গুচ্ছ কবিতা
আবিষ্কার
বহু বর্ষ আগের এক মানবী
পা বেয়ে রক্ত গড়াচ্ছিল যার,
যন্ত্রণায় কাতর সে জানত না
ওর নাম বলাৎকার।
ঝড় বৃষ্টি বজ্রাঘাত অগ্নৎপাতের মতোই
কোনও প্রাকৃতিক দুর্যোগ,
কিংবা বন্য প্রাণীর আক্রমণের মতোই
কিছু অনিবার্য অমোঘ,
ভেবে শুধু করেছিল চীৎকার!
বহু বর্ষ আগের এক মানুষ,
নারী অথবা পুরুষ-
সমুদ্রের উত্তাল ঢেউ আর
আকাশের সঙ্গমে ওঠা
কমলা সূর্য দেখে-
উষা কিংবা গোধূলী
কোনও একটির রং মেখে
অনির্বচনীয় আবেগে আত্মহারা হয়ে
বালিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি খেয়ে
পেয়েছিল এক বিচিত্র আহ্লাদ
ভোজন ও রমণের চেয়ে
যার অন্যরকম স্বাদ!
ক্লান্তিবিলাস
এক বুক তৃষ্ণা নিয়ে একশো বছর ধরে
চক্ষে আমার নিদ্রা, তন্দ্রা আমার চেতনা জুড়ে।
বড় বেশি চেয়েছিলাম জীবনের কাছে।
যে আশা পূরণ হবার নয় জানি-
তাও লালন করি পাছে
বাঁচার অজুহাতটুকুও হারিয়ে ফেলি।
ক্লান্তি। আঃ! বড় সুখের অনুভূতি,
আমি তাই ক্লান্ত থাকতে ভালোবাসি।
অবসন্ন দেহে থাকে বিশ্রামের আকৃতি
দুঃখ-গ্লানি-যন্ত্রণা, দুর্বার অতৃপ্তির অসহ্য তাড়না
সবই চাপা পড়ে যায়-
যখন দু'চোখের পাতা এক হতে চায়।
ঝিম ধরা গ্রীষ্মের দুপুরের মতো
একখানা ঘুমের কাছে সবই পরাজিত।
পৃথিবী রসাতলে যাক-
আমি ঘুমোই তো!
মা
আমার মায়ের হাত শক্ত খরখরে
কাজ করে করে।
আমার অসুখ। মা তুমি বাতাস করো-
গায়ে হাত বুলিও না।
আমার মায়ের হাতে শাঁখা-পলা
লোহা চুড়ির জবরজং।
আমার অসুখ। আঃ, মা তুমি পাশে শুয়ে থাকো,
গলা জড়ি্ও না।
আমি নারী
আমি নারী।
কলসির কানা মারো, প্রেম দেব!
আমি নারী।
গতকাল রাগে অপমানে
পা ধুতে চেয়েছিলাম যার রক্তে,
আজ জন্মদিনে তারই
পায়েস রেঁধেছি নিজে হাতে।
আমার গালে যার পাঁচ আঙুলের ছাপ,
তারই একটি আঙুলের আলতো ছোঁয়ায়
রাগ, জ্বালা, অভিমান, তাপ-
সবই জল হওয়ার অপেক্ষায়।
আমার হাতে-পায়ে, ঘাড়ে, পাঁজরে, ওষ্ঠে অন্তরে-
সর্বত্র যন্ত্রণা, ক্লেদ আর শ্রাস্তি।
ওর সোহাগের স্মৃতি!
আজ শুধু একবার বলুক,
"ডিড আই হার্ট ইউ?"
কিংবা "আই অ্যাম স্যরি"
আমি তখন ক্ষমা ছাড়া
কীই বা করতে পারি?
পৃথিবীটা গোল
পৃথিবীটা গোল, একদিন ঠিক দেখা হবে তার সাথে-
দিন ভর এই স্বপ্ন দেখেছি, জেগেছি বিজন রাতে।
হয়ত সেদিন ধূসর হৃদয়ে বয়ে যাবে আন-চান,
হয়ত সেদিন চিনতে পেরেও না চেনার হবে ভান।
কত ভুল জানা, কত ভুল বোঝা দিন হয়ে গেছে পার;
অনেক কিছুই হয়নি তো বলা দরকারও নেই আর।
প্রতি মুহূর্ত
প্রতি মুহূর্ত খুঁজতে গিয়ে
প্রতি মুহূর্ত বিসর্জন
প্রতি মুহূর্ত পরশমণি
প্রতি মুহূর্তে আকিঞ্চন।
প্রতি মুহূর্ত হারিয়ে ফেলে
প্রতি মুহূর্ত আবিস্কার
প্রতি মুহূর্তে হাসতে গিয়ে
প্রতি মুহূর্ত হাহাকার।
প্রতি মুহূর্তে পর হয়ে যায়
প্রতি মুহূর্তে আপনজন
প্রতি মুহূর্তে পালিয়ে গিয়ে
প্রতি মুহূর্ত আলিঙ্গন।
কষ্ট যে পায়
কষ্ট যে পায়
তাকেই কষ্ট দেওয়া যায়।
নরম মাটিতে বেড়ালের আঁড় কাটার মতো
যত দুঃখ, যত ক্ষোভ, অভিমান যত-
উজাড় করে দিই তারই বুকে;
কষ্ট পায় যে, কষ্ট দেওয়া যায় তাকে।
আমার প্রতিটি অশ্রুবিন্দু
যে আঁজলা পেতে পান করে,
আমার প্রতি টুকরো হাসি
যার ক্ষুন্নিবৃত্তি করে-
আমার প্রতিটি আঘাত তবু তাকেই হানে!
কারণ, ও যে কষ্ট পেতে জানে।
