মনির ইউসুফের কবিতা
ধান্যবতীর দেশে
কুমারী পৃথিবী থেকে কুয়াশা শুকায়নি, ভোরের হিমহিম শীতে
জঙ্গলে ঘুরে ঘুরে ধান্যবতীর দেশে সকাল কেটে যায়, কী অপূর্ব
আমরা বসত করি এখানে, তিন পথের মাথায় বটগাছ, তারপরে তুলাতলী
পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে নীলনাফ। নাফের স্রোতধারা তোমার চেয়ে চঞ্চল
আহা! তুমি ও স্রোত বহো সমান্তারাল। তীর বেয়ে কিছুদূর হেঁটে গেলে মৈনপাহাড়
হাজার বছর এই উদ্যানে, এই আকাশতলে আমাদের শৈলবাস, পাহাড়মালা
শোভিত সবুজ, মানুষের ক্লান্তহীন পদযাত্রা, একতারায় সুর তুলে হেঁটে যায় সময়,
আমরা, তারপর, অনেক বছর পর, সুখের ঘরে আগুন লাগলো, বাতাসে চিৎকার
কান্নার রোল, হাহাকার, ধান্যবতীর দেশে বর্গী ঢুকলো
গ্রাম পুড়ে যায়, ছাই উড়ে যায়, চিৎকার থেমে যায়, রাতের আঁধারে অনেকে পালায়
আমাদের কুমারী পাহাড় রক্তে ভেসে যায়, রক্ত স্রোত হয়ে ফিনকি দিয়ে নামে নাফে
আমদের নীল নাফ, লাল নাফ হয়ে য়ায়। নৌকাও নদীতে ভেসে ভেসে ডুবি ও মরি
বাংলাদেশ ও মায়নমার আমাদের দেশ নয়, চিৎকার করি কাঁদি, অনুনয় বিনিনয় করি
আমরা ডুবে যায় নদীতে স্রোতে ঢেউয়ে, বাস করি অনেক আতঙ্কের দেশে
আমাদের,দিকে অস্ত্র তাক করে বসে আছে বিজিবি ও নাসাকা, দু'দেশে,
নাফের দুই তীরে
স্বজন-প্রতিবেশি
আমরা একসঙ্গে হাঁটে যায়, মাঠে যায়, ক্ষেতে যায়
একসঙ্গে ফিরি। একসঙ্গে স্বপ্নবুনি। আমরা সময়ের বয়ে চলা
বহমানতা একসঙ্গে পান করি। আমরা রাখাইন ও রোহিঙ্গা,
একসঙ্গে চাষ করি আলু, পটল, সিম, ধান আরো কত কি।
তপ্ত দুপুরে হঠাৎ একদিন কি জানি কি হলো, রাখাইন'রা
না চিনতে পারার ক্লান্তি নিয়ে আমাদের আক্রমণ করল
আমরা ঘুরে দাঁড়াতেই পারলাম না, দিনের সৌন্দর্য দেখার আগে
সে দিনের সেই বীভৎসতা নিয়ে, বিরামহীন চিৎকার নিয়ে
অনেক আঘাত নিয়ে, আমাদের পালাতে হলো, কোথায় পালাবো!
চারিদিকে ঘিরে আছে আমাদের চেনা প্রতিবেশি স্বজনেরা
রাখাইন তরুণেরা, বিকৃত মুখে গালি-গালাজের প্লাবন
সড়কি, দা, কোদাল, বন্দুক। অবাক হওয়া কিংবা চ্যুত হওয়ার
সময় ছিল না, হয় পালাও নয় মরো।
মরতে মরতে পালাতে হলো, স্বজনের অবিশ্বাসের তার কেটে
সীমানার উপর দিয়ে পালাতে হলো, কেউ মরে পড়লো, আগুনেও পুড়লো
ঝড় নাকি সব ভিজিয়ে দেই, আমাদের সব রক্তে ভিজে গেলো
সীমান্তের চিহ্নগুলো দেখেশুনে পার হয়েছি এখানেও স্বজন নেই,
এখানেও পরদেশেই আছি।
সেই হাত কুমারী হাত
যুবতী মাটির যত্ন নিতে নিতে ধান্যবতীর দেশ ফসলে ভরে ওঠে
কুমারী মাটির বীজ ষোড়শীর পুরুষ্ঠ বুকের চেয়ে কমনীয় হলে,
কেবল হাত চালায় কৃষক, কাঁটাঝোপে শুয়ে পড়ে গ্রাম্যআদিম,
ষোলকলা শিখে শিখে মাটি গর্ভবতী হলে
ফসলে ভরে ওঠে মাঠ। প্রাগৈতিহাসিক সবুজ ছড়িয়ে পড়ে প্রান্তরে
কাল পরিব্যাপ্ত, সময় অনন্ত, কালের পোশাক খোলে নগ্ন করে কে
বুকের জাজিম।? সে কিসের উত্তরাধিকারের কথা বলে, সে কে?
