আনন্দপাঠ: ঈদের কবিতা
আসমান থেকে জমিনে
আমানুল্লাহ কবীর
যাকে কেউ চেনে না, চোখে দেখে নাই
তিনিই কি ভগবান?
তিনিই কি দাঁড়িয়ে দুয়ারে?
দুয়ার খুলে দাও, পেতে দাও সিংহাসন,
আয়োজন করো, তিনি আজ অতিথি
সাত আসমান থেকে জমিনে।
দিবারাত্রির আলো-অন্ধকারের আবর্তে,
গণগনে রৌদ্রচ্ছটায়, ঘাসফুলের শিশিরে,
জলের ফোঁটায়, সবুজের অপার বিনুনীতে
যিনি দেদীপ্যমান, তবু যিনি দৃশ্যমান নন,
যিনিবিরাজমান অনন্ত মহাশূন্যে,
তিনি কোনো কিংবদন্তী নন,
নন আত্মজ কিন্তু আত্মীয় সবার—
বাদশাহ-ভিখিরি নির্বিশেষে।
পাথরের মূর্তি নন, শিল্পীর ছবি নন—
অতিথি অন্তরাত্মার অন্দরমহলে।
মসজিদে কিংবা মন্দিরে যিনি আরাধ্য,
জন্ম মৃত্যুর উদয়-অস্তে
যিনি বিরাজমান আঁতুড়ঘর থেকে শ্মশানে,
তিনি এই সৃষ্টি ও ধ্বংসের অদম্য কর্মকূশলী।
তিনি কোনো কিংবদন্তী নন।
তিনিই কি দাঁড়িয়ে দুয়ারে?
দুয়ার খোলে দাও, পেতে দাও সিংহাসন,
আয়োজন করো, তিনি আজ অতিথি
সাত আসমান থেকে জমিনে।
এখন তেমন কোন
মৃণাল বসুচৌধুরী
এখন তেমন কোনো বিভাজন নেই
নেই সীমারেখা
ছায়াযুদ্ধ
স্বপ্নবিদ্ধশোক
এখন কোথাও কোনো পদচ্ছাপ নেই
নেই রূপকথা
সমাহিত অশরীরী খেলা
মুক্তমঞ্চ থেকে শান্তির প্রয়াসে
যেক'টি পায়রা আজ
উড়িয়ে দিয়েছো
মেরুকরণের আগে
স্বাধীন চৌকাঠ ঘিরে মায়াবী মিছিলে
তারা কি আসবে ফিরে
গতিময় স্মৃতির বিস্তারে
নাকি
তোমায় নতুন করে
অন্তহীন উড়াল শেখাবে
কুহুপুর
মুহম্মদ নূরুল হুদা
কুহু কুহু
ডাকছে কোকিল
প্রাণপাখি হুহু:
নিখিল-কোকিল তুমি
অনন্ত দিগন্ত চুমি
কোথায় যে উড়ছো
মুনূহু?
যাবে কতদূর?
কতদূর বলো কুহুপুর?
কতদূর বলো হুহুপুর?
কতদূর বলো মনপুর?
আমিও
তোমার পথে
উড়ে উড়ে
উড়ালিয়া সুর।
আমার সময় নেই
আমার সময় নেই
আমার সময় নেই
কোনো,
হংস-মিথুন নই
হংস-মিথুন নই
হংস-মিথুন নই
বুনো।
আমি
শুধু মিল
অন্ত্যমিল
মধ্যমিল
অর্ধমিল
পূর্ণমিল
মিলের নিখিল
মিল সহজিয়া
মিল উড়ালিয়া
দিল দরদিয়া
আমি শুধু
নীলে নীলে
নীলসিয়া
আকাশিয়া
হিয়া।
মনপুর পার হয়ে যাবো হিয়াপুর
হিয়া পুর পার হয়ে যাবো মনপুর
হুহুপাড়ি কুহুপাড়ি
কি-যে গাড়ি কি-যে গাড়ি
সাততাড়াতাড়ি
যাবো কুহুপুর
যাবো হুহুপুর
কতদূর, আর কতদূর।
মন আর হিয়া
নয় পরকীয়া।
মন আর হিয়া
একের ভিতরে দুই,
সুইয়ের ভিতরে সুই,
যুগল স্বকীয়া।
মন ডাকে আয় হিয়া
হিয়া ডাকে মন,
ছুটে আসে জলস্থল,
ছুটছে গগন।
হেসে ওঠে দেবতার রথ,
হেসে ওঠে আদমসুরত।
কুহু বলে আয় হুহু
হুহু বলে কুহু,
অদূরে দাঁড়িয়ে হাসে
মূরতি
মুনূহু।
হুহু ও কুহু-র পরে রুহু
দুই থেকে দুহু
মুনূহুর মন শুধু উহু
চলো উহুপুর
চলো রুহুপুর
উুহুপুর রুহুপুর উহুপুর
কুহুপুর
কতদূর, আর কতদূর।
অকালে নেমেছে বর্ষা
বোয়ালের বুক ফরসা
খায় ডিগবাজি :
কুহুপুর যেতে সে-ও রাজি,
উহুপুর যেতে সে-ও রাজি,
খায় ডিগবাজি।
খায় যদি খাক
যাক যদি যাক
জলেস্থলে নভোতলে
ঘোর পাক খাক;
কে বান্দা নাপাক?
