২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম আজাদের গুচ্ছ কবিতা

samim_azad

Published : 03 Jun 2014, 10:20 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

দিনের গভীরে তারা

বিদেশি সিল্কের মত ছিল আমার চুল, পায়ে পায়ে হাঁসের সন্তরণ
সন্ত মুখ নুয়ে বলেছিলেন, উড ইয়্যু লাইক টু বি মাই উইডো
গোলাপবালা, আমি কি তোমার কাঁটা হতে পারি?

কন্ঠস্বর উঠানে নদী ছিল, স্মিত হাসির হোয়াইট বোর্ডে সূর্য
দূর্বার দৃষ্টিতে অশোক তরু আর গালিব।

মহাত্মন। যে বালিকা কোন নিরঙ্কুশ হিসেব বোঝেনা
তারই সকল পাতা আত্মাহূতির জন্য কী মরিয়া মুখ তুলেছিলো-
পাখিকে তো আকাশ চেনাতে হয় না।

যযাতি উপাখ্যান অথবা আপনারই নারী ক্লোন
কিংবা আমারই ভেতর দেহপ্রাপ্ত হয়ে আরো কিছুদিন
কবিতা লিখতে চেয়েছিলেন, শুধুই
ভাবিনি এভাবে কখনোই।

পেক্ষাগৃহ প্রচণ্ড অন্ধকার ছিল বিধায়
আমার হাতে বসা পাখি দেখতে পারিনি।

পেছন থেকে একটি শিশু নাকি আমার নিজেরই আত্মজ
অথবা জরায়ূ থেকে আপনিই কেঁদে উঠেছিলেন
আপনার মহাপ্রয়াণ দিবসে
আজ তা আর স্পষ্ট মনে পড়ছে না-

বৃষ্টি ও বার্সেলোনা

নিদয়া চক্ষুর ঘোড়া এত ছোটাছুটি, এত তাড়াহুড়া, গাওদীর গির্জা হাতড়ে হুড়মুড়িয়ে নেমে আসছে জল, ডুবে যাচ্ছে পূর্ণিমার ছোট ছোট চারা, ঠাণ্ডায় ঠোকাঠুকি লেগে গেছে স্থপতি ও স্থাপত্যে, আজ বৃষ্টি ও বার্সেলোনা বসেছে সালিসে, বিধাতার চূড় এখন স্ক্যাফোল্ডিং-এ ঝুলছে, গড়ন তাহার নিতান্তই একহারা।

বার্সেলোনার বসন্ত মিসেলটো থেকে ফোটা ফোটা জলে গড়িয়ে পড়ছে, ফেটে যাচ্ছে গ্রামবিয়ার গম্ভীর ব্যালকন, খুলে যাচ্ছে পয়্মন্ত পাপড়ি, কেকিলের রক্ত রঙে সাংগ্রিয়া সন্ধ্যা ঘন হয়ে বসেছে আমাদের ঠোঁটে, নিরানব্বুইটি তারাও নেমে এসেছে, প্রাচীন ব্যালকোনিতে বাজছে সাজেদুল সেতার, আনন্দের গলা ভিজে গেছে, আলোর শ্যাওলায় হাঁটু জড়িয়ে গেছে আমাদের, এরকম সময় কোনো ষাঁড় অথবা সহিস স্থির থাকতে পারে?

বাকি ইতিহাস

এত কংক্রিট-কলংক তবু প্রণয় কী উদ্যত ছিল
ঠাণ্ডা চা'র কাপে বুনে দিতো অসহ্য গোলাপ
যত নিচে নিঃশ্বাস তার চেয়ে নিচে
গভীরতর গোপন ভূমধ্যসাগরে ছিল এই ফ্রেস ফ্রুট অর্চার্ড
শূন্যগাছে ফলের আফিম।

পৃথিবীর পঞ্চম যানেও তোমাকে ধরা অসম্ভব
কিন্তু কত সহজেই আক্রোশের অন্যায়ে ধরা খেলে
গেল একমাত্র অর্জন
আর আমি শব্দহীন ফলগন্ধে ভরপুর
ঘ্রাণের কৌশলে পুড়িয়ে দিলাম তোমার তামাক বাগান
লখ্নৌর লাল বাঈজী বাগানের নুপূরের ঋণসহ
তোমার রামচন্দ্রগিরি, মোনাফিকি
'স্যরি আই শ্যাল নট টক এ্যাবাউট ইট'।

ঘটমান বর্তমান

ঘটনাটা কবে যেন ঘটেছিল নাকি ঘটেইনি
যেকোন দিন দেহপ্রাপ্ত হবে বলে শাঁস হয়েছিল
শাঁস থেকে শিশু ও ক্রমান্বয়ে যুবতী ঘটনা
দুর্ঘটনা হবার আগেই অনিদ্রা হয়ে বিশ্ববিদ্যালয়ে শিথান হয়ে
তাজমহল রোডের বেগুনি কুয়াশার ওপারের বারান্দা হয়েছিল।

এখন সেখানে স্প্যানিশ স্টাইল ব্যালকনি
ইলেকট্রিক তারের গিটারে অসংখ্য কাক বসে থাকে। কি ভয়, কি ভয়…
বাজাতে গেলেই কাক ও কবুতর শকড্ হয়ে ঝরে যাচ্ছে নূপুর পায়ে তারা উড়ছে না
যে বর্ষামেঘে অহরহ পা ডুবিয়ে পূর্ণিমায় ঝাঁপ দেয়ার ঘটনা ছিল কোন ব্যাপার না
সেখানে হাওয়াই সরু হয়ে পড়েছে, তার হাতের রগ ফুলে উঠেছে, কিন্তু পালস গোনা যায় না।

Image
Flag Counter