মাহবুব হাসানের কবিতা
আমার স্বপ্নগুলো
আমার স্বপ্নগুলো বেহেস্তের মতো অর্গলবিহীন আর দুঃস্বপ্নগুলো
দোজখের ওম-ভরা
খরখরা এই পৃথিবী আমার
দোজখ আর বেহেস্তের মাঝখানে ঝুলে আছে।
২.
মিথ্যা হলো মধুময়
সত্য বড়ো তিতা
গুণায় ভরা এই মর্ত্য জীবন
রিবনের মতো প্যাচানো
অমর্ত্য ফিতা!
৩.
জোঁককে বলি শোষো শোষো
আমার রক্তজল যাবতীয় লীলা
আমার ওপর বিলা হয়ে আছে শাসক-শোষক
রাজনীতির এই তো লীলা।
৪.
বসন্ত বাউড়ি নাচে হলুদ শাড়ি পরে
আমি বলি নাচো তো পাখি
আমাদের রাজনৈতিক মুদ্রায়
সে হেসে খুন!
আমি তো প্রকৃতি
মানুষের গলার হার!
মনে নেই কী তোমার !!!
৫.
বহুকাল আগে, তারও আগে, বহুকাল আগে…
ফাল্গুনে উড়েছিলো বাসন্তি রঙ
কিংবা ফাল্গুনি রাগে
মেতেছিলো মন-হাওয়া পরম সোহাগে!
প্রেমের বেহাগে বেজে উঠেছিলো কাল, মহাকাল
বিকেলটা ছিলো বিরহের বাগে?
কে জানে কার অনুরাগে কে ফেলেছিলো মনোজাল
নগরের এই আহ্লাদী মেলার কানে কানে,
এই কথা বলে যায় ধূলিবালি বাওকুড়ানির ফিসফিসে গলায়
প্রমীলা সোহাগে, আজ
বেহাগে মাতোয়ারা, তারা!
৬.
নগ্ন আমাদের ভোর
সুবে সাদেকের নূর
চারদিকে
আর আমাদের পোশাকে-আশাকে
গোর-খোদকের হাসি
আমরা ভালোবাসি!
৭.
ঝি-কে মেরে বোঝাই তোমাকে
তার বাঁকে বাঁকে সাজাই সংসার,
রক্তের নদ-নদী ঝাপ্পুরি খেলে রোজ,
তার শাখা-প্রশাখায় তোলে ঝড়, অমর যে তা,
আমাদের খাতার পাতা ছিঁড়ে গেছে সেই ঝড়ে,
নড়বড়ে খুঁটি ঘরের চাল,বাতা,
ছাতা নেই কোনো আমাদের মাথার ওপরে
কেবল আকাশ, নীল আর গোধূলি রঙের জ্যোৎস্নার
মরা-নদী, ভরা বর্ষায়ও তার মুখ আমাদের মুখের
বহুমাত্রিক বলিরেখার মতো কাটাছেড়া।
তবু টান টান রাখি শাসনের, শোষণের দড়াদড়ি আমাদের!
বেহালার ছড়ে নাচে দুঃখের গান!!
কাল যে আমার কাল-নাগিনী
ফণা তোলে নাচে সেই গানের বাঁকে বাঁকে
আমি তো বুঝি না তার ভার কখনো—-
সময়ের নির্দয় ঘড়ি, কেবল নিরবধি!!!
