২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি স্বপ্নকাব্য

তাপস গায়েন

Published : 22 Mar 2012, 10:32 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

কালের খেয়ায় স্বপ্নময় শরীর

Image
atish-1.jpg

মন যখন পরমাত্মায় বিধৃত, এই শরীর তখন স্বপ্ন হইয়া ওঠে ; স্বপ্নময় শরীর প্রবহমান, এবং যাহা প্রবহমান তাহাই নির্দেশ করে কাল, ত্বরান্বিত করে সময়, এবং আকৃতি দেয় প্রপঞ্চময় এই জগতের । আর স্বপ্নময় এই শরীর যে অলৌকিক যানে বাহিত, প্রবাহিত, এবং অনুরণিত তাহাই ক্রমান্বয়ে কালের খেয়া হইয়া ওঠে। শরীর, খেয়া, এবং প্রবাহ- এই তিন পৃথক অস্তিত্বে বর্তমান থাকিয়াও পরমাত্মার ক্ষণকালের স্বপ্নে কখন যেন এক এবং অচ্ছেদ্য হইয়া ওঠে । এই অচ্ছেদ্য সত্তা এক স্বপ্ন, হয়তো নির্দেশ করে সেই নদী, যাহা তিব্বতে সাংপো, ভারতে ব্রহ্মপুত্র, আর বাংলায় যমুনা হইয়া সৃজনকর্তার অন্তহীন রূপময়তার তিনটি গতিশীল প্রবাহরূপে বহুকাল ধরিয়া বহিয়া চলিয়াছে । সেই পরমাত্মারই বালুবিন্দুকালের স্বপ্ন, যাহাকে আমরা-পাঠকরা, অজানা ইতিহাসের অতিপ্রসারিত কাল এবং অনাবিষ্কৃত ভূগোলের অতিদীর্ঘ পথ বলিয়া জানিয়া লইব, এবং ভাবিব – এই পথ নিরন্তর ধাবমান যাহা অনন্তের পানে ছুটিয়া চলিয়াছে । অন্যদিকে মহাযান বৌদ্ধধর্ম, যাহা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহনৌকায় সহস্র বছর আগে বঙ্গ হইতে ভারত হইয়া তিব্বতে চলিয়া গিয়া তিব্বতের মানুষদের নৈতিক পুনর্জন্ম দান করিয়াছিল, সেই মহাযান স্বপ্নময়-শরীর হইয়া পৃথিবী পরিভ্রমণের পরে আবার বঙ্গে যে ফিরিয়া আসিতেছে, তাহার গতিপথ আমরা আমাদের এই স্বপ্নময় শরীরে জানিয়া লইবার প্রয়াস করিব ।

এই সেই তিনি অতীশ দীপঙ্কর, যিনি বিক্রমপুরের বজ্রযোগিনী জনপদে ছিলেন চন্দ্রগর্ভ নামের এক শিশু, যখন গৌড়ের রাজা দ্বিতীয় বিগ্রহপাল, যখন নালন্দা, বিক্রমশীল, সোমপুরী, ওদন্তপুরী, ইত্যাদি বিহারগুলো এই উপমহাদেশের বিভিন্ন জনপদের জ্ঞানের তীর্থক্ষেত্র হওয়া সত্ত্বেও যিনি প্রব্রজ্যা গ্রহণ করিয়াছেন, কারণ আচার্য রাহুলগুহ্যবজ্র, আচার্য অবধূতিপা, সিদ্ধাচার্য নারোপার তান্ত্রিক-শিক্ষা নয়, বরং স্বপ্নে যিনি অবলোকিতেশ্বর শ্রীবুদ্ধের দেখা পাইয়াছেন এবং জীবের মুক্তির প্রশ্নে যিনি মহাযান বৌদ্ধধর্মে দীক্ষিত হইয়াছেন, এবং এই সেই তিনি অতীশ দীপঙ্কর যিনি আচার্য ধর্ম-রক্ষিতের শিষ্য হইয়া আর তিনি গুহ্যজ্ঞানবজ্র রহিলেন না, বরং 'শ্রীজ্ঞান' অতীশ দীপঙ্কর হইয়া পৃথিবীর ঋষিপ্রবাহে (অর্থাৎ জ্ঞানপ্রবাহে) এক অমর ঋষি হইয়া উঠিলেন এবং জ্ঞানের নিমিত্তে আজীবন পথিক থাকিলেন, কারণ সকল ভ্রাম্যমাণতায়, সকল প্রবাহে এই পৃথিবী ব্যাপ্ত । আর এই নদী যাহা তিব্বতে সাংপো, তাহা বঙ্গে যমুনা, তাহাই ভারতে ব্রহ্মপুত্র (অর্থাৎ ব্রহ্মের পুত্র) ; অন্যার্থে, সাংপো, যমুনা, ব্রহ্মপুত্র- এই তিন নদী বোধকরি পরমাত্মারই অতিপ্রসারিত রূপের তিনটি নাম, যাহা বঙ্গোপসাগরের জলে প্রক্ষিপ্ত হইয়া ভারতীয় মহাসাগরে প্রবাহিত-বর্তমান । আর এই উত্তাল জলরাশিতে স্বপ্ন জেগেছে অতীশ দীপঙ্করের, এবং তিনি দীর্ঘিকা কিংবা উর্ধ্বা, স্বর্ণমুখী কিংবা প্লাবিনী নামের কোনো এক জাহাজে আরোহী হইয়া চলিয়াছেন সুবর্ণ দ্বীপের অভিমুখে, আচার্য ধর্মকীর্তির উদ্দেশ্যে । একযুগ অতিক্রান্তে, আচার্য ধর্মকীর্তির তত্ত্বাবধানে যখন তিনি পরম ঋষি হইয়া উঠিয়াছেন, তখন বঙ্গের এই পরম-গুরু গৌড় এবং ভারত হইয়া তিব্বতের মানুষের আহ্বানে সাড়া দিয়াছেন এবং মানুষের মুক্তির নিমিত্তে 'বোধি-পথ-প্রদীপ' নামে ছেষট্টি চরণের পুস্তিকায় বৌদ্ধধর্মের মর্মমূলে প্রবেশ করিয়াছেন ; এবং তিব্বতের মানুষ তাঁহাকে 'জোবো জে'- অর্থাৎ মহাগুরু বলিয়া ভালবাসিয়াছে ; এবং এই সেই তিনি অতীশ দীপঙ্কর যাহার প্রদর্শিত মহাযান বৌদ্ধধর্ম, যাহা 'কাদমপা মতবাদ' হিসাবে তিব্বতের সংখ্যাধিক্য মানুষের প্রাণের ধর্ম হইয়া উঠিয়াছে, কারণ জ্ঞান এবং কারুণ্য-এই দুইটি বিষয় নির্বাণের জন্য একান্ত জরুরী বলিয়া তিনি ভাবিয়াছেন এবং সেই নিমিত্তে সারা তিব্বতে মহাযান বৌদ্ধধর্মের প্রচার গাহিয়া গিয়াছেন ; এবং এই সেই তিনি পরম ঋষি, যিনি তিব্বতে তেরো বছরের জীবনযাপনকালে অন্তত আশিটি গ্রন্থ রচনা করিয়াছেন, এবং তাঁহার 'বোধিমার্গ-প্রদীপ-পঞ্জিকা' আজও পৃথিবীর ঋষিপ্রবাহে মহৎ গ্রন্থ হিসাবে পঠিত এবং আদৃত । এই সেই তিনি শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, যিনি সুউচ্চ পাহাড়ে রঙধনুময় উজ্জ্বল একদিনে লাসা'র অপূর্ব সুন্দর মন্দিরের বারান্দায় শেষ-বিকালের আলোয় শুইয়া পড়িয়াছেন, এবং তাঁহার ঘুম এবং জাগরণের মাঝে যে চলচ্চিত্রের জন্ম হইল, তাহাই এইখানে বিধৃত ।

