মৃণাল বসুচৌধুরীর গুচ্ছ কবিতা
দিতে পারি
চেয়েছিলে আনন্দলহরী
দিতে পারি কাশবন
রিনিঝিনি রূপোর নূপুর
দিতে পারি শিউলির ছায়া
ভোরের শিমূল
পরাক্রমী নদীর হিল্লোল
দিতে পারি নীল সরোবর
ছায়াঘন ঘাসের বিছানা
স্মৃতিধার্য সুদীর্ঘ চুম্বন
চেয়েছিলে স্বপ্নের মিছিল
শিল্পময় শরীরী ভঙ্গিমা
চেয়েছিলে বুনোপাখি উদ্ধত আগুন
চেয়েছিলে দীর্ঘস্থায়ী মোম
মধুমাখা মাতাল আঙুর
দিতে পারি
সব দিতে পারি
এমন কি এসব না চেয়ে যদি
প্রতিবাদী পরস্পরা চাও
চাও ইতিহাস
দিতে পরি মাতঙ্গিনী
গণনাট্য
হেমাঙ্গ বিশ্বাস
তোমাদের ধিক্কারসভায়
আয়ুহীন কবিতার জন্ম নিয়ে
তোমাদের ধিক্কারসভায়
নিঃশব্দ নূপুর পায়ে
যে যুবতী বসেছিল একা
তার চোখ
ছোট আর
হাতের আঙুলে
ছিল কিছু নক্ষত্রবিষাদ
ছিল শব্দবীজ
ছিল বসন্তলালিত কিছু
উম্মাদ আগুন
শিখাহীন
যে আগুনে
পুড়ে যায় দক্ষিণ দুয়ার
ইতিহাস
সামাজিক বিধিজাল
হৃদয়হীন কিছু বিকল্প মিনার
শরীরী জ্যোৎস্না নিয়ে
যে যুবতী বসেছিল তোমাদের ধিক্কারসভায়
জন্মের যন্ত্রণা নিয়ে
তাকে ঘিরে
শব্দযান
রাশি রাশি
দুর্লভ কবিতা
তবে কি ফিরেই যাবো
একা একা
একা একা তুমি নাকি স্বর্গেও যাবে না
যদি ডাকে সবুজ প্রকৃতি
যদি দিনরাত
ডেকে যায় অদৃশ্য পূকুর
যদি ডাকে লোভ মায়াবী শৃঙ্গার
ডাকে উজ্জ্বল আলোক ঘিরে
বেড়ে ওঠা
কিছু তোতাপাখি
যদি ডাকে প্রয়োজন
যদি ডাকে অনুতাপ
আলো নয় উম্মত্ত আগুন
যদি ডাকে সর্বনাশ
ডাকে ঋণ
ডাকে রাজকোষ
অস্থির সময়
ধর্মহীন বিকৃত পুরাণ নিয়ে
যদি ডাকে
অনুদার আনন্দে আচ্ছন্ন কিছু
অশান্ত মানুষ
যদি যেতে হয়
যদি আর সময় না পাও
যেও
নিরুপায় দ্বিধাহীন চলে যেও একা
ছায়ার ভেতরে আরো
সৃক্ষতম ছায়া হয়ে
আমি ঠিক হেঁটে যাবো
তোমার পেছনে
এখনও
এখনও ফোটাতে পারি ফুল
সমুদ্রের নীল জলে
এখনও নামাতে পারি ধুসর আকাশ
অন্ধকার দেওয়ালে দেওয়ালে
সযত্নে আঁকতে পারি তেলরঙ ছবি
বিদেশি গানের সুরে সারারাত
এখনও নাচতে পারি ছন্দময় নাচ
এখনও সাপের মুখে
চুমু খেয়ে
বিষকন্যা জন্ম দিতে পারি
এখনও লিখতে পারি
অনাবিল প্রেমের কবিতা
