২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেজান মাহমুদের কবিতা: স্লাভিক প্রিয়তমা, প্রেম বলে কিছু নেই?

সেজান মাহমুদ

Published : 28 Feb 2022, 01:25 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


চিত্রকর্ম: সেজান মাহমুদ
স্লাভিক প্রিয়তমা

প্রিয়তমা,
তোমার স্লাভিক সবুজাভ চোখে আমি
দেখেছিলাম বাংলাদেশের যমুনার নীল,
তোমার সোনালি চুল বেঁধেছিল আমাকে
গ্রামীণ আলপথে সোনালি আঁশের বাঁধন হ'য়ে।
আমি প্রেমময় অভিবাদন জানিয়েছি
কারণ, আমি এমন একটি দেশের কবি
যেখানে কবিতায় সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে
প্রিয়তমাকে স্যালুট করতে তৈরি হয় কবির সুললিত ইশারায়।

কিন্তু আমি সেই প্রতিশ্রুতি দিতে পারছি না তোমাকে
মিগ-৩৫ আর ইয়াক-২৫ গুলো
চকোলেট, টফি আর লজেন্সের বদলে
ফেলছে মারাত্মক বোমা, উড়িয়ে নিচ্ছে বাড়িঘর,
তোমার ড্রেসিং টেবিল, যেখানে প্রতিদিন তুমি
সূর্যমূখি খোঁপায় গুঁজে আমার জন্যে অপেক্ষা করো।

তুমিও আমার জন্যে কবি হয়েছো-
'এমিলি লীথী' ছদ্মনাম নিয়ে একশ একটা কবিতা লিখে পোস্ট করেছো
'অনলি মি'-মানে শুধুই আমাকে; বলেছো, এই কবিতাগুচ্ছ তোমার।
আমি বঙ্গোপসাগরের রণতরীগুলোকে কমান্ড করতে পারছি না
জানি এই প্রতিরোধ তোমার কাছে অর্থহীন।
তোমার প্রেমের কাছে নতজানু হয়েছি;
কোনদিন বুঝতে পারিনি আগে দানিউব আর তিয়াসমিন নদীর জল
আমার যমুনা, পদ্মার মতোই স্বচ্ছ, আগুনধারী;
কখনো বুঝিনি আগে তোমার বুকের চাতাল,
নাভীমূল-বেলাভূমি আমার গ্রামীণ তৃণলতার মতো সোঁদা ঘ্রাণময়।

আমি কীভাবে বাঁচাবো তোমাকে? তোমার সূর্যমুখি?
আমার কবিতার শব্দেরা একেকটি বোমা, মিসাইল মুহূর্তে বদলে দেবে পাখির কোমলতায়
বাতাসে শিসকেটে তাদের গান খুলে দেবে দৈব কপাট
আমার বুকের অলিন্দ তোমাকে আগলে নেবে আমারই দেহ পিঞ্জরে!

কবিতার নাভিমূলে দর্শনাহিত্য চুম্বন

আমি তাকে দেখি-
তার জন্মক্ষণ থেকে শুরু করে ধীরে ধীরে বেড়ে ওঠা, তাকে দেখি-
যেমন করে আদিম শিকারী ওৎ পেতে থাকে
শিকার আসবে ব'লে
যেমন করে জ্যাকোবিনের চেঁচানো পাখি বৃষ্টির অপেক্ষায় থাকে,
আমি তাকে, তার হেড টু টো, আপাদমস্তক, সর্বাঙ্গ গ'ড়ে ওঠা দেখি
দিনে দিনে তার লতানো শরীর সতেজ শম্বরের গ্রীবা ভঙ্গিমায় ডাকে
তার চোখ-আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্রের মতো মারাত্মক
তার দু'টি ঠোঁট ঠিক যেন উপমার সিগনিফায়েড আর সিগনিফায়ার
আমি লাকাঁর অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা নিয়ে
ডুবে যাই অন্তহীন চক্রজালে।

আমি তাকে দেখবো ব'লে ভরতমুনির হাত ধরেছি
কালিদাসের সঙ্গে বেয়দবি ক'রে জুটিয়ে নিয়েছি কিছু ধূমায়িত মেঘ
চন্দ্রাবতীর প্রেমে আকণ্ঠ নিমগ্ন আমি কখন যে ছুটে গেছি যাত্রা পালায়
তারপর এক কাকভোরে 'এমিলি লীথী'র হাত ধ'রে পৌঁছে গেলাম ইয়ুরোপে
আমার গ্রাম্য চাষাভুষা মন সঙ্গে নিয়ে গেল লালন ও হাসন।

তার ঠোঁট পার হতেই দেখি রাজহংসীর মতো গ্রীবা
বুকের কাঞ্চনজঙ্ঘায় ভোরের লাভাময় রোদ
আমি সঘন উত্তাপে গলতে গলতে পৌঁছে যাই প্রিয় নাভিমূলে
পৃথিবীর তাবৎ জিজ্ঞাসার আসমুদ্র-তৃষ্ণা নিয়ে হারিয়ে যাই
অনির্বচনীয় দর্শনাহিত্য চুম্বনে- যারই অন্য নাম- আত্নহনন।

প্রেম ব'লে কিছু নেই?

আমার জন্ম হয়েছিল এক মৃত্যুময় সময়ে;
চারিদিকে কলেরা, লোকে বলে 'ওলা বিবি'
কখনো গ্রাম কে গ্রাম উজার ক'রে ওলা বিবি এলো আমাদের ঘরে-
যেমন করোনা এসে শেষ ক'রে দিলো তোমাদের স্বপ্ন-সাধ।
মা বাবা মরে পড়ে থাকলেন চোখের সামনে,
আর আমি তোমার অপেক্ষায় বসে থাকি- নিজেকে জাপটে ধরে বলি তুমি আমার পাহাড় হবে?
নিঃসঙ্গ, একাকী পাহাড়?
যেখানে বৃষ্টি আর মেঘেরা খেলা করে?
তুমি নির্বাক হ'য়ে চেয়ে থাকলে,
যেন পাহাড় আর সঙ্গমের মধ্যে এক নদীর ফারাক –
যেন প্রেম আর মাৎসর্য নদীর জলস্রোতে মিশে-থাকা ফেনায়িত স্বপ্ন-বাঁধ।
একদিন ধুমায়িত বৃষ্টি পাহাড় ভেঙে খরস্রোতা নদী হবে?
একদিন নদী ও পাহাড়
তুমি আর আমি সমার্থক হয়ে মিশে যাবো পাহাড়ি নদীর জলে-
শুধু প্রেম বেঁচে থাকবে কি?
নাকি প্রেম ব'লে কিছু নেই?