২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন এবং স্বাধীনতার গল্প

matin_bairagi

Published : 25 Mar 2014, 11:16 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

বহুদিন আগে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম
প্রথম রাতের স্বপ্ন আজো অবিকল মনে আছে
মনে আছে সারাটা রাত সেই এক স্বপ্ন আমার চেতনায় জড়িযে ছিলো
মনে হয়েছিলো আমি যেন সারাটা রাত একই স্বপ্ন বার বার দেখেছি
তারপর অনেকদিন কেটে গেছে

আজ এতোদিন পরে আমি সেই স্বপ্নের কথাই বলছি

কিছু মানুষ একসঙ্গে বসে তাদের বোধের কথা বলছিলো
তাদের চোখে-মুখে ছিলো ভীষণ উত্তেজনা
তারা আমার উপস্থিতিকে গ্রাহ্য করেনি
তারা পরস্পরকে বলছিলো চলো আমরা সূর্যকে ছুঁয়ে দেখি
ছুঁয়ে দেই তার আলোক-উজ্জল-দেহাবরণ, তেজ আর বিক্রম
আলোকচ্ছটার দীর্ঘ কেশদাম যা সারা পৃথিবীকে আলোকিত করে
যার তীক্ষ্ণ-ফলায় ভেদ করে রাত্রি প্রতিদিন প্রভাতের দিকে
চলো আমরা সূর্যের দিকে যাই

তখন কেউ কেউ বললো সে কি সম্ভব!
কতো দুস্তর পথের ওপারে রয়েছে সূর্য
কী করে আমরা পৌঁছাবো সূর্যের গাতিমুখে!
মানুষের অজেয় কিছুই নেই
যদি সে নিশ্চিত করে তার প্রতিজ্ঞা পাহাড় ডিঙাবার'
নিশঙ্ক একজন বললো:
তখন তারা এক হয়ে গেলো
মিলালো হাত পরস্পরে-স্থির হলো বিশ্বাস পর্বত-উচ্চতায়
তখন জনকলোরবে ভরে গেলো চারিদিক
মানুষ মিললো মানুষের সাথে সূর্য-জয়ের তীব্র আকাঙ্খায়
আর তখনই নড়ে উঠলো দৃশ্য-অদৃশ্যের দৈত্য-দানো-ভূত-প্রেতের ছায়া
তারা আক্রমণ করলো সেই মানুষগুলোকে
কামানের আগুন ঝরলো, তপ্ত সীসা ভেদ করলো উচ্ছ্বসিত হৃৎপিণ্ড
জল হলো বিষ
পুড়লো লোকালয়–লাশে লাশে ভরে গেলো প্রান্তর
তবু থামানো গেলো না মানুষের সংগ্রাম

আলোকপ্রিয় মানুষগুলো আনন্দের পতাকা উড়িয়ে-ই ফিরলো
গাঢ় সবুজের জমিনে লাল টকটকে সূর্য
উড়লো দক্ষিণ সমুদ্রের স্নিগ্ধ বাতাসে

তারপরই তারা দেখলো সেই ভুত-প্রেত-দৈত্য-দানোরাই
পতাকাটা উড়াচ্ছে বাদ্য বাজিয়ে
বিজয়ের পতাকা ধূলি-কাদা মাখা দুঃখিত–নমিত–

আর সেই মানুষগুলো হয়ে গেছে স্মৃতি রুগ্ন-ক্লান্ত ইতিহাস

এভাবেই আমার স্বপ্নটা আমার ভিতরে ঘুরে ফিরে আসে
আসলে স্বপ্ন হলো বাস্তবতার একখণ্ড প্রতীকী ছায়া