২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুল হাসানের তিনটি কবিতা

কামরুল হাসান কামরুল হাসান

Published : 24 Feb 2014, 11:33 AM

Updated : 23 Jun 2022, 04:06 PM

সৌন্দর্যবিষয়ক
হুমায়ূন আহমেদকে

আপনি এখানে নির্মাণ করে দিন তো সুন্দর!

নিশির ডাকে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে অস্থির যুবতীরা,
জ্যোৎস্নার ঢেউয়ে কাঁপে বাতিঘর, নিসর্গ, বসতি
দয়ার্দ্র শিশির ঠোঁটে রাত্রি ঘষে মাঠের চিবুক
স্থুল শব্দ ভুলে খুনসুটি তুলে নিল ক'জোড়া প্রেমিক।
জ্যোৎস্না-প্লাবনে স্বপ্ন আর জাগৃতি হারাচ্ছে সীমানা
এ পৃথিবীর, তবু যেন এ পৃথিবীর কোন চেনা দৃশ্য নয়,
স্থানুর রেখাপাত্র কম্পমান ঢেউয়ে ঢেউয়ে ক্রমশঃ বিলীন।
ওখানে ভরাট দেহ শূন্য আর দুপুরের তন্দ্রাহীন খাটে
অস্থির রূপা জ্বলে ছাই, সেই মর্মে জেগেছে কাহিনী
ওদের উপুড় করা কলসীর ভাঁজে মায়াতন্দ্রা নিত্যের ফ্রেমে
হারানো প্রেমের মতো ব্যর্থ মুখ ব্যর্থ রাত ঘষে
কল্পনার শিশিরার্দ্র জলে-

লিখিত কাহিনীর কাপে আপনি সেই কান্না তুলে নিন!


স্কুল গেটের বাইরে অপেক্ষারত মায়েরা

তাদের প্রণয়ের কিছু চিহ্ন অভ্যন্তরে পাঠাভ্যাসে রত
বাকি সব দূরগামী শকটের মতো
যে বাহন চলে গেছে জানিয়ে গুডবাই
তারা সেই দুঃখবাহী গাড়ির ভেতর একবার
সেঁধোতে গিয়ে অন্যবার আঁক কষে দেখে
গতিশীল বাহনের দিকে যাওয়া ভালো
আজো এসেছে সেই দীপ্ররঙ ইস্পাত-শকটে চড়ে
মুখরতা, মলিনতা সঙ্গে কিছু নাই।
যে শকট চলে গেছে হৃদয়ের সন্তপ্ত খড় নিয়ে
স্মৃতিবিস্মৃত গাঁয়ে,
কেন তাকে তারা আজো বেঁধে রাখে মগজের ফিরতি সুতোয়,
কেন তারা পাঠাভ্যাসে বসিয়ে রেখে প্রতীক্ষায় থাকে সুপ্তঢেউ ?

জীবন বহিয়া যায় জীবনের মতো নিজস্ব নিরেট শকটে চড়ে
সোনালি রৌদ্রের ভেতর শত শত স্বর্ণপ্রভ যৌবন ফেটে পড়ে!


কী আমার ভুল

এইসব মিথ্যা রাত্রির প্রলাপ আমাকে শুনিয়ো না
সমুদ্র হা'য়ের কাছ থেকে প্রাণ নিয়ে পালিয়েছি
একেকটা দৈত্যকার পাহাড় থেঁতলে দিতে চেয়েছে
হাজারটা হাতকড়া নিয়ে মুখিয়ে ছিল গাছেরা
শেষে পড়িমড়ি উদভ্রান্ত যখন ছুটেছি
পুরো অরণ্যভূমি ঘন হয়ে চেপে ধরতে চেয়েছিল-

প্রকৃতির এইসব বদান্যতার কাছে বলো, কী আমার ভুল ?

পরীর সন্তচাদরে চড়ে দূরঘুমদেশে গেছি
ঈশ্বরীর বুকের নিচে ওড়া জিপসি কার্পেটে
ঈশ্বর সন্তপ্ত নন, অলৌকিক ইচ্ছারীতি হাসে
সেজদায় প্রীত তিনি, চান দাসদের অবনতসারি
প্রশ্নহীন রেওয়াজ থেকে প্রশ্নের রীতিতে যখন সরেছি
কবরের মাটি পাঁজর বিদীর্ণ ক'রে মিলতে চেয়েছে-

ঈশ্বরের এইসব মহানুভবতার কাছে বলো, কী আমার ভুল ?