অনঙ্গ রূপের দেশে
ডাকসিদ্ধ ডাকাতের জীবন আমি পাবো না!
এ কোন মন্ত্র আমায় ছুঁলো?
যে কপাল ক্ষিপ্র কাপালিকের, যে তন্ত্র তামসিক—
কে দিল গোপনে তাকে
বোবা ডাকপিয়নের তিয়াসাদুপুর
গেরুয়া হৃদয়খানি—ব্যাগভরা নিঝুম ঠিকানা!
নিশ্চিত গন্তব্যে পৌঁছে
কেবল দুয়ারে কড়া নেড়ে ফিরে আসা।
গরাদের পাশ থেকে আজ চোখে পড়ে কি তোমার
চম্পকবনের মাঝে অনিঃশেষ কড়িখেলা
নাগশিশুদের সাথে?
ফুরফুরে হাওয়ায় উড়ে যাওয়া পালকেও রেখে যায়
মৃদু ঘাত, স্মৃতি তার পিছনে, তাতেই ভেঙে পড়ে সৌধ,
কায়া ও খড়প্রাসাদ।
রক্তপারদের স্রোত, হে আমার কামনাকুসুম,
সূর্যাস্তনদীতে ডুব দিয়ে তবে
হবে কি মুখচুম্বন?
মানুষের এ প্রার্থনা কী করুণ, দ্যাখো—
যতটাই সংগোপন তুমি
প্রত্যাখ্যান ও প্রবঞ্চনার পাশে—
যতখানি স্নেহ পণ তোমার, ফুলের পাপড়ি গণনার চেয়ে
খরগোশের লোমহর্ষ রোমের নীরবতায়—
তার থেকে কতদূর!
আত্মজিজ্ঞাসার নিচে গুম হয়ে পৃথিবীকে দেখা হলো
কার্পাস-বিলের ধারে ডাহুকের মুখোমুখি।
এতদিন ধরে এতসব গালগল্পের পাঁজর খুলে
গালাঘরের গাঁথুনি পেরেছ কি শিখতে—
হাওয়াকে ফাল্গুন ভেবে ঠোকা দেয়
ঢলমলে খোকশার পাতা,
পাতাকেও হাওয়া।
ব্রোঞ্জের মতো গম্ভীর, ছোট্ট এক বাবুই পাখির
হৃদয় নিয়ে কে বলো ছড়ালো মাথায়
এ ভাঙা বাকল, ধূলি, ধূম্রকূট?
নামল শিলাবৃষ্টি রাত্রিবেলা। যখন ভুলেছি সব
অন্ধকারে, ভুলেছি রে
আগুনসিন্ধুর তলে
মোমের পা নিয়ে হেঁটে যেতে যেতে।
* * *
ধরো, ঠিক এখান থেকেই শুরু হলো ভগ্নযাত্রা,
লগ্নভ্রষ্ট এই আনাবাজ।
ধরো, ঘুরে ফিরে সেই নগরীতে
ঢুকে পড়লাম আবার।
বৃক্ষের কংকালসারি ঠেলে
মৃত নল-খাগড়ার বুকের কাছে যেতে না যেতেই
যদি বলে ওঠে কোনো শেকড়-লাঞ্ছিত সাপ
আমাদের ভাষাকে ফিরিয়ে দাও
তারই জন্যে ছিল জলে ও ডাঙায় টর্নেডো, টেম্পেস্ট।
সব পার হয়ে আজ এই শবাসন।
এরই নাম কি প্রতীক্ষা?
'তাহলে শব্দের কাজটুকু তুমি
সেরে নাও অতল নিঃশব্দে'—
কে যেন বলে। সে আছে ধর্না দিয়ে ধ্বনির দুয়ারে।
সেই ধ্বনি—লিপিতে যে নেই। নেই
কাগজে-বাকলে। আছে কি তালপাতায়!