দিগন্ত-বিস্তৃত-পাহাড়ে রঙধনুময়-দিনে পাইন-বৃক্ষের সারি নীলাভ-সবুজ-উজ্জ্বল, যেখানে লক্ষাধিক প্রজাপতি পাখা মেলিয়াছে, আর দূর-পাহাড়ে দৃষ্টির সীমানায় কদাচিৎ উৎকীর্ণ তিব্বতীদের আবাসগৃহ, ভিক্ষুদের সঙ্ঘ, আর বৌদ্ধবিহার । বিচিত্র বর্ণের এই লক্ষাধিক প্রজাপতির পাখার বিস্তার তাঁহার শরীরকে প্লবমান করিয়া তুলিতে চায়, তাহাকে দূর আকাশে উড্ডীন করে, নির্বাণের দিকে যাত্রাপথে বোধি-চিত্তকে ক্রমাগত সদ্ধর্মপথে বেগবান করিয়া তুলে । অনতিদূরে শিশুদের কোলাহল শ্রীজ্ঞান দীপঙ্করের নিদ্রাভাষকে বিঘ্নিত করে না, বরং স্বপ্রাণ এই জগৎ কী, তাহার সার কিংবা অসারত্বই বা কী তাহা অনুভবে আনিতে সহায়তা দান করে মাত্র । কিন্তু চিন্তা নয়, বরং তিনি দেখিলেন তাঁহার শরীর ক্রমাগত অনুভবের এক জগৎ হইয়া উঠিতেছে । এবং তাঁহার অনুভবের এই দীর্ঘ যাত্রাপথে বিক্ষিপ্তভাবে পড়ে আছে মনুষ্যলোক, ত্র্যয়স্ত্রিংশ ভুবন, যামলোক, নির্মাণরতিলোক, পরনির্মিত-বশবর্তীলোক, রূপলোক, অরূপলোক, এবং পরিশেষে অনন্ত শূন্যতা । ঘুম এবং জাগরণের মাঝে 'জোবো জে'- তিব্বতীদের মহাগুরু- অর্থাৎ আমাদের শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর নিষ্প্রাণ শূন্যতা নিয়ে এই জগৎ-কে অনুভব করিলেন, কিন্তু একইসাথে তাঁহার হৃদয়ে সকল জীবের জন্য করুণার উদ্রেক হইল ; নিষ্প্রাণ শূন্যতায় করুণা মিশিয়া যাওয়ায় তাঁহার করুণাময় বোধি-চিত্তে জীবনের প্রতি নতুনত্বর আগ্রহের সঞ্চার হইল । ঘুম এবং জাগরণের মাঝে তিনি অপূর্ব সুন্দর মুখশ্রীর এক নারীর দেখা পাইলেন, এবং অনুভবে সেই নারীকে তিনি নিজের মা বলিয়া অনুভব করিলেন এবং পুনরায় অনুভবে বুঝিলেন- তিনি ক্রমাগত বার্ধক্য মুছিয়া নবীন যৌবন ছাড়িয়া নিতান্তই এক অবোধ শিশু হইয়া উঠিয়াছেন, যাহাকে তাঁহার মা বুকে আগলাইয়া রাখিয়াছেন, বিকাল যখন পড়ন্ত, যখন প্রকৃতি মৌন । এবং তিনি মানসচক্ষে দেখিতে পাইলেন, রাতভর তাঁহার মা তাহাকে বক্ষে বাঁধিয়া একের পর এক পাহাড় অতিক্রম করিয়া পৃথিবীর এক প্রান্ত হইতে অন্য প্রান্তে আগাইয়া চলিয়াছেন, এবং খুব প্রত্যুষে সূর্য উদিত হইবার আগে তাঁহার মা চার পাহাড়ের মাঝে এক সমতল ভূমির উপর তাঁহাকে শুয়াইয়া দিয়া পরমাত্মার প্রতি প্রার্থনায় নিজেকে নিবেদন করিয়াছেন । অন্যদিকে, ভোরের প্রথম আলোয় এবং বাতাসের স্পর্শে আমাদের প্রাণপ্রিয় শিশু, চন্দ্রগর্ভের শরীর আহ্লাদিত হইয়া উঠিতেছে, কিন্তু আহ্লাদিত সময়ের কোনো এক ক্ষুদ্র-খন্ডে তাঁহার মা দৃশ্যের অগোচরে চলিয়া গিয়াছেন, এবং সেই হেতু শিশু চন্দ্রগর্ভ বিষণ্ণতা অনুভব করিলেন এবং বিষণ্ণতা তাঁহার মধ্যে ক্রন্দনের উদ্রেক করিল এবং তিনি বুঝিলেন তাঁহার শরীর ক্রমান্বয়ে স্বল্প জলের ওপর পাতার নৌকা হইয়া উঠিতেছে ; বিন্দু বিন্দু জল একীভূত হইয়া প্রথমে ক্ষুদ্র জলপাত্র, পরে বৃহৎ জলাধার হইয়া উঠিয়াছে, এবং পাতার নৌকা তাল কাঠের ভেলায় রূপান্তরিত হইয়া চলিয়াছে ; নিত্যই দিন আসে, পাখি ডাকে, বাতাস আসিয়া আকাশের মেঘ ভাসাইয়া দূর আকাশে লইয়া যায়, এবং দিন অতিক্রান্তে রাতের আবেগে এই জলাধার সরোবর হইয়া ওঠে ; ক্রমে ক্রমে এই সরোবর ব্রহ্মপুত্র নদীর উৎসমুখের সূচনা করে ; এবং একদিন কে আসিয়া যেন পাহাড়ের এক পার্শ্ব কাঁটিয়া দিয়াছে, ফলত তাঁহার শরীর ব্রহ্মপুত্র নদীর ওপর খেয়া হইয়া বহিয়া চলিয়াছে । এই পথ চলা দীর্ঘ- কখনো উঁচু পাহাড়ের বরফ কাঁটিয়া, কখনো প্রভূত শিলাখণ্ডের মধ্য দিয়া, কখনো সমতল ভূমির ওপর দিয়া তাঁহার শরীর খেয়া হইয়া জলের অন্তহীন প্রবাহের মধ্য দিয়া বাহিত । অগণন দিন-রাত্রি অতিক্রান্তে তাঁহার খেয়া-শরীর নদীবিধৌত সমতল ভূমির এই বাংলায় বজ্রযোগিনী জনপদে অনেক খেয়ার ভীড়ে আসিয়া ভিড়িয়াছে, আর নদীর ছোট-বড় স্রোত তাঁহার স্বপ্নময় খেয়া-শরীরকে চঞ্চল, অস্থির করিয়া তুলিতেছে ।

