মেসবা আলম অর্ঘ্য’র গুচ্ছ কবিতা
ডাব
ঘুমাও। ডাব দ্যাখো
দরজা ভাঙুক না!
দরজা ভেঙে ঢুকে পড়ুক কিছুই পাবে না
তুমি তো এক অযাচিত গুপ্ত খবর
খালি মনে হয় গুলায় গেলো
হারায় গেলো
কোথায় গেলো
পুকুর শিরোনাম!
ঝড়বাদল ভাল লাগে?
ঝড়বাদলে অচেনা রাস্তা ভাল লাগে?
অযাচিত যত্নে রাখো যেখানে ক্ষুধামন্দ্যা
যেখানে আলাদা কেউ নাই
আলাদা কেউ নাই?
শহরে শহরে তোমার মতো তালিয়া বাজায়
নেশাখোর!
সাইকেল নিবা? চল্লিশ টাকায় ছেড়ে দিচ্ছি
আচ্ছা দাঁড়াও, আগে একটা প্রেমের পদ্য লিখি –
আমি লোভী নই
বিপ্লবী নই পিতলা ঘুঘু
আমার হেতু
যেমতি নাট্যপ্রতিভা তব
ফুলের মালা
ঘুরিয়ে ফিরিয়ে
পুরানো সেক্স ভুলে
নতুন সেক্সে মনোযোগী …
চলোনা… চলোনা …
এই দেখো আমি ফুটপাথে
ছিপের ডগায় লটকে দিয়েছি টিনের ভান্ড
এখন আমি কিছুক্ষণ ভিক্ষা করবো
আপন সচল মিথ
মাড়িয়ে চলে যাবো আমি
গোলাপি স্কার্ট পরে, হাই হিল পরে –
ঝাল আর লবণ দিয়ে বড়া ভাজবো চলো তোমার
রান্নাঘরে চলো?
লিরিক লেখার বাসনার মতো এই আমাদের ফ্ল্যাট
এখানে আগে কেউ কখনো থাকেনি
এই রঙ কখনো মাখেনি
বন্ধু যদি যাইবার চান
বন্ধু যদি ডাবগাছের ছায়া – ওটা তো চিনির তাক
ওখানে চিনি… আমাকে ছেড়ে তুমি
যাবা না বলো পাতা
ঝরছে ঝরুক
জুয়াঘরের বাথরুমে
হাসলে তুমি কেমন মিষ্টি মিষ্টি টোল পড়ে গো!
তোমার ঐ টোলের জন্য এত যে সাবান কিনলাম
এত পোকার অষুধ
বন্ধু যদি যাইবার চান
বন্ধু যদি ডাবগাছের ছায়া … ঐ দেখো ডাব
…..দরজা ধাক্কাক!
দরজা ভেঙে ঢুকে পড়ুক পাবেনা কিছুই
ধরে নেবে বাজারে গেছো
গা করো!
উদাস হয়ো না
নিজেকে যখন অযাচিত লাগে
মনে হয় এইখানে পানি এত নীল কেন
আমি কি খেলোয়াড়?
আমার তো প্রয়োজন
সর্ব কন্ডম খুলে
ছুড়ে মারা নিচতলার অপার ল্যান্ডিঙে
যেখানে তুমিই তুমি
তুমি তুমিই…
আহঃ … ছুরিকা – দিবা নাকি ডুবসাঁতার
দিবা নাকি দেরাজ খুলে লন্ড ভন্ড করে সবকিছু?
উদাস হয়ো না
কাপ ভাঙো
পিরিচ ভাঙো
গলা ফাঁটাও …
চিৎকার করে বলো তোমার ইট বালু ইক্ষু আমার হজম হচ্ছে না
আমি গিঁট খুলবো, তাঁবু ছিড়বো আমার চিহ্ন বসাও
কেন হে?
চালাকির মোটা মাথা
নেশার চিকন মাথা মিলেমিশে বিদায়বেলা জরি চুনি
ভাবটা এমন যেন আমাকে খুব বুঝে গেছো
যেন আমি কোথাও যাচ্ছিনা
এখনো গেলাম না
আগে কিছুক্ষণ ডাব দেখি…
পুকুরে ডাব ভাসছে
দুপুর বেলা
চারপাশে কি যে অন্ধকার!
পুকুরের পানি ঝিমকালো
তার ভিতর চকচকে সবুজ এক ডাব
একা একা ভাসে
আবিষ্কারহীন
আমি আপাতত একটু ডাব দেখবো
রঙ ফ্যাক্টরি
খুব বৃষ্টি হচ্ছে
রাস্তাঘাট চুবচুবা – অকেজো ঝাড়ফুকের মতো
দুর্বোধ্য, দুরারোগ্য –
আমি তো কারো রান্নাঘর নই
সবাই এত ভাল
কেন তার ফাঁটলে তলিয়ে যাই না, তলিয়ে যাবো না কোনোদিনও
লোপ পাওয়া রঙ ফ্যাক্টরির
ভাঙা ক্রেন
থ্যাবড়া চিমনি
যত্র তত্র কীসের যেন সন্তর্পণ
প্রতিবছর
ওই আগাছা সবুজ হয়,
শুকরের পাঁজরপোড়া গন্ধ আসে পাশের রেস্তোঁরা থেকে
সারা রাত লোক আসে
কেউ ওদিকে তাকায় না – যেন সে নাই
কোটিবছরের রহস্য
কোটিবছরের রহস্য
তাকিয়ে আছি কেন তোমার দিকে প্রায়
কোটিবছরের ব্লেড বদলিয়ে
যেখানে বড় বড় মানুষেরা ছেলে মানুষ করে
ছেলের বিয়ে দেয় সুন্দরী বেছে
ওরা তখন বড় বড় মানুষের ছেলে মানুষ করে কষ্ট পায়
কষ্টের কথা বলতে পারে না … কোটিবছরের রহস্যের
রান্নাঘরে
বেসিনে পানির সাথে
মিলিয়ে যাওয়া লাল লাল ছোটবেলার রক্ত
কব্জিতে
নির্জনতা বাঁধা পড়ে যাবে? তাকে দিও দুই কি তিন অক্ষরের
কোনো নাম দিও তাকে –
আমি যে কেন তাকিয়ে আছি দুপুরবেলা ঝিকাতলার গলির ভিতর
ভাড়াকরা তারার আকাশে
টবের মরিচে
মেলে দেয়া পাঁচশ টাকার জমিন দোলানো রোদ
চাঁদে যেতে হবে
চাঁদে যেতে হবে
হবেই। এছাড়া গত্যন্তর নাই
এছাড়া সবাই ভরা পূর্ণিমায়
ছুরি হাতে লাফাতে থাকে – আমি কিছু করে ফেলবো…
করে ফেলবো …করে ফেলবো!…
