২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মতেন্দ্র মানখিনের গুচ্ছ কবিতা

motendro_mankhin

Published : 11 Mar 2014, 07:34 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

কেউ মনে রাখে না

অনেকেই পাহাড় দেখতে আসে। কেউ আসে
আদিবাসী জীবন দর্শন, কৃষ্টি সংস্কৃতির সন্ধানে।

আমাদের তরঙ্গিত নদী পাহাড় ঘেঁষা জীবন উৎসব,
ভালবাসার উষ্ণ সান্নিধ্য পেতে চায় কেউ কেউ।

তারা এসে দেখে বনের আড়ালে লুকানো সুন্দর
নগ্ন-নদী, নগ্ন চাঁদ, নগ্ন ঝর্ণার কোমল পাথর
কেউ দেখে আনন্দ পায় নিভৃতে স্নানরতা
আদিবাসী নারীর বক্ষশোভা, বাড়ন্ত শরীর।

সোমেশ্বরীর জল ছুঁয়ে কেউ কেউ কবিতা লেখে
কেউ আকেঁ আদিবাসী জীবন যাত্রার চালচিত্র
এ কিসের অমোঘ আকর্ষণ? অনেকেই ছুটে আসে
উব্দাখালী কলমাকান্দা, সোমেশ্বরী সুসংদূর্গাপুর
গারো পাহাড়ের পাদদেশে।

অনেক নদীর সাথেই হয়তো অনেকের চেনা-জানা।
অনেক নারীর সাথেই হয়তো অনেকের লেনা-দেনা।
শুধু আমাদের প্রাণ ছুঁয়ে বয়ে যাওয়া মাতৃ-তান্ত্রিক নদী
কংশ, নিতাই, বুগাই, সোমেশ্বরী, গনেশ্বরী,
মহাদেউয়ের কথা অবশেষে কেউ মনে রাখে না।

কোমল পাথর তুমি

বিলুপ্ত প্রায় আদিবাসী নাচের মুদ্রা, সাজ সজ্জা, সংস্কৃতি
লৌকিক চেতনায় ফুঠে ওঠে মানসী প্রতিমা, উদ্ভিন্না যুবতী
শিহরণ জাগে পাহাড় অরণ্য বনে- রুম-ঝুম রুম-ঝুম
ঝর্ণা ধারার নৃত্য-নাট্য-গীত।

তাল-লয়-মান এখনো কিছুটা তোমার আয়ত্তে
ময়ুরী গ্রীবায় বেজে ওঠো চমৎকার
বেজে ওঠে উদারা মুদারা তারা, শতশ্রুতি জীবন সঙ্গীত
নিজস্ব গতি ধারা, এখনো কথা বলে আলোমুখ নিয়ে।

নিজস্ব পোশাক আশাক নানা অলংকারাদি
তোমার পরিচয় বহন করে। আদিবাসী মেয়ে তুমি
তোমার গন্তব্য গিরি খাদ বেয়ে ঝর্ণাধারা, অতঃপর নদী।

কোমাল পাথর তুমি। স্রোতের টানে চলতে চলতে
তোমার আকৃতি, প্রকৃতি স্বকীয় অস্তিত্ব
বদলে যাবার সংশয় আমাকে বার বার বিচলিত করে।

স্রোতের তালে নাচো, জলের নূপুরে বাজাও পায়ের মল
আমাদের বাদ্য-যন্ত্র, দামা-বাংশী রাং আদুরি
তোমাকে দেখাবে পথ সত্য সুন্দর-মহিমালোকে
নিজেকে চিনতে পাবে তুমি সেই সালজং দেবতার
অনিন্দ্য সুন্দরী, যুগে যুগে আরাধ্য মানস প্রতিমা।

জীবনের এপিঠ ওপিঠ

জীবনের এপিঠ আলো, মখমল জোছনা
ওপিঠ কষ্টের পাহাড় ভ্রান্তি বাসনা
সেখানে গাঢ় অন্ধকার।

মাঝখানে ব্যথার প্রচীর কাঁদে, নদী
লক্ষ যোজনা, ফুলে ফেঁপে এপার ওপার
দাপাদাপি করে অশুভ অশনিসংকেত
অভিপ্রেত চাঁদেও লেগে যায় অমা।

খোয়া ওঠা পথ হাতড়িয়ে চলা
অবঞ্ছিত খানা-খন্দ বেড়ে যায় দেনা
খড়ের গাদায় বিনষ্টির আগুন
ছাই হয় স্বপ্ন সাধ প্রার্থিত জীবন দর্শন।

আঁকা বাঁকা পথ চড়াই উৎরাই
শালিকের বাঁকা ঠোঁট পাহাড় কাটে
রক্ত ঝরায় ক্ষয়ে যাওয়া পুরাতন পাথরের
তবু আর যায়না চেনা প্রতিদিন
ঠেকে শেখা দেখে শেখা এ জীবনটাকে।

