টি এম আহমেদ কায়সারের তিনটি কবিতা
অভিস্রবন
এক রক্তোন্মাদ ব্যাত্যাপ্রবাহের ধুলোয়
ক্রমে মিইয়ে গেছে আমার নিহত ভ্রণের আর্ত-চিৎকার!
উৎপল কুমার বসুর মহাপ্রয়াণে যারা আজ শোক-মুহ্যমান হবে, হোক!
ভ্রূণ হত্যার গ্লানি মাথায় নিয়ে আমাকে যে এখন বোধিবৃক্ষের নীচে দাঁড়াতে বলছো
হায়, তাতে কি চক্ষু প্রতিরক্ষা হবে শেষমেষ?
এইসব বোধিপত্রে, জাইলেম ফ্লোয়েমে গূঢ় অভিস্রবণ হচ্ছে আমি জানি
কিন্তু তাতে আমার কী?
স্থিতি ও বিস্তার
শিরদাঁড়ায় স্পষ্ট টের পাচ্ছি তোমার স্থিতি আর অমোঘ বিস্তার
এক শুক্লপক্ষ রাতে
ওয়ার্ফ নদীর নিগুঢ় স্রোত-রন্ধ্রে অঙ্কুরিত হয়েছিলো যে ঘুমগাছ
সরক্ত সংশ্লেষণে কী গভীর ছায়াবতী হয়ে উঠেছে আজ!
উন্মাদ ঘোড়ায় চড়ে, দিগ্বিদিক ধুলো উড়িয়ে
বরং একদল পাহাড়-দস্যু এখন আমাকে ছুঁড়ে ফেলে যাক
পর্বতের নিকষতম কোনো গুহায়…
শিরদাঁড়ায় তো রয়েছেই তোমার স্থিতি
.. আর গুহার অন্ধকার ভেদ করেও আমি জানি
টপ টপ করে ঝরে পড়বে তোমার সিন্ধু ভৈরবীর সুর
বিন্দু বিন্দু ঘ্রাণ আর রক্তধৌত আলো
ইঙ্গিত
রোডেনড্রন গাছের পাতাগুলি ঝরতে শুরু করলেই
আমি বুঝে যাই বিষুব মেরুর বরফ পাহাড় থেকে তুমি আমাকে ডাকছো!
দিগন্ত স্ফূরণ করে ফোটে তোমার জটিল ইঙ্গিত,- জ্যোতির্ময় চোখে!
নিগূঢ় রাতে
পৃথিবীর সমস্ত মৈথুন-মগ্ন নদীদের শীৎকার অস্ফূট হয়ে এলে
আমি বুঝে যাই বিষুব মেরুর বরফ পাহাড় থেকে তুমি আমাকে ডাকছো!
ওটলি শেভিন জুড়ে হয় এখন বেজে চলছে মোজার্টের অন্ত্রভেদী সিম্ফনি
