২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তোমরা পাহাড়ে আগুন দিলে

আনিসুর রহমান

Published : 18 May 2022, 12:22 AM

Updated : 22 Jul 2022, 02:45 AM


কোম্পানির আগুনে — পুড়ে পাহাড় — পুড়ে বন — পুড়ে তাদের অবলম্বন;
পুড়ে মৌমাছি — পুড়ে মৌচাক — পুড়ে লতা পাতা শাক — পুড়ে পাখির বাসা —
–পাখির ডিম– পাখির ছানা; পাখির বুকটা ফাইটা যায়; এ কী সর্বনাশা!
পাখির ওড়াউড়ি আর কেঁচরমেচরে কোম্পানির লোকেরা হুঁশহুঁশ করে।

আগুন আর ধোঁয়া ঘিরে এ পাহাড়ে কারখানার লোকেদের ভিড় বাড়ে;
তাদের হা করা মুখের লম্বা জিহবা দেখে পাখি ভীষণ ভয় পেয়ে যায়;
জমিনের প্রাণ ও প্রাণী জীবন্ত কাবাব, বেলা পড়ে সূর্য ডুবে পাহাড়ে;
পাখি বেলাবেলি ঘরের খোঁজে, কান্না বুকে করে আরেক বনে উড়ে যায়।

পাখিসব করে রব বাঁচবার তরে মরবার ডরে; কোম্পানির এ আগুনে —
কোন প্রাণীর কি হাল কে জানে, জুম চাষ করবো কোথাকার কোন জমিনে?
কঁচুঘেচুও নাই, বাঁচি বা কি খেয়ে? কাঠ কোথায়? খড়ি বিক্রি করবো কেমনে?
পাহাড়ে আগুন মড়কে নরক বিপদের ঘনঘটা! না খেয়ে মরবনে।

পাড়ায় কারো ঘরে চুলা জ্বলেনি, কোম্পানি আগুনে পাহাড় অন্ধকারে;
সামনে আগুন, পেছনে আগুন, উপরে আকাশের চোখে কী ছানি পড়ে;
দেখে না কিছুই। বাঁচবার তরে আজ পাখি উড়ে উড়ে নীড় তালাশ করে
তোমরা পাহাড়ে আগুন দিলে কবেকার কোন জন্মে আর জীবন ফিরে?

আমি পাহাড়ি

আমি পাহাড়ি, তোমরা আমাদের ভাই, সুখে থাকো, ভালো থাকো;
তোমাদের উন্নয়ন, তোমাদের কোম্পানি নিয়ে তোমরা যা খুশি করো,
দোহাই, আমাদের পাহাড়ে আগুন দিতে এসো না !