ডাক্ তাকে ডাক্।
জলের ভিতরে জল,
লুসাইবালার বুকে
চ্ছলোচ্ছল
পাহাড়িয়া ঢল,
বহে কলকল :
মুনূহুর কুহু টলমল,
মুনূুহুর উহু টলমল
মনডানা অমলধবল।
জননী যতই ডাকে
আয় ফিরে আয়
ধমনী ততই তার
দ্রুত বেঁকে যায়,
বেঁকে বসে ডানা
দেহের ভিতরে ডানা
দেহের বাহিরে ডানা
মনডানা হিয়াডানা
আকাশিয়া ডানা
ডানা আগুনিয়া
ডানা ফাগুনিয়া।
বালক দাঁড়ায় পাড়ে
দাঁড়ায় বালিকা,
শ্যামল দুহাতে তার
বেনোজলে ভাসানো মালিকা;
ফুলেশ্বরী বয়ে যায় ধীরে,
সহসা শিকারমুখে মাছরাঙা
ফিরে যায় নীড়ে।
ফেরে না বালক,
মাছরাঙা হবে তার সখ।
মাটিডাঙা ছেড়ে, হায়,
রূপ সে খুঁজিতে যায়
আকাশ-ডাঙায়,
বজ্রে বজ্রে বাজে বাঁশি
কায়ায় ছায়ায়।
পিতা ডাকে আয় বাবা
মাতা ডাকে আয়
ডাকে সেই শ্যামাঙ্গী বালিকা :
ডাকে তাকে
বেনোজলে ভাসানো মালিকা।
ফেরে না বালক,
মাছরাঙা হবে তার সখ।
বালকের বুক দুরু দুরু
অখ- জীবন ছেড়ে
খ–খ- জীবনের শুরু
এক ডালে হুহু
অন্য ডালে কুহু
নিখিলের নৃত্যধ্বনি
ত্রিভঙ্গ
মুনূহু।
২৩.০৬.২০১৬
হাবীবুল্লাহ সিরাজীর কবিতা
ৎ
থাপ্পর পড়ে উদলা পাছায় বেদনা লাগে মাথায়
কৈজুরিতে মাছ উজাইলে বান্ধে বানা তালমায়
দোতারা যে থুইয়া কানাই ক্ষুরের ধারে জারজার
হায়, ঘোড়াদা তে বৌ পলায় যায় দশহাজার।
ৎ-রে কামড় দিলে গুঁইসাপের ঐ পোলা
ধম্ম ধরা ট্যাটার ফালায় কালবাউশের নোলা
চমৎকারী ভটভটানি উজান পাইলে ভাঙে
কলের লগে ঢলের পিরিত বোঝে নয়া মাঙে।
বাউলা যদি থাউলা হইয়া আবাইত্যা গীত ফান্দে
গামছা বান্ধা পরানডা যে তারের মইধ্যে কান্দে
অষ্ট উৎসব কষ্ট থুইয়া ফুটলে হঠাৎ চান্দে
মা জননী আগুন-জলে মাটির মায়া রান্দে।
ং
বাংলাদেশ লেখনের লাইগা পয়দা হইছে ং
আর বাংলা
একখান লাঠির আগায় গোল্লা ফুটাইয়া
দ্যাশটার হাউস মিটায় !
একলা পারে না কেউ
মিলামিশা মোংলায় খালাসই ত' চায়
নয় মাস মাটিভাঙা শইলের ঘামে
খাঁচাখান যে সিংহের তার-ই প্রমাণ।
বাংলা বুঝনের কালে জাংলার জাড়
খুচা মাইরা কয় :
কী রে, এইবার পোষ মাসে
ঠিকঠাক ং নি অংপুর যায় ?
ঃ
মস্তক নামাইলেই যদি বিসর্গের চোখ
নিঃশ্বাস কব্বরে লইয়া উদলায় দোজোখ
দুঃখ নাই না পাইলেও আরশের এত্তেলা
আগুন আগলায়ে রাখব জমিনের ঢেলা।
ভিক্ষা চাই না মা কুত্তারে সামলা
কিড়া খাইয়া সার হইলে চুকাইবে মামলা
পানিনির কথা শুইনা জায়গা ছাইড়া দিলে
নাকের ফুটায় তারে নিঃশর্তে মিলে।
হাতি-ঘোড়া গেল তল পিঁপড়ায় কয় কত জল
কাছা ধইরা পাছা তুইলা ট্যারা বীরবল
উঃ আঃ যতই করুক চিতার সামান
আললাদের হাতবাক্সে ধূল পরিমাণ।
ঁচন্দ্রে বিন্দু দিয়া চিতায় উঠলে জাল
তিতাসে ঝাঁপাইয়া পড়ে বর্মনের ছাওয়াল
জুইতমত রুইত মাছ কাটতেছিল দাও
আউলা প্যাটে ধাক্কা মারে রইদ-বিষ্টির নাও।
কে শুনছে চন্দ্রবিন্দু নাকের ফুটায় ঝিঁঝি
সগ্্গে বইসা ভাঙা চান্দে তুলতে আছে ঢিবি
কে কইছে চন্দ্রবিন্দু ফাটলে হিজিবিজি
বুকের মইধ্যে ফুঁইসা ওঠে কালা একখান টিবি।
লীলাবালি লীলাবালি লীলায় জগৎ ফাঁসা
আইটা ঘরের চন্দ্রবিন্দু পেতল কিংবা কাঁসা
বেবাক ঢঙের ফোঁটার লগে খাইড়া দিলে চান
জ্যোৎস্না দিয়া চন্দ্রবিন্দু ভরাইব আসমান।
বত্তিচেলিকে করেছে উন্মাতাল
জাহিদুল হক
তোমাকে ছুঁয়েছি দূরের তারার কাছে
বৃষ্টি তখনো কেঁদেছে অঝোর হয়ে,
কেটেছি টিকিট ট্রেনটি দাঁড়িয়ে আছে
ওদিকে ভাঙন পাতা ঝরে নির্ভয়ে !
তোমার বাড়িটি কেন দূরতর হয়
পথে পথে দেখি রক্তপাতের লাল,
উফিজ্জি থেকে কখন ভেনাস আসে
বত্তিচেলিকে করেছে উন্মাতাল!
সাদা কাগজ
সানাউল হক খান
সাদা কাগজের টুকরোটা
ম্লানভারে দেখছে আমার মূল্যহীন কর্মকাণ্ড
শরীরে শিথিল হয়ে পড়া যৌবনের আ-কার ই-কারগুলো
শক্ত বাঁধনের নেশায় আমি সেই হাত
বুকে চেপে ধরে
ভেবেছিলাম, কবিতা আসবে নিয়মিত বিরতিতে
শব্দ ফুটবে জবাকুসুমের মতো গ্রীষ্ম থেকে বসন্ত
না, তেমন কিছুই হয় নি
সাদা কাগজ, আমাকে ক্ষমা করো
আমি তোমার শব্দতৃষ্ণা মেটাতে গিয়ে হুমড়ি খাচ্ছি
বিশ্বাস করতেও কষ্ট হয়
কবিতা নেভাতে পারে
একাকীত্বের আগুন
ওড়াতে পারে তার ছাই-ভস্ম ভাবনাগুলো
সাদা কাগজ, তুমি কি উড়ে চলে যাবে ?
