ফারজানা হায়দার চৌধুরীর পাঁচটি কবিতা
ধ্রুবতারা
রক্তে রক্ত মিশে তৈরি হচ্ছে 'ডেড সি'
লবণের ভিড়ে প্রানি-উদ্ভিদ অসহায়—
বাড়ছে ব্যাপকতা বাড়ছে গভীরতা
লাইব্রেরির বইয়ের বাধাই আজ ঢিলেঢালা;
টিভি সিরিয়ালে নতনত্ব যে নেই
ভালোবাসা গেছে শীতনিদ্রাতে!
হাসনাহেনা হারিয়েছে সুবাস
ফণীমনসার চাহিদা বেড়েছে
সাকুলেন্টস কারও রুচিতে স্থান পাচ্ছে না
শামুক গুটিয়ে থাকছে নিজ খোলে;
আবর্জনা এখনও ডাস্টবিনে পাই না
বিষবৃক্ষ তৈরি করছে ক্ষত এবং পুঁজ।
একই আকাশতলে প্রেমিক-প্রেমিকার বাস
বিরহের আগুন প্রতিটি প্রাণে
ভুল বোঝাবুঝি আর অভিমানে জটিলতা শুধুই বাড়ছে
সুতীক্ষ্ণ চিৎকারে ভাঙনের সুর;
ভাঙনের ছোঁয়ায় পরিবারে উত্তাল ঢেউ—
মেকি কান্নার মেঘে ঢাকা পড়েছে আকাশের ধ্রুবতারা!
পুরাতন কাহিনি
গিটারের স্ট্রিঙে দুঃস্বপ্নের জং ধরেছিল
ক্ষয়-রোগের মতো; পিকের ছোঁয়ায় বেসুরো সুর
শ্রোতার মনকে উদবেলিত করে না বরং জাগিয়ে তোলে
অনাবশ্যক যন্ত্রণার ঢেউ!
দামি বাদ্যযন্ত্র আস্তাকুঁড়ে ফেলে দেয়া
নেহায়েতই অর্থহীন ভুল; লাল আকরিক
রাগ ছেড়ে বিকল্প পথে আগাই, রোগাক্রান্ত তার পাল্টে
চকচকে নতুনের সংযোজন।
ফিরে আসে অমেয় আনন্দ
বাজে সুমধুর সুর; বিস্মৃতি কপালে জোটে ওই তারগুলোর
মায়া বা দয়া দেখানো শুধুই অকারণ অবসাদ
কাঁটাতার আঁধারের প্রয়োজন ফুরিয়েছে সেই কবেই!
যুগ যুগ পুরাতন কাহিনি ভুলে বাজিয়ে যাই মহানন্দে
নতুন স্ট্রিঙের স্বপ্নিল গিটার!
উদাসীন মমি
বৃত্তীয় বিন্দুরেখার আঁচলে নেতিয়ে ভূলুণ্ঠিত হতে চাইনি
তাই বুঝি ছুটে চলা পরিণতিহীন স্বপ্নিল জীবনের দিকে
বার বার বহুবার জীবন ঢাকে শূন্যতায়; অবুঝ পথ চলায়
বেহাগের সুর, পেয়েছি বঞ্চনা হয়ে গেছি উদাসীন মমি!
কেউ কি কখনো আমায় মনে করে?
নির্জনে, হৃদয়ে সংগোপনে আজও পুষে রেখেছি যারে।
তাঁরা থাকে ব্যস্ত নিজস্ব বলয়ে, নিজ সুখদুখভরা জীবনে;
আমি তো মমি, জমাট, মূক ও বধির।
শৈত্যজমাট বিরহ লিরিক রচনা করি আজও
জানি শ্রোতা নেই, স্বপ্নহনন, আছে যে নিরবতা; অনুভূতি
মায়া-প্রীতি হারিয়েছে সবই; অবশিষ্ট কিছুই যে নেই—
না ফেরা হলো বৃত্তকেন্দ্রে না চললাম পরিধি বরাবর;
বৃত্ত সীমার বাইরে কোনো নিশ্চুপ নির্জন পথে
ছন্দবিহীন বিরহ লিরিক গেয়ে চলি একা, আষাঢ়ের জলে ভিজে!
কেউ বোঝে না কারও ভাষা
বিরক্তিগুলো ডুবে ডুবে ভাসায় ডুবোজাহাজের
মতো; ভ্যাপসা গরমে ডুবে থাকে পরিবেশ, মন
আর্দ্রতায় ভারী। তপস্যা আর প্রতীক্ষা বৃষ্টির ঠাণ্ডা বাতাসের;
প্রতিশ্রুতি আশা জাগায় মনে অথচ সবই চলে আগের নিয়মে!
সবাই এখন স্বাধীনতাপ্রিয় কেউ বোঝে না কারও ভাষা
দিন যায় রাত আসে অপেক্ষা নতুন দিনের
মাঝে মাঝে জীবন অসাধ্য কঠিন মনে হয়
ডুবে ডুবে ভাসাটা, সম্পর্কে মরচে ধরায়;
কীটদষ্ট কুঁড়িগুলো অকালে ঝরে, তবু করে চলি
নতুন কুঁড়ির পরিচর্যা; ডুবোজাহাজের মতো ডুবেই থাকি
একটু শান্তির প্রত্যাশায় …
অরণ্যগভীরে
অরণ্যের কাছে ফিরে যাই আমি মন খারাপের দিনগুলোতে
অন্ধ বিষাদ বিবর্ণ অবসাদ গোপনগহন সন্ধ্যা যখন নামে
ফিরে যাই যখন দুলি স্মৃতি-বিস্মৃতির দোলাচলে; স্তূপীকৃত
অসহায়ত্ব গাঢ় নীল অশ্রু হয়ে ঝরে, শূন্যতা আমন্ত্রণ জানায়।
বিত্ত বৈভবে কখনো সুখ খুঁজিনি করুণা অসহ্য ঠেকে
জাগতিক চাওয়া পাওয়া বরাবর ছিল যৎসামান্য;
ক্রুর নির্যাতন হয়েছিল আচ্ছাদন বিষকাঁটা হয় সহযাত্রী—
ভালোবাসার স্বপ্নলোকে ল্যান্ডস্লাইড জীবন থমকে দাঁড়ায়!
ভ্রমণলব্ধ দুঃখতাপ ধু ধু দীর্ঘশ্বাস কেড়েছে সব পেলবতা
ভেলভেট আজ উজ্জ্বলতাহীন রুক্ষ চটের টুকরো যেন;
সারি সারি গাছে সবুজ পাতার সজীবতা অরন্যগভীরে
সত্তায় সঞ্চারিত করে লেবুর লাজুক গন্ধ, অমেয় আনন্দ;
পাতার মর্মরে ক্লান্তিহীন ছন্দ, ঝরনায় প্রবহমান স্রোত ভৈরবী—
শ্যাওলা-লতা-গুল্মের ছোঁয়া পরিচর্যা করে, মন ছায় তন্ময়তায়।