এখনও চাঁদের হাতে
সমস্ত অসুখ দিয়ে
এক লাফে যেতে পারি পরিখা পেরিয়ে
পরমাণু অস্ত্র নয়
ঈর্ষাহীন যুদ্ধের আড়ালে
এখনও ওড়াতে পারি গাঙচিল
অন্তরঙ্গ মেঘ
ইচ্ছে করলেই
এখনও অনেক কিছু
অথচ তোমায় ছেড়ে
অন্যদিকে এখন আর যেতেই পারি না।
একটু জোরে হাঁটলেই
একটু জোরে হাঁটলেই
হয়ত তোমার হাত ধরতে পারতাম ঠিক সময়ে
ঘুরিয়ে দিতে পারতাম তোমার গতিপথ
আর একটু জোরে হাঁটলেই
আধুনিক পরিকাঠামোর বিরুদ্ধে আনা প্রস্তাবের সঙ্গে
হয়ত জুড়ে দিতে পারতাম তুমুল বিতর্ক
মৌপালকদের কাছ থেকে
জেনে নিতে পারতাম
মৌমাছির জীবনযাপন
ঘরকন্না মুগ্ধ ছোটাছুটি
একটু জোরে হাঁটলেই
হয়ত বসন্তের বিরহ-বিষাদ
বাইসন কিম্বা বুনো মোষ ঘিরে
তোমাদের গল্পের বিষয় নিয়ে
কিছু বলা যেত
পরিবর্তনের নামে
জীর্ণ প্রতিশ্রুতি
কিংবা পুনরাবৃত্তির ভুল নিয়ে
হাসা যেত কিছুক্ষণ
একটু জোরে হাঁটলেই হয়ত
কিন্তু বয়সও নয়
শরীরও নয়
ইচ্ছেটাই তো ভিতরমুখী
নিজের সঙ্গে হাঁটছি যখন
আবার কেন মাপ পরিমাপ
গতির বিধান
আত্মবিভোর হাঁটতে পারছি
এটাই কি আজ যথেষ্ট নয়।
ছায়া নির্বাচন
আর্তনাদ নয়
আগুনের মধ্য থেকে
উঠে আসে সাহসী যুবক
মন্ত্র উচ্চারণে
তখনো জাগেনি কেউ
শিউলি ফুলের কাছে
তখনো যায়নি কোন অসুখী ভ্রমর
জলের গভীর থেকে
নিঃশব্দে ওঠে নি কোন জলপরি
স্বনির্ভর সুখের তালিকা
পরিচর্যাহীন
হাতের আঙুল থেকে
তখনো ঝরেনি কোন সমর্থন
শুশ্রুযার গোপন আশ্বাসে
তখনো আসেনি কোন
শ্বাসযোগ্য সুগন্ধি বাতাস
তখন নিগতি রাত
স্বপ্নের সুষমা মেখে
আগুনের মধ্য থেকে একা একা
উঠে আসে সাহসী যুবক
নিঃশব্দে এগিয়ে যায়
ছায়া নির্বাচনে
অথচ আমার ঘুম
গ্রহণযোগ্যতা নিয়ে যারা খুব দ্বিধান্বিত ছিলে
সকলেই
সৃষ্টিসুখে ঘুমিয়েছো কাল
বিধিনিষেধের বেড়া পার হয়ে
যে যুবক
প্রতিবেশী মেয়েটির হাতে
দিয়েছিল কাঠচাঁপা ফুল
নীল খাম
তুলোট কাগজে লেখা চিঠি
অন্ধকার নক্ষত্র সভায়
পড়েছিল প্রেম ইতিকথা
স্বপ্নের দলিল নিয়ে
সে ও আজ
দিঘিজলে লুকিয়েছে উদোম শরীর
নিঃশব্দ তুষারপাতে
যে অরণ্যে স্মৃতিহীন মেয়েটি ঘুমোয়
