২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওশাদ জামিলের চারটি কবিতা

নওশাদ জামিল

Published : 31 May 2015, 03:09 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

মর্মতল

সব কথা বলা হয়ে গেল?
দিনশেষে, ঘরে ফিরে খুব
ক্লান্ত হই, দৃশ্যের বাইরে
বিশুষ্ক প্রাণের বার্তা নিয়ে
জেগে ওঠে তীব্র কথাপুঞ্জ
কথার পারদ নেই–তাই
যাও পুড়ে যাও সূর্যতাপে
যাও রেখে যাও ছাইভস্ম।

কথার সিম্ফনি জানি যদি
কেন তবে ভয়, মর্মতল?
যাও ডুবে যাও স্মৃতি নিয়ে
যাও রেখে যাও খড়কুটো
প্রেত-তাড়িতের মতো আজ
প্রস্ফুটিত হোক বেঠোফেন।

বিভ্রমের হাসি

মাঝে মাঝে এ-রকম হয়
উদভ্রান্ত হয়ে ঘুরেফিরে
ঘরে ফিরি, চলে আসি একা
পথ ভুলে। শৈত্যপ্রবাহের
সঙ্গে মিলেমিশে উড়ে গেছে
সেইসব পাখি–চুপি চুপি
তাদের ডানায় ভেসে ভেসে
ঘরে ফিরি–কোথায় সে ঘর?

দূর শূন্যে ঝুলে আছে ঘর
পৃথিবীর এই ক্ষুধা-শান্তি
ময়ূরশয্যার স্মৃতি যেন
সবকিছু বিভ্রমের হাসি
সব ফেলে চলে আসি একা
মহাশূন্যে–সোনার সিঁড়িতে।


চিত্রকর্ম: নাজিব তারেক

জলের জার্নাল

শিশির ছড়ানো ভোরে–দূরে
উড়ে যায় একটি উড়ো বক
মুখে তার ভেজা খড়কুটো
বাঁশঝাড় পেছনে-সামনে
গাছ-আগাছায় ঘেরা বন
উড়ে যায় জাংলায়, বাদাড়ে
স্থির বাসনায়–তারপর
ফিরে আসে আপন কোটরে।

সবাই তো ফেরে–তারস্বরে
একা একা কাঁদে শুকসারী
জলের রেখায়-প্রতীক্ষায়
এক ঠাঁয় দাঁড়িয়ে সারস।
কী পায় কে জানে–তবু আমি
লিখে রাখি জলের জার্নাল।

স্তব্ধতার গান

স্তব্ধতার গান নেমে এল
দুজনের মাঝখানে–ভাবি
স্তব্ধতার কাছে ঋণী খুব
এই যে নিমগ্ন তানপুরা
বৃষ্টিশেষে ভেজা পথ ধরে
কিছুক্ষণ হেঁটেছিল–তার
কাছেও আমার খুব দায়
এই যে তবলা–ঘুরে ঘুরে
কিছুদিন নেচেছিল, তার
কাছেও অনেক দেনা বাকি।

পৃখিবীর বুকে তুড়ি মেরে
গান গায়–অন্ধ যে ভিক্ষুক
ভাবি তার কথা–তার গান
দেখা না হলেও আছো তুমি।