২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণজি বসাক-এর কবিতা

pranji_basak

Published : 05 Nov 2013, 10:16 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

৪৭
বাতাস খুলে খুলে নাচে বিস্মিত বসন্তকুঞ্জ
হলুদে হলুদে হলুদগায় চিন্ময় অমলতাস
বসন্তকুঞ্জ খুলে খুলে ফেরায় শুকনো বাতাস

৪৮
কথার পিঠে কথা রেখে বেড়াতে গেলে
জলশব্দে ব্যবহারিক সবুজসংকেত
ইশারায় খেলছে জলকাদা ভাঙা সংগীত

৪৯
হাসির শব্দে পাগলা টর্নেডো
মেঘ আর আলো দ্যাখে না কে কোন শরীরে
বিদ্যুৎচমকে তছনছ শাসন নাভিমুল সংসারে

৫০
জ্যৈষ্ঠের কোকিল তারস্বরে চেল্লায় স্মৃতিতে এপ্রিল
পা টিচে টিপে নরম চাঁদ আর মাটির গল্প
নিরাশায় গলে সময় অবলা খোলস শিল্প

৫১
একটি রুমাল আর একবাক্স অন্ধকারসহ রাতের বাস
বেদুইন-হৃদয় মাতাল সময়ে ভোর নামে সীমান্তে
পাসপোর্টে সিলছাপ্পর পকেটে একটি সাপ একান্তে

৫২
একটি নাম নিয়ে ঘুরি ফিরি প্রতিদিন
পথগুলো শুনসান হলে চিৎকার করে ডাকি
ইতিহাস জেনে গেছে প্রজন্ম জটিল ভুগোলে থাকি

৫৩
দীর্ঘ যাত্রপথ শেষে ঘোড়াদের জলবিহার
আমাদের প্ল্যাটফর্ম থেকে উড়ে যায় বিষণ্ন দুপুর
কথার শেষে অশেষ নীরবতায় অদৃশ্য শুকনো পুকুর

৫৪
আন্ধার ভেঙে ভেঙে গজাল সকাল
এলার্ম বেজে বেজে নামে রোদ্দুরে দিন
রোদের শরীর বেড়ে বেড়ে সেও হয়ে ওঠে একদিন

৫৫
রোদ্দুর এসে দাঁড়ায় মুখোমুখি অন্য জীবন
নির্জন দুপুরে পোড়ে অমোঘ পালক ও ইতিহাস
লাটাই ও ঘুড়ির টানাপোড়েন জানে শুধু আকাশ

৫৬
গবাক্ষপথে দুরন্ত হরিণীর স্বপ্ন খেলা
নতুন করে লেখা হল আলোকবৃত্ত মনে মনে
একান্তে সাজানো উৎসব ঘরময় অবগাহনে

৫৭
জানালায় রাত নেমে আসে অন্ধকার ছায়ায়
তিরিশবছরের না-লেখা আলোআঁধার কাহিনি
জলজ গন্থে নিলিপ্ত ইতিহাস কাঙালজীবনী

৫৮
দূরে সরে যেতে যেতে হারিয়ে যাই কেউবা
অকারণে কতবার হেসে উঠি অসময়ে মাখামাখি
কে যাবে সময় থেকে আগে নির্জন দুপুরের পাখি

৫৯
বার বার খোঁজ নিয়েও অজানা রইল ঠিকানা
আগামী অসম জীবন নিয়ে দাঁড়াও মুখোমুখি
দেরাদুন না হরিদ্বার বাস দাঁড় করিয়ে রাখি

৬০
পাতাবাহার আকাশে উড়ছে স্বপ্নমেঘ ও তার খেলা
প্রতিদিন সকালে ভেজে অবুঝ মেয়েটি কলতলায়
বেণীতে জলতরঙ্গ চিকনাই দেহ ভাসে হাওয়ায়

৬১
করিপোরের একদিকে অফিস অন্যদিকে গ্রন্থাগার
অযুতনিযুতলক্ষকোটি নির্বাক অক্ষরেরা
তুমি এলে আর আমার হয় না যে ফেরা

৬২
ভিড়ে ঠাসাঠাসি কংক্রীটজঙ্গলের প্রতিট ইট
প্রশ্ন তোলেঃ আর কত উচ্চতা সইতে হবে
বেয়াড়া সময়ে জন্মের খিদে লকলকে জিভে

৬৩
অপেক্ষা ছিল অপেক্ষায়
রাতের অন্ধকারে
তোমার শিয়রে

৬৪
আজ আমার টেবিলে অসংখ্য উন্মুখ জানালা
খুলছে সব একে একে
দেখছি শুধুই তোমাকে

Image
Flag Counter