হঠাৎ হিসহিস শব্দে তাঁহার, অর্থাৎ আমাদের পরম ঋষি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের ঘুম ভাঙ্গিয়া গেল ; এবং তিনি একটি শঙ্খচূড়া সাপকে তাঁহার মাথার পাশ কাঁটাইয়া পাহাড়িয়া জঙ্গলে, প্রকৃতি গভীরে চলিয়া যাইতে দেখিলেন ; এবং 'মানব জীবন দুর্লভ' এই কথা মনে করিয়া তিনি একই সাথে বিস্ময় এবং কৌতুক বোধ করিলেন, যখন দিগন্তব্যাপী লাসার পাহাড়ে সন্ধ্যা নামিয়াছে ।

স্বপ্নে খোদা নিরঞ্জনের রূপ-দর্শন

Image
nazrul-1.jpg

মধ্যরাত অতিক্রান্তে বৃষ্টি যখন অবিশ্রান্ত, যখন রাতের অন্ধকার দেবী মহাকাঁলীর মতোই দুর্ভেদ্য, তখন আমাদের অতি প্রাণপ্রিয় কবি ঘুম এবং জাগরণের মাঝে শ্মশান অতিক্রম করিয়া গভীর এক অরণ্যে হাঁটিয়া চলিয়াছেন, যাহা পাঠকেরা স্বপ্ন না নৈশ-উদ্‌ভ্রান্তি- এই দ্বৈরথকে না জানিয়া বিষাদগ্রস্ত হইবেন ; আর এই বিষাদ আমাদের প্রাণপ্রিয় কবির অন্যতম জীবনের মতোই করুণ এবং তাঁহার কাব্য-সৃষ্টি-প্রক্রিয়ার মতোই রহস্যময় । সেই প্রাণপ্রিয় কবি এবং তাঁহার নৈশ-উদ্‌ভ্রান্তিকে আমরা ইতিহাসের এইক্ষণে জানিয়া লইবার প্রয়াস করিব ।

