মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছ কবিতা
দুয়ার
সবক'টা দুয়ার খুলে দাও, – এমন ধ্বনীতে দেখি চৌকোনা ঘরে তখন একটা মাত্র দুয়ার ।
ঘুলঘুলি আছে দুই । আর তিনটে জানালা।
সবক'টা দুয়ার খুলে দিতে অনেকগুলো দুয়ার কোথায় পাবো !
ক্রমান্বয়ে জানালাগুলোকে দুয়ার বানিয়ে দিলাম দুয়ার খুলে দিতে।
এবার এই চৌকোনা ঘরে অনেক কটা দুয়ার ।
এগুলোর সবটাই খুলছি ধীরে ধীরে।
আবারো ধ্বনিত হলো, সবক'টা দুয়ার দাও তো খুলে !
সবক'টা দুয়ার খুলে দিতে তিনটে ঘুলঘুলিকেও দিলাম বানিয়ে দুয়ার।
ক্রমান্বয়ে সেসব দুয়ারও দিলাম খুলে। দুয়ার খুলছি, দুয়ার ।
তবুও থামে না ধ্বনি ! সবক'টা দুয়ার দাও তো খুলে।
তাহলে এই চৌকোনা ঘরে আরো দুয়ার চাই হাট করে খুলে দিতে।
অনেক সুযোগ চাই আলোর পথ করে দিতে।
অতঃপর চৌকোনা এ ঘরের দেয়াল সরিয়ে সরিয়ে বানাতে লাগলাম দুয়ার ।
দুয়ার বানাতে বানাতে আর খুলতে খুলতে এখন এখানে কোনো ঘর নেই ।
মাথার ওপরে শুধুই বৃক্ষ । তার ছায়ায় বসে আমি সূর্যালোকের প্রার্থনায় নতজানু।
এই তবে ভালো হলো কোনো ঘর না থাকায় ।
এই তবে ভালো হলো ঘরের দেয়াল না থাকায়।
এই তবে ভালো হলো সেসব দেয়ালের আর কোনো চিহ্ন নেই ।
জানতে কোনো প্রশ্ন নেই সেটা কোন ঘরানার,-
মোঘল, নাকী আর্য ? সুলতানি, নাকী মৌর্য ?
তাতে কী দেবতার ছাপ রাখা, নাকি কোরানের বানী লেখা ?
কিছুই নেই প্রশ্নের অবশেষ। কোনো প্রশ্নই আর নেই বাকি ।
চৌকোনা ঘরের ভেতর কুলুঙ্গিতে কি রাখা আছে –
বেদ, বাইবেল, আছে কি কোরআন ? রাখা কি আছে উপনিষদ, পুঁজারির লাল ষাড় ?
এখন এখানে কোনো ঘর নেই ।
এখানে এখন আবার একদম অবিকল সেই আদিম বৃক্ষতলে আমি প্রথম মানব
তোমাকে জড়িয়ে ধরে হাওয়ার আর্তনাদে ধর্মবিহীন শীৎকারে মাতি।
১১ জানুয়ারি ২০১৫ । ধানমণ্ডি । ঢাকা ।
জাদুর হাসির তুমি
কী অদ্ভুত নিজের সাথে আজ নিজের আলোচনা !
এমন সময় জলের দুয়ার মেলে বলেই ফেলি,
তুমি কি আজ অংশ নেবে এতে ?
বিষয়বস্তুু সরল রেখায় রঙ ছড়িয়ে, আকার নিয়ে
আমার ভেতর আছেই কিছু যতি চিহ্নে রমণ কুশল খেলা,
উলোট পালোট, দীর্ঘশ্বাসের নির্ঘুমতা, নদীর ডালপালা,
এই ধরো কতক আছে ছায়া বিন্যাশ, হ য ব র ল
স্বপ্ন বিভাস, মরুভূমি, পাতার জন্যে আকুল প্রযোজনা ।
তুমি কি আজ আমার সাথে সে সব ছুঁয়ে
উষ্ণ বাঁকে একটু কাছে হবে ………….
হবে কি তুমি আমার কথার ভাগে ভাগি ?
অমন কোরে জাদুর হাসি হাসছো ক্যানো তুমি!
এমন কোরে হাসলে তখন খুব বোঝা দায়
কি মানে তার – আছো সাথে ? নাকি
তুমি দ্বিধার ঢেউয়ে দিচ্ছ প্রবল ফাঁকি !
আচ্ছা শোনো, ভাবছো না তো ফাঁদ পেতেছি …..
নষ্ট মানুষ !
আকাশ নিয়ে খেলি বলে ভাবছো না তো পাখিওয়ালা,
ছোট্ট পাখির চনমনানি আমি খাঁচায় পুরে রাখি !
ভাবছো না তো আমার হাতে তোমার নাটাই
সর্বনাশা সুতোর হাড়ে তোমায় বেঁধে আছি !
এতো কিছু বলছি আমি,- শুনছো তুমি ?
কী অদ্ভুত ! করছো ক্যানো এমন !
ভয় পেয়েছো দূরের রোদে নষ্ট হবে জীবন ?