মেঘ থেকে নেমে এল নাকি? এল নাকি নেমে
স্তব্ধতার বজ্রলেখা নিয়ে?
নিরুত্তর দোলে তাড়িপত্র—
দোলে সংঘারামে, হতোদ্যম স্কন্ধাবারে।
তাই, লিখতে বসেছি পাপীদের মানপত্র
বৈশাখের তুমুল তোটক ছন্দে।
গুমখুন বলতেই, এই যে তোমার চোখে
ভেসে উঠছে গুহাচিত্র, তার জন্য না হয় আমিই
এনে দেব কিছু রঙ ও সুরভি
ঝিঁঝি-অরণ্যের মাঝখানে ফুটে থাকা
বাসমতী ফুল থেকে
নর-হাবাদের খুলিপাত্রে।
আজ রাত্রে, রক্তপূর্ণিমায়,
সরোবর থেকে শাদা পাথরের দেবদূত
জেগে ওঠার আগেই, তোমাদের
এখনই বুঝিয়ে দিতে চাই
খুলিহাস্যে খুলে যাওয়া এ দুর্গকেতন
কিরিচে আঙুলকাটা হাতে…
যদি হতে হয়, তারপর হবো অন্ধ।
* * *
অভিধান থেকে ঝরে যাওয়া শব্দগুলি
নিশ্চিত কুড়িয়ে পাওয়া যেতে পারে
এইখানে
এই পিটুনিয়া ফুটে থাকা
বেগুনি ঝোপের
এক মুহূর্ত আড়ালে।
যদি নও কুহকীবিতান, দেহ কি বল্লরি?
ভ্রমরগুঞ্জন হয়ে এল যে পতঙ্গদল
—দেখল ডালে বসে
ঠোঁটভেজা পাখিদের প্রাণ।
নৈঃশব্দ্যের মানে এতদিনে জানা গেল—
গর্জন গাছের নিচে এক চিলতে ছায়া;
জলের ওপর কারো ম্লান
মুখের আকল্প।
মুখ নয়, কেবল মুখশ্রী
জলতলে ডুবে যায়।
সিন্ধু সেঁচে এসেছে ডুবুরি
সংকল্পের সানুদেশে উঠে
শুধু এই কথা বলতে—
পরমায়ু হলো সেই নিস্তরঙ্গ পাতালের
অলখপাথার,
যেইখানে গিয়ে আমি ভুলেছি সাঁতার।
* * *
রুদ্রবীণা থেকে পামবিথি—অমলিন ঝরাপাতা—
সব প্রশ্নহীন রেখে
সমুদ্রের তলা দিয়ে আসে গান
সুড়ঙ্গবাহিত।
মর্চে-মসল্লার গন্ধে জীর্ণ হাওয়ার বিকেল
ছুঁয়ে ছুঁয়ে যায়।
চায় মুছে দিতে?
স্নায়ুমেঘে তাই জাগে নাগকেশরের
রোমশ ইশারা
গলন্ত সূর্যের।
যত ক্ষয় হোক আয়ু
পিপাসাই বাঁচিয়ে রেখেছে পাখিদের;
বেল আর বিল্বস্তনী নারীদের পাশে
পুরুষের দীর্ঘশ্বাস।
দিনযাপনের স্বেদবিন্দু থেকে
মন-মুহূর্তের গান-মেশিন চলেছে।
কাকে লক্ষ্য ক'রে গুলি?
যত পাখি ওড়ে, তত নড়ে পাতা—
গাছেরাও শেখে নাচ।
এইখানে নীতিশাস্ত্র ফেলে
পাটিগণিতের বই খুলে বসা যায়।
তেলমাখা বাঁশ বেয়ে
কিছুদূর উঠে
বানরেরা লাফ দিয়ে পড়বে না গায়।
শিশুরাও জানে, বই থেকে
বেরুতেই পারবে না তারা।
* * *
গুহা ছেড়ে যেদিন বেরুবো,
বেরুবো তো একদিন নিশ্চয়ই,
সাক্ষী কি থাকবে না হেমন্ত,
শাদাছড়ি-ট্রাফিকের চোখ?