এই সেই তিনি কবি যিনি 'কারণ-ব্রহ্মার' অর্থাৎ 'সৃষ্টির-যিনি-কারণ' তাঁহার নামরূপ অনুসন্ধান করিতে গিয়া তাঁহাকে 'সর্বনাম' (অর্থাৎ আল্লাহ্‌ খোদা ভগবান) হিসাবে জানিয়াছেন ; এবং তিনি, অর্থাৎ আমাদের অতিপ্রিয় কবি, 'কারণ-ব্রহ্মার' রূপ খুঁজিতে যাইয়া তাঁহাকে রূপারূপাতীত (= রূপ এবং অরূপের অতীত) বলিয়া ভাবিয়াছেন, এবং অনুভবে বুঝিয়াছেন- খোদা যদি সাকার না হন, তবে তিনি নিরাকারও নন, কিংবা অন্যার্থে আল্লাহ্‌ সাকার-আকার-নিরাকারে একীভূত হইয়া আছেন, এবং সেই নিমিত্তে তিনি তাঁহাকে জৈব-অস্তিত্বে 'নন তিনি নারী', 'নন তিনি পুরুষ' বলিয়া ভাবিয়া লইয়াছেন ; এবং সেই-কারণেই তিনি খোদাকে, অর্থাৎ কারণ-ব্রহ্মাকে সকল জাতির, সকল মানুষের উপাস্য বলিয়া মান্য করিয়াছেন । এই সেই তিনি, অর্থাৎ আমাদের অতিপ্রিয় নজরুল ইসলাম, যিনি শরিকহীন আল্লাহ্‌র এবাদত করিতে গিয়া জগজ্জননী ফাতেমার ওপর তাঁহার আস্থাকে ন্যস্ত করিয়াছেন এবং অধ্যাত্ম-সাধনায় বিশ্বাস রাখিয়াছেন যে পুল্‌সিরাতে মা-ফাতেমা সকল মানুষের মুক্তির জন্য আল্লাহ্‌র আরশ ধরিয়া কাঁদিবেন, এবং বিশ্বাসের সেই-সূত্রে তিনি আদ্যাশক্তির এই বাংলায় দেবী কাঁলীর উপাসক হইয়া উঠিয়াছেন, এবং কাঁলী অর্থাৎ কালের ঈশ্বরীকে তিনি যেমন ইচ্ছাময়ী হিসাবে জানিয়াছেন এবং মাতৃজ্ঞানে পূজা করিয়াছেন, সেই একইভাবে ইচ্ছাময়ীর ইচ্ছাকে সম্পূর্ণরূপে বুঝিতে না পারিয়া তিনি- সাধক রামপ্রসাদের মতো- কালের সেই ঈশ্বরীকে নিজের কণ্যাজ্ঞানে ভালোবাসিয়াছেন ; এবং এই সেই ভালোবাসা- যাহা তাঁহার সকল জ্ঞান- এবং কর্ম-কে একসূত্রে বাঁধিয়া রাখিয়াছে- এবং যাহা তিনি শোষিত, নিপীড়িত, অবহেলিত মানুষের জন্য অনুভব করিয়াছেন, এবং সেই নিমিত্তে বঙ্গবাণীর সাধনায় ব্রতী হইয়া তিনি বিদ্রোহী কবি তথা গানের বুল্‌বুল্‌ হইয়া উঠিয়াছেন ।

এই সেই তিনি কাজী নজরুল ইসলাম, যিনি মানব মুক্তির শর্তে বিদ্রোহী হইতে গিয়া আল্লাহ্‌র মাশুক হইয়া উঠিয়াছেন, এবং সেই নিমিত্তে মহানবী মুহাম্মদকে তিনি তাঁহার অধ্যাত্ম-সাধনায় 'ধ্যানের ছবি' এবং যাত্রাপথে 'খেয়ার-কান্ডারী' হিসাবে জানিয়াছেন ; এবং একইভাবে মানব মুক্তির শর্তে তিনি গিরিধারী মহাদেবকে বিশ্বপ্রলয়ের দেবতা বলিয়া বিশ্বাস করিয়াছেন এবং সেই প্রলয়ের মধ্যে উদ্ভূত এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখিয়াছেন, যেখানে মানবমুক্তি সম্ভবপর বলিয়া বুঝিয়া লইয়াছেন ; এবং মানবমুক্তির এই সাধনায় তিনি ক্রমশ: নৈরাজ্যবাদী হইয়া উঠিয়াছেন, এবং মুনি ভৃগু হইয়া নারায়ণের বুকে পদচিহ্ন আঁকিয়া দিতে চাহিয়াছেন । বঙ্গবাণীর সাধনায় ব্রতী হইয়া তিনি তাঁহার সাহিত্যে মহাদেব- এবং মুহাম্মদ-কে একইসূত্রে বাঁধিয়া ফেলিয়াছেন ; এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, জৈন, পার্সি, সাঁওতাল, ভীল, গারো, আস্তিক, নাস্তিক- এই সকলকে লইয়া আপাত বিভাজনের মধ্য দিয়া বাংলায় সাংস্কৃতিক ঐক্যের যে ধারা প্রবহমান- যাহা সতত পরিবর্তনশীল এবং বিচিত্রগামী- সেই বহমান ধারাকে আরও বেগবান এবং বহুমুখী করিবার নিমিত্তে যে-সকল সৃষ্টিশীল মনিষী বঙ্গবাণীর সাধনায় নিজেদের নিবেদন করিয়াছেন, সেই প্রয়াসের অন্যতম শ্রেষ্ঠ রূপকার কাজী নজরুল ইসলাম, বর্ষণমুখর মধ্যরাত অতিক্রান্তে অন্ধকার গভীরে আপন কক্ষে শুইয়া পড়িয়াছেন কিংবা শ্মশান অতিক্রম করিয়া হাঁটিয়া চলিয়াছেন, যাহাকে আমরা একাধিক-সমান্তরাল-বিশ্ব বলিয়া বুঝিয়া লইব ; এবং তাঁহার ঘুম এবং জাগরণের মাঝে কিংবা তাঁহার নৈশ-উদভ্রান্তির মাঝে যে চলচ্চিত্রের জন্ম হইল, আমরা পাঠকেরা তাহা জানিয়া বিষাদগ্রস্থ হইব, যাহা কিয়ৎকাল পরে বিধৃত হইবে ।

