না উট, না পাখি
যখন অনাদরে, পৃথিবীতে বসবার যাদের এতোটুকু ঠাঁই নাই
অতিথি পাখির মতো তারা আকাশচারী,
উড়তে উড়তে যদি খুঁজে পায় জলকল্লোলিত পান্থশালা
পাখার ঝাপটায় আর ডুবসাঁতারে
জলের ছিটায় সৃষ্টি করে রংধনু,
চঞ্চুতে ঘঁষে ঘঁষে তেলসিক্ত করে শরীরের পালক।
আহা! তখন কিনা আনন্দ তাদের জীবনে।
উটপাখির মতো যারা মর্ত্যচারী, পাখা যাদের বিলাস
না মরুর উট, না বনের পাখি
পৃথিবীর পথে যারা হাঁটে আকাশের দিকে মুখ করে
নিজের শিকড়ের সন্ধান করে মহাশূন্যের গহ্বরে,
ঝরাফুলের সমাধি রচিত হয় যাদের নখরখচিত দ্রুত পদভারে
রাজপ্রাসাদে বসে দুহাতে গাঁথে নরকংকালের মালা
প্রজ্জ্বলিত আগুনের শিখায় সেঁকে হরিণের মাংসের টুকরা–
কেড়ে খায় দেবতার গ্রাস,
তারা
ওমের পাখির বুকে বিবর্ণ ডিম কখনো প্রত্যক্ষ করেনি
নির্ভাবনায় নিদ্রা যাপন করেনি শ্রাবণের রাতে।
মানুষের ছদ্মাবরণে
আরশ কাঁপিয়েছে বিচারকের সিংহাসনে বসে
তারা না উট, না পাখি
তারা কেউ আমার বিচারক নয়, কখনো ছিল না।
একদণ্ড যতটুকু শ্বাস-প্রশ্বাস ফেলে গেছি এই লোকালয়ে
শান্তি দিয়েছে শিশিরবিন্দু, স্বস্তি এনেছে শিশুর হাসি
আর দোলায়িত শস্যের অনুরণিত নৃত্যের তালে উদ্বাহু কিষাণী,
তাদের জন্য রেখে গেলাম এক বাসন ভালোবাসা
ভাগ করে নিও