তার জন্য
আর কোন অশ্রুপাতে ঝরে না বকুল
ঘনিষ্ঠ সাঁতারে কোন রাজহাঁস
আঁকে না নতুন কোন মাঙ্গলিক ছবি
অধরা পাখির প্রেমে
নদীতীরে বিষন্ন বিকেলে যারা
ক্ষুদ্রতার আগুন জ্বালিয়ে
খুঁজেছিল আলৌকিক স্বর
প্রণয় অভ্যাস যারা হেঁটেছিল বিপরীত স্রোতে
সকলেই আত্মসুখে ঘুমিয়েছে কাল
লালনের ভিটেমাটি ছুঁয়ে
অথচ আমার ঘুম একা একা ভেসে যায়
ভূমধ্যসাগরে
নিষিদ্ধ দহন
স্মৃতি এক পুরনো অসুখ
শুশ্রুষাবিহীন কোন
নিষিদ্ধ দহন
হয়ত না চিত্রকলা
শুদ্ধতম কোরের বকুল
স্মৃতি এক মৃগনাভি
হলুদ কুসুম
ছায়ামাখা মন্দিরের সিঁড়ি
অথবা আহলাদি কোন পদ্মপাতা
চোঙালিনী পায়ের নূপুর
অমল প্রবাহে এক
বিরাগী চড়ুই
বৃষ্টিভরা মেঘ কিংবা
শব্দের পাঁচিল
মূন্যঘরে অলৌকিক
সোনালি আশ্রয়
স্মৃতি এক শব্দহীন সুখ
জ্যোৎস্নায়
ছিন্নমূল শিকাড়ের গান
কখনো বা আর্তনাদ
অশরীরী বিষাদ-পুরাণ
নির্বাসিত মানুষেরা
নির্বাসিত মানুষেরা
যুদ্ধের কৌশল নিয়ে কিছুই ভাবে না
সারারাত অনাদরে কিছু ছায়া
কিছু তীব্র পদপাত
ছলনামিশ্রিত কিছু শরীরী স্তব্ধতা
কিছু আর্তনাদ
বিকৃত স্বপ্নের ঘুম
অসুস্থ বিবেক
সারারাত উপক্ষোয়
সারিসারি ঘড়াভর্তি জল
নীলকণ্ঠ পাখির দুঠোঁটে
ম্রীয়মাণ সাপের খোলস
সারারাত পুণ্যস্নান মৃত্যুভয়
ক্ষুধার কৌতুক
সারারাত শুধু অম্লজান
বিধিবদ্ধ মেঘের উড়ান
পরাজিত মানুষেরা
হয়ত বা উদাসীন নির্বাসন জানে
যুদ্ধের কৌশল কিংবা
পরিপূর্ণ বিক্রম জানে না।
অমরাবতীর রোদে
সোনার হরিণ নই
তবু সারাক্ষণ
মারীচ বধের গল্প কেন যে শোনাও
ঐশ্বর্যপ্রেমিক নই
তবু আরব্যরজনী আর প্রাচীন মোহর
সমস্ত কাহিনি জুড়ে থাকে
পোষ মানা পাখি নই
তবু মাছরাঙা, বাজ বা শুকুন এসে
উড়ে বসে তোমাদের সব উচ্চারণে
উদ্ধত ভ্রমর নই
তবু কেন ফুলরেণু রঙিন কেশর
গন্ধময় গোলাপবাগান
তোমাদের ভাষ্যপাঠে মূর্ত হয়ে ওঠে
গল্প কাহিনী কিংবা ভাষ্যপাঠে নয়
চোখ বুজলেই আমি শুধু
অমরাবতীর রোদে
দলছুটি হরিণীর
ছোটাছুটি দেখি
দেখি বিদেহী নারীর কাছে
পাশাপাশি শুয়ে আছে
উদাসী রাখাল
স্বপ্নবাহী পঞ্চমীর চাঁদ
