২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণজি বসাক-এর কবিতা

pranji_basak

Published : 18 Nov 2014, 10:25 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

স্বপ্নবাগান

আমবাগানে মঞ্জরী আসেনি এখনও
না আসুক রকমফের ফল এসেছে
কাঁচালালসার মতই কাঁচা ফজলি
বাগানভর্তি বস্তাভর্তি
র-গ্রেনেড

যার জন্ম আর মহিমায়
বাঙালি জাতিসত্ত্বাবোধে
চড়িয়ে পড়ছে একটি
বিরাট নির্জলা শুল্ক মরুভূমি

অর্ধেক

ছেলেটার চাকরির জন্য উদ্বিগ্ন মা
কতবার যে ফোন করলেন
'স্যার একটু দেখুন আপনিই সব
ছেলেটি রাতে ঘুমোতে পারে না
ডাক্তার বলেছেন সাইকিক ডিসঅর্ডার
স্যার, সরকারি চাকরির বয়স শেষ হতে
আর মাত্র দু'মাস বাকি-
স্যার …. প্লিজ…'

ছেলেটির চাকরি হল
এক বছর পর সে
চাকরিতে পার্মানেন্ট হল

বিশেষ প্রয়োজনে একদিন ফোন লাগতেই
ছেলেটির সেই-উদ্বিগ্ন-মা দৃপ্ত কণ্ঠে বললেন
'হ্যা ভাইয়া, আর তো ও ঘরপে নেহি হ্যায়
আপ বাদ মে ঔর একবার ফোন কর লেনা
হা ভাইয়া…'

আজও
কিছুতেই বুঝে উঠতে পারি না
জলের বোতলটি অর্ধেক খালি না অর্ধেক ভরা

যে যেমন

১
কাজের মেয়েদের বকবকানি
দ্রুতগমন
বৈকালিক অলংকার

২
বাজারের আলো অভিনয়ে পটু
সে আলোয় নতুন পোষাক এক
ট্রায়ালরুমে অন্য
ঘরে তন্বি আলোয় সে ভিন্নতর

তেল জলে

শিশিভর্তি তেল ঘাটে ভাসিয়ে দেওয়া
আর ফেলে দেওয়ার
ফারাকটুকুর মধ্যে
যে ভালোবাসা

আমাকে দাও সে নিমগ্ন অনুভুতি
আমি কখনও ডুববো
কখনও ভাসবো আনন্দে
স্বল্পায়ু বুদবুদের গান দেবে সঙ্গ
তেলে জল না জলে তেল
জল তেলে না তেল জলে

নিকট থেকে দূরে
দূর থেকে তফাতে
ডুবতে থাকি ভাসতে থাকি

প্রহর প্রবাহ

আমি এখন সারারাত জেগে থাকি
ভোরের জগিং সেরে
তুলে আনব কুয়াশার পাতলা পরত

আমার দুঃখের নিশিযাপন শেষে
শুনি ভোরের আজান
একটি মহাকবিতাংশ

আমার নিরর্থক প্রহর প্রবাহ
অন্তহীন প্রশ্ন
ঢাকা পরে অজানা রোদের পর্দায়

চিরাগদিল্লি

কত কত রাস্তা পেরিয়ে চিরাগদিল্লি যানজট
হয়ে ওঠে ক'ছত্র কবিতাপঙক্তি
গন্ধানালার সনির্বন্ধ অনুরোধে

কবিতার শরীর ছুঁয়ে তাবৎ পরমায়ু
কাপরা যেন উঁকি মারে শব্দহাটে
প্রথমবার মঞ্চাভিনয় শেষে মেয়েটি
জ্বালায় চিরাগ অন্ধকারে কানাগলি

Image
Flag Counter