জানে শুধু টিমটিমে রংধনু,
ধসে যাওয়া এক পারদপাহাড়,
অর্ধমৃত অর্জুন বা চড়কগাছের মন
কিংবা ঐ চিলেকোঠা ও কাঠঠোকরা।
সাক্ষী লাগবে কেন?—বলে কেউ।
তবে কি হারানো সেই পাসওয়ার্ড,
চকিতে ডিলিট করা চুম্বন ও চিঠি,
পিকচার, মেসেজ সবই আনডু হবে!
যেভাবে লকার খুলে চুক্তিনামা,
তামাটে ধূসর চুক্তিভঙ্গের আগেই
নেমে আসে সিন্ধু উপত্যকায়, মুখোশ পরে
মুখেও কুলুপ এঁটে
কত হর্স-পাওয়ার নিয়ে প্রেতাত্মারা জল শুষে খায়,
এটা জানতে;
আমিও বেরুবো ধূর্ত পিশাচের ছুটেচলা
স্পাইরাল পথে। সে কী রগড়, তামাশা!—
খুঁজে পাবো শুধু
অ্যারোচিহ্ন, গহন আন্ডারপাস, যৌনমেট্রো,
পাপের পাতালে জেব্রাক্রসিং, ভিড়ের মধ্যে
যে দাঁতাল নির্জনতা,
খুঁজে পাব, অনচ্ছ দিবালোকের পাশে
যে পিচ্ছিল অন্ধকার, তারই
হরর হাসিতে খুলে যাওয়া
কোনো দুপুরের জংদরোজায়—
এই ভয়ে ঘুমাতে পারি না।
এমন এলাচ-রাত। এলাচদানার মতোই সে কালো।
ধরা যায় না তবুও।
সুগন্ধির মোহন আড়াল থেকে
যদিওবা ডাক দেয়। বলে:
ঘুম হলো সেই খাদ,
যাকে টপকে পেরিয়ে গেলেই
বহুযুগ পরের এক শিমুল গাছের দেখা পাবে।
যেন পেয়ে গেছি গুপ্তমন্দার, অঞ্জলি পেতে বলি:
কে আমায় দেবে তবে সেই নাচকুঠির সন্ধান,
এতসব তন্দ্রাতাঁবু ছিঁড়ে-ফুঁড়ে বার হয়ে?
বলে: বিথিপর্ণ নামে একটি তক্ষক।
'তোমারই এ মুখ ভালো করে
দেখতে পাই না, আর তো বিথিপর্ণ!'
'শোনো তবে, অপরাহ্ণে শিমুলের ছায়া
যতদূর হেলে পড়ে—যতদূর—
ততদূর গিয়ে শেষ ছায়াবিন্দু থেকে
সবচে উঁচুতে ফুটে থাকা ফুলটির দিকে তাকালেই
টুপ করে খশে পড়বে তা, জানো তো!
তারই শব্দে, মনে রেখো সে শব্দের রঙটি সায়ান,
সায়াহ্নের মতো
বেরিয়ে আসবে এক সবুজ তক্ষক।
নূপুর পায়ে নারীরা যে পাথর
অক্লেশে পেরিয়ে যায়,
লুপ্ত সেই শব্দরেখা ধরে
ঝিরঝির ইউক্যালিপ্টাসের ধার দিয়ে
সে তোমাকে নিয়ে যাবে টেনে, নাচকুঠির দুয়ারে।'
'ঐ নাচকুঠিই তবে কি পরিত্রাণ?'