এই সেই তিনি নজরুল ইসলাম, যিনি মানুষকে ভালোবাসিতে গিয়া মানুষের 'অমৃত-হিয়ার নিভৃত-অন্তরালে' হাত রাখিয়াছেন, এবং বিশ্বাস রাখিয়াছেন যে কোরান-পুরাণ-বেদ-বাইবেল-ত্রিপিটক ইত্যাদি ধর্মগ্রন্থ নয়, বরং হৃদয়ের গভীরেই পরমাত্মার অধিষ্ঠান । ঔপনিবেশিক বাংলা তথা ভারত বৃটিশ শাসন থেকে মুক্তির নিমিত্তে হিন্দু-ধর্মের জাত-পাতের অবলুপ্তি দেখিবার যেমন আকাঙ্ক্ষা ব্যক্ত করিয়াছেন, একইভাবে বাংলা তথা ভারতে হিন্দু-মুসলমানের মধ্যে ঐতিহাসিক বিরোধকে আত্মঘাতী বলিয়া মান্য করিয়াছেন, এবং সেই বিরোধ নিরসনের নিমিত্তে তাঁহার সাহিত্যকর্মে ঐক্য-প্রয়াসের যে সাক্ষ্য রাখিয়া গিয়াছেন, তাহার নিদর্শন বাংলা-সাহিত্যে আমরা আর খুঁজিয়া পাই নি বলিলেই হয় । সময়ের এইক্ষণে, আমরা আমাদের প্রিয়-কবির নৈশ-উদ্‌ভ্রান্তির সঙ্গী হইব, আর আমরা সঙ্গী হইয়া তাঁহার অন্তিম জীবনের গভীরতর ঐক্যের সূত্রে হয়তো আমরাও নৈরাজ্যবাদী হইয়া উঠিব ।

গভীর অন্ধকারে অবিরল বর্ষণের মাঝে তিনি সিক্ত, কিন্তু বজ্রপাতের আলোয় তিনি হাঁটিয়া চলিয়াছেন, যখন দামোদর নদী উন্মত্ত, উত্তাল ; আর এই নদীর বহু-হাত-বিস্তৃত বিপুল-তরঙ্গ যেন পৃথিবীকে গ্রাস করিতে উদ্যত ; তাঁহার যাত্রাপথে এই পৃথিবী যেন পৃথিবীর-উন্মেষ-বিন্দুর মতোই জনমানবশূন্য, আর তিনি যেন পৃথিবীর আদিমতম মানব । আমাদের প্রাণপ্রিয় কবি অন্ধকারাচ্ছন্ন এই রাতে শৃগাল কিংবা সর্প কিংবা পেঁচা- এইসব প্রাণী-সমূহেরও কোনো সাড়া পাইলেন না ; তাঁহাকে নিতান্তই ব্যাপৃত করিয়া রাখিয়াছে অবিরল-বর্ষন, গভীর-অন্ধকার, আর মাঝে মাঝে বিদ্যুতের চমক । হঠাৎ, অনতিদূরে, গভীর-অরণ্যে বিদ্যুতের আলোয় তিনি যেন একটি মন্দির দেখিতে পাইলেন । অভিভূত তিনি আগাইয়া চলিয়াছেন সেই মন্দিরের সন্নিকটে, যাহা এই-মুহুর্তে ভক্তহীন, নিষ্প্রাণ, তবু যাহা এই মন্দিরের স্থিতির ভিতরে গতির সঞ্চার করিয়াছে, তাহা প্রজ্বলিত এবং কম্পমান প্রদীপের আলোয় মন্দিরের অভ্যন্তরে বিবসনা কাঁলীর বিগ্রহ, যেই দৃশ্যে শিবের বুকের উপর পা দিয়া দেবী দক্ষিণ দিকে দণ্ডায়মান, দেবীর লোলুপ জিহ্বা প্রসারিত, তাঁহার কণ্ঠে পঞ্চাশটি মুণ্ডর এক মালা দৃশ্যমান, আর দেবীর অধরোষ্ঠ হইতে রক্তের এক ধারা প্রবহমান। আমাদের প্রাণপ্রিয় কবি সময়ের এইক্ষণে ভীত, কম্পিত, এবং সন্ত্রস্ত । নিজের অজান্তেই আমাদের প্রাণপ্রিয় কবির দুই-হাত দেবীর উদ্দেশ্যে নমস্কারের ভঙ্গীতে একসাথে জড়ো হইল, এবং তাঁহার অনুভবে আসিল কাঁলীর-বিগ্রহ যেন রক্ত-মাংসের এক নারী হইয়া তাঁহার-ই দিকে আগাইয়া আসিতেছে ; দেবী যতোই আমাদের প্রাণপ্রিয় কবির দিকে আগাইয়া আসিতেছেন, ততই দেবীর কণ্ঠ হইতে এক এক করিয়া মু¨ ঝরিয়া পড়িতেছে, আর তিনি নিজে ক্রমশ: শীতার্ত এবং একইসাথে তৃষ্ণার্ত হইয়া উঠিতেছেন ; সময়ের এইক্ষণে, দেবীর কালো দেহ ছাপাইয়া দেবীর শাদা দাঁত প্রাণবন্ত হইয়া উঠিতেছে, এবং ক্রমশ: দেবীর শরীর এবং কালো রঙ অপসৃত হইয়া উজ্জ্বল আলো প্রকাশিত হইতেছে, যাহা তাঁহার কাছে অসহ্য, অসহনীয়, শ্বাসরুদ্ধকর মনে হইতে লাগিল এবং তাঁহার অনুভবে আসিল- তিনি অজ্ঞান হইয়া পড়িতেছেন, তাঁহার সংবেদ লুপ্ত হইয়া যাইতেছে, তদুপরি বজ্রের শব্দ এবং সাপের মতো বিদ্যুতের জিহ্বাকে দেখিতে পাইলেন ।