স্বপ্ন
মতিন বৈরাগী
বসে আছি উপোসি বিড়ালের মতো, কোথাও কোনো শব্দ নেই
খশ খশ পাতার পতন ধ্বনি, ঝোপঝাড়ের ছোট ছোট গাছগুলোর নড়াচড়ার শব্দ
একটা চড়ুই ভাবুক পাখির মতো নিশ্চুপ
কয়েকটা বিষধর সরিসৃপ ফনা তুলে ওপাশে স্থির
আর এপাশে ঝরে পড়া কয়টা তাজা পাতা
আমার কোনো প্রতিক্রিয়া নেই নড়নচড়ন ভাবনার জানালা খোলা
আমি দূর আকাশের দিকে পাখি হয়ে উড়ছি
কখনও ছোট্টপাখি কখনও বিশাল প্রাগৈতিহাসিক
কখনও এক তীক্ষ্ন দৃষ্টির ঈগল
আকাশে মেঘগুলো চকচক করছে যেন হীরকদ্যুতি ছড়াবে এখন
আমি ভাবছি আজ নয় কাল
সময় হলে ছূঁয়ে দেখব আকাশ উড়াল, তখন
এক মহা-ভ্রমণ থেকে ফিরছেন ঈশ্বর
আমি ভাবছি কি নামে সম্বোধন করবে তাকে
আমি তো ভাগ হয়ে আছি নানা ভাগে
ঈশ্বর হেসে বলল দেখ আমি তোর মধ্যে এবং সর্বত্র
যেমন খুশি ডাক
আমি ভালোবাসা তুই ডাক ভালোবাসা
আমি ভালবাসার হাত মেঘের দিকে বাড়াতে
নেমে এলো মেঘরাশি
এক শীতল হাওয়ায় আমি জল হলাম তারপর ফোটা হলাম
ভূমিতে লগ্ন হব
এখন আমার আর কোনো ক্লান্তি নেই ক্ষুধা দারিদ্র নেই
আমি তো এই ভূমির সন্তান, হাওয়া বইছে-
বিলাবল বা পাহাড়িতে
আলতাফ হোসেন
যেমনটা ভাবছি
পাখিটাও ভাবছে ঠিক জানি
কোনও কারণেই ঘটেনা কোনও ঘটনা
বাতাসে ভাসতে-ভাসতেআচমকা এসে পড়ে
ডাল, পাতা, পাথরকণা-বা,
আর মরতে বসে যাই
আমাকে একদিনও জানি একজনও মনে আনবে না
আর খরচ হতে থাকব
অন্তত একটি হারমোনিয়াম নিকনা সঙ্গী করে
বিলাবল বা পাহাড়িতে
আর জানো তো
তোমারও থাকবেনা মনে আর
একা মানুষটা ঘুরে বেড়াচ্ছিলে কিনা
বাতাসে কানপাতি, ভেসে আসছে কিনা আর একটিও বচন
মাথা নিজে কিছু রাখতে চাচ্ছেনা
ব্যালকনির ঝিরিঝিরি থেকে নেমে এমত বিদ্যুৎ
কাক
মুহাম্মদ সামাদ
টেড হিউজের কাকদের আচরণ বুঝতে আমার কষ্ট হয়
ওরা যেন কেমন উত্তর আধুনিক
বাংলার কাকেরা আমার সরল মায়ের মতো চিরন্তন
আমাদের শুভাশুভ নিয়ে তারা সারাদিন কথা বলে
প্রতিদিন পৃথিবীকে আবর্জনামুক্ত করতে বৈঠক করে
নীতি-নির্ধারণী সিদ্ধান্তের আলোকে মাথায় ঝড়-বৃষ্টি নিয়ে
ওড়াওড়ি ছোটাছুুটি করে; আর
যথামুহূর্তে জনিয়ে দেয় বিপদের পূর্বাভাস।
তাই, বাংলার কাকদের আমি ভালোবাসি।
ভোরের কাকেরা সবাই আমার ছোট বোন
আমার মেয়েকে ঘুম থেকে তুলে পড়তে বসায়
আমার বাবাকে লাঙল-জোয়াল কাঁধে পূব-আকাশে পাঠায়
আমার নরম মাকে প্রার্থনায় নত হতে ডাকে
আর, চিৎকার করে পৃথিবীকে বলে…
বোন, ওঠো জাগো ভালো থাকো কা-কা করতে করতে
আমাদের গলা ফেটে যাচ্ছে এখনি রক্ত ঝরবে…
ভালোবাসার সংজ্ঞা
ঝর্না রহমান
আমি চাই তুমিও আমার মতোই ভালোবাসাকে ভাবো
ভালোবাসার বন থেকে বিশুদ্ধ বাতাস নিয়ে আমার মতোই
তুমি নিঃশ্বাস নিয়ে বলে ওঠোÑ এখানেই আছে প্রকৃত জীবন
কুসুম কুসুম ওমের ভেতর ঘুমিয়ে পড়তে গিয়ে তুমিও
স্বপ্নালু ভাবনায় বুঝে নাও
ভালোবাসা তোমাকে আশ্বাসভরা রাত্রি এনে দেয়।
ভালোবাসা এমন এক পাখি, যার জন্য আমি সবুজ আর নীলের
স্বচ্ছতার ভেতরে স্থাপন করি অলৌকিক আকাশ।
এমন এক বৃক্ষ, যে আমাকে মাটি আঁকড়ে ধরে
মূলীভূত হবার মন্ত্র শেখায়,
এমন এক শক্তি, যে বলে, তুমি তো একা নও।
তোমার আছে প্রেমলীন যুগল বাহু।
তোমার চোখে যেদিন টলমল করে উঠলো এক ফোঁটা অশ্র"বিন্দু
আমার মনে হলো এই তো সেই নদী যার ভেতর দিয়ে বয়ে যায়
ভালোবাসার নীলজলধারা, আমি তার অনন্ত নাব্যের জন্য
তোমার চোখে চোখ রেখে বসে থাকি।
আমার বন্য স্বপ্নগুলো ভালোবাসার হাত ধরে
কাব্যময় ছন্দবন্ধনে গৃহে ফিরে আসে।
তোমার হৃদপিণ্ডের ভেতর থেকে ফুটে উঠবে যে ফুল
আমি তার জন্য স্বপ্নঝোরার জলঝাঁঝরি নিয়ে অপেক্ষা করি।
আমার অপেক্ষাগুলো একের পর এক সাদা পাতা জুড়ে
দীর্ঘতম চিত্রপট রচনা করে চলে
