২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অজেয় জাতির অজেয় পিতা

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 10 Jan 2016, 01:59 AM

Updated : 02 Sep 2022, 08:36 PM

Image
bangabandhu.jpg

মাটির প্রদীপ জ্বেলে প্রার্থনায় মাতা অনিদ্রিতা;
আকাশগঙ্গার বুকে পাল তুলে এলে জাতিপিতা।
তোমার দুচোখে হাসে রাঢ়-বঙ্গ-হরিকেল নদী ও জলধি
হিমালয় চূড়া থেকে সমতট, দক্ষিণের দরিয়া অবধি।

তোমার আকাশে জ্বলে তারাবাতি, নেবুলার আলো,
তোমার বুকে ও মুখে বিজয়ের বজ্র চমকালো।
তোমার দুহাতে ওড়ে লক্ষ্যভেদী ধনুক ধ্রুপদী,
গণমন্ত্রে উল্টে পড়ে স্বৈরতন্ত্রী ক্ষমতার গদী।

তোমার স্নায়ুর তন্ত্রে বেজে ওঠে অর্জুনের বাঁশি :
তীব্র তীক্ষ্ন উন্মীলিত; যুক্তিযুদ্ধ; ভালোবাসাবাসি।
তোমার ভাষার ধ্বনি লোকশ্রুত পাখিদের ঠোঁটে,
বৃক্ষ থেকে অন্তরীক্ষ তোমাকেই লক্ষ্য করে ছোটে।

তর্জনী উঁচিয়ে তুমি সবুজ ব-দ্বীপ জুড়ে বাজো অহর্নিশ
সন্তানেরা খুঁটে খায় জল-পলি, ধানদুর্বা, শান্তির আশীষ।
প্রমিত বাঙালি বুকে তুমিই তো রুয়ে দিলে চূড়ান্ত বিজয়;
প্রমিত বাঙালি তুমি, পলল জাতির পিতা, নহলি নির্ভয়।

তোমর অমিত বুকে পুঞ্জীভূত মৃত্যুঞ্জয়ী যোদ্ধার সাহস
তোমার অস্তিত্বে জাগে বাঙালির সৃষ্টিজয়ী রূপরংরস।
মুক্তি মানে সৃষ্টি-যুদ্ধ, মুক্তিযোদ্ধা চিরকাল সৃষ্টিযুদ্ধময় :

বাঙালি অজেয় জাতি, কোনোকালে বাঙালির নেই পরাজয়।

Image
Flag Counter