২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তরঙ্গের তরবারি

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 06 May 2015, 09:41 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

Image
tidal-1.jpg

তুমি যখন কেঁপে ওঠো, কেঁপে ওঠে শরীরের কুপি
তুমি যখন কেঁপে ওঠো, কেঁপে ওঠে আত্মার সৎসঙ্গ
তুমি যখন কেঁপে ওঠো, কেঁপে ওঠে নদী ও জলধি
তুমি যখন কেঁপে ওঠো, কেঁপে ওঠে ব্রহ্মাণ্ডের অঙ্গপ্রত্যঙ্গ

Image
image-1.jpg

আমি যখন হিমালয়ের মতো নিতম্ব তুলে আকাশকে শাসাই
তুমি দুর্বিনীত সরীসৃপের মতো ঢুকে যাও গিলগামেশের হৃৎপিণ্ডে,
আমি যখন একমাত্র পুত্রের বাসরশয্যার চারপাশে গড়ে তুলি লৌহবেষ্টনী
তুমি তখন ধীরপ্রবাহিনী গাঙুড়ের জলে ডুবিয়ে দাও সপ্তডিঙা মধুকর,
আমাকে দেখে ধারালো তরঙ্গের তরবারি বাগিয়ে ধরে বঙ্গোপসাগর

Image
image-2.jpg

মাটি নেচে নেচে ফেটে যায়, নুয়ে পড়ে অট্টালিকার অকাশচুম্বী গ্রীবা
মসজিদ মন্দির গির্জা কিয়াঙের চূড়ায় সভ্যতার দ্বিধা থরথর বিভা
ইস্রাফিল শিঙা ফুঁকে যায় অষ্টপ্রহর
হাবিয়া দোজখের পাশে বসে কেউ কেউ পান করে অনন্ত জীবনের কহর

না, আমরা পান করি না, আমরা পালাই না,
আমরা আমাদের শরীরে ও আত্মায় অন্য কোনো আগুন জ্বালাই না
আমরা কাঁপতে কাঁপতে মাপতে থাকি আমাদের দৈর্ঘ
একজনের সঙ্গে আরেকজন, কোটির সঙ্গে কোটি, অসংখ্যের সঙ্গে অসংখ্য

Image
image-3.jpg


সুনামি বা ভূমিকম্প বা তুফান বা যুদ্ধ বা মহামারী বা অন্য কোনো মহাজাগতিক সংঘর্ষ
সবকিছু গ্রাহ্য করেই মানুষের প্রাণযাত্রা, এই তো সভ্যতার মানসাঙ্ক
০৬.০৫.২০১৫

Image
Flag Counter