শব্দগুলো ফোঁটা ফোঁটা
শকুন ছিলো আকাশ জুড়ে, আকাশ মুড়ে দিয়েছিলো শকুনেরা বিকট পাখায়। ভাগাড়-ঘাঁটা বিদঘুটে দুর্গন্ধ ভরা শকুনগুলো কবরখানার আঁধার মাখা পাখা খুলে মুক্তিসেনার চোখ তুলে খায়। আমার চেনা আঙিনাতেই হায়েনা ছিলো– লালসা লোলজিহ্বা থেকে ঝরছিলো লাল রক্তফোঁটা তুলসীতলায় সন্ধ্যারতির কনেবৌটি কিংবা যুগ্ম মা ও মেয়ের স্বর্ণচুড়ায়। আমার ক্ষেতের সেচনালাতে কুমির এলো, মর্ত্যমানের বাগান থেকে মত্ত হাতি ,ভাতের হাঁড়ি বিস্ফোরিত, চুলোর আগুন কালকেউটের করাল ফণা। আমার মাটির সম্ভাবনা আমার সাধের গৃহস্থালি আমার পাতের ডালমাখা ভাত লণ্ডভণ্ড বিষকাটালি। বাস্তুভিটের পোড়া দালান গোবর লেপা উঠোন থেকে আজান মাখা পালান পুকুর ধানের বীজের গোলা থেকে উঠতেছিল সাত দোজখের ধুমের তমস প্রচণ্ডতায়।
আমার জমির ধূলিকণায় পিতামহের হাড়ের গুঁড়ো স্বর্ণচূর্ণ তুমুল ভেষজ বংশগতির বটবিরিক্ষি সেই আদিকাল দ্রাবিড় দিনের। দামাল চাষার হালের লাঙল কর্ষকলায় উল্লসিত জোয়ান জমিন অদ্যাবধি পরণকথা। আমার মাঠের দূর্বাঘাসের চিকন সবুজ দিগ¦লয়ের বনের রেখা, উড়কিধানের কাঞ্চাছড়া চক্ষুকেন্দ্রে অমল বর্ণ হাজার বছর। মৎস্যগন্ধা ধান্যগন্ধা নুনঝরানো আমার শ্যামল দেহের ভেতর কেমন আগুন তপ্ত লালের। লাল ছুটে যায় কামানগোলা তীরের ফলা চোখ ধাঁধানো ঢাল তলোয়ার লাল ছিটোনো শহীদ মিনার অভ্রভেদী স্মৃতিস্তম্ভ।
এখন আমার আকাশ জুড়ে নিজস্ব এক বনবিহঙ্গ আপন চালে উড়তে থাকে সবুজ পাখায়। কেবল তাহার বক্ষ থেকে ঝরতে থাকে একাত্তরের শব্দগুলো ফোঁটায় ফোঁটায় ।
হাতিরপুল, ঢাকা।
৬ অগাস্ট, ২০১০