তুমি দেখি কাচের ঘরে শিশির হয়ে বসে!
কিন্তু তুমি কাচের ঘরে যতই শক্ত দুয়ার বাঁধো
আমি তোমায় দেখতে পাই বাতাস খুলে সবি !
না, না, যতই তুমি অমন কোরে হাসো…..
আমি জানি তোমার সাথে খুব প্রয়োজন
পার্টনারশিপ বজায় রেখে রক্ত প্রভাত আনা।
শোনো, তুমি এবার তোমার হাসির জাদু ভাঙো।
তুমি এবার কাচের ঘরের নষ্ট মোহ ছাড়ো।
২৯ মার্চ ২০১৪। ধানমণ্ডি। ঢাকা।
অপার্থিব চিহ্নের নদী
অনাকাঙ্ক্ষিত স্মৃতিই কী ছিলো সেদিনের শেষ কথা ….।
এরপর এক দীর্ঘশ্বাসে বোনা সাপলুডু চাল…দুধ দিয়ে খেলাঘর
আর বিশ্রামহীনপথ বানানোয় মাতামাতির চিহ্ন ধরে রাখা…!
সেদিনের সেই অভিনব অভিযাত্রায় নতুন মোড় এলেই তুমি হঠাৎ এক রূপান্তরিত ঝড় ক্যামন কোরে আমার সকল ভূগোলে অপার্থিব চিহ্ন রেখে জানালে নিশ্চিত…..'এই হলো বিস্মরণের মহাকাশ…….তোমার অস্তিত্বের ভেতর আমাকে ছোঁবার স্মৃতি শুঁকে দ্যাখো একবার………..আমিই মাঝখানে রেখে গেলাম এক দীর্ঘ নদীর উপকথা !'
অন্ধকারের ভেতর তখন হাত গলিয়ে আমি বুঝে যাই অনুপম জলের ছোঁয়া…….
জেনে যাই নদীর অস্তিত্ব ওখানে কোমল ।
তখন থেকে তোমার নাম নদী হয়ে গেলো আশ্চর্য মহিমায় !
অপার্থিব নদীরা কী তবে চিহ্ন নিয়ে থেকে যায় আমার সাথে চিরকাল !
মে ২০১৪ । ধানমণ্ডি । ঢাকা ।
অনুরণন -১
বস্তুুত একটা নীল রেখা দৃশ্যমান ।
কিন্তু সম্ভাব্য সে রকম রেখায় তোমাকে আমি
কোনো ত্রিভূজে রূপান্তর করিনি !
তুমি এখনো আমার ঈন্দ্রীয়ের চর্চিত ক্ষেতে
আকারহীন জলেধোয়া কলমিলতার সোঁদা ঘ্রাণ ….
অনুরণন -২
অপূর্ণতার ধ্বনি তোমাকে কী স্বপ্নীল কোরে তোলে !
খোঁজো কী তখন তুমি আকাঙ্খার তরঙ্গ অভিঘাত …
বিমূর্ত কোলাহল ফেলে উঁচুতে চিলের ডানায় হোয়ে ভাসমান!
ভাবো কী উঁচুতে গিয়ে দেবালোক বহু দুরে……….
পুনরায় মৃত্তিকায় ফিরে যাই আপন নিমগ্নতার চেয়ে অভিমান!
পলিটিক্যাল ছায়া
আমার ছায়ার সাথেই দ্বন্দ্ব আমার এখন ভিষণ প্রকট…
একদিন যা ছিল মন আর অনুভবে -তাই এখন পরিনত জীবনের ছায়ার ভাবনার খেলাঘরে । আমাকে ছাড়িয়ে ছায়ারাও নেমেছে মাঠে দাবীতে মৌলিক । আঁধারেও অপসৃত হবে না বলে করেছে প্রমিজ । ওদেরও তো দরকার রাষ্ট্র এবং বন্দুক-গুলি । আমিও প্ল্যাকার্ড হাতে ছায়াদের দাবী নিয়ে শহরের অলিগলি ….ছায়াদের অধিকারে লড়াইয়ে নামি । ক্ষমতা নয় শুধু – ছায়ারাও চায় প্রেম …চায় মৌলিক ভোটাধিকার সেই সাথে ।
তারপর তারা একেবারে নেমে যাবে নির্বাচনে…
২ ডিসেম্বর । ২০১২ । ধানমণ্ডি । ঢাকা ।
রোদের ঠোঁটে মন
এমনি জীবন রৌদ্র ছুঁয়ে এমনিভাবে
স্বপ্নে তুমি কাছে
এমনি আমি যাই যে চলে মেঘের ভেতর
আড়াল নেবো তোমার কাছে এমনি আমি
একটু খানিক
অল্প খানিক
এই দুপুরে এসে ।
ভাবছি হঠাৎ পাও কী তুমি চিহ্ন আমার
আমার ঠোঁটে তোমার ঠোঁটের সাথে !
এমনি কোরে চাইছি আমি
এমনি কোরে ভাবছি আমি
এমনি কোরে
এমনি কোরে।
