সৌরভ সিকদারের বর্ষা ও প্রেমের কবিতা
বর্ষা-২
মেঘ তোকে বন্ধু ভেবে চেয়েছিল জল
পাখি উড়ে গেলে পাতা নড়ে ওঠে
রোদের ডানায় ঝুলে নদী মরে গেছে
ভালবাসা ঝরে পড়া প্রতীক্ষার ফল।
বৃষ্টি নেমেছিল তাই মন ভিজে বক
প্রেমিক পালিয়ে গেলে ঠোট কাঁপে কেন?
মরা ঘাস উঁকি দেয় আলোর উঠোনে
প্রেম সেতো কিশোরীর ওড়নার শখ।
মেঘ রোদ লুকোচুরি মনমরা ঘাস
বর্ষা তোর অপেক্ষায় কার দীর্ঘশ্বাস।
দৃষ্টি
বেদনার বালু থেকে মুখ তুলে
সূর্যের পানে প্রার্থনা- ক্লোরফিলরুগ্ন চোখ
চায় শুধু সবুজ সুরমা।
আকাশ মেঘের আক্রোশে অবিরাম
বিকেল বলে বৃষ্টির বিন্দুরা
ভুল করে একবার আসবেই এপাড়ায়?
বৃক্ষরা সবুজ সুরমা পেল- বালুও পেল বৃষ্টি
শুধু প্রতিক্ষার প্রদীপ জ্বেলে চেয়ে আছে দৃষ্টি।
অপেক্ষা
বঙ্গোপসাগর পরেছে হলুদ শাড়ি আর লাল টিপ
ব্রহ্মপুত্র মোহনার কাছে এসে লজ্জায় কি হল নীল?
রঙ্গিন শাড়ির মিহি পাড় বেয়ে যৌবন খেলে ঢেউ
সাগর কি অবলীলায় প্রকাশ্যে একে যায়- চুম্বন?
রাত নামতেই শাড়ি খুলে রেখে বাজায় কামনা শিস
বেহায়া বাতাস দূর থেকে তার শোনা যায় সেই সুর।
সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে না-হয় সকাল হোক
তোমার আঁচল খসে পড়ার অপেক্ষায় নির্ঘুম এই চোখ।
তবু কেউ ডাকে
স্মৃতির গভীর জলে ডুব দিয়ে কোন ছবি খুঁজি
আঠারো কি-বিশ হবে পার হয়ে সৌর কক্ষপথ
যৌবন জোয়ারে তোলাজল চেয়ে ডেকেছিল মেঘ
বৃষ্টি ভেজাতে পারেনি, মরা নদী ভেসে গেছে বুঝি?
বাগানে কাঠালিচাঁপা শিস দিয়ে ডেকেছিল কাকে?
গোধুলীর রংমাখা মৌন সন্ধ্যা ছুঁতে চায় মেঘ,
ফেলে আসা স্মৃতির সঞ্চয় নিরাপদ আশ্রয় খোঁজে
জীবনের ঋণশোধ বাকি আছে, তবু কেউ ডাকে!
বোকা প্রেমিক
আকাশে ফুটফুটে চাঁদ জ্যোৎস্না পালাবে কিভাবে?
রোদ চশমায় চোখ ঢাকলেও দৃষ্টি লুকোবে কিভাবে?
পকেটে দীনতা ছিল তবু মন মরেনি অভাবে
ভালবেসে নিঃস্ব হয়েছি বোকা প্রেমিক স্বভাবে।