হৃদয় বৃত্তান্ত এক কষ্টের নদী

কেন যে ওরা বাঁকা চোখে দেখে
কেন যে অশোভন বাঁকা কথা কয়
প্রতীয়মান হয় নিয়তির নিয়মে
হৃদয় বৃত্তান্ত এক কষ্টের নদী থেমে আছে
যার স্রোত নেই কোন সঙ্গীত।

'মানুষ মানুষের জন্য' এই মর্ম বাণীর
সব পাখী বন্দী কারাগারে
সাড়া নেই শব্দ নেই পুলকিত ঝংকার

তবু ওরা ঢিল ছুঁড়ে খোঁচা দেয়
চোখ রাঙায় মিছেমিছি
নষ্ট দিনের কষ্ট পোড়ায় আহর্নিশ
বিষাক্ত কাঁটার আঘাতে রক্ত ঝরায়
আরও বেশী।

সম্প্রীতি মরে যায়
চিতার আগুনে পোড়ে মানবতার লাশ
ছাই হয় শান্তির প্রার্থনা
ভূপেন হাজারিকা নেই কে শুনাবে আজ
ওসব মর্মপীড়িত মানুষের গান।

খা-সাংমা খা-মারাক নেলসন ম্যান্ডেলা

আমাদের বিশীর্ণ আদিবাসী ঘরে নির্লিপ্ত বিশ্বাসে
শুয়ে আছেন তিনি ঈশ্বরসম মৌনতায়
মানবতার পূজারী মহামানব নেলসন ম্যান্ডেলা।

কংস-নিতাই সোমেশ্বরী, ব্রহ্মপুত্র, গনেশ্বরীর কলতান
বালফাকরামের মৃদু-মন্দ গন্ধ-বহ
তার স্বপ্ন জগতে দোলা দিয়ে যায় অপূর্ব রোমাঞ্চে

অযাচিত কালযাতনায় পিষ্ট তুলো-ধূনো বিচ্ছিন্ন
আদিবাসীদের বাস্তবতা দেখে তিনি খুব মর্মাহত
তাই তিনি আমাদের মর্মমূলে জ্বেলে দেন
ভালবাসা বিধানের দীপ্তশিখা আগুনের গুঞ্জন
ফু-দিয়ে মন্ত্র বলেন- মানবাধিকারের….।

জেগে উঠুক হতদরিদ্র ক্লিষ্ট মানুষের ভাববাদী
আমাদের বাদ্য-যন্ত্র দামা –রাং খ্রম- আদুরুর তালে
মিল্লাম-স্ফি হাতে নিয়ে শুধু একবার
নেচে উঠুক বীরদর্পে খা-সাংমা খা-মারাক বলে

অন্ধকার পাখীরা আলোকিত হয়ে কলরব করে উঠুক
নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা।

নাচ ঘরের কান্না

বাহিরে তুমি যতই নূপুর বাজাও
ভেতরে অসার শূণ্যতা
সমস্তই মেকি আর মিথ্যে প্রবঞ্চনা
এ ছাড়া কিছু নয়, কিছু নয়।

তোমার নির্জন দুর্গ
একাকীত্বের যন্ত্রণায় ক্ষত-বিক্ষত
অদৃশ্য আগুনে দগ্ধ হচ্ছ অহর্ণিশ
আসলে তুমি এক একা ক্লান্ত অবসন্ন খুব।

প্রেম নেই, রোমাঞ্চ নেই
ভালবাসাহীন মানে ব্যর্থ জীবন
ফুল নেই ফল নেই শুন্য মরুভূমি
সৃষ্টি হয়না নতুন কোনকিছু।

এমন করে বেঁচে থাকা মৃত্যুরই নামান্তর
নাচ ঘরের কান্না ছাড়া
আর কোন অভিব্যক্তি প্রকাশ পায় না।

কার্ল-মার্কসের ট্রেন আসে

সমতার মেইল বন্ধন….
সহস্রাব্দের রেল লাইন ছুঁয়ে এখনো ঘরে ঘরে
বিপ্লব, আন্দোলন, রেনেসাঁর উত্তম পুরুষ

কার্ল-মার্কসের ট্রেন আসে।

পাহাড়-অরণ্য-বন সমতল মাঠ ঘিরে
নব-জীবনের স্বপ্ন সম্ভার সাজিয়ে দেয়
আদিবাসী জন-জাতির
হৃদয়ে হৃদয়ে ঘুম-ভাঙ্গানিয়া সঙ্গীত মাধুরী…..।

হে-হৈ-রৈ-রৈ……
সবার আগে জেগে উঠে ভোরের সোনালী আভায়
পুঁজিপতি, ধনিক, বণিক, সামান্তবাদীরা
অবশ্য কিছু কিছু মধ্যবিত্ত শ্রমিক শ্রেণীরা
থেকে থেকে……

