মোহাম্মদ রফিকের ছয়টি কবিতা
বেহুলা
আমি তবে লখিন্দর
তোমারে অমর করে যাব,
ভাসতে দাও ঢেউয়ে-ঢেউয়ে নিম্নগামী স্রোতে
গলিত মাংসের পিন্ড ঝরে পড়বে জলে,
আনন্দে মাতাল হবে মৎস্য-পরিবার,
কামনা দংশিছে যারে কাকে বা সে দোষারোপ করে,
বজ্রবিদ্যুতের শিখা বিদ্ধ করে শস্যের ভান্ডার
নয় সর্প দুর্ভাগ্যের কালচক্র নয়,
ফিরে চলো, কাজ নেই দেবতাকে তুষ্ট করে,
স্বর্গ বড়ো পরিহাসপরায়ন,
তোমার নৃত্যের মুদ্রা আলোকিত করুক ব্রহ্মাণ্ড
বেদানার্ত পিচ্ছিল দেহের ভাজে-ভাজে
কলকণ্ঠ প্রকৃতির পাখ-পাখালির কলতান
দু'ঠোটের ফাঁকে বসে থাক নক্ষত্রের মেলা
মুক্তি পাক মানুষের দমিত বাসনা
ঘাটে মাঠে উচ্চারিত আকাক্সক্ষার নাদ
জীয়নের মন্ত্রধ্বনি কবিতায় পংক্তি বিন্যাসে
সব সাধনায় জন্মসাক্ষী সঙ্গীতের তান লয়
লোহার গরাদ খুলে যায় স্বর্গে মর্ত্যে
বন্ধিশালা থেকে অবশেষে মুক্ত সব অবরুদ্ধ চেতনা-চৈতন্য
কিংবদন্তি যুগ-যুগান্তরে
প্রাণ পাবে মাটিতে ও জলে,
এক একটি মৃত্যুমুখী
শতাব্দীর কালঘুম টুটে গেল!
২৭ এপ্রিল ২০১৫, উত্তরা-৪ ঢাকা।
নদী ও নারী
মরণেতে পেতেছি বাসর
কোথায় সে সর্পদেবী
কে তবে দংশিবে আজ রাতে,
দুই ঠোঁট মেলে দিয়ে তুমি
শ্বাস নাও গহীন আশ্লেষে
আমি দেখি, ঢেউ ভাঙে দুই তীর জুড়ে,
এখন ভাসাই যদি ভেলা
তোমার জলে ও ঘামে।
নাতিউষ্ণ ভেজা-ভেজা ঘ্রাণে,
হয়তো-বা অতলে ডুবে গিয়ে
পেয়ে যাব মেঠোজনমের স্বাদ
ঘটে যাবে অনন্য সত্তায় মাল্যদান,
প্রবাহিত হে নদীর ধারা
তোমার জলজ অভ্যন্তরে টেনে নাও,
মৃত্যু তবে বাসনার ঘোর।
২ মে ২০১৫, উত্তরা-৪, ঢাকা
ওগো বন্ধু
ও নিতাই গান ধরো, সাক্ষী রইল মনুষ্যসমাজ। আমি শুনি, বলেছিল লখিন্দর, এসো একটু দ্রুত পা চালাই, দেখো না জ্যোৎস্না কেমন বঙ্কিম হয়ে পড়ে আছে।
পথ বড়ো আঁকা-বাঁকা, কন্টকিত, উপলে বন্ধুর, একে তো মসৃণ করা, অতটা সহজ নয়, প্রায়অসম্ভব সেই দায় বর্তেছে আমার কাঁধে, পূর্বপুরুষের সকল অন্যায়
এত ভারী ভাবিনি কখনো, যদি খালি করে দিই গোলা, তাতেও কী অপরাধ মুক্ত হবো, জন মানুষেরা গাইবে সমস্বরে, জ্যোৎস্না বড়ো প্রতারক, দংশিবে যে কোনো মুহূর্তেই
