বেইলি রোড
পায়ের ভেতর হিংসা চাকার, ঘুরছে পা;
সামনের দিন ফেলবে কোথায়, কেউ জানে না;
সন্ধ্যা এবং দিনের পেটে জটের পাঁক;
ধুলোর দেশে হাঁপাচ্ছেই বেইলি রোড।
দেখার বাতিক ? বদলাও চোখ নদীর মত;
ঘুণ পোকারা চালায় দেশ রাত্রিদিন।
স্বপ্ন নামের প্রেরণাশেকড় রোপণ করো মায়ার দেশে,
বেঁচে থাকো নখ কামড়ে বিজ্ঞাপনের বিষ খেয়ে।
পথের কাঁধে কী সব বাহার! প্রজন্ম আনকোরা মুখ,
খাড়া চুলের আলপিনে মারবে খোঁচা;
বসনব্যেপে শরীর-শোভা অন্য প্রভা,
চোখেমুখে নৃত্যমান হ্যাঙওভার পশ্চিমের।
আঁধার-ধূসর চমকে ওঠে, শব্দে হাসে চুমুর লালা;
নিজের কথাও শুনছে না, তরুণ-চোখ অন্যদিকে,
আইপড দোলায় মাথা ; কি শুনছে ?
'সেক্সি বাটক্স, দেখ না দোস্ত, ফাকিং, জোস';
'ফাক ইউ' বলে যাচ্ছে চলে কালো গাড়ি।
ওদের লিপি, নতুন সমাজ, ব্যক্তিগত পঞ্জিকায়।
নেই, পুকুর-জলে পান্থ-পাখির ডুব সাঁতার;
কয়লা-টিলার উঁচু আাঁধার পূর্ণিমায়,
শাদা মানুষ দোলাত পা লম্বা জুতো ঘোড়ার পেটে ।
কেউ পাবে না ভালো পোকার সম্মিলন, শ্রবণসহন কোলাহল।
শান্তি নেই সবুজ বীথির।
তাঁতের কাজের শাড়ি পরা অফ হোয়াইট ম্যানিকিন।
প্লাস্টিক-লাইফ। ঠাণ্ডা চোখ। দেখছে সব নির্বিকার।
পণ্য-বিলাস-বিদ্যুতে ঝাপসা চোখ।
ঘণ্টা পড়া বালিকাপ্রধান বিদ্যালয়
চিকুর দোলায় ছুটির আকাশ পাথর-পথে।
বুড়োর হাতে মুরগি ভাজা, খুব খুশি।
স্বপ্নাহত তোমার কথা, আমার কথা, বলে গেছে নাট্যদল।
যৌনকর্মী বলছে ফোনে : কি রং গাড়ির? নাম্বার কন?'
কুকুরের লেজের পাশে দুই ভিখারি সাজায় ঘুম।
তালাগুলির গর্তচোখে ঘুমায় দোকান আতঙ্কে।
রাস্তা-পাশে বাড়িগুলি বহুতল বন কবরের।
শাদা ঘরে যাচ্ছে পুড়ে নীল আলোর অহংকার;
ভাবছে চোখ, কোথায় আমার বেঁচে থাকা;
কেউ দাঁড়িয়ে সঙ্গী শিক জানলাতে।
ল্যাম্পপোস্টে ভোরের কালি জ্যোছনাবৎ
পোকার চোখে লিখতে থাকে
: মৃত্যু কেমন? আলোর স্বাদ আরও নেবে ?'
প্রাতঃভ্রমণ, আসছে মানুষ, রূপান্তরের দাসদাসী ।
মাপছে ঘড়ি পাখির ডানায় বেইলি রোডের বিবর্তন।
২৬.১১.২০১২
