আত্মহনন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হলো তার সাধ
-জীবনানন্দ দাশ
এমন মায়াবী রাতে মরে যেতে ইচ্ছে করে
আকাশে রুপোর চাঁদ তীক্ষ্ণ ছুরিফলা
হুহু হুহু কে ডাকে মুহুর্মুহু
কাফনের সাদা মাঠে ধুধু নীল চাষ
মৃগনাভি সৌরভে মাতাল বাতাস
জল টলমল চোখ নদী কাক হাহাকার
কুয়াশা ধূসর মুখ ভাসা ভাসা গ্রাম
পেঁচকের লালচোখে ভ্রান্ত ইতিহাস
কুকুরের চিৎকারে খান খান রাতের গেলাস
দূরে কোথায় দূরে দূরে বাঁশরির চিক্কন সুর
এমন মাহেন্দ্রক্ষণে সকলেই সুখী হতে পারে
তাকে পেয়ে গেলে মিটে যায় জীবনের সাধ
এমন রহস্যরাত উর্ধ্বলোকে তারার সংকেত
স্নায়ুকোষে আগুন ফাগুন গান সিজোফ্রেনিয়া
এইতো সুযোগ
আকাশ থেকে চাঁদ ঝাঁপ দেয় অতল সাগরে
এক টুকরো ঢেউ শুনশান চরাচর
পরদিন ভেসে ওঠে মৃতদেহ তার
তারপর লাশকাটা ঘর ট্রামের ভেতর
ডাক্তার কেটেকুটে ভালো করে দেখে
হৃৎপিণ্ডে পাওয়া যায় দানা দানা কবিতার বিষ
সেটাই তার মৃত্যুর যথার্থ কারণ
পোস্টমর্টেম রিপোর্টে লেখা আছে তার বিবরণ।