লোভাতুর, কামনার্দ্র সেই বিশ তাতায় শরীর নাভিমূল। চকচক করে চোখ, মস্তিষ্কে প্রহার, খাড়া হয়ে ওঠে চুল, চাই, আরো চাই, শুষে নিতে চাই মাংস-ঘাম অভ্যন্তর,
সে জানে অপেক্ষা করে আছে নববধূ, ব্রীড়াপরায়না, স্বর্ণের পাহার যেন, হাতে নাকে কানে ঝলকায় অলংকার
শুধু হাতে নির্মম ছিনিয়ে নেয়া ছিন্ন ভিন্ন দলিত-মথিত।
অন্য কারো শস্যের আবাদ খোঁজ নেওয়ার বা ব্যথিত হয়ে শ্বাস টানার বা কভু গোনবার প্রয়োজন নেই, অমানুষ, সুখী হও, লুটে নাও, কুমারীত্ব, প্রতিটি অতীত ভবিষৎ
পা চালায় দ্রুত, গৃহ অভিমুখে ইষৎ স্বস্তিতে,
জানেনা সে, আজ রাত অন্য রাত, গুঞ্জরিছে প্রতিশোধ
নীল তীক্ষ্ন দংশনে কথা বলে উঠবে ইতিহাস।
লালসার বিষে জর্জরিত হবে দেহ, মুখে ফেনা অসাড় অনড়,
কাল ভোরে জন-মানুষের কন্ঠনাদে মুখরিত হবে চাঁদের উঠোন,
লখিন্দর, নিজের অলক্ষ্যে শোধ করে যাবে অকালের ঋণভার।
মুক্ত নিঃসংকোচে ভিজে যাবে গাঙুড়ের জলে সীমা অসীমের
ওগো বন্ধু, এইবার গান ধরো মুক্তকণ্ঠে স্বপ্নের, দিগন্ত ভ্রমণের,
জলে জলে অভিশিক্ত হয়ে লখিন্দর চোখ মেলে আকাশে অন্দরে।
৪ মে ২০১৫, উত্তরা-৪, ঢাকা
বীজমন্ত্র
শতাব্দীর ছায়া, প্রতারক
অভিশপ্ত, কুটিল, পিচ্ছিল
বেহুলা তোমাকে খুঁজি
সিক্ত শরীরের আলো অন্ধকার
জনমের ভুল, মৃত্যু অভিশাপ, ত্রাস,
শুয়ে আছো সম্পূর্ণ উদোম
একটি ঘোর, দগ্ধ ইতিহাস,
যুদ্ধ, হাহাকার, নিরন্ন সন্ধ্যা ও ভোর
তোমার মাংসের আত্মদান,
কবে যেন কেটে যাবে কাল,
মরণ চিৎকার শুনে, হতভম্ব,
দেখবে সাপ, নেমে যায় পায়া বেয়ে, মাংসের কুণ্ডলী ছেড়ে,
অপরাধী, উপনিবেশিক ঘোর
এখনো গোটানো হয়নি যে পর্দা
ঢোকেনি তো আলো, দেখিনি তোমার মুখ
চোখ, আকাঙ্ক্ষার তাপে ফেটে-পড়া
ঘুর্ণি, দু'বাহুর আন্দোলন, লতাগুল্ম
প্রবাহিত গাঙুড়ের ধারা শিরায় শিরায়
শুনেছি তোমার নাভি পুষ্পপ্রায়
উন্মুখর, বকুল, চামেলি, বেলি
পদ্মপাতা, যেন একবিন্দু জল
একটি কৃষিখেত পেয়ে গেল
আলোকের অভিষেক হালে ও কর্ষণে
লালটীপ পরিয়ে দিলেন সূর্যদেব
শুধুমাত্র বরণ বা অধিবাস
মাল্য বদলের পালা যেন
শুধু চোখে চোখ, আমি আগুন্তুক দূরদেশী
এতদিন, দূরত্বে দাঁড়িয়ে,
ছিলাম দর্শক, কর্মহীন অচঞ্চল,
আজ রাতে অভিশাপ, বিষবাষ্প,
মুক্তি দিল, স্বাধীনতা, দেহে-রক্তে
গেঁথে নেয়া উজ্জ্বল পতাকা
