শামীম আজাদের একগুচ্ছ কবিতা
টান
কতদিন আর সাংস্কৃতিক উদ্বাস্তু হয়ে ভূতের গোসল খানায়
পোকাদের ফেস্টিভ্যাল কাইট গিরিবাজ হবে বলে মাঞ্জায় মাঞ্জায়
ভেতরে তো ভর করে আছে ঢাকা, সেই কবে থেকে…
গলা ফেটে মাথা ছুটে যাচ্ছে
শক্ত বরফে আছড়ে পড়ে সে মাথা বার্ন ইউনিটে ছুটে যেতে চায়
মনিরের চরণ তলে, তার ফোস্কা-পড়া পায়ের নিচে
যেখানে গণ্ডগোলের বছর পিশে যাচ্ছে
ক্ষরণের বেড সাইড টেবিলে পেট্রোল বোমা,
তলোয়ার তাবেদার আর পিরিচে আফগানী আব
হাতে ধরেই এ ঝড় এনেছি
এখানে তুষার ঝড়ে পত্রিকারা পাখির মত উড়ছে
এখন এক অত্যাবশ্যকীয় আঠা উপড়ানো ঝড় চাই
ছিটকে উড়ে গিয়ে লেগে যেতে চাই ছাপান্ন হাজারে
সিদ্ধার্থ আর মনিরের লাশের নিচে
গণ্ডগোলের বছরের কাছে
আমার ও কিছু করবার আছে
২৮ডিসেম্বর ২০১৩
ক্ষরণকাল
মৃত্যু্র মানে জানার প্রাক্কালে ব্যবহার বিধি সুনিবিড় ও প্রাঞ্জল করা যায় না
মিথ্যে জায়নামাজে ঘষামাথায় দোযখ তিলক
অনুমান করি, বাল্যবিবাহের দেশে বিধাতার উদ্দেশ্য সফল হওয়া কঠিন।
এ মধ্যাহ্নে তো কোন অজুহাতই টেকার কথা না
রোড সাইড বৃক্ষে বৈদ্যূতিক করাত
মানুষের মাথায় পরম্পরায় চর্বি ও মাংশের মুকুট
এক একটি রক্ত-রুবি ব্রিটিশের তস্করতা মনে করাচ্ছে।
দ্রব্যও তুলছে নাদ
চাল, চানাচুর, বোতাম, বালিশ, মশারী ও মাছে
মানুষগুলোই হা হতস্মি, দ্বিধা নিয়ে পোড়া ভাত খাচ্ছে।
তোমার চোখও পকেটে
কি করে অবশিষ্ট উর্বর ঊষা দেখবে?
শীত বর্ষায় বেড়া ভেঙে স্বপ্ন পালাচ্ছে, জল ককটেল জন্ম ফাটাচ্ছে
অনির্ধারিত এ উত্তেজনায় ত্বক তির তির করছে
মহা চিন্তায় আছি বন্ধুরে
এখনো যে ডোনার কার্ড এলো না!
২৭।১২।১৩
আগামীর শহীদ
জীবন কি মাপছো এখানে
তর্কের ইঞ্চি-ফুট-গজে বেঁকে বেঁকে গলে ও গুলিয়ে
আপামর ফেলে এলিটে এলিটে
প্রাকৃত সাথী, এখানে কেবল মেঘের মশারি
বিয়াল্লিশ বছরের মাথায় ঘুম পাওয়ানিয়া নিদ্রাকুসুম
জন্মদিনের জ্বালাময়ী সম্ভ্রম তরল
এখানে কি আছে আর মাপিবার
নখেও ময়লার আস্তর, তবু গ্রাস উঠছে মুখে মুখে
মারমেইড ক্যাফেতে অনায়াস ধ্বংস আর মোবাইল মাংশ
অথচ একটু দূরেই কি সংস্থিত অগ্রযাত্রা এই গুলশানেই
সাহস থাকেতো একবার কেনো মাপো না গিয়ে তাদের
আজকের পাকিস্তানী এ্যাম্বিসী অভিমুখী আগামীর শহীদদের…
১৮।১২।১৩
বিকল প্রাণ
দোয়েল যে কি করে এত অকম্মা হল
তারতো ডানায় ইচ্ছে বোতাম ছিল
তাই টিপে টিপে দুধের আকাঙ্ক্ষায়
এখন আত্মকথা পাখিটিও উড়ে যায়।
'স্বাধীনতা' এক বিহ্বলতা হয়ে গেলো
পুরোটা বৃষ্টি পেয়ালায় নেমে এলো
এ মাটি এখন ঘোড়া হয়ে ছুটছে
আরব্য চাবুকে ক্ষণে ক্ষণে কাৎরাচ্ছে।
প্রপিতামহ কি অর্ধেক করা যায়
প্রজন্ম পাল তাই মাপে রাস্তায়
মানুষের মাছি ভোঁ ভোঁ সে শবের পর
ককটেলে ফাটে জায়নামাজের ঘর।
এ সময় শুধু পতাকার জন্য মরা
এ দিনে কেবলি পুণঃ পুণঃ নিজ বংশ পাঠ করা।।
২৫।১২।১৪
