২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম আহমেদের তিনটি কবিতা

shamim_ahmed

Published : 12 Feb 2016, 10:31 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

অমাবস্যায় পোড়া গন্ধ

অনুভূতিগুলো শূন্য হয়েছে। বিবেকও বিশ্রামে আছে বহুকাল।
শরীরে শরীরে বাসা বাঁধে লাল শ্যাওলার দল;
পোড়া গন্ধ আসে অমাবস্যায় ডুবে থাকা সব পাহাড়ের বুকে।
শেকড় গেড়েছে আজ গুল্মগুচ্ছ – সূর্যাস্তের পর, দেহে মনে গহীনে।
আমাকে মেরে ফেল। আমি ছিলাম ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিল্পকলায়,
ছিলাম পাথরে পাথরে, খাঁজ কাটা মূর্তিতে।
অনুভূতিগুলো শূন্য হয়েছে তাই, শুধু লাল লাল শ্যাওলায় বাসা বাঁধে শিল্পের বেড়াজাল।
অস্তিত্বের মৃত্যু হয় অমাবস্যায়, ডুবে থাকা স্বপনে।

মেঘের চোখের জল

ল্যাম্পপোস্টের আলোয় কম্পমান ছায়ার সাথে
ধীরে ধীরে ম্রিয়মান হয় আঁধার;
বাতাসের নিস্তব্ধতায় কাঁদে নির্জনতার কোলাহল।
যেন জমাট মেঘের দল সফরে বেরোয়,
ঋগ্বেদী পুরোহিতের ন্যায় বেদ-বেদান্তরে।

ক্ষণিকের জন্য বিক্রমাদিত্য আর্তি করেন নৈসর্গিক;
তবু মেঘের চোখে জল আসে না।
ঈশ্বরদ্বেষী যেন, নিকষ কালো আঁধারেই বাস।
রক্তের মাঝে অংশাবতার তাই আর্জি করে
প্রেমকে পুজো দিয়ে পূর্ণাহুতি নেয়, অপূর্ণ কামে!

তড়িত্বান

এরপর কি হবে তা জানি না
হয়ত বেঁচে থাকবে নিভৃতে জেগে থাকা চাঁদ
কিংবা অচেনা কানাগলিতে অপ্রস্তুত আনাগোনা,
কে জানে!
হয়ত দিনের শেষে ভেঙে যাওয়া শামুকের খোল
নয়ত অধীর, কোন উদ্বাস্তু কিংবা দাঁড় কাক হয়ে
অহেতুক ভাবনা।
তবু ভালো লাগে অনিশ্চয়তার এই তড়িত্বান।
ভেসে আসা সমুদ্রের ঢেউয়ের মতন
অজস্রের মাঝেও একাকী নিস্তব্ধতা।