হঠাৎ তাঁহার, অর্থাৎ আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের, প্রচন্ড এক শব্দে ঘুম ভাঙ্গিয়া গেল । তিনি বুঝিলেন, বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছে, যখন প্রকৃতি ক্ষুদ্ধ এবং ভয়াল ; চণ্ড এবং প্রলয়রূপিনী ; এবং যাহার শুরু কিংবা শেষের আপাত কোনো দিক চিহ্ন নেই । তিনি চিৎকার করিয়া কাহাকে যেন ডাকিতে চাহিলেন, কিন্তু বুঝিলেন- তিনি সময়ের এইক্ষণে বাক্‌শুন্য । তিনি আরও বুঝিলেন- তাঁহার চিন্তা করিবার ক্ষমতাও ক্রমশ: লুপ্তির দিকে আগাইয়া চলিয়াছে, কারণ দেবীর কণ্ঠ হইতে প্রক্ষিপ্ত এক একটি মানবমুণ্ড এক একটি বর্ণমালা, যাহা বৃষ্টি ভেদ করিয়া গভীর অন্ধকারে ক্রমশ: দৃশ্যহীন হইয়া উঠিয়াছে ।

স্বপ্নময় চাঁদের মতো এই সুর উজ্জ্বল তরল আত্মার ক্রন্দন

Image
alauddin-1.jpg

এই পৃথিবী যখন চাঁদের আলোয় প্লাবিত এবং এই মানবহৃদয় যখন ধীর-প্রশান্ত-উজ্জ্বল, তখন দৃশ্যাতীত জগৎ থেকে নেমে আসে অগণিত শাদা রাজহাঁস, তখন পৃথিবী থেকে উদ্ভূত হয় যে শব্দতরঙ্গ, যে সুর- সেই সুর ফেনাময় দুগ্ধের মতো আনন্দময় উচ্ছ্বল, যা অমলিন আত্মার এক ব্যাপ্তি, যা এক সুফী-জীবনের একনিষ্ঠ সাধনার ফসল, তা কিয়ৎকাল পরে এখানে বিধৃত হবে ।

দৃশ্যাতীত এবং শ্রবণাতীত যে জগৎ এবং তার মর্মমূলে যে স্পন্দন- যে শব্দতরঙ্গ- যা ধারণ করে রাখে আমাদের জৈবসত্তার নিবিড়তম অনুভূতি, তাই সুর- যা সঙ্গীত হয়েও অতিক্রমী-সঙ্গীত, যা আমাদের পরিকল্পিত চিন্তা থেকে জাত নয়, কিন্তু একইসাথে যা একনিষ্ঠ সাধনার বহির্ভূত কোনো বিষয় নয়, এবং যার উদ্ভব আমাদের অনুভূতির অদৃশ্যমান অতল কুঠুরি থেকে, এবং যা আপাতভাবে কালিক এবং স্থানিক হয়েও ক্রমাগত সময় এবং ভূগোল- এই উভয়কে অতিক্রম করে যায়, সেই সুর-সৃষ্টিতে যিনি নিজেকে আজীবন ব্যাপৃত রেখেছেন, এবং সেই সুর-সাধনার মধ্য দিয়ে যিনি পরমাত্মার প্রতি তাঁর ভালোবাসাকে নিবেদন করেছেন, এবং অধ্যাত্ম সাধনায় যিনি তাঁর এবাদতকে যেমন শরিকহীন আল্লাহর প্রতি উৎসর্গ করেছেন, একইভাবে বিনম্র চিত্তে যিনি তাঁর সাধনভূমিতে প্রতি বছর পূজায় দেবী সরস্বতীর আরাধনা করেছেন ; এবং যিনি নিজ গৃহে যীশুখ্রীষ্ট, বুদ্ধ, শিব, কাঁলী- এই সকল অবতার এবং দেব-দেবীর প্রতিকৃতি এবং বিগ্রহের প্রতি তাঁর প্রণতি জানিয়েছেন ; প্রকৃত অর্থেই যিনি নিরাভরণ এবং ধার্মিক, তিনি ব্রাহ্মণবাড়িয়ার পলিমাটির সন্তান, কিন্তু সুর-সাধনার নিমিত্তে যিনি শিশুকাল থেকেই ভ্রাম্যমান এবং সুর-বিস্তারের নিমিত্তে যিনি ভিক্ষুদের মতো বিশ্ব-পরিব্রাজক হয়ে উঠেছেন, মধ্য ভারতের মাইহার প্রদেশকে যিনি তাঁর সাধনভূমি জেনেছেন, এবং সুর-সাধনার মধ্য দিয়ে যিনি অভেদ মানবের সাধনা করে গেছেন এবং যিনি ক্রমাগত বিশ্বমানবাত্মার সুর হয়ে উঠেছেন, এই সেই তিনি পরম ঋষি যিনি বিশ্বপ্রকৃতির সীমাহীন সুরধারায় সিক্ত হয়ে নিশ্চিত করে বলেছেন, 'সঙ্গীতই আমার জাতি আর সুরই হোল আমার গোত্র,' এবং যিনি বিশ্বাস করতেন, 'সুর, সে নিতান্তই পরমাত্মার দান ।' এই সেই তিনি ওস্তাদ আলাউদ্দীন খাঁ, যিনি তাঁর শিষ্যদের ভালোবাসায় সিক্ত হয়ে বাবা আলাউদ্দীন খাঁ, এবং যিনি আমাদের স্থিতিপ্রজ্ঞ সুরার্ষি, তিনি তাঁর মধ্য যৌবনে জ্যোৎস্না-প্লাবিত রাতে কোনো এক পাহাড়ের সানুদেশে এক ছোট্ট বাড়ির বারান্দায় শুয়ে পড়েছেন ; এবং তাঁর ঘুম এবং জাগরণের মাঝে যে চলচ্চিত্রের জন্ম হোল, তা আমাদের স্বপ্নময় শরীরে জেনে নিয়ে আমরা একই সাথে দৃশ্য এবং সুর হয়ে, শেষাবধি বোধকরি, শ্রবণাতীত সুরে আহ্লাদিত হয়ে উঠব ।