'পরিত্রাণ কাকে বলে বুঝবে তুমি
খঞ্জ-পা সাধুর হাসি দেখে,
হাসির গোল আয়না থেকে,
যেখানে হাসিও অনূদিত হয়
কম্পাঙ্কে, ব্যাসার্ধে। সেইখানে
নাচ দেখতে দেখতে, খবরদার,
যতই কামতাড়িত হও,
হাততালি দিয়ে উঠো না ভুলেও।
সেই ভুলে, এইখানে, এই নাচকুঠির ভেতর
চিত্রিত ধূসর পোড়ামাটি-দেয়ালের পাশে
সকলেই হাতছাড়া।'
'নাচ নয়, নাচের মাধুরী
ধরা পড়ে বুঝি
অনঙ্গ রূপের দেশে
অঙ্গহানি ঘটবার কিছুকাল পর?—
সব স্মৃতি যখন বিস্মৃতিময়ী
টেরাকোটা!'—
হেসে বলি তারে। সেও বলে :
'এই দেহ একদিন দেহাতীতে
সবাইরে নেবে ডেকে,
জেনো, ডাক শুনে তার কেঁপে উঠবে তুমি,
তোমার অনঙ্গদেব।
রূপসীর আর্তনাদে যেমন উঠেছে কেঁপে
পৃথিবীর রূপকথা।'
* * *
আয়ুরেখা থেকে আয়ু
চিরদিনই দীর্ঘ হবে।
কত দীর্ঘ?
ঝরে পড়ছে এই জোছনায়
ক্যালেন্ডার রচনার সূত্রাবলি।
টুকে নিচ্ছি তা খাতায়।
ওদিকে কী কা-!—
বই থেকে অক্ষর-খশানো শব্দে
খুলে যাচ্ছে রাত্রির জানালা।
'নিশীথ' প্রকৃত অর্থে এমন একটা নীড়—
ঘুমন্ত পাখির শিস দিয়ে গড়া।
ঐ আকাশ কি নয় তারার পিঞ্জর?
সহস্রাব্দ গণনার মতো অন্ধকার জুড়ে
ডাক দিল কোন পাখি!
কাঁপে দূরে নিদ্রাবন।
যার তরে এত কথা, নাম হোক তার
উপশমজ্বর।
* * *
সব রহস্যের খিড়কি হাট হয়ে খুলে যায়;
সবজান্তা হয়ে যেন কেউ
তারাদের আড়ালে লুকিয়ে হাসে।
হাসে, আমাদের এই প্রচেষ্টা, উদ্যম,
শঠকল্প প্রেম আর
ব্যাজস্তূতি লক্ষ ক'রে।
সত্যি কি এসব ঘটে!
যৌবনের প্রথম প্রহরে জ্ঞানেন্দ্রিয়
জেগে ওঠে ঠিক ঠিক, তবু কতটুকু সাড়া দেয়—
যতটুকু শব্দে ছুটে পালায় তক্ষক?
মৃতদের রাজ্যে পৃথিবীর একমাত্র
শ্যামাঙ্গ ময়ূরই
প্রবেশাধিকার পেয়েছিল।
সে পথ দিয়েই, সেই আরণ্য লতায় ঢাকা
ফটক, ফাটল গলে গড়িয়ে এসেছে
আকাক্সক্ষার চেয়ে লঘু সব নাশপাতি
তুষ্ণীম্ভূতা-নাম পাহাড়ের পাদদেশে।
গোলাপ জেনেছে।
দেখেছে বিশল্যকরণীর পাশে
তন্দ্রাবশ একটি গোখুর।
জেনেছে পাহাড়ি নদী সব
রামধনু-আঁকা পাখিদের গান
ঈর্ষানত এইখানে।
সমস্তই এসে গেছে হাতে।
এইবার তবে রয়ে-সয়ে পাঠ করা যাক
চুক্তিভঙ্গ নথি আর খুলে দেখা যাক
আমাদের ঠান্ডা, হিম ডোসিয়ার।
আকাশের গ্যালারিতে যখন অজস্র তারা
চারধারে কেউ নেই আর
চলছে দিকে দিকে সিসফায়ার…