কখন তোমার হৃৎরঙে চোবানো তুলি থেকে ঝরে পড়বে
এক ফোঁটা প্রগাঢ় তুমুল রঙ, তখন
ক্রমাগত ফুটতে থাকবে প্রাচীনতম প্রণয়মুদ্রায় গুহাচিত্রমালা।
তন্তু ও সুতোর কোলাজ
ফরিদ আহমদ দুলাল
যেখানে তন্তুর আবরণ নেই সেখানে স্পর্শেরা ছুটে যায়
যেখানে তন্তুর আবরণ ঢেকে রাখে আব্রু
সেখানে আবেগ অপেক্ষায় থাকে মুগ্ধতার সীমানায়;
তন্তুর পূর্বপুরুষ সুতো আচ্ছন্ন করে না প্রেমিকের মন
যতটা আচ্ছন্ন করে তুলোর উড়াল শিমুলের বন,
যতটা আচ্ছন্ন করে রুমালের গায়ে রঙিন সুতোর কারুকাজ
'যাও পাখি বল তারে..' দেয়ালে কাচের ফ্রেমে আনাড়ি হাতের কাজ,
শূন্যের ঘুড়ির সাথে লাটাইয়ের আত্মীয়তা সুতোর রাখিবন্ধন
আর প্রেমের নিবিড় যোগাযোগ সে-তো বিনি সুতোয় মিলন।
কাটা-চেরাসহ শল্য চিকিৎসায় লাগে সুতো
ফিতের গেরোয় পায়ে সদানন্দ জুতো
অদৃশ্য সুতোর টানে রঙ্গমঞ্চে পুতুলেরা নাচে
সুতো এবং অদৃশ্য হাতের শক্তিতে তন্তুর পুতুল বাঁচে।
বিনিসুতোর বন্ধন-যাদুর সমুখে
যে কোন সুতোর গেরো পরাভব মানে
অলীক সুতোর ধ্বনি সারাক্ষণ স্বজনেরে টানে
আনন্দ-পুলক জাগে জীবনের সকরুণ গানে।
দুঃসহ দিনপঞ্জি
রেজাউদ্দিন স্টালিন
প্রতিদিন জেগে উঠি দিনপঞ্জির পৃষ্ঠা থেকে
প্রিয়জন আসবে সোমে
আমি ঘুম থেকে জাগলাম বুধে
আমার কিছু অর্থ চাই শনিবার
আজ বৃহস্পতি
অপেক্ষার ভ্রুর মধ্যে আরো দু'টো দিন
জানি পুরাকালে এক শনিবার
নিষেধ অমান্যকারীদের দোজখের দিন ছিলো
বিপ্রতীপ বানর-জীবন
মঙ্গলে মায়ের কাছে যাবো
আজ শুক্র
পাঁচদিনের প্রতীক্ষা
আমার সব ইচ্ছার পায়ে দিনপঞ্জির বেড়ি
সব স্বপ্নে ক্যালেন্ডারের কারাগার
জন্মাবধি দেখতে চেয়েছি দিনক্ষণহীন
নামের বাঁকল ছেঁড়া উদয়-অস্ত
আলেকজান্ডার যেমন শেষবার হারিয়েছিলেন
হলুদ চোখের এক নামহীন সূর্যাস্তে
শূন্যতার এতো কাছে আমি
অনির্দিষ্টের এতো সহগামী
তবু কী অসীম সবকিছু
যখন ইচ্ছা ঘুমাবো আর জাগবো
চাঁদ যতই নির্ধারণ করুক রাত্রি আর সূর্য দিন
এই দণ্ডিত দিনরাত্রির অনন্ত শয়ান থেকে
জেগে ওঠা কখনো সম্ভব
ভ্রমণলিপ্সু পাখীগণ
মাহবুবুল হক শাকিল
পাখীগুলো উড়ে এসে জুড়ে বসলো জংধরা ট্রেনের কামরায়,
ডানাজুড়ে ক্লান্তি নিখাদ নিলীমার গন্ধসমেত, বহুপথ শেষে।
ইতস্তত বিক্ষিপ্ত তাহারা কতিপয় বসে আছে হলদেরঙা বেঞ্চে,
মেঝেতে ফেলে রাখা পরিত্যক্ত মুড়ির ঠোঙা, দুমড়ানো প্যাকেট,
নেতিয়ে যাওয়া সিগারেটের মরা অংশ, প্রাক্তন যাত্রিনীর ফেলে যাওয়া
সেফটিপিন, গুঁেজ থাকা শাড়ী চলে গেছে নাভীমূলে স্বেদবিন্দু নিয়ে।
অতীব বিবর্ণ এইসব পাখি যেতে চায় দূরে, স্বেচ্ছানির্বাসনে, আঠারোবাড়ী,
সাতখামার, মোহনগঞ্জের লাইনে, আরো বেশি দুরত্বে, অচেনা ইষ্টিশনে।
তাহাদের ডানারা ভীষণ ক্লান্ত, তাই দলবদ্ধ ভর করে হাওরের এক্সপ্রেসে।
সেই সে কান্নার ধ্বনি
দুখু বাঙাল
আধছানা প্রেম আর বুকে ধরে বিরহের অখণ্ড আকাশ
আজও বুঝি বনে বনে কাঁদিতেছে রাজলক্ষ্মী সীতা
সেই সে কান্নার ধ্বনি বয়ে এনে সমুদ্রের ঢেউ
অবিরত আছড়ে পড়ে পৃথিবীর সব মহাতটে।
অরণ্যের গুহা থেকে ঝলমলে আলোক-প্রভায়
আদিগন্ত মনুর পুত্রেরা সব রাক্ষস বাহিনী
চোখে-মুখে সারাক্ষণ বুভুক্ষার উদ্যত আগুন
মনিকা লিউনস্কি আজ শুধু গন-কেস বিষণ্ন বিকেল।
কালরেখা দীর্ঘপথ– ঋজুহীন দিশাহীন অরণ্যগহীন
বৃন্দাবন-তপোবন যেখানেই বিকশিত কুসুম-হৃদয়
কীটের দংশন তার অব্যর্থ ললাটলিখন
নারী তুমি, মহীয়সী রমণী দ্রৌপদীর চিরদুঃখী বোন।
দেবী আর্টেমিসের প্রতি দানব ওটাসের স্তব
শান্তা মারিয়া
ও আর্টেমিস, তুলে নাও তোমার নিবিড় বর্শা
বিস্তৃত পুরুষ-বক্ষ এই
হে দেবী নিক্ষেপ করো প্রেম।
দেহ থেকে উৎসারিত রক্তবিন্দু
গেয়ে ওঠে স্তব, অন্তিম সংগীতে।