বিপ্লবের ঢেকুর তোলে।

বিচ্ছিন্ন বিব্রত বাকী সব আদিবাসী জনজাতি
নিয়তির নিয়ামক বিধানের কাঁথামুড়ি দিয়ে
ঈশ্বরসম মৌনতায় শুয়ে থাকে নীরবে নিভৃতে….।

শীত-গ্রীষ্ম-বর্ষা বসন্ত যায়
তাদের মনে ভাবনা যত যাতনা তত বাড়ে
বিপ্লব বিমুখ ইদানীং আদিবাসী জনজাতির অর্ন্তদ্বন্ধ
কে যায়- ওসব
হাঙ্গামা, দাঙ্গামা, বিপ্লব আন্দোলন, সংঘর্ষে!
শ্রমিক ঈশ্বর শুধু দূর থেকে হাহাকার করে ওঠে!

ডাক বাংলার মেয়ে

তাকে ডাকো সে আসবে। শরীরের জলহাওয়া
স্বাভাবিক থাকলে শিস দিলেই ছুটে আসবে সে
তেষ্টা মেটানো অমিয় বৃষ্টি দেহের পেয়ালায়
ভরে দেবে তখনি।

নদীর স্বভাবও যেমন, মানেনা রাখ ঢাক শাসন বার
যখন খুশী তখন এ বাঁক থেকে ও বাঁকে ছুটে যায়
স্বাভাবিক সমান্তরাল জীবনে
তার কোন সাচ্ছন্দ্য নেই কোন নূতনত্ব পায় না সে।

তাই নিত্য নতুন সুখের সন্ধানে সে
বদলিয়ে নেয় কত জীবনের নানা গতিপথ
প্রত্যাশা ও প্রাপ্তির কাছে সে, বড় বিনয়ী
বড় উদ্ধার
সে চায় নিত্য সতুন উৎসব আয়োজন।

রাত কিংবা দিন নেই সুবিধামত যে কোন সময়
অনেকেই আদর করে তাকে কবিতা শোনায়
যৎপরনাস্তি কামনার নদীও মগ্ন হয়ে ওঠে
অতঃপর পোশাক খুলে হয়ে ওঠে ধারুণ ছন্দময়ী
অবশ্য কিছু পেতে হলে কিছু দিতে হয়।

নিঃসঙ্গ রানওয়ে

বিমান উড়ে যায় রানওয়ে ছেড়ে
বিদেশ বিভূঁই ঘুরে অনেকদিন পর
আবার ফিরে আসে আপন ঘাটিতে
ছোঁয়া মাত্রই জেগেওঠে পাথররাত্রি
নিঃসঙ্গ রানওয়ে।

কেঁপে কেঁপে ওঠে তার মোহনীয় শরীর
অতঃপর স্তব্ধ মননের ঘর
নির্বাসিতের বাউল সঙ্গীতে উদারা মুদারা তারায়
প্রকম্পিত হয়ে ওঠে স্বর্গ-মর্ত্য, নক্ষত্র রাজি।

মঙ্গল ধ্বনি বাজে চুম্বনে কর্ষণে-বর্ষণে
শিহরিত হয় শিশির পতনের ছন্দে
নিঃশ্বাস-প্রশ্বাসে প্রিয়-অনুভব
বৃষ্টি ভেজা গোলাপ গন্ধে
ভরে ওঠে নিঃসঙ্গ রানওয়ের সমস্ত শরীর।

ক্রশবিদ্ধ আমার নদী ও নারীরা
(লেখক ও গবেষক তর্পণ ঘাগ্রাকে)

দুঃখ অবধারিত নিয়তির অমোঘ নিয়মে
আ-সমুদ্র হিমাচল চলে তার নিয়ন্ত্রিত ঘোড়া
তার পায়ের খুরে ক্ষত-বিক্ষত স্বপ্ন-সুষমা
চারপাশে জমা হয় মলিন কুয়াশার ধুলো।

কালো মেঘের ডানা মেলে নামে রাত্রি অন্ধকার
আলোর আবেশে আলেয়ার হাতছানি
পথ ভুলে যায় ভ্রান্ত মানুষ
ভ্রান্তি বাসনায় ডুবো জলে খুঁজে নক্ষত্র সোনা।

অবিভক্ত দুঃখগুলো জীবনের অনুসঙ্গ প্রায়
কষ্টগুলো কাঁটার মুকুট খ্রীস্টশিরোমণি
ক্রুশ বিদ্ধ আমার ভালবাসার নদী ও নারীরা
'চিকমাং' পাহাড় বেয়ে নামে স্রোতধারা।

জেগে ওঠে কল-কলে আদিবাসী নদী ও নারীরা
সব পাখী জেগে উঠে অন্তর্লীন সংঘাতে
কষ্টের সঙ্গীতে।