এই সেই তিনি ওস্তাদ আলাউদ্দীন খাঁ, যিনি ভারতীয় শাস্ত্র-সঙ্গীতের শ্রেষ্ঠ প্রবক্তা-পুরুষ তানসেনের সেনী-ঘরানাকে রাজা-বাদশার অর্গলমুক্ত করে ছড়িয়ে দিয়েছেন তাঁর শিষ্যদের মধ্যে, যিনি ধ্রুপদ আলাপশৈলীতে সেনী ঘরানার গহওরবাণী এবং খান্ডারবাণী, ডাগরবাণী এবং নওহারবাণীর সংমিশ্রণ করে আলাপের ব্যাপ্তি, আলাপের পরিধি প্রসারিত করে উচ্চাঙ্গ-সঙ্গীতের মাধুর্য বাড়িয়েছেন, যিনি ভারতীয় বৃন্দবাদন (=অর্কেস্ট্রা) প্রবর্তনের প্রধান পুরুষ এবং মাইহারের অনাথ শিশুদের নিয়ে তাঁর মাইহার স্টিং ব্যান্ড ভারতীয় উচ্চাঙ্গ-সঙ্গীতে এক নতুন প্রবর্তনা, যেখানে পাশ্চাত্যের হার্মোনি কিংবা কাউন্টার পয়েন্ট নয়, বরং বৃন্দবাদনকে রাগাশ্রয়ী করে বিভিন্ন সঙ্গীত-শৈলীর সাহায্য নিয়েছেন ; এবং মদনমঞ্জরী, গান্ধী, মুহাম্মদ, ভুবনেশ্বরী, হেমবেহাগ, ধবলেশ্বরী, সরস্বতী, মাঝ-খাম্বাজ, ভগবতী, ইত্যাদি নামের অসংখ্য রাগ সৃষ্টি করে যিনি আমাদের সুর-সৃষ্টির পরম আচার্য, যার সন্তান এবং অসংখ্য শিষ্য- অন্নপূর্ণা (কণ্ঠসঙ্গীত এবং সুরবাহার), আলী আকবর খান (সরোদ), রবিশঙ্কর (সেতার), তিমিরবরণ (সরোদ), প্রাণেশ খান (তবলা), ফুলঝুরি খান (এস্রাজ, তবলা), রণজিৎ (চন্দ্রসারঙ্গ), নাইডু (বেহালা), এবং আরও অনেকে মহাকালের দিকে ধ্রুপদী-সঙ্গীতের বৈঠা বেয়ে চলেছেন । এই সেই ঋষি যিনি চন্দ্রসারঙ্গ, নলতরঙ্গ, সেতার-ব্যাঞ্জো, প্রভৃতি বাদ্যযন্ত্র সৃষ্টি করে সঙ্গীতের বলয়কে প্রসারিত করেছেন । মুনি নারদ যদি ভারতীয় সঙ্গীতের পৌরাণিক সত্য হয়ে থাকেন, তবে সেই সুর-প্রবাহের ঐতিহাসিক সত্য হোল ওস্তাদ আলাউদ্দীন খাঁ, যিনি এখন স্বপ্নতাড়িত ।

আমরা এখন আমাদের স্বপ্নময় শরীর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ওস্তাদ আলাউদ্দীন খাঁর সেই স্বপ্নযাত্রার সহযাত্রী, যা জ্যোস্নার আলোর মতোই মায়াবী এবং জৈবিক ।