আঘাতেই আলিংগন, মৃত্যুই চুম্বন তোমার।
চাঁদডোবা অন্ধকারে প্রস্ফুটিত রাতের কুসুম
অরণ্যের অভিসারে যুগল হরিণ
সিংহের কেশর দোলে, বরাহের পাল,
অরণ্যপরীর দল নিঃশব্দ সংগীতে
উড়ে যায় কুয়াশা ডানায়।
কুঞ্চিত খোলাচুল খেলা করে দেবীর গ্রীবায়
প্রেমহীন শিকারের অভিলাষে
কেঁপে ওঠে কুমারীহৃদয়।
শিকারের সঙ্গী এক
চলে গেছে নক্ষত্রের মানচিত্র হয়ে
সবটুকু ভালোবাসা নিয়ে কোনোদিন
ডাকবে না, জাগবে না দূর ওই অরণ্য প্রান্তরে
অরিয়ন, চিরদিন শিকারীর বেশে
স্থির, প্রেমহীন।
প্রেমের প্রেতিনী তাই উড়ে যায় নিগূঢ় আঁধারে
অকারণ রূপের বোঝায় ক্লান্ত দেবী
পায়ে পায়ে ঘোরে চিরসঙ্গী শিকারী কুকুর
প্রেম নেই, স্পর্শ নেই, কামনার শিহরণ নেই,
আছে শুধু অব্যর্থ হতাশা, অনন্ত শিকার।
ধরা দাও আর্টেমিস
দেবতার লীলা খেলা নয়,
এই বুকে জমে আছে দানবের একনিষ্ঠ প্রেম।
সমুদ্রমেখলা এক দ্বীপের সৌরভ,
সুদূর শৈশব স্মৃতি ছুঁয়ে যাক
আত্মার গভীরে।
সুচতুর দেবতার কামনার তাপে
দগ্ধ এক মৃন্ময় দানবী, জননী তোমার।
অর্ধেক দেবত্ব তাই, অন্তরে ধারণ করো মাটির পৃথিবী।
আর্টেমিস, আর্টেমিস, হন্তারক প্রেয়সী আমার,
দেবীর খোলস ছেড়ে নেমে এসো নারী,
নেমে এসো এই বুকে,
দানবের সুকঠিন প্রেমের ভুবনে।
টেলিফোনে বৃষ্টি
মুস্তাফিজ শফি
আজ রাতে টেলিফোনে
বৃষ্টি নামালে,
কাল রাতে টের পাবো ঠিক-
ও জানালায় বৃষ্টির ফোটা
এ জানালা ফেটে চৌচির।
জোড়া কবিতা
হারিসুল হক
পোড়া
আগুনে পুড়লে
লোহা
বেঁকে যায়
দহনে দগ্ধ হলে
মন
ভেঙে যায়
অনলে পুড়লে চোখ
দৃষ্টি
খুলে যায়
ঠোকর খাওয়া রাশি
ঠোকর খাওয়া রাশি
টক্কা ঠোকর খেতে খেতে
এদিক সেদিক ভাসি
সাগরও নয় নদীও নয়
ডোবার জলে ডুবি
ঠোকর খাওয়া রাশি
স্বপ্নট্রেন, নীলে সাদা ডানার কম্পোজ
আসাদুল্লাহ্
স্বপ্নের রেল লাইন। আকাক্সক্ষার ট্রেন। বহুমুখি যোগাযোগ…
স্বপ্নট্রেন ট্রেনকল্প। কল্প কল্প দূর…….
ট্রেন আসবে; আসছে নীলসাদা ট্রেন
দরিয়ার নীল এবং গাংচিলের সাদা ডানার কম্পোজ;
২
অপেক্ষমান দর্শক পেসেঞ্জার।
সন্তানের পথ চেয়ে প্রতীক্ষিতা মায়ের নজর কেড়ে নিয়ে
চকোরিয়া ঈদগাঁও রামুর লোকেরা অধীর আগ্রহে খাড়া,
সকলের সাথে আজ সামিল হয়েছে কচ্ছপিয়া পাহাড়েরা
বীনের বাজনামুখী নাগিনীর মতো ছড়াগুলো
এসে ঢালে সমতলে সামিল হয়েছে ট্রেনের অভিবাদনে;
সকলের সাথে আজ সামিল হয়েছে মাতামহুরীর স্রোত
বিড়ালাক্ষি কিশোরীর মতো বাঁক ফিরে
ঘোলাজলা বাঁকখালী তাকায় ট্রেন দেখবে বলে;
আরণ্যক পক্ষিকুল আনন্দে উচ্ছল
আসমুদ্র কর্ণফুলী ঢেউগুলো নেচে ওঠে
ট্রেন এলো বলে;
হিমছড়ি কেঁপে কেঁপে ওঠে ঝর্ণার জলসিঁড়ির ছন্দে
ট্রেন এলো বলে;
প্রকৃতির রঙ কাড়া পোষাকে রাখাইন কন্যারা
চোখভরা ঔৎসুক্য নিয়ে প্রেমিকার মতো প্রতীক্ষায় রত।
কখন আসবে ট্রেন? কখন আসছে হিমছড়ি এক্সপ্রেস
কখন আসবে ট্রেন? কখন আসছে ইনানী এক্সপ্রেস
কখন আসবে ট্রেন? স্বপ্নসত্য দরিয়ানগর একপ্রেস;
কুতুবদিয়া চ্যানেল কবে পাগড়ি পড়বে
হযরত মালেক শাহ নামের সেতুর পাগড়ি,
ট্রেন আসবে; আসছে….আরো কত কিছু
৩
শাহ আমানত বাবার চট্টলা, বার আওলিয়া
সূর্যসেন প্রীতিলতা বিপ¬বীর দৃপ্ত পায়ের ধূলোধন্য চাটগাঁ
বলী জব্বারের চট্টগ্রাম অতিক্রম করে করে
স্বাধীনবাংলা বেতার কেন্দ্র কালুর ঘাট পেরিয়ে
জোয়ার ভাটার নদী কর্ণফুলী পার হতে হতে
ট্রেন আসবে আসছে সদাগর খুশি
ক্ষুদে ব্যাপারি হাঁকছে বুঝি
লইট্যা শুটকি আছে….সুরমা কুড়াল ছুরি ইচ্চিড়ি শুটকি…
৪
বিশ্ববাণিজ্য-সংস্কৃতি আর অপার সম্ভাবনার
অসংখ্য স্লিপার পার হতে হতে
ট্রেন আসবে আসছে…
বাণিজ্যেই লক্ষ্মীর বসতি অনুক্রমে যোগাযোগ অর্থনীতি,
