২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামাটে জাতির রোদেপোড়া জন্মইতিহাস

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 30 Sep 2013, 10:13 AM

Updated : 23 Jun 2022, 04:06 PM

(কবি মুহম্মদ নূরুল হুদা শ্রদ্ধাস্পদেষু)

এসেছে তামাটে জাতি পলিদেহ মাঠেঘাটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
ধুকে ধুকে টিকে থাকে ঝাড়ফুঁক তুকতাকে বীজমন্ত্র মাদুলি-তাবিজে
আঁশটে গন্ধে ভারী নদীখালে বেড়িয়েছে স্বপ্নের মিহিজাল ফেলে
গামছা নেংটিপরা কলাপাতা চিড়াদই রুচিজ্ঞান বড্ড সেকেলে।

মধ্য এশিয়া থেকে ঘোড়া চড়ে আসে কারা খাইবার গিরিপথ দিয়ে
আরো দূর সাদা ফেনা সমুদ্রতট থেকে কারা আসে তুর্য বাজিয়ে
আমরা শিখিনি যুদ্ধ আমাদের হাতে হাতে নৌকার গুণটানা দড়ি
ঠাকুমার ঝুলি ভরা হীরা-চুনি চিকচিক চোখে চোখে চেনা শর্বরী।

বুকের উদার মাঠে রোদ আর ছায়াদের লুকোচুরি কানামাছি খেলা
আউলিয়া বাউলিয়া মেঘে মেঘে মিলনের বাঁশি বাজে এবেলা-ওবেলা
জারি সারি ভাটিয়ালি মসলিন মিহি সুর প্রাণের প্রান্ত ঘুরে ঘুরে
আমরা তামাটে জাতি বেরিয়েছি রক্তিম পৃথিবীর ইতিহাস ফুঁড়ে।