এই জগৎ এইক্ষণে পূর্ণ-চাঁদের আলোয় প্লাবিত ; এই আলো সমুদ্রস্রোতে যেভাবে অবগাহন করছে, সেভাবে আলিঙ্গন করছে সুউচ্চ এই পাহাড়ের চূড়াকে ; আর জড় এবং জীব নিয়ে স্বপ্রাণ যে পৃথিবী, সেও আন্দোলিত, যেভাবে আনন্দে উদ্বেলিত সমুদ্রের ঢেউ, তিমি, আর হাঙ্গর ; আর রাতজাগা পাখি, যে বাতাসের মতো তার ডানায় ধরে রাখে এই পৃথিবীর পরিধিকে । এই যখন পৃথিবী, অর্থাৎ এই পৃথিবী যখন তরল আত্মার এক অতিপ্রসারিত রূপ, তখন আমাদের সঙ্গীতের প্রাণপুরুষ স্বপ্নযাত্রায় তাঁর বৈঠা বেয়ে চলেছেন, যখন দিগন্ত-বিস্তৃত-সমুদ্র শান্ত এবং সুউচ্চ-পাহাড় মৌন, তখন, ঠিক তখনই দৃশ্যান্তরে জেগে ওঠে অজস্র শাদা রাজহাঁস, যা পাহাড়ের অন্তরাল থেকে জেগে উঠে পাহাড়কে বেষ্টন করে রাখে, যখন পাহাড়কে মনে হয় চলমান শাদা পৃথিবী, যা এই প্রকৃতির অন্য এক স্পন্দন । তখন উন্মেষ হয় সৃষ্টির উন্মাদনা, জন্ম নেয় সুরের । বিভিন্ন দৈর্ঘ্যের শব্দ-তরঙ্গের অভিঘাত এসে লাগে আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ আলাউদ্দীন খাঁর শরীরে ; ঘুম এবং জাগরণের মাঝে তিনি নিজেকে দেখেন মৌনী, কিন্তু খোদার প্রার্থনায় যিনি নতজানু ; অজস্র শব্দ-তরঙ্গের অভিঘাত তাঁর শরীরে সুরের জন্ম দিচ্ছে ; অনুভবে বুঝছেন সন্ধ্যা অতিক্রান্তে তিনি আল্লাহর কাছে নামাজ দাখিল করেছেন, অতঃপর সঙ্গীতের মাধ্যমে পরমাত্মার প্রতি প্রার্থনা উৎসর্গ করেছেন রাগ-ধবলশ্রীর মাধ্যমে ; সন্ধ্যা এবং রাত্রের এই অন্তবর্তীকালে তাঁর চোখে ভাসছে ঘুমন্ত মায়ের মুখ, তিনি হেঁটে চলেছেন তিতাস নদীর পাড় ধরে, সুরের সন্ধানে কবে যেন তিনি স্টিমারে চেপে নারায়ণগঞ্জ থেকে কলকাতায় এসে হাজির হয়েছেন, তিনি মনে করতে পারছেন না, কারণ তিনি ক্ষুধার্ত ; স্বপ্নের গভীরে দৃশ্য ক্রমশই বদলায়, জেগে উঠছে তিতাস নদীতে মাঝির ভাটিয়ালি সুর, ভাসছে বিভিন্ন সঙ্গীত-গুরুর মুখ ; ভেসে উঠছে নুলো গোপাল, হাবু দত্ত, লোবোসাহেব, ওস্তাদ আহমদ আলি, ওস্তাদ ওয়াজির খাঁ, এবং আরও অনেক ওস্তাদের অবয়ব, পরিশেষে কলকাতার এক দয়াময়ী মার মুখ ; এবং ক্রমশ সেই দয়াময়ী মা যেন মা-সরস্বতী হয়ে উঠছেন, আর মা-সরস্বতী যেন এক দুধ-শাদা রাজহংসে চেপে নামছেন পাহাড় আর সমুদ্রের সঙ্গমস্থলে । তিনি, অর্থাৎ আমাদের আচার্য আলাউদ্দীন খাঁ দেবীর কাছে বর চাইছেন অফুরন্ত সুরের, তখন বাতাসে উড়ছে দেবী-সরস্বতীর চুল, দেবীর শুভ্র শাড়ির আঁচল স্খলিত হয়ে অনাবৃত করছে শঙ্খের মতো দেবীর স্তনযুগল ; বাতাস উদ্বেলিত করছে সমুদ্র-তরঙ্গ, জলের উচ্ছ্বাস এসে লাগছে দেবীর শরীরে আর আমাদের প্রাণপ্রির ওস্তাদজীর মুখমন্ডলে । দেবী-সরস্বতী তাকে বর দিচ্ছেন রাতের সুরের, রাগ-সরস্বতীর ; আর তিনি ধ্যানমগ্ন বাজিয়ে চলছেন সেই রাগ- সা রে জ্ঞা মা ধা র্সা ; র্সা নি ধা মা জ্ঞা মা রে সা । তিনি অনুভবে বুঝছেন, প্রার্থনায় আসনে তিনি আসীন আর তাঁর দুচোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে আর সিক্ত হয়ে উঠছে তাঁর চিবুক । হঠাৎ এক শিশুকণ্যার কান্নার শব্দে তাঁর ঘুম ভেঙ্গে গেল এবং দেখতে পেলেন তাঁর সহধর্মিনী মদিনা বিবির পাশে তিনি শুয়ে আছেন ; তাঁর স্ত্রীর স্তনযুগল অনাবৃত, আর উজ্জ্বল চাঁদের আলো যা চুইয়ে পড়ছে বাড়ির অন্দর-মহলে, আর সেই আলোয় প্রস্ফূটিত তাঁর শিশুকণ্যা অন্নপূর্ণার মুখ, যা এখন এক স্তনাগ্রে, সেখান থেকে বেয়ে পড়ছে শাদা দুধের ধারা আর অন্য স্তন থেকে দুধের ধারা নির্গত হয়ে ভিজিয়ে দিচ্ছে তাঁর মুখ, অর্থাৎ আচার্য আলাউদ্দীন খাঁর অবয়ব । তিনি বুঝলেন, পাখিদের ঘুম-ভাঙ্গার তখনই সময়, কারণ মধ্যরাত অনেক আগেই অতিক্রান্ত ; তাকে ঘুম থেকে উঠতে হবে, আল্লাহর কাছে রাতের এই অভূতপূর্ব দৃশ্যের জন্য তাঁকে নিবেদিত হতে হবে শুকরিয়া, দাখিল করতে হবে ফজরের নামাজ, এবং সাধতে হবে প্রত্যুষের সুর- রাগ মুহাম্মদ- যা কি না সেই খোদার কাছে পৌঁছে যাবার জন্য তাঁর একান্ত প্রার্থনা ।

কারণ, এই সেই ওস্তাদ আলাউদ্দীন খাঁ, এই সেই পরম ঋষি, যার কাছে, 'সকল ধর্মের মন্থন শেষে যা উঠে আসে তাই হোল সুর, যা ধেয়ে চলছে পরমাত্মার সন্ধানে ।'