হিমছড়ি এক্সপ্রেস আসছে গন্তব্য দরিয়ানগর হয়ে
বিশ্ববাঙালির ট্রান্স এশিয়ান বিশ্বপথ গ্লোবাল ভিলেজ,
নীলসাদা ট্রেন যাচ্ছে সীমান্তের নীলে গাংচিলের শুভ্র ডানার আবেগে;
বাংলার ব্লু ইকোনমি
নেট ওয়ার্কের মতো ছড়িয়ে পড়বে বিশ্বদেশে,
বাণিজ্যিক আকর্ষণে টানবে বিদেশী সদাগর পর্যটক।
আনন্দমুখর দেখি প্রাচীন প্যানোয়া ও পালংকি
দর্শকভক্তের পদভারে পুলকিত মহেশখালির আদিনাথ;
ট্রেন আসবে আসছে হিমছড়ি এক্সপ্রেস নীল সাদা ট্রেন
ট্রেন আসবে আসছে ইনানী এক্সপ্রেস নীল সাদা ট্রেন
সেন্টমার্টিন মেইল আসছে নিশিরাইত জেগে ঢুলুঢুলু
আসছে নিখিলবিশ্ব অতিথির পায়ের ধূলোয়;
বাংলাদেশ মিশে যায় পরিব্রাজকের পায়ে পায়ে
ট্রেন এসে গেল এলো আরো কত কিছু
যুবরাজ, বাজাও বাঁশি হ্যামিলনের
সৈয়দা আইরিন জামান
যুবরাজ অভিষেক হল তোমাদের! তোমার অর্পিতা–
সজনে পাতার থেকে কনভয়ে স্থির; ফেরালে আঁতাত করে!
লিথির বিষণ্ন বার্তা আর তার নয়; সমুদ্র গভীর দৃষ্টি।
কথারা মহীসোপান বেয়ে বেয়ে নামে– ঝরনার গানে।
তোমাদের অনাবিল রূপ আভা মেলে হরিণের পাখনায়।
গুগলে ছড়িয়ে আছে বিশুদ্ধ সাধনা ব্রতকথা দুজনের–
অমেয় জীবনে সত্য দেয় হামাগুড়ি– পৌরাণিক ব্যথা আর নেই
শুকনো ডালের গল্প শেষ– টেক্সের প্রতীক্ষায় রাত্রিদিন।
সেরিমোনিয়াল ড্রেস বর্ণাঢ্য জীবন রাজকীয় আবীরতা;
কাত্যায়ন পতঞ্জলি চমস্কি এঁকেছে জীবনের লিথোগ্রাফি।
জানতে কী তোপধ্বনি বেজেছে হঠাৎ হৃদয়ের অবসরে!
ছায়াপথ গ্যালাক্সির সপ্তর্ষি মণ্ডল এমনি করেই মিলে যায়!
দেবদারু পাইনের ব্যস্ততা তোমায় ঘিরে– করিডোরে নীল টিপ!
কেবলই তুমি পার বিস্ময় জাগাতে; বেতোভ-মোজার্ট বেজে চলে;
আফ্রোদিতি শিখিয়েছে প্রেমের মন্ত্রণা, অ্যাপোলোর অগ্নিরথ–
নলখাগড়ার আলো-অপার পৃথিবী-আলোকের প্রক্ষেপণ।
সাইরেন বোনদের কোরাস সঙ্গীত শুনেছো নীলনদের তীরে;
উন্মাতাল মূর্ছনায় তুলেছ সেলফি– নীল নীল নভোনীল।
জর্ডান-সাগরে ভাসিয়ে শরীর নেপচুন প্লুটোর সঙ্গে
গড়েছ বন্ধুত্ব। তারারা বলেছে বহু লোনা ইতিহাস।
উচ্ছ্বসিত পদধ্বনি-প্রযুক্তি পৃথিবী-মৈত্রীর বন্ধনে দেখ…
উড়ছে ঐ মেরাজের বোরাক। শান্তির ললিত বাণী আজ
আয়োনোস্ফিয়ার জুড়ে-যুবরাজ, বাঁশি বাজাও হ্যামিলনের
তোমাদের শুদ্ধ প্রেম খুলে দেবে সব হিপোক্রেটের মুখোশ !!!
মাজুল হাসানের পঞ্চপঙক্তি'র কবিতা
দেয়াল
অধিকৃত লালের চেয়ে গোলাপকাঁটার কিংবদন্তী অধিক মনোহর
যেমনি দুইবোন—মোম ও বরফ; ঘিরে থাকে রূপকের জাদুদণ্ড
হয়তো একটা বুড়ি কাছিমের চোরা প্রেমে একদিন গৃহান্তরী হব
পেরিয়ে যা বমেঘ, বোবা মেঘ, অন্ধ, উরগ,লোলুপ মোরগ
কোনো দেয়াল দুর্ভেদ্য নয়, যদিও লেখা থাকে "প্রবেশ সংরক্ষিত"
ঈর্ষাছুরি
শাদা ছড়ি আর দৈব কম্পাস ধরে খুড়িয়ে খুড়িয়ে নাগ-পর্বতে ওঠা
ঐ ঝাপসা, দূর তটরেখায় যদি দেখা মেলে শব্দসারস; দ্রাক্ষাবন
তবে অহঙ্কার-মাত্র মিহি অগ্নিসোম। কে আছে পরাজয়ের গ্লানিকে
বানাতে পারে উদ্ধত সেন্টস পল? সমূহ গ্রীষ্ম, স্বমহিমায় জ্বলো
ফালি আয়নাগুলো রোদে দাও, শুকাও। সূর্যের চোখ একটু ধাঁধাক…
কিরনময়ী
কিরনময়ীর বৈঠকখানায় ঢুকতে হয় অন্ধকারের নবম প্রহরে
সাথে নিতে হয় হিব্রু পাখির অনাপত্তিপত্র—রিপুর মনোলগ
আমি সাদাসিধা লোক—এসেছি আকাশগঙ্গা ও বৈঠা পুড়িয়ে
এখন দেখি—প্রতিঘরেই অনেকানেক ঘর, জঙ্গল ও ভাঙাদাঁত
চিতাবাঘের ছালে লেখা যৌন-চুটকুলাগুলো নাহয় পরেই বলব…
অশ্ব
ঝুম-অন্ধকারে চেনা সম্পর্ক নিয়ে বেশি নাড়াচাড়া করতে নেই
পাথর ও বিজলীলতা হাতে তখন যে কেউ মাহুত হতে বাধ্য
উদ্দাম কেশর নয়, নয় ক্ষিপ্র করতল; রাত্রি স্বয়ং নীরব অশ্ব
কে আছে—প্রথম প্রয়াসে নির্ভুলভাবে গরিমাচূড়ায় উঠতে পারে?