রোসাঙ্গ রাজসভায় কারা লিখতো কবিতা, আঁকতো ছবি!
কলার এমন নিপুণ চর্চা হতো, মধযুগ এখানে রঙিন উজ্জ্বল
শিল্পকলা থেকে কৃষিকলা মাটির গুণে প্রাণ পেয়েছিল
সেই হাত যুবতী হাত সারাদিন মাটিতে বীজ বুনতো,
আর ক্ষেতের যত্ন নিতো, কলসিতে জল নিয়ে ঘরে ফিরতো
সেই হাত কুমারী হাত অনেক রাত ধরে শিল্পচর্চা করতো
মাটির প্রতি ভালোবাসা
রাখাইন ও রোহিঙ্গা মেয়েদের যে দেখেছে সেই চেয়ে থেকেছে
ফুলআঁকা বাজু ও থামিতে কলাবতী নারীর এত সংবেদনা
সেই প্রাকৃতিক,সেই প্রকৃত হলুদ নীল কমলা বেগুনী
তারা বাস করে পাড়ার ভেতর, গ্রামের ভেতর, নিজের ভেতর
তারপর গ্রাম্যমাতবর তাদের বিয়ে করেছে, গ্রাম্যকৃষক তাদের বিয়ে করেছে,
তারপর রাজমিস্ত্রিী তাদের বিয়ে করেছে, নৌকারমাঝি তাদের বিয়ে করেছে
গ্রাম্যপুরোহিত ও গ্রাম্যমৌলবি তাদের বিয়ে করেছে
তারপর দিনে দিনে এই পাড়া গ্রাম হলো, গ্রাম হলো পাহাড়িশহর
তারপর তারা দূরবর্তী হয়ে গেলো, সময় বয়ে গেলো নিজের ভেতর
এখন তারা তাদের ভুলে গেছে, ভুলে গেছে পাড়ার সংরাগ, আত্মীয়তা
এখন তাদের হাতে গাইতি শাবল, এখন তাদের হাতে শংকা, মৃত্যুভয়
যতদিন তারা জাতীয়তাবাদী থেকে, ধর্মবাদী থেকে,
মানুষবাদী হতে পারবে না
ততদিন তাদের হাতে থাকবে গাইতে শাবল, বন্দুক, কোদাল হিংসা ও হিংস্রতা
তাহলে মানব জাতির মুক্তি কোন পথে
ঝর্না বয়ে যায় নদীর দিকে
নারীও মেলে দেয় বুকের ডানা সে রোহিঙ্গা রাখাইন যেই হোক না
তার শুধু তৃপ্তি হলে হয় বুকে যত যাতনা।
পুরুষ তৃপ্ত হতে পারে না পুরুষ জাতীয়তাবাদী, বাণিজ্যবাদী
ব্যবসায় হলো যত বাহানা
মানবতা ধাপ্পাবাজি, কোথায় মানবতা যেখানে মরছে
রোহিঙ্গা, রাখাইন, পাহাড়ি, বড়–য়া!
পাহাড়ি নারীদের যে দেখেছে সেই চেয়ে থেকেছে
চকিত পথচলায় সেই দেখাটিই মনে গেঁথেছে
অনুরাগে ভরা,সংরাগে ভরা বাঙালি কি তাদের ভালোবেসেছে!
সূর্য উঠে রে ভাই লাল মারি
ধান্যবতী পাহাড়ি দেশে সূর্য উঠে রে ভাই লাল মারি
ধান্যবতী নাফের তীরে সূর্য উঠে রে ভাই ঢঙ গরি
পাহাড় থেকে গঞ্জে কাঠ নিয়ে আসে গ্রামবাসী
উযানী নদী, নৌকা ভাসায় মনমাঝি
দিন কেটে যায়, রাত নামে সন্ধ্যাবেলা বসি গোলগরি
কিচ্ছা আর রূপকথায় যায় ভেসে যায় মনতুলি
এ নদী ও পাহাড়ে সাতপুরুষ জন্ম-জন্মে বাসগরি
তাও কি এদেশ আঁরার নয় বলে আঁরারে মারিবি
মার আর কাট কঅইম তও এদেশ এয়িআন আঁরার
তোঅঁরা কন তোঅঁরা কন আঁরারে আবার তাড়াইবার
