সৌরভ সিকদার: লঙ ডিস্টান্স লাভ ও অন্যান্য
চিত্রকর্ম: রেনে ম্যাগ্রিৎ
ঘামে ও ঘুমে
তোমার ঘরের দেয়াল জুড়ে অসংখ্য চোখ
সবচেয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দীর্ঘদেহী ঠাকুর
আর সব চোখ নতমুখ- খোঁজে শুধু মোনালিসা হাসি
লাজুক বালক, বলতে ভুলে গেছে- আমিও তো বাসি।
তোমার স্নান ঘরে শাওয়ারেরও অসংখ্য চোখ
সেই লিবিডো-চোখ ড্যাব ড্যাব তাকিয়ে দেখে
কমডের ফ্লাশার, বেশিনের কল, দেবীর গায়ে ফোটা ফোটা জল
ওরাও আমার ঈর্ষার পাত্র, শরীর ও মনে তোলে কোলাহল।
ওঘরে তুমি অবলীলায় বিশ্বাস আর ভরসায় পাঠাও- তোমার
বালুচরী শাড়ি, কৃষ্ণচূড়া ব্লাউজ, কামুক-শায়া আরও কত-কী
অথচ কালাহারির শীর্ণ ক্যাকটাসের মতো–
প্রকৃতির বিস্ময় রূপ, ফুলে-ফুসে ওঠা সাগরের ঢেউ
আঁকাবাঁকা পাহাড়ী পথ পেরিয়ে স্নিগ্ধ ঝর্ণা
মায়াবী মাঠে জোছনা ছড়ানো রাত দেখবে বলে
কোনো এক অবুঝ প্রেমিক প্রতীক্ষার ড্রইং রুমে,
তার চোখে তৃষ্ণরা ছটফট করে– ঘামে ও ঘুমে।
টাচ-স্ক্রিন হতে চাই
কখনো কষ্টকে নীরব প্রেমিক ভেবে
মেসেজ পাঠাবে না জানি, তবু
সৌজন্যবোধের ঠোঁট বাড়িয়েছিলাম
সেখানেও দাওনি যান্ত্রিক চুমু।
সোসাল মিডিয়াতে ওসব যদিও ডাল-ভাত
আমাদের নাই-বা হল ক্লান্ত একান্ত রাত।
আসলে আমিতো কিছুই চাইনি
আমার সঞ্চিত সব কষ্টের কসম
ভালোবেসে নিঃস্ব নক্ষত্রের কসম, আমি শুধু চেয়েছি-
তোমার স্মার্ট ফোনের টাচ-স্ক্রিন হতে।
এর বেশি চাইনি কখনো
এর বেশি চাইনা এখনো।
লঙ ডিস্টান্স লাভ
আমার যখন সকাল হয়
তোমার তখন রাত
কেমন করে রাখবো বল
তোমার হাতে হাত।
তুমি যখন অফিস করো
আমি তখন ঘুমকুমারীর খোঁজে
লঙ ডিস্টান্স লাভটা বল
ক'জন লোকে বোঝে?
মনকে আমি যতই বলি
তুমি এখন অনেক অনেক দূরে
অবুঝ মন বোঝে না ছাই
পড়ে থাকে একলা বিরহপুরে।
শুধু তোমাকে পেলে
আমি চুড়ির শব্দ শুনতে পাচ্ছি
নূপুরেরও,
তুমি আমার কাছে শুধু রাতের নও
দুপুরেরও।
পাখি ডাকা ভোর ছিল তোমার
আমার রাতের নিঃসঙ্গতা,
দুপুরে ঘুঘু কাঁদলে পাতাও ঝরে
শুধু নীরবতা শুধু সাদা খাতা।
প্রেম ঝটপট প্রজাপতি ধরাধরি নয়
স্বপ্নের জাল নিয়ে বসে থাকা জেলে,
বেদনা মাখানো জীবন, নেই কিছু চাওয়ার-
ব্যর্থ কবিতাও সফল শুধু তোমাকে পেলে।
এ্যাবসলুট
এই আমি এ্যাবসলুট ছুঁয়ে বলছি
তোমাকে ছোঁয়ার আগে আর কোনো জল
ছুঁয়ে দেখিনি আমি।
আমার অভুক্ত ঠোঁট সাক্ষী-
সাক্ষী আমার লাজুক নতজানু চোখ।
শুধু একবার সেই প্রথম শখ করে
দর্শনার মেয়ে জরিনাকে ছুঁয়েছিলাম,
আসলে ভুল করে নড়েচড়ে উঠেছিল
আমার অবাধ্য আঙুল সেদিন।
সেই প্রথম সংকোচের ঘাসে নিজেকে দিয়েছি বিছিয়ে।
বিশ্বাস কর, আমি এ্যাবসলুট ছুঁয়ে বলছি-
আর কিছু, কোনো জল, অর্গানিক ফসল, মানুষের কোলাহল
কোনোকিছুই স্পর্শ করিনি কখনো।
তুমি আমার স্পর্শের প্রথম বৈশাখ, মেঘের গর্জন
দুপুরের শিলপড়া শীতল টুকরো
বৃষ্টি ভেজা কিশোরের প্রথম সুখের জ্বর।
আমি তোমার প্রথম স্পর্শে কেঁপে ওঠা গ্লাস
তুমি আমার ভালোবাসার প্রথম ক্লাশ।
