২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষার ফেরিওয়ালা একুশ

মুজতবা আহমেদ মুরশেদ

Published : 20 Feb 2022, 05:50 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


জ্বলজ্বলে নক্ষত্র দিয়ে ছায়াপথের মহাকালে একুশ এক বিনির্মিত অমোঘ পতাকা আমাদের।
অনন্ত নদীস্রোতে চঞ্চল সাগরমোহনায় নাচে খ্যাপা ছন্দে অবিরাম, বিশ্রামহীন একুশ।

সমস্ত ভূগোল ছাপিয়ে একুশ পৃথিবীর পথে পথে সাজে ফেরিওয়ালা। সুউচ্চ মিনারের মতো বঙ্গবন্ধু মুজিবুরের তর্জনী হতে নেমে ধরিত্রী কাঁপিয়ে মানুষের মুক্তির সুতীব্র ঘোষণায় মাতে!

মায়ের কোমল কোল, দুধের ঋণ আর বেহেস্তি মমতাই একুশ আমার– সে তো এক পাখিডাকা আমার অলস সুখের বিনম্র প্রভাত!

বাবার দৃঢ় আলিঙ্গন জুড়ে শপথে শপথে উদ্ধত বিশ্বমানবতার ডাক একুশ।
তারই সাথে মিলনকাতারে হাঁটি পরস্পর মাঙ্গলিক বৃষ্টি আকাঙ্ক্ষায় নির্ভয়ে।

কত ঋণ একুশের কাছে সে তো এক মহাপুরুষ, শত্রুর মুখে ছাই দিয়ে বুকে টেনে নেয় গুলির কর্কশ চিৎকার। সে ঋণের ভেতর জমা রাখা আমাদের মায়ের বুলির পূর্ণ অধিকার নির্ভীক মশালের সলতে জ্বেলে।

সালাম, বরকত, রফিক, জব্বার কত রঙে বর্ণিল ফুলের নাম এঁরা– এঁদের কত নাম স্বর্গে অমর করে রাখা, এঁরা একদিন শত্রুশিবিরে হানা দেয়া সাহসী ঘোড়সওয়ার লৌহ চেতনায় ঝাঁক বেঁধে দৃপ্ত মানুষ।

আগামীর আশান্বিত দ্বীপে নহবতের সুর মূর্ছনায় নবজন্ম দেয়া লক্ষ কোটি মানবিক ফুলের নাম আজ একুশ।