২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমিতা ভৌমিকের কবিতাগুচ্ছ

promita_Voumik

Published : 24 Feb 2014, 08:35 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

শরাবি স্বপ্নের শেষে

শরাবি স্বপ্নের শেষে
অলীক, চোখ ভার হয়েছে তোমার;
আর সেই দারুণ নোনা গন্ধে
তুমি খুলে দিচ্ছো বুকের বোতাম-

জিভের ভেতরে আজ জোঁক খেলা করে
স্বচ্ছ শোণিত-স্রোতে পরিচিত যতি

অসময়ে প্রেমে পড়ে
ভাবছো– 'কি বেহায়া যুবতী'।

আহত ডানার কাছে

আহত ডানার কাছে
চোখ খোলে স্বপ্নের ফিরোজা অলীক

বর্ণের ভাষা আজও জানা নেই তার
বুকের কার্নিশ জুড়ে চেনা বিস্ময়
অর্ধেক নিষেধ ভেঙে অবিরত দহন খুঁজেছে

হৎপিণ্ড প্রকৃত নাব্যতা বোঝে নি।

নিছক বৃষ্টির ভেতরে হেঁটে

নিছক বৃষ্টির ভেতরে হেঁটে
এতোদিন আড়ালে রেখেছি প্রিয় নগ্নতা-

আড়াল করেছি জলভারনত চোখ
অলীক, শুধু তোমাকে পাবো বলে
খুঁজে গেছি অচেনা সরীসৃপ

আর বেআব্রু ফণার ওপরে
জেগেছে একাকী দুপুর-
অবিরত আলোর মতো ছড়িয়ে পড়েছি আমি

অলীক, বুকের ভেতরে তুমি কাঁদো।

তোমাকে কোনোদিন বলা হল না

অলীক, তোমাকে কোনোদিন বলা হল না-
রক্তে ছিল নোনা বালিয়াড়ি
গোপন ব্যাধির মতো মনে পড়ে তাকে

তুমি ছিলে স্রোতের বিপরীতে
জলেরও তো ডাকনাম ছিল
মধ্য রাতে ঋণ ছিল
আঘাতপ্রবণ কিছু সময়ের কাছে

চেয়ে দেখো মুগ্ধ নীরবতা
যখন সবাই বলছে নেই,

তুমি বলছো-আছে।

বাইরে বৃষ্টি

বাইরে বৃষ্টি,
ঘরে ফিরে যাও তুমি
মন খারাপের কারণ জানে না কেউ,
বিষাদ কেবল তাপবিনিময় খেলা
দীর্ঘ স্নানে ছাই ভেসে যায় জলে

আর মাঝে মাঝে ইন্দ্রিয় হও তুমি-

বাইরে বৃষ্টি, তুমুল জলোচ্ছ্বাস-
নাভিমূল জুড়ে অলীক স্পর্শ ঝরে।

সন্ধে হলে সুইসাইড নোট জ্বলে ওঠে

সন্ধে হলে সুইসাইড নোট জ্বলে ওঠে
ব্ল্যাক কফির চোরা স্রোতে
উপুড় করি চেনা অন্ধকার-
বিফ স্টিক আর স্লিপিং পিল
মিলেমিশে এক হয়ে যায়,
একটা দুরন্ত চুম্বন স্মৃতি
টের পাই কুয়াশার মতো

সন্ধে হলে তোমাকে শীতকাল মনে হয় অলীক
ইচ্ছে করে শার্টের কলার টেনে ভালোবাসি
লং ড্রাইভ, মধ্য রাত, মাংস গন্ধ-
এসবেরও রাজনীতি আছে;
তলপেটে অবসাদ, আদিগন্ত বিঠোফেন চলে
ব্ল্যাক কফির কালো অন্ধকারে
ঢেলে দিই অস্থি-মজ্জা-ছাই।

Image
Flag Counter