পাড়ে
নিয়া যাবা নাকি কেউ তোমরা আমারে?
একা মানুষের গান
আমিদের পৃথিবীতে একাকীর চলা
একা একা একাদের সাথে কথা বলা
মনে রুয়ে দেয় শুধু দু্ইয়ের স্মৃতি
ধুয়ে দেয় যত আছে বারুদ-বিভূতি
আমিদের তবু এই একা একা চলা
একা একা একাকীর গানহীন গলা
ধেয়ে যায় ইথারের অকুল পাথারে
চোখে যেনো দেখি জল তবুও আঁধারে
আমিদের পৃথিবীতে একাকীর চলা
একা একা একাদের সাথে কথা বলা
কথার ভেতরে তবু আয়না থাকে না
ছায়ার শরীর লাগে ছায়াতে অচেনা
নিজেকে চিনিতে গিয়ে মিছিলে দাঁড়াই
মিছিল চিনিয়ে দেয় বাপ নাকি ভাই
ভাই ভাই কাঁধে কাঁধ মুখর শ্লোগান
সমান ভাতের দাবি সমানে সমান
সমান পাতের দাবি সমান আদর
আদর আলাদা করে ভায়ের চাদর
তারপর যেই লাউ সেই কদু হয়
গোলাকার পৃথিবীর জয় পরাজয়
আমিদের পৃথিবীতে একাকীর চলা
একা একা একাদের সাথে কথা বলা
গ্লাসে তাকিয়ে
গলছে বরফ,
গ্লাসের গায়ে
জমছে বিন্দু
বিন্দু জল
তৃষ্ণা আমার,
খুব জমিয়ে
পাকস্থলে,
বিষের ঢল
নামছে গলায়
নম্র চলায়
বুঁদ সবই
তুমিও কি
নামছো সাথে
কালোশাদায়
হয়ে গ্রেয়িস
ব্লু ছবি
অতীত যত
সতীত্বরা (আজ)
খিলখিলিয়ে
দাঁত দেখায়
আমার মতো
কে আছে আর
পতনচারী
এই খেলায়।।
গলছে বরফ
গ্লাসের গায়ে
জমছে বিন্দু
বিন্দু জল
তৃষ্ণা আমার,
খুব জমিয়ে
পাকস্থলে,
বিষের ঢল।।
স্নানঘরে, ভালোবাসা
হ্যান্ডশাওয়ার ধরে আছো ভেতরের দেশে
ভাবছো, সমুদ্র কত দূরের থেকে এসে
ভাসাচ্ছে তোমাকে ছলেবলে!
কতো ঘোর আছে অতলসমুদ্রজলে!
মগজে তখন ঝড়, বেলাভূমি, সাময়িক তাবু,
সৈকতে তাকিয়া যাচ্ছে ভেসে, এভাবে কাবু
করবে আমাকে ভাবিনি কখনো।
এসো তুমি এভাবেই, ঘন ঘন।
নক্ষত্রের সাথে আলাপ
নাহ্। এমন হুট করে কবিতা, লিখি না আমি।
আবেগ থিতু হবার জন্য অপেক্ষা করি।
প্রতিদিনের দুধের বাটি থেকে জমাই সর।
সাজাই তাদের পরতে পরতে ঘিয়ের বাটিতে
সর মজে মাখন হয়, ছলকে পরার আগে,
অপূর্ণ পাত্রে ঢেলে দেই রক্ত ও ঘাম,
চেপে রাখা কান্নার কর্ণার হতে একটু অশ্রু।
এরপর কালচে-লালকালিতে লিখি,
একেকটা, ঈর্ষণীয়, নতুন পংক্তি।
আমি এভাবেই লিখি। ইউ মে ট্রাই!