তোমার কন্দরে, অগ্নিদহে
ঘটে বিস্ফোরণ, যেন বা পটকা কোনো
ফেটে পড়ল অন্তরের চাপে
অন্য কোনো হাত ছাড়া, নিজে নিজে,
তুমি মাটি দিগন্ত-বিস্তৃত
রূপকথা, সাঁঝ প্রদীপের শিখা
তোমার গহ্বর থেকে বেরিয়ে এসেছে
সর্পদেব দিয়ে যায় লালাসিক্ত পিচ্ছিল চুম্বন,
বাঁচি কিংবা মরি, সেই প্রশ্ন অবান্তর,
ছিন্নবস্ত্র বিমুক্ত স্বদেশ, তোমাতেই সহবাস।
অভিশপ্ত বিবাহ আমার
আমি তবে লখিন্দর, যার কাছে দেব-দেবী
শাসক শোষক অপরাধী নতশির
দূরে দূরে নিশ্চুপে দন্ডায়মান তবে
বিজয়ে বিশ্বাস নেই, আত্মোৎসর্গে,
মরণ শিৎকারে লীন। সেই তো উদ্ধার।
৪ মে ২০১৫, উত্তরা-৪, ঢাকা
উতলা
আজ রাত। সৃষ্টির প্রপাত যেন
আমাকে আমুণ্ডু গ্রাস করে নিল।
অন্ধকারে জ্বলে উঠল বিদ্যুতের ফনা
ঢেলে গেল বিষ মাংসে হৃৎপিন্ডে-হৃদয়ে
উজ্জীবন, ঘটে বিস্ফোরণ জরায়ণে,
তাই বলি, অকাল-মৃত্যুকে ক্ষমা করে দিও।
মিশে রইব স্বদেশের বেহুলা শরীরে,
ভেসে যাব গাঙুড়ের জলে।
৪ মে ২০১৫, উত্তরা-৪, ঢাকা
বধূ বরণ
কতদূর থেকে এলে উজিয়ে মেঘনার ঢল, কাল যমুনার পাড়ি,
অভ্যর্থনা করে নিল চম্পকনগর আহলাদিত দু'বাহুর আবেষ্টনে,
নগরীর গলি পথে ছড়ালে পাইজামের ঘ্রাণ আগাছার গহন হৃদ্যতা বনমালতীর বহু অজানা অচেনা কথকতা
মেঘে মেঘে নক্ষত্রের পথ হারা স্বপ্ন সাধ ঘর পেয়ে গেল তোমার দেহের চৌ-কাঠে পাপড়ি মেলে শত দল ব্রীড়াপরায়ন হাঁটার মুদ্রায় ,
ঠোট খুললে গান হবে;
জ্যোতিষ্কের কণা তোমার সিঁথির ফাঁক ছেয়ে জ্বলে-নেভে
গাঙুড়ের জলস্রোত খলখল হাসি ও কান্নায় বয়ে যায় চুলগুচ্ছ কাঁধ ছুঁয়ে
নয়ন যদি বা খোলা তবে ঠিকরে পড়ে রাজকন্যাদের অশ্রুমতী হার, পদতলে গড়ায় লক্ষ্মীর ঝাঁপি হাহাকার করে ওঠে দ্রৌপদীর খুলে নেয়া শাড়ি
কই গেলি হীরামতীদের খোঁজে রাজার কুমার আর আমাত্যস্বজন
ওই দেখ এক সঙ্গে নীলাম্বরে চাঁদ ও সুরুজ নগরীর পথে ও বিপথে সহজ বিভঙ্গের;
অষ্টাদশ উনবিংশ শতকের চক্ষুমণি ঝলসে যায় বিশশতকের বেলাজ জৌলুসে, দেহ-চেতনায় কান্না গুমরে গুমরে কালীদহে অার্বত কুণ্ডলী পেয়ে যাক;
উদগীরন ঘটে যায় ধোয়া ও অগ্নির কামনায় উদ্বেলিত নাভিমূলে, এইকি ধর্ষণ না কি অমল বিবাহ পরিপাটি, কালচক্রে আত্মবলিদান?