এক চুমুতে কাঠলিচুর বাগান ডিঙানোর কৌশলটুকু শুধু আমাদের…
ফুল একটি কম্পাস
ডুমুরের জ্বর, কালিতে চুবানো হাড়ের কলম, শেফালির যৌবন, ভুল বাসস্টপ
এই অরূপ-অগম্য ক্যালিগ্রাম দিয়েই আমাকে লিখতে হবে শ্রেষ্ঠ একাঙ্কিকা
যেখানে আলোকিত ফেরেস্তা আর শিক্ষিত গরু খেয়ে ফ্যালে আত্মার সবুজ
এমন যম-হারামীর নজর এড়িয়ে কীভাবে পার হব সাঁকো ও শব্দ-উদ্যান?
ফুলমাত্রই অবৈধ প্রণয়ের ফসল, একটি কম্পাস, কেটে ফ্যালা কব্জির দ্রোহ…
গয়নার বাক্স
নাহিদা আশরাফী
— কি রে ঘুম কই?
— কাজলদানীর বুকে
লেপ্টে আছে সুখে।
— মেখে নে চোখের তারায়।
আর যেন সে না হারায়।
–গয়নার বাক্সটার এক কোনে
কাজলদানী মুক্তির দিন গোনে।
–আরও কত গয়না রেখেছি তুলে
অদর্শনে কবেই গিয়েছি ভুলে।
–বের করে একটা না হয় পড় না।
–আমায় ভুলেছে যারা,
তাদের কাছে ফের কেন ধর্না?
–একটা কিছু পড়। এই স্বস্তিটুকু ধর।
পরে নিলি ঠিক যেন টিকলি বা নথ।
–কষ্টের ভাজে ভাজে চাপা পরে
কবেই নিখোজ এই জীবনের পথ।
–তবে না হয় সুখ গুঁজে নে চুলে
চাঁপা কিংবা খোঁপার কাটার ভুলে।
–এলো চুলের হয়নি তেমন যতন।
সেখানে কি করে থাকে সুখ রতন?
–হুম..এসব তোর নানা রঙের বাহানা।
ভেবেছিস, আমি কিছুই জানিনা?
— তৃষ্ণা পেলেও জলটুকু যার ছুঁতে মানা।
রঙের বিলাস আজন্ম তার অজানা।
–তবে বাক্স থেকে আনন্দটা নে তুলে
পায়ের ঘুঙুর যেমন বাজে, সব কষ্ট ভুলে।
–আনন্দ? সেতো কবেই গিয়েছে চুরি।
নিয়ে গেছে সাথে, হাসি গান পুরোপুরি।
–ভালোবাসার জড়োয়া তো আছে?
না হয় সেটাই পরে নিবি।
— উই মানবে কবেই খেয়েছে কুড়ে
এখন সেথায় বিষাদী বালুর ঢিবি।
–কি মানায় তবে?শুধুই না পড়ার ছল!
— সুখের অসুখ কি, আমায় মানায় বল?
–বাক্সটা কই?আমায় দে।
–এক লুটেরা লুট করেছে।
গয়না বিহীন বাক্স আছে পরে।
যেমন করে থাকি আমি
হৃদয়হীন এক শক্ত খাঁচার ঘরে।
চতুর প্রেম নিপাত যাক
অদ্রি আরিফ
চতুর প্রেমিককে পুরুষ ভাবতে মানা
প্রেম-ভালোবাসা মানে যেন ধর্ষণ পর্ব
রাষ্ট্র তোমার দেহে চলছে খেলা!
এমন প্রেমিককে সত্যি পুরুষ ভাবতে ঘৃণা হয়
রাষ্ট্র বাজেয়াপ্ত করুক কাপুরুষের যৌনতা
বিষ ঢুকে যাক ছলনার দেহে
নুপুংশুক হোক চতুর প্রেমিক।
রাষ্ট্র ভালোবেসে তুমি, গড়ে নিও সমুদ্রতীর
তীর হবে প্রণয়ী,
প্রেমিক ঢেউ ছুটে এসে পোয়াতি করে
জোয়ারে শুদ্ধ প্রেম খলখলে হেসে উঠুক
সমুদ্রবতী প্রেমিকার অন্তর্বাস খুলে যাক,
জন্ম নিক সন্তান
তার নাম হোক যুদ্ধবাজ ।
যুদ্ধবাজ ডাক দিবে,
সকল চতুর প্রেম নিপাত যাক
নিপাত যাক
নিপাত যাক
চতুর প্রেমিক নিপাত যাক।
আয়োজন আনন্দসূত্র
(উৎসর্গঃ কবি ইকবাল রাশেদীনকে)
সোহাগ সিদ্দিকী
শব্দগুলো দেখ আজ ওম হয়ে আছে
অশ্ব শক্তি নিয়ে যেন বাক্যরা দাঁড়িয়ে
উপেক্ষা উপমা ঠিক কামরাঙা সাজে
শিহরণ জাগাতেও চরণ প্রস্তুত
পর্বগুলো সুনিপুণ সুখের বিন্যাসে
ষড়বৃত্ত ছন্দ হবে শ্বাসাঘাত ধ্বনি
মিষ্টিমিলে পয়ারেরা অধর মেলেছে
লেখা হবে জীবনের যে আদিম পদাবলী
শুধু মাত্র অপেক্ষায়, কখন আসবে।
আশ্চর্য ঐশ্বর্য যত খুলে দেবে তুমি!
