২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানজুর মুহাম্মদের একগুচ্ছ কবিতা

manjur_mohammad

Published : 03 Dec 2014, 05:20 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

অহেমন্তে হেমন্তের হলুদ খাম

তারপর তুমি নেমে গেলে হন হন পাহাড়ের চূড়া হতে
আমি তখনও গোলাপী জামদানির সুতোর ঘ্রাণের ঘোরে
মেঘেদের সাথে কটেজের বারান্দায়।
নেমে গেল সুর সুর ঝর্ণার জল, সবুজের ধ্যান, বুনো ফুল
বাকী বনভূমে জ্বালিয়ে দিল তুমুল আগুন আমার অজানা ভুল।

একদিন ক্লান্ত আটপৌড়ে সংসারে টুং টাং পিয়নের বেল
চিঠি আছে …… চিঠি….
অহেমন্তের হলুদ খামে ফিরে এলো হেমন্তের কটেজ
তুলোট মেঘ সহ গোলাপী জামদানির সুতোর ঘোর লাগা ঘ্রাণ
চিমটি কেটে বিশ্বাস হল
হেমন্ত পেকে হয়েছে হলুদ রস-টস্-টস্।

কার চিঠি গো? ভেতর ঘরের জিজ্ঞাসা
ত্রস্ত হাতে মাতাল হেমন্তসহ তোমাকে খামে পুরে পিয়নকে ফেরত দিয়ে
বললাম- অন্যের চিঠি, পিয়ন ভুল ঠিকানায় এসেছে।

ঘুরছে জীবন ছক বৃত্তে, শুধুই বারণ, কঠিন শাসন
শিস দিয়ে যায় পাহাড় ঘরের মেঘের কোণের নিরব আসন।

শরতের শার্টের পকেটে ছিল রোদেল দুপুর

আমরা এক ঠোঁটে পড়ে গেছি
বহুদূর জীবনানন্দ, তলস্তয়, ইলিয়ট……
পেছন ফেরে কাউকে পাইনি
মালতি বা শিউলির মালা গেঁথে রাবিন্দ্রীক বন্দনায়।

পিচঢালা পথে শুয়ে ছিল শুধু সাদা মেঘ,
সতী অ্যাপ্রনের ঘ্রাণ।

কাশফুলের শেষ গোপনে
শরত চায়নি ফেরৎ আমার রুপোর নূপুর
তারপর আমি একাই ফিরেছিলাম গোধূলির কাছে
শরতের শার্টের পকেটে তখনো ছিল আমার রোদেল দুপুর।


তিন পিঁপড়ের গল্প

হঠাৎ তিনটি পিঁপড়ে ছিটকে গেলো সূদীর্ঘ ট্রেন হতে
ট্রেন থামলো না। কেউ কিছু বললো না। আবারো ট্রেন চলছে টুক টুক টুক টুক…..
তিনটি ভাগ্যাহত পিঁপড়ে আটকে গেলো মধুচাকের আটালো মধুর ঢাউশ ফোঁটায়
নয় জোড়া হাত পা আকাশমুখো। চিৎপটাং গিলছে অমৃত চুক চুক চুক চুক।

ট্রেন চলে গেছে বহুদূর আজানায়,
আকাশমুখো মধুস্নাত মাতাল তিন পিঁপড়ে ভুলে গেছে-
গোত্রপতির নির্দেশ, সদলে সঞ্চয়, মৌসুম, বসন্ত বন
প্রাণঘাতী ফড়িংয়ের আক্রমণ।

ফিরতি পথে গোধূলির আলো মুখে ট্রেন থামলো মধুর গন্ধে
সোৎসাহে তুলে নিলো অনড় তিন পিঁপড়াসহ স্থির মধু টুকরো
তারপর প্রতিকূল মৌসুমের মজুদাগারে ছুটলো ট্রেন সমান তালে, সমান ছন্দে

মৌসুমী মজুদের মধ্য-বিন্দুর বৃত্তে ঘুরে পিঁপড়া জীবন
ভালোবাসা-বিন্দুর তাওয়াফে কাঁদে মানুষের মন।

স্মার্টফোন- ১

গভীর মায়ায় বন্দি করে আলা-ছায়ার কঠিন ইন্দ্রজাল
যন্ত্র-মুগ্ধ মন মানুষের কাল।

খোলো ইয়ার-ফোন
শোনো প্রজাপতির গান, দুপুর বুকের ধুক-পুক-ধুক
শ্রাবন-গজল, নীল বাতাসে সুর-বাঁশি
মেঘের গাঁয়ে পাখির ঠোঁটে নীল-হাসি।

স্মার্টফোনের শরীর হতে চোখ তোলো
দেখো রূপ-সবুজের চুল , বুনো ফুলের দুল
কাশ বাসরে নদীর নাচ, জোসনা কালের কুল।

দেখো আকাশ
ঐ পারে ঠিক বইছে নহর, দুধ-শুভ্র অমীয় রস
তোমার চোখে চোখ রাখবে খোদার আরশ।

স্মার্টফোন- ২

পলক ছুঁেয় উড়ে গেল ভালোবাসা পত্ পত্
দেখলে না
তোলপাড় ঘ্রাণে ঘুরে গেল গোলাপের লাল
বুঝলে না

তোমাকে পড়ল আকাশ
মেঘের গালে তুলতুলে আলো

মৃত্যুর আগেই হয়ে গেলে নিঃসংগ, পাথর-ফসিল
স্থির চোখে স্মার্টফোনের রঙিন ছায়া, অনন্ত ঝিল-মিল ।

স্মার্টফোন- ৩

স্পর্শের কাল পেরিয়ে ঘুমিয়ে গেছে আলোর যৌবন
বাতাস এঁকে গেছে বালির ক্যানভাসে নূড়ির বাসর
ফিকে হয়ে গেছে তারার চুমু কামিনীর গালে
প্রদোষের অচেতন কালে নিরন্তর জেগে আছে
স্মার্টফোনের জ্বল-জ্বলে চোখ অনুষ্ণ গোলাপে।