২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখ একটি পাঠের নাম

হাবীবুল্লাহসিরাজী

Published : 13 Apr 2014, 09:10 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

সবুজ পাঠের মধ্যে মাথা দিচ্ছে বৈশাখ
আকাশ ছুটছে—তলপেটে ফুলকো মেঘ
কখন যে কি, আরো একটি খই ফোটানো চাল-বালি
তরমুজের ডোরা শরীরে ডুবে যাচ্ছে কাকের চঞ্চু …

যে ডাকে সে ভোর। ভোর একটি নদী।
প্রাথমিক হাওয়ার তোড়ে পাঁচের ঘরের নামতা শেষে
পাতা উল্টিয়ে গ্রামখানি ফুটলে
কুমোর যায় তো পদ্মে স্বরস্বতী
ময়রা যায় তো সংক্রান্তির বাতাসা
শীল যায় তো মাতৃদায় নামে
কামার যায় তো লাঙ্গলের ঈষে মাটি
সোনালি পাঠের মধ্যে হাত বাড়ায় এক লহমা বৈশাখ …

ডালে ফুটেছে বার্ষিক রং
একটি চুক্তি মাধ্যমিক পর্যায়ে পৌঁছুলে
যা মেলে তা দুপুর। দুপুর একটি বন্দরের নাম।
পঞ্জিকা খুলে মিলিয়ে নিচ্ছে
পেশকার আসে তো কালো ছাতা উল্টায়
দর্জি আসে তো জামার বোতাম লটকায়
কবিরাজ আসে তো বাসক পাতার শরীর চূর্ণ হয়
বাবুর্চি আসে তো লবঙ্গের ধুম ঘ্রাণ ছোটে
গোলাপী পাঠের মধ্যে চোখ দেয় বৈশাখ …

বৈশাখ একটি বটমূলের নাম
বৈশাখ একটি ফোয়ারার নাম
বৈশাখ একটি কৌশলের নাম
বৈশাখ একটি সুনীল পাঠের নাম হ'লে
ছুটি কাটাতে সন্ধ্যায় কুয়াকাটা যাবো।

যৌথ কারাবাস

পাহারা দিচ্ছি ছ'তলার হাফ জ্যোৎস্না
বিড়ালবাচ্চার চোরা পা
অর্ধ উন্মাদের ভোঁতা ছুরি
বিদ্যুতের আগমন ও প্রস্থান
আজ চৈত্র-সংক্রান্তি

মেসেজমালা পাহারা দিতে-দিতে
দই ও ছানা গলিয়ে
একটি মিসড কলে দানা ফুটলো
বোমা ফাটলে করবেন কি ?
কাল পহেলা বৈশাখ

চৈত্র ও বৈশাখের মধ্যবর্তী দৃশ্যহীন দাগটি
মঞ্জু তার সিঁথিতে লেপটে ডাক দিলো :
চলো বিয়ে করি …

Image
Flag Counter