বাৎস্যায়নের বাধ্যগত এক কবি,
বসে আছে অনাদির ধ্যানে সে আজও
পুরোটা তোমার জুড়ে লিখে দিতে এক
মহাকাব্যিক আনন্দ সূত্র!!
আমার বয়স সবে আট ত্রিশ
আশরাফ জুয়েল
একটি আসন্ন কবরস্থান ঘাড়ে নিয়ে আমি হেঁটে যাচ্ছি,
সঙ্গে অগভীর বয়সের কবিতাহীন সন্ধ্যা।
নাম ফলক আসন্ন ঠিকানার দিকে তাকাচ্ছে অস্ফুট দৃষ্টিতে।
আমার বয়স সবে আট ত্রিশ।
কিছুটা ভীতগ্রস্থ আমি, না, কিছুটা না আসলে আমি পুরোটাই ভীতগ্রস্থ।
আমি একটা কবিতাও লিখতে পারিনি।
একটা চুল-দৈর্ঘ্য কবিতার লাইন বরাবর নিজেকে সঁপে দিয়েছি,
মনোযোগ জমা নিয়েছে কবর খোঁড়া শেয়ালের অশ্লীল দাঁত,
জন্মের কসম কেটে বলছি- আমার বয়স এখন আট ত্রিশ,
আমি একটা কবিতাও লিখতে পারিনি। আমার বয়স সবে আট ত্রিশ।
যাত্রা কালে কিছু পথরোধী শ্বাসকষ্ট আমাকে জড়িয়ে ধরল,
ডুমুর গাছ খিক খিক শব্দে ভূত প্রেতের খণ্ডাতিখণ্ড শরীর ছড়িয়ে পড়লো,
আমার বুক পর্যন্ত শব্দের পাটাতন বিছানো হলো, আমার বয়স এখন আট ত্রিশ।
আমি মৃত্যুর স্বাদ পেতে যাচ্ছি? আমার বয়স সবে আট ত্রিশ।
কবরস্থানটি হড়বড় করে নেমে পড়লো আমার পাঁজরে-
আমি মৃত্যুর স্বাদ পেয়ে যাচ্ছি! আমার বয়স এখন আট ত্রিশ।
আমি একটা কবিতাও লিখতে পারিনি। আমার বয়স সবে আট ত্রিশ।
আমার চোখের পাতার উপরে এবং নীচে বড়শি গেঁথে দেয়া হলো,
একে একে অসংখ্য নিষ্ফলা পঙতি লাফিয়ে পড়লো রেটিনাতে…
অপটিক নার্ভ ছিঁড়ে প্রবেশ করল মস্তিষ্কের গভীরে,
একনাগাড়ে চিৎকার করতে থাকল- "আমাদের পাওনা?
বুঝতে পারছি মস্তিষ্কের নিউরন হাল ছেড়ে দিচ্ছে….
কতটা সময় চুরি হয়ে গেছে জানি না- আমার বয়স সবে আট ত্রিশ।
তাকাবার চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছি, আমি একটা কবিতাও লিখতে পারিনি।
ইতিমধ্যে বুঝে গেছি আমার চোখদুটোকে কেন্দ্র করে
অনেক কণ্ঠস্বর জড়ো হয়েছে এবং অশ্রু-ক্ষুরধার তীর ছুঁড়ে মারছে।
আমি মৃত্যুর স্বাদ পেয়ে যাচ্ছি! আমার বয়স এখন আট ত্রিশ।
আমি একটা কবিতাও লিখতে পারিনি। আমার বয়স সবে আট ত্রিশ।
কবরস্থানটিকে ঘাড় থেকে ফেলে আমি পালাতে চাইছি কবিতার বাগানে,
কিন্তু জানি আমি পালাতে চাইলেও পালাতে পারবো না কিছুতেই।
ওড়ার কৌশল
তিথি আফরোজ
একটা বালুর ঘর অথবা কাগজের নৌকা
চারু ও কারু ক্লাসে শিখাতে পারি।
শিক্ষক সব শিখাতে পারেন
কিভাবে পাতার নিচে আঠা দিয়ে ফুল বানানো যায়
আর ছেঁড়া কাগজ দিয়ে স্বপ্নের মেঘ
আমি সাদামেঘের ভেতর উড়তে চেয়েছিলাম
কৌশলটা শিখাতে পারেননি আমার জীব বিজ্ঞান শিক্ষক।
কিন্তু আমি উড়েছি, উড়ছি সাত স্তবক আসমান
মেঘেদের দেশ আমার খুব চেনা।
যে বৃষ্টি ঝরে অথবা ঝরবে ঝরবে করছে
তাদের ইতিহাস আছে আরো আছে প্রেম
তুমি উড়তে, বসবাস করতে
অথবা অঙ্গে মেখে মজা লুটতে পারবে
শীঘ্র যোগাযোগ করোÑ
এসো ফুলেদের হীম-সন্ধ্যায়
যেখানে থোকা থোকা প্রেম থাকে
ফুল আর প্রেম
প্রেম আর ফুল
শিখাবে কৌশল।
শেষ হয়ে গেছে
রেবেকা ইসলাম
এক সিন্ধু বিষণ্নতা গ্রহণ করে
আমি দান করেছি সব আনন্দকে
একে একে হারিয়েছি আমার
ছিঁড়ে যাওয়া মালার পুঁতিগুলো
উঠোনে ছড়িয়ে ছিটিয়ে আছে
মৃত পাখির ধূসর পালক
রসুইঘরে আগুনপোড়া গন্ধ
ডুমুরপাতায় ধুলোর আস্তরণ
ক্যানভাসে সাদার প্রতিপত্তি
ওহে পলায়নরতা
কোথায় তোমার ছলকানো আঁচল
দৃষ্টিভ্রম পাড়ের কারুকলা
ওখানে মিশে ছিল এক পেয়ালা সুখ
আঁচলের গিটে বাঁধা ছিল মৃগনাভি
এখন তুমি মৃতনদী
বন্ধ হয়ে গেছে আতশবাজি
শেষ হয়ে গেছে উন